বিভাস রায়চৌধুরী
এক তিল
ব্রহ্মাণ্ড ও ধানক্ষেতে দূরত্ব তো এক তিল
যতই পড়ুক খসে তারা
যতই মরেছে মন এক যুগ আগে
যতই দিয়েছ দোষ… দিতে দিতে চলে গেছ
আমাদের মফস্বল ছেড়ে…
যতই এসেছ ফিরে নব অবতারে ফেসবুকে
প্রীতি ও শুভেচ্ছা সহ কোনও একদিন…
আমি জানি আমি জানি
ব্রহ্মাণ্ড ও ধানখেতে দূরত্ব যে মাত্র এক তিল…
এক তিল… এক তিল…
।। দুই।।
“যখন মিশেছি সেই কলেজজীবনে
বুঝতাম না তোমার কবিতা।
বান্ধবীরা ঠেস দিত আমাকেও কবি ব’লে… হাঃ হাঃ।
এখন জানো তো
তোমার কবিতা বুঝি…খুব গর্ব হয়…“
“গর্ব আবার কী?
কবিতা সাফল্য নয়…কোনওদিন সফল হয় না…
ব্যর্থতাই কবিতা-রহস্য…”
“ আমি কিন্তু মনেই করি না
তুমি কোনও ব্যর্থ লোক।
বরং আমার চেয়ে ভাল আছ কত!”
“কেউ ভাল নেই।
বয়স বেড়েই চলে…অনন্ত বদলে দেয় আমাদের সব…
নদীতে ফুরোয় জল… গ্রাম পালটে যায়…
গহনাসুন্দরী তুমি! আমি বইওলা কবি।
আমাদের দেখা হত যেসব সময়ে
হিজল ফুলের মতো সব ঝরে গেছে কবে!”
“দেখেছ হিজল ফুল?”
“ হ্যাঁ-তো… শান্তিনিকেতনে।“
“সঙ্গে কি পাঠিকা?”
“কখনো কখনো থাকে।“
“তারপর? কী করে পাঠিকা?”
“বকবক করে আর প্রেমিকের সঙ্গে ছোটে দূরের কোপাই…”
“আহা রে, কী কষ্ট! কিচ্ছু ছুঁতেই দেয় না?”
“প্রয়োজন নেই।
জানি তো ওখানে কোন ফুল ফুটে আছে!”
“কী করে জেনেছ?”
“একবার দেখেছি যে তোমাদের বাড়ির বাগানে!
একবার ধানখেতে জিভ পেঁচিয়ে ধরেছে জিভ…”
“কী-ই অসভ্য রে! পুরুষ এমনই হয়!
দেহ ছাড়া কিছুই বোঝে না…”
।। তিন।।
আলপথ ঘাসে ভরা… দুইপাশে ফসলের খেত…
মনেই হবে না কিছু…
চাঁদ এলে শরীরের স্বাদ এসে যায়…
এত ফুল এত হাওয়া— দেহই গন্তব্য
এত পোকা এত মেঘ— দেহই গন্তব্য
এত ঘুম অন্ধকার— দেহই গন্তব্য
এত খেলা খেলবার পর প্রকৃতিও
নিঝুম কুয়োর পাশে
চুপচাপ বসে আছে
দেহ খুঁড়ে জল ওঠে… আকালের দেশে
আরো একবার আরো একবার কামনার
কলরোল ওঠে…
উঠেছিল প্রথম এবং শেষবার আমাদের!
কেউ কোনওদিন আর কাউকে পাইনি
শরীর কেঁদেছে কত
আলপথে ঘাস ভিজে গেছে
মাটিতে গড়িয়ে গেছি… ওঃ ওঃ করুণ পিপাসা…
তুমি নেই… তুমি নেই… তুমি নেই… তুমি নেই…
জন্তুর গোঙানি শুধু দেখি মিশে যায়
কীটনাশকের মতো ফসলের দেহে…
কবিতায় কবিতায় শরীরের সব বমি
আর শূন্যসঙ্গমের মহাঘোর থেকে
আমি দেখি হাউহাউ ব্রহ্মাণ্ড নামছে ধানখেতে…
দূরত্ব যে এক তিল…
সামান্যই এক তিল!
।। চার।।
“আসবে একবার কাল? একা থাকব সমস্ত দুপুর।“
“ শূন্য দুপুরের কিন্তু সম্মোহন আছে!
পেতে ইচ্ছে করে খুব।
কী দেবে আমায়?”
“আমার তেমন কিছু নেই…
ধানখেত পুড়ে গেছে…
সময়ের ঝাপটায় উড়ে গেছে সব!”
“ওসব বোলো না।
কবিকে ডাকলে পিছু পিছু আসে কবিতাও।
ব্রহ্মাণ্ড নামবে ধানখেতে…
আকাশে উড়বে হায় জীবনানন্দের চিল…
শূন্য দুপুরের পাখি!”
“বলার কিছুই নেই।
নিজের শরীরে নিজে মৃত হয়ে থাকি।
জীবন্তের এক চিহ্ন আছে শুধু ঠোঁটে,
কবে সে পালিয়ে-যাওয়া অবুঝ কবির
পছন্দের এক তিল…
আধপোড়া… নেবে?
পছন্দের এক তিল?”
“শরীর আদিম ভাষা…
যেকোনো শরীরে কাঁদে কবিতা নিখিল…”