সাপ্তাহিক কবিতা আশ্রম, ১৫ শ্রাবণ ১৪২৮
ছবি : ভ্যান গঘ
ঈশিতা ভাদুড়ী
অনিবার্য
আসলে একটি সংকেতের মধ্যে থেকেই
আরেকটি সংকেত উঠে আসে,
অনিবার্য বিধি অনুসারেই।
যেমন অ্যাম্বুলেন্সের হুটার থেকে
উঠে আসে ত্রাস আর ভীতি,
যেমন রাস্তায় পড়ে থাকা খই থেকে
উঠে আসে জ্বলন্ত কাঠের ছবি,
যেমন…
স্নেহাশিস মুখোপাধ্যায়
শোক অক্ষর
বৃষ্টি আজ বর্ষার শরীর ছুঁয়েছে…
ছাতাহীন, রেনকোটও নেই গায়ে
কালো মেঘও যেন একাকার
সেই ছোট্টবেলা কবেই আবছা হয়েছে।
রামধনু রঙে ঝুঁকে পড়া বারান্দা
অসভ্য দৃষ্টি আড়ভাবে দেখেছিল
হাঁটুজল রাস্তার বোখাটে ছেলে।
নিঃসঙ্গতা ভেসে থাকে ঘোলাটে জলে
ক্ষতলাগা চরাচর হেঁটে যায় বাদল নগরে
সবুজ স্বপ্নে মেশে মানুষের বেঁচে থাকা স্বাদ
সকালের সংবাদপত্রে কালো শোক অক্ষরে
লেখা হয় মৃত্যু-ধর্ষণ ও প্রতিহিংসার কাহিনী।
নারায়ণ চন্দ্র দাস
সংগ্ৰহশালা
হাতে হাতে ধরে
সাড়ে তিন হাত আচ্ছাদন
ঢেকে দেওয়ার পরে
চোখের জলের প্রতিটি ফোঁটাই
শেষ ছবিখানা অবিকল
ধরে রাখতে চায়।
আমরা হই সংগ্ৰহশালা
জলরঙা মুখোশের ভিতরে
ধুসর তুষ ভরে ভরে
স্মৃতির দেয়ালে টাঙিয়ে রাখি।
মাটি জানে শব্দহীন ক্ষয় হৃদয়ের মতো
ধীরে ধীরে স্নেহরসে
নিজেই পেলব করে তাকে
মেশায় ধাত্রীর বুকে।
আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়
মৃতদেহ
একটা তীব্র প্রেম
আর একটা তীব্র ঘৃণা
পাশাপাশি শুয়ে আছে
মূলতঃ নির্বাক
শূন্যে অনন্ত জেগে আছে
মহাকাল
কাছেই শ্মশানঘাট
আগুনের মন্ত্রপাঠ চলছে
চারহাতে ঘি ঢেলে দিয়ে
অট্টহাসিতে ফেটে পড়ছে
সময়তন্ত্র
অশ্বত্থের গলায় ঝুলছে
একটা অপেক্ষার শরীর!
এবার প্রেমের উপরে বসে
শীৎকার তুলে তুলে
খুবলে খেয়ে নেবে
ঘৃণার আত্মা…
একটা তীব্র প্রেম
আর একটা তীব্র ঘৃণা
মুখোমুখি ঝাঁপ দিল এই!
ছবি : ভ্যান গঘ
অনিকেশ দাশগুপ্ত
যাত্রী
নিরুচ্চার শ্বেত প্রাসাদের প্রান্তে
এসে থেমেছে
অমোঘ চতুর্দোলা
বহুদিনের মনোরথ খসখস শব্দে ওড়ে
তার সহিষ্ণু পরিমণ্ডলে
রোয়াকে তাচ্ছিল্যের শব রেখে
ছুটে যাওয়া শাশ্বত ব্যবচ্ছেদে
কাচের ওপারে মৌন আলোর বিষ
কুরে খাক তাকে এবার
বাঁধানো ঘাট, মাটির রন্ধন-সৌকর্য,
আত্মকামনায় তাই –
বিফলকাম সাদা-কালো খোপের
তৃতীয় মঞ্জিল অনুসরণ ক’রে
মৃত্যু-পরবর্তী সুষমায় সঙ্গী-সাথী,
প্রদোষের হিম এসে পড়ে
হয়তো ফুটন্ত নীল ট্রেন –
দিনের ক্ষীর ও জ্যামিতি নিয়ে ঘিরে ধরবে
তার পরিবেদনা, একাকী প্রান্তিক নদীর পথে,
অগাধ ছাত্রাবাসে
সুনন্দ মণ্ডল
তুমি
হাজার তারার ফাঁকে
চোখ মেলে তাকালেই
ভেসে ওঠো তুমি।
স্মৃতিময় সংসার
সংসারে অলিখিত টান
নোঙর বাঁধা জীবনের গানে এগিয়ে যাই।
তুমি নেই
তোমার হাতের বানানো উলের পোশাক
নেই আদর জড়ানো স্নিগ্ধতার স্পর্শ।
চেয়ে থাকি উদাসীন
খুঁজি তোমার আঁচলের ছায়া
জড়িয়ে থাকা গন্ধময় প্রীতি।
তুমি থাকো
দূরে
ঠিকানাহীন
