গল্পের কবি

কেঁচো

 

অমিতকুমার বিশ্বাস

ডুবসবুজের ভিতর কাঠবেড়ালিটা হেমন্তরোদ্দুর কুড়োচ্ছিল বেশ। ঝিঁঝিদের নূপুরের শব্দে এখানেরাত্রি নেমে এলে এইসব চাকভাঙা রোদ ছড়িয়ে দেবে সে জোনাকিদের ডানায় ডানায়, আর তারা জ্বলবে সারারাত মিটিমিটি অবিরাম—–গাছেদেরশাখে শাখে, পাতায় পাতায়।বড় সুখেই বুঝি-বা এইরোদকুড়োনি কাঠবেড়ালিটা। সামান্য রোদই তো কুড়োয় সে, মাঠে মাঠে ধান কাটা সারা হলে নাড়ার ফাঁকে ফাঁকে পড়ে থাকা যৎসামান্য ধান কুড়িয়ে যেভাবে আবছর সুখে কাটিয়ে দেয় দুলেবৌ। বিরাট খিদে নিয়ে পেটে সামান্য গ্রাস তুলে নেয় মুখে। বকেয়া খিদের টানে বুঝে যায় জন্ম আর মৃত্যুর মানে, সুখ আর দুঃখের মানে, শস্যবীজ আর বীজধানের মানে। দূরবীনে চোখ রেখে ওঁদের মূর্খ বলি উল্লাসে, ছক কেটে সংখ্যাতত্ত্বের ফন্দি নামাই রোজ। কিন্তু খিদের ভিতর শিশুর ঘুমের মতো এ-সুখের খোঁজ কেউ কি রাখে কখনও? আমছায়াতলে হেলান দিয়ে এইসবই কি ভাবছিল নলিনী?বড় বেশি ভাবুক সে। অন্তরে একতারা আর শরীর ভর্তি অনন্ত মৌন মাটিগান নিয়ে যেন মাটিতেই জন্মেছে সে। মাটি ফুঁড়ে বেরিয়েই বেঁধেছে জীবনের গানসমগ্র। কাজের ফাঁকে-ফাঁকে বুকে বাউল বাজে তার। কাজের ক্ষতি হয়ে যায় যে তাই বড়। ঝাড়ও খায় ম্যালা। জুড়ন ফিরে এসেই চিৎকার ছোঁড়ে, “ওই, তুই করোস কী? কাজ-কামে মন নাই দেক্‌তিচি! এট্টাবার মাথাডা নাড়া দেহি, তোর বিয়া দিয়া দি। তারপর সংসারজালে পোইড়্যা তোর ওই ভাবাপাগলা পালায়ে যাবেনে ফুড়ুৎ কইর‍্যা! কানাওঝার ভূত খ্যাদানো দ্যাখচোস তো সেইদিন। হালার পো হালার প্রেত ঝ্যাঁটার ঘাপানে ক্যামনে ভাগলো, মনে আচে তোর? ওই ভাবা রোগডাই হইল গে জিনে-ধরা-রোগ!”

একগাল হাসে নলিনী। কালো পেটানো শরীরে ঝকঝকে দাঁতের বিজ্ঞাপন। ছোট এক ট্যাঙারিকোদাল দিয়ে কিছু আগেই নদীর জলপাশটায় কুপিয়ে-কুপিয়ে নরম মাটি আলগা করেছে কিছুটা, কিন্তু কিছুতেই কেঁচো পাচ্ছে না সে। হতাশা ও ক্লান্তিতে পাড়ে উঠে আসে। গাছে পিঠ ঠেকায়। কাজের সময় ডালপাতা কিছু থেকে মাজালি পড়েছিল পিঠে এসে। এখন গাছে পিঠ ঘষে-ঘষে সেই জ্বালা মেটায়। মুখে আরামের বিকৃত ভঙ্গি। ঠিক তখনই চোখে পড়ে কাঠবেড়ালিটা। সরু মেটে ডালে ডিগবাজি খায়। মুঠোটা নিয়ে ঠোঁটে ঘষে। শেষে ইয়া লাফ দিয়ে চলে যায় পাশের ডালে। সেখানে আর-একটি কাঠবেড়ালি তার অপেক্ষায় থাকে যেন। কিন্তু সে কাছে আসতেই চুক্কি দিয়ে পালায় অন্য ডালে। সেও লাফ দেয় পিছে। এভাবে সমস্ত গাছটা আলোছায়ার রোমাঞ্চকর ছোঁয়াছুঁয়িতে মেতে ওঠে। গাছটাও বুঝি-বা উপভোগ করে খুব।মনে-মনে এইসবভাবছিল নলিনী?গাছের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তারও শিরায়-উপশিরায়। কী এক অলৌকিক উল্লাসে ভাতের হাঁড়িটা বারবার উতরে উঠছে ভেতরে-ভেতরে। স্বয়ং দেবী অন্নপূর্ণা ছাড়া সেই চাল আঙুলে টিপে-টিপে ভাত হয়েছে কি না তা অনুভবের ক্ষমতা যেন কারও নেই আর। জুড়ন তাই বোঝে না তার কিছুই।

