সুজিত মান্না
নির্মেঘ স্বীকারোক্তি
১.
অন্ধকার তৈরি করতে শেখো
নচেৎ , চারিদিকে আগুন জ্বালিয়ে দাও–
তুমি চাঁদ মেখেছ শরীর জুড়ে , বিশুদ্ধ খিদে তৈরি করে
শিকারির গন্ধ
মেখেছ গায়ে
কখনও ভেবেছ এত কাঁদার মরসুম গড়ে তুলল কারা
হে বালুচর , তুমি হেসেই দাও শুধু
জীবনের মোড়ে যে ট্রাফিক লাগানো আছে
সময় পেলে মধুশোক খোঁজো কখনও
২.
প্রাণপণ দৌড় লাগাও
বিচলিত শব্দের অর্থ ভেঙে দাও –
পৌষালি রোদের নাম দাও – স্বভাবচোখ…
স্লোগান দাও পুনরায়। জেগে দেখো তোমার জন্য
গলা মিলিয়েছে
রোদের নায়িকারা
তাদের থেতলে দাও মাথা – বিশুদ্ধ শরীরের কোনও
ভিন্ন যুবতীরূপ নেই
হে বালুচর , বীজ তুমি টিমটিমে অন্ধকারেও খুঁজে পাবে
শেখো শুধু , অন্ধকার অর্থ কতটা বরাদ্দ
তোমার হাতে