বিন্যস্ত চুলের মতো ঘন মেঘে।
বঙ্কিমকুমার বর্মন
পরিব্যাপ্তি
দু’হাতের তলদেশ থেকে উড়িয়ে দিই প্রাচীন ভীতি
খুচরো পয়সার আঁচল কুড়ানো চাঁদ
মন হয় তাঁকে নিয়ে গান গাই বাঁশিটির শোকে
স্তব্ধ খোলা হাত তবু যথেচ্ছ ব্যবহারে
ফিরবে না মন—ফুটেছে ঢের বসন্তলোক
সম্ভ্রান্ত প্রেক্ষাপটে নির্মিত সূর্যকাঠের ঘর
অভিজ্ঞান খুলে ইহজন্মের পাথরখাদান
সারারাত্রি খেলে যায় বেরসিক মুক্তকেশে
চেয়ে দেখি পর্দার আড়ালে জেগে জলসই
অজস্র শিকারের পুণ্য আহরণে
তুমি কি ভাসিয়েছ আঁখি পুলকিত প্রমাদ
পৃথিবী নবধারা ইঙ্গিতে, দর্শকাসনে ।
“ঘরের কাছে আরশিনগর”
পর্ব-২
রতন কাহারের গান
রামানুজ মুখোপাধ্যায়
সদর শহর সিউড়ির অলিগলি রাস্তার আবছা আলোয় হেঁটে যাচ্ছেন একজন বিষণ্ণ মানুষ। অশীতিপর। দারিদ্রের নির্মম নিষ্পেষণে নুয়ে এসেছে মাথা। তবু মেরুদণ্ড টানটান। কারও সঙ্গেই এখন আর কথা বলেন না বিশেষ। একরাশ অভিমান আর অবিশ্বাস তাঁর চোখেমুখে। তিনি রতন কাহার। কার্তিক মাসের প্রথম প্রভাত থেকে একাই বেরিয়ে পড়বেন শহরের গলিপথে। হাতে খঞ্জনি। বাতাসে হিমের পরশ মেখে ভেসে আসবে প্রভাতী গানের সুর: ‘রাই জাগো রাই জাগো বলে শুকসারি ডাকে’। সিউড়ির ত্রাণ সমিতির অদূরে নগরী পাড়ার মানুষজনের কাছে এ-দৃশ্য পরিচিত। গত বছর মহামারিকে অগ্রহ্য করে তিনি টহল দিয়েছিলেন। প্রথাগত টহলের গান তো আছেই, তিনি নিজেও লিখেছেন কিছু। বেলা বাড়লে যেমন সূর্যালোকের রঙ বদলায়, তেমনি নতুন-নতুন গানের কলি খেলে যায় রতন কাহারের মনোলোকে। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি গান বাঁধছেন। হ্যাঁ, বাঁধছেন। লিখছেন না। তাঁর গানগুলি কোথাও তেমন সযত্নে লেখাজোখা নেই। ছাপাও হয়নি বিশেষ। মুখে-মুখে ছড়িয়েছে। এ-প্রান্ত থেকে ও-প্রান্তে। দেহাতি মানুষের উঠোনে। পাকা ধানের খেতে। কয়লাখাদানে। গ্রামে-গ্রামান্তরে।
গত শতকের সত্তরের দশকে একটি গান বহু মানুষের মনোহরণ করেছিল। ক্যাসেটে আর বেতারে তার বিস্তার ছিল বিস্ময়কর। সঙ্গে ছিল স্বপ্না চক্রবর্তীর সুরেলা কণ্ঠ: ‘বড়োলোকের বিটি লো লম্বা লম্বা চুল/ এমন মাথা বেঁধে দুব লাল গেঁদা ফুল’। নাটকের গান হিসেবেই ছিল এর প্রথম পরিচিতি। সিউড়ির একটি নাটকের দলে গাওয়া হত এ-গান। স্বপ্না চক্রবর্তীর রেকর্ডিংয়ের আগেই আকাশবাণী কলকাতায় গানটি গেয়েছিলেন রতন নিজে। গানের কথাগুলি এত সহজ সারল্যে ভরা যে, আমরা তা অনেক সময় মন দিয়ে লক্ষ করি না। নিজের রেকর্ডিংয়ে স্বপ্না চক্রবর্তী গীতিকারের নাম উল্লেখ করেননি। বঞ্চিত হয়েছিলেন রতন কাহার। বিতর্ক না-হলে যে আমাদের টনক নড়ে না। এ-গান এখনও অনেক ক্ষেত্রেই ‘প্রচলিত’ বলে চিহ্নিত হয়ে আছে। ওই অ্যালবামের ‘শ্বশুড়ড়ে-জামাইয়ে হলুদ ফুল’ গানটিতেও এই গীতিকার ফুটিয়ে তুলেছিলেন লোকায়ত জীবনের এক সহজ-সুন্দর ছবি।