ফের কাজে নামে নলিনী। নরম মাটিতে কোপ মেরে চাঙ সরায়। কুঁজো হয়ে দেখে, জুড়ন কুনোব্যাঙের মতো তার দিকে ফ্যালফেলিয়ে আছে, হাতে বিড়ি। একটা লম্বা ধোঁয়া ছেড়ে বিড়িটা অবজ্ঞায় ছুঁড়ে বলে, “কী রে, চুপ রোলি যে?” ফের মাটিতে কোপ মেরে  মুখ তোলে এবার। দম ছাড়ে জোরে।

“কোই কী গোরুর হাগা-হুগার নাহান ওই মুকি বউ কি ঝামা ঘোষি দেচে যে আমাগো জুড়োন সদ্দার আমারে ছায়ায় অ্যাকলা পাইয়া রামঠাপান ঠাপাচ্চে?”

“অত ঘষাঘোষির কী আচে? আর ঠাপাঠাপিরই-বা? ঠাপানোর জন্যি ঘরে এট্টা মাগ আছে। আগেও এট্টা ছেলো। তোর তো তাও নাই। কাম ছাইড়্যা কোবি হইচো, তাও কিচুই কওন যাইবো না বাবুরে। কোইলেই ফুসকা!”

“ঠাপ খাইয়া সেইডা তো পটল তুলিচে। এইডারেও মারবি শালা তুই!”

“মুক সামলা কলাম নলেন! কাটাঘায় নুন মারাচ্চো?”

“কাটাঘায় না, ছিনেজোঁকে। আর মারাবোই না ক্যান? তুই শালা সন্দের পর মাল টাইন্যা মাঠে পোইড়্যা থাকবি, আর ঘরের মাগ বাঁইচা থাকবে? ওইসব না টাইন্যাঅ্যাকদিন হিনোচান টান ঘেঁচুর নাহান, ব্যাবাক খেল খতম!”

কাঁধে ট্যাঙারি নিয়ে পাতাহীন শুকনো গাছের ডালপালার মতো হাড়-শিরা বার-করা খালি গায়ে দাঁড়িয়ে রাগে গোঙাচ্ছিল জুড়ন। নাভির গভীর খোদলের নীচে লুঙি গুটিয়ে পরা, প্রায় কিছু না-পরার মতোই, জোর হাওয়ায় উড়ে যাবে বুঝি-বা, কিংবা উড়ে যাবে সে নিজেই হয়তো দুম করে আচমকা। মুখটা পাথর-মাটি কেটে-নেওয়া পাহাড়ের মতো কুৎসিত। হঠাৎ-ই তাতে হড়কা বান নামে। বাঁধ ভাঙে। ট্যাঙারি বাগিয়ে লাফিয়ে পড়ে কাদায়, “তুই হিনোচান খাতি কোচ্চিস বাইনচোত! আর ঘেঁচুরে আমি মারচি কোতি চাচ্চিস, তাই তো হারামির পো?”

“এই জুড়োন, চোক রাঙাবিনে কলাম! বিটামানুষ হোইচিস তো মিটিরে খাওয়ায় দ্যাকা! যা কামাস, তার সবই তো চোলাই টাইন্যা সারা। নজর রাহিস ঘরের কিচু? হুঃ, বাবু আবার আমার বিয়া নিয়া ভাবতিচেন!”

“আমি নজর রাহি নে তো কি তুই রাহিস?”

“আমার দায় পড়চে বুজি! আর সেই কতাই-বা কলাম কহোন?”

“তাই-ই কোতি চাচ্চিস! আর আমারে হিনোচান খাতি কোলি ক্যান তাই ক’ আগে? ঘেঁচু মরচে ঘেঁচুর দোষে। ওঁর চোদ্দোগুষ্টি ওই মরারোগের ছোঁবলে গেচে।”

“না, এই তোর জোন্যি গেচে!”

“আমার জোন্যি…আমার জোন্যি…?” —বলেই ট্যাঙারি বাগিয়ে তেড়ে এলেনলিনী ছুট্টে পালায়। পাড়ে উঠতে গিয়ে‘বাবাগো’ বলে পিছলে পড়ে। কাদায় গড়াতে-গড়াতে আর্তনাদ করে ওঠে। পা ধরে বসে পড়ে। রক্ত বেরোয়। ওই অবস্থায় জুড়ন-কে ছুটে আসতে দেখে উঠে পালাতে যায়। জুড়ন পাড়ে ট্যাঙারি ফেলে ডাকে, “ওই…ওই…পালাস ক’নে? খাড়া…খাড়া…! খাড়া কোচ্চি!” কাছে এসে নলিনীর পিঠে হাত রেখে বলে, “রকতো? তা কাটলো কিসি?”

