সৌরভ মাহান্তী

বোবা কবিতারা

১

এক ভিখিরি তখন থেকে পিট পিট করে তাকাচ্ছে আমার ভাতের থালার দিকে।

আমি একপেট খেয়ে বাকিটা ভুলোকে খাইয়ে দিলাম। ওকে দিলাম না।

ঘুমের মধ্যে ও ওর দুটো-চোখ আমার দিকে পিট পিট করে তাকায়।

২

একটা শিশুর কাছে ‘দল’ মানে হয় না কিছুই, সে শুধু মাটি ছড়াতে ভালোবাসে,

তাঁর কাছে দল মানে শুধু ভাত-তরকারি খেলা।

৩

শ্মশানে  একটার পর একটা লাশ নামে, আগুন শুধু পুড়িয়ে দেয়,

এক বাবা মরে গেলে আরেক বাবা আগুন দিতে এগিয়ে যায়।

৪

আমরা কেউই মুখ খুলে কথা বলি না সেরকম।

কোনও এক সময়ে নিজে থেকেই বোবা জিরাফ সাজতে বাধ্য হই।

৫

মন পুড়ে গেলে প্রেমিকেরা প্রেমিকাসুখ পেতে চায়।

তাদের অন্য কোনও ওষুধ  নেই।

প্রেমিকার শরীর ছিঁড়ে দিলে ওরা চুপচাপ মেখে নেয় মলম।