দারিদ্র্য রতন কাহারের আজীবনের সাধনসঙ্গিনী। তবু অর্থ তাঁকে তাড়িত করেনি। প্রতিপত্তির কাছে তিনি কখনও নিজেকে, নিজের গানকে বিকিয়ে দেননি। গান লিখে উপার্জনের প্রসঙ্গ উঠলে কত সহজে তিনি বলতে পেরেছেন: ‘বিটি বিচে কি পয়সা লুব?’ গান তাঁর মানসকন্যা। তাই গান নিয়ে তাঁর আক্ষেপ ঘোচে না। স্বপ্না চক্রবর্তী গেয়েছিলেন: ‘লাল ধুলোর সরানে ওরে সরানে/ ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিতেনে’। ‘সরান’ শব্দটির অর্থ ধুলোমাটির পথ। ‘সিতেন’ শব্দে বোঝানো হচ্ছে মাথার বালিশকে। বিছানা থেকে বালিশ কী করে পৌঁছবে রাঙামাটির পথে? আসলে রতন কাহারের গানের কথাটি ছিল: ‘দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে/ ভালোবাসা দাঁড়িন ছিল মাথার সিতেনে’। গানের কথক বলতে চেয়েছিলেন, ঘুমের ভিতরে, স্বপ্নে, তিনি দেখেছেন, ভালোবাসা তাঁর মাথার কাছে দাঁড়িয়ে আছে স্বাগত সমাদরে। এতবার এ-গান শুনেছি, তবু এই সহজ অথচ অমোঘ অসংগতিটিকে আমরা শনাক্ত করতে পারিনি। যাঁর কণ্ঠ এ-গানকে এতখানি জনপ্রিয় করেছিল, তিনিও কি পেরেছিলেন? এখন রতন কাহারের নিজেরই গাওয়া মূল গানটি আছে ইউটিউবে, আপনারা চাইলেই তা শুনে নিতে পারেন।
শুধু তো স্বপ্না নন, রতন কাহারের গান গেয়েছিলেন পূর্ণচন্দ্র দাস বাউল, এমনকী সাম্প্রতিক অতীতে শিলাজিৎও। পূর্ণচন্দ্রের গাওয়া ‘পালা রে পালা রে রাবণ পালা’ গানটি পৌরাণিক অনুষঙ্গে পূর্ণ। শিলাজিৎ গেয়েছেন এই ভাদু গানটি: ‘ভাদু লে লে লে পয়সা দু-আনা/ কিনে খাবি মিছরির দানা।’ এ গানের শেষে আমরা শুনেছি:
ও দুকানি, দুকান খুলো
লিবে পাউডার হিমানি
আমার ভাদু মাথা বাঁইদবে
পয়সা লিয়ো না গো দুকানি।
এমন সহজ গ্রামজীবনের ছবি লোকগানের আঙিনা থেকে হারিয়ে যেতে বসেছে। ভিজে মাটির সোঁদা গন্ধ আছে এইসব গানে। শুধুমাত্র একটা গল্প বলছে না এ-গান। এর মধ্যে আছে পানের ভিতরে লুকিয়ে থাকা সতীনের হিংসে, এ-পাড়া ও-পাড়ার কোন্দলের ছবি। আছে ছোট্টো দোকানঘরে হিমানি পাউডারের লুপ্ত সুঘ্রাণ। লোকগানের প্রতি আমাদের অবহেলা, অযত্ন আর অনাদরের ইতিহাসটি তুলনাহীন। তাই এবার একটু স্বল্প পরিচিত একটি গানের কথা বলি। এ-গানটিও স্বপ্না চক্রবর্তীর গলায় আমরা অনেকেই শুনেছি:
ঠেলে দে মালের গাড়ি চাপাব বস্তা
সরু ধানের বস্তা মোটা ধানের বস্তা
আমরা মরলাম ভূতের ব্যাগার খেটে
তবু না পাই দু-বেলা খেতে গো
আবার দিনমজুরি খেটে খাওয়া
হাঁড়ির অবস্থা
আমরা যতই মাইনা পাই না কিনা
রেতে খেয়ে দিনের ভাবনা গো
আমি অত খাটি তবু মরদ
কয় না কথা
এ-গানে আছে এক শ্রমজীবী নারীর বিষাদ। ভূতের বেগার খেটেও তাদের দু-বেলা অন্ন জোটে না। রাতে খাবার সময় জানে না পরের দিন অন্ন জুটবে কিনা। তার স্বামীকে গতর খাটাতে হয়। সে নিজেও খেটে খায়। তবু, মরদ তার সঙ্গে কথা বলে না। ভালোবাসে না। এ-দুঃখ সে রাখবে কোথায়!