“তোর ট্যাঙারিতি!”

“ফাজলামো মারবিনে কলাম। ওই শুকা ঢিলায় পাছা ঠ্যাকায় বয় আগে।” মাথার গামছা খচ করে খুলে বাঁধন দিতে-দিতে বলে, “ম্যালা কাটিচে মনে হচ্চে। খাড়া।” বলেই ছুটে যায় পাড়ের ঝোপঝাড়ে। কেউপাতা-জার্মানলতা নিয়ে ছুটে আসে।  বাঁ-হাতের চেটোয় ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডলে-ডলে ঘষে-ঘষে সবুজ রসে-ভরা-গোল্লা পাকায়। জীবনরস। তারপর বাঁধন খুলে কাটা জায়গায় পাতাবাটা লাগিয়ে ফের বাঁধন দেয় মজবুত।

“রক্ত বন্দো হোয়ে যাবেনে দেহিস। চ’ এইবার। নে, কাঁধে হাত রাক।”

জুড়নের কাঁধে হাত রেখে নলিনী পাড়ে ওঠে ধীরে-ধীরে। পিছলে-পড়া জায়গাটায় চোখ যেতেই জুড়ন বলে, “ও শালা, পচা শামাকে কাটিচে দেক্‌তিচি! বাড়ি গিয়া মাটিরে কবানি পলতে-পিটা কোইর‍্যা দিতি, ব্যাবাক সাইর‍্যা যাবেনে দেহিস!”

সেই আমগাছটার নীচে এসে বসে দুজন। রক্ত বন্ধ হয়েছে। বাঁধন চুঁইয়ে আর বাইরে আসছে না একটুও। নলিনীর কোমরে ছোট এক গামছা জড়ানো।কালো পেটানো শরীর তার। মাথাভরা জুলফি। যেন অরণ্যশিকারি। ব্যথা ভুলে সে উপরের দিকে তাকায় ফের।

“কী দেহোস?”

গাছেগাছে পাখি ডাকে। পাতার ভিতর বাতাস হাত বুলিয়ে যায় আদরে।

কিছুক্ষণ নীরবে চেয়ে থাকলে ফের প্রশ্ন, “রাগ করচোস বুজি?”

উপরে তাকিয়েই নলিনী বলে, “পাষাণের ’পর রাগ করে কিডা?”

“হ’! আমি পাষাণ। পাষণ্ড! আমিই মারচি তারে…”

কাঠবেড়ালিটা মোটা ডালটায় ঘাঁপটি মেরে থাকে। এবারে লাফ দেবে ফের পাশের ডালে। ঠিক তখনই আচমকা একটা তীর এসে বিঁধে যায় লেজে, আর সেই লেজ সমেত কাঠবেড়ালিটা শূন্যে ঝুলতে থাকে আমডাল থেকে। ছটফট করে। আর্তনাদ করে। পেন্ডুলামের মতো দুলতে থাকে। মুক্তি খোঁজে মুঠোয়। মুঠোয় শুধুই শূন্য। জীবন আর মৃত্যুর ট্রাপিজখেলায় সেও সামিল এইবার।

“কোন বাইনচোতের বিটা বাইণ মারিচেরে? কোন শালা হারামির পো?” —-বলেই কাটা-পা নিয়ে গাছে চড়ে সরসর করে।

“ওই কী করোস…কী করোস? পা-ডা কাটা না তোর?”

জুড়নের কথায় কান না-দিয়ে গেঁথে যাওয়া কাঠবেড়ালিকে এক হাতে ধরে অন্যহাতে তীর তুলে সেটাকে নীচে ছুঁড়ে মারে।

নেমে আসে নলিনী। হাতে কাঠবেড়ালি। মাথার-পিঠে হাত বুলিয়ে দেয়। কাঠবেড়ালির মুঠো ভর্তি জমানো রোদ্দুর তার দু-হাতে ঝরে পড়তে থাকে ধীরে। কাঁচামিঠে আমছায়ার নীচে মায়াভরা বুকে জড়িয়ে রাখে চঞ্চলাকে। বুকের উষ্ণতা বুঝি-বা বোঝে সকলেই।

জুড়ন হাতে ডলতে থাকে লতাপাতা। লাগিয়ে দেয় লেজে। তারপর ছেড়ে দিলে ফের গাছে উঠে পড়ে চঞ্চলা।

“তোগো মায়া দেইখ্যা পরানডা জুরায় যায় নলেন!”

“জেবনে ছায়া থাকলি মায়াও থাকে।”

“কোচ্চিস?”

“হ!”

“তা তোর জেবনে আর ছায়া কই? হে হে! যাজ্ঞে। …হেই নলেন…ওইডা কী রে?”

“কই?”

“হিসসসসসসসসস্‌!”

দুজনের দীর্