সুমনা পাল ভট্টাচার্য
অনামীর ডাইরি
আপেলের নাভিতে নখের দাগ
পুষে রাখা ক্ষতের গায়ে বারবার তুলো চেপে ধরেছে আদম ইভেরা…
রক্তের স্রোত আজও তেমনি তীক্ষ্ণ, তেমনি ধারালো
জোছনার বালিশে অমাবস্যার ঋতুচক্র,
জঙ্ঘার বিভঙ্গ চেখে নেবে আগামী জোয়ার,
একতাল কয়লার আঁচে আপেলসিদ্ধ হলেই,
প্রসবিতার নিষিদ্ধ রক্ত বেয়ে নেমে আসবে পূর্ণচন্দ্রগ্রাস।
জন্ম নেবে রক্তবীজের মতো অসংখ্য আদম ও ইভেরা,
হাতে তাদের ক্ষতবিক্ষত আপেল,
আর একদলা মাংসের গায়ে আজন্মের শীত…