বন্যা লোহার
ক্রান্তীয়
এক অনন্ত গ্রীষ্মকাল হেঁটে চলা ।
সারাদিন সূর্যের প্রখর দাবদাহ ,
পুড়ে যাওয়া খটখটে মাটি ,
শুকিয়ে যাওয়া খাল,বিল , নদী, নালা ।
সন্ধ্যে হলেই আবার ,
সিঁদুরে মেঘ , কালবৈশাখী , ঝড় – ঝাপ্টা ।
এরই মাঝে বুকের এক কোণে ,
নিভৃতে জেগে থাকে
চৈতালি ফসলের আধা উর্বর আধা ঊষর জমি,
বর্ষা আসার অপেক্ষা ।
এবং আলো হয়ে জ্বলে থাকে
ব্যাথার, ভালোবাসার গনগনে লাল কৃষ্ণচূড়া ।