রতনও বেড়ে উঠেছিলেন এমনই এক অভাবের সংসারে। চোদ্দো বছর বয়স থেকে গানের দল গড়ে এ-প্রান্ত থেকে ও-প্রান্ত চষে বেড়াতেন তিনি। বাড়ি ছিল লাঙুলিয়া গ্রামে। জন্মেছিলেন ১৯৩৭-এর নভেম্বরে। বাবা অচল কাহার ছিলেন দিনমজুর। অন্যের জমিতে ভাগচাষের কাজও করতেন। তিন ভাই, এক বোন। অভাবের সংসারে কেটেছিল শৈশব। এই শেষ বয়সে দারিদ্র্যের অন্ধকার সামান্য হলেও ফিকে হয়ে এসেছে প্রচার মাধ্যম আর কিছু সহৃদয় মানুষের ভালোবাসায়। লেখাপড়া তাঁর প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডী পেরোয়নি। গান শিখেছিলেন মামা ননী কাহারের লেটো গানের দলে। হয়ে উঠেছিলেন লেটো শিল্পী। ভালোবাসতেন সিনেমার গান শুনতে। জনপ্রিয় সিনেমার গানে সুর দিয়ে ভাদু গানের প্যারোডি তৈরি করতেন। যাত্রার গান, আলকাপের প্রতিও ছিল দুর্নিবার আকর্ষণ। দল তৈরি করে ঘরে-ঘরে ভাদু গাইতেন সারা ভাদ্র মাস। এ-গান তাঁকে দু-হাত ভরে এনে দিয়েছিল বহু সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা। কত অনায়াসে তিনি গেয়েছিলেন:
ভাদু ভেলে চল
ময়ূরাক্ষী ক্যালেনের বাঁধা জল
ভেলে ভেলে চল গো ভাদু
ভেলে ভেলে চল
আবার পা পিছুলে পড়ে গেলে পাবি নাকো তল
ভাদু ভেলে চল।
এ-গানে ধরা আছে সামাজিক ইতিহাসের এক আশ্চর্য সাক্ষ্য। ময়ূরাক্ষীর বুকে ক্যানেল স্থাপনের সাক্ষী এই গান। এমন কত ঘটনার প্রত্নচিহ্ন লেগে আছে তাঁর গানে। ‘ভেলে’ বীরভূমের শব্দ। এর অর্থ ‘দেখে’। ভাইলছে মানে দেখছে। ভাদু এখানে গীতিকারের স্নেহের পুতুলি। সেই স্নেহ থেকেই তো একদিন তিনি লিখেছিলেন: ‘আয় ভাদু তোর মাথা বেঁধে দিই, পাড়ার লোকে বলবে কী!’
পড়ন্ত বেলায় বসে তিনি গাইছেন: ‘অন্তিমকালে জীবন আমার টলমল টলমল করে’! তাঁর কণ্ঠে আমরা শুনছি এই কাতর আর্তি: ‘আমার গান শুনে যাও যান ওগো বাবু দুঃখেরই সংসারে/ আমি এখন শুকনো পাতা কখন যাব ঝরে’। আমরা কি তেমন দরদ দিয়ে কোনোদিন শুনেছি তাঁর গান? অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এমন কত গানের কথা-যে তিনি বেঁধেছেন মুখে-মুখে—আমরা তার হিসাব রাখলাম না!
[কৃতজ্ঞতা: শিল্পী রতন কাহারের মুখে শুনে বেশ কিছু গান অনুলিপি করে দিয়েছিলেন স্নেহের কবি মিমি সিদ্দিকী। তাঁকে কৃতজ্ঞতা জানাই। ছবিটি পেয়েছি শিল্পীপুত্র স্নেহভাজন শ্রীশিবনাথ কাহারের সৌজন্যে।]
ছবি : ভ্যান গঘ
পূর্ববর্তী সংখ্যা
পড়তে পারেন:
এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন কবিতা আশ্রমের মুদ্রিত সংখ্যা এবং কবিতা আশ্রম প্রকাশনার বই। নীচের ছবির ওপর ক্লিক করলে পৌঁছে যাবেন আমাদের অনলাইন সপ পেজে। হোয়াটস অ্যাপের মাধ্যমেও অর্ডার করতে পারেন। যোগাযোগ: ৭৩৮৪১৭২৪০৪/ ৯৪৩৪৪৩১৩৬২