পারমিতা ভট্টাচার্য

বারান্দা

বেদনা হিসেবে দেখি,বারান্দাই ভালো..
বৃষ্টি আসে অতর্কিতে, নগ্নতায় ঝরে পড়ে জল…

আমার দুচোখ তুমি অন্ধ করো প্রবল ধারায়!
উপচে পড়েছি, যেন ভিজতেই আসা
শোনিতপ্লাবনে মুছে যাক
রুদ্ররাগ,নষ্ট ভালোবাসা !

এটুকু বেদনাদিন আমি তো চেয়েছি রোজ,
আগুনে আঙুল রেখে পুড়িয়েছি ভেজা শালকাঠ..
হয়েছি সহজ।

সমস্ত সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেখি
এখনো চৌকোনা গাছে, রাংতার মত বৃষ্টি ছাঁট…
বুনো ঝোপে মাঠ ভরে আছে..

একলা হয়েছি আমি…একলাই তো চাও !

তুমি এসো বর্ষামেঘে,
বেদনা হিসেবে অন্ধ বারান্দা ভেজাও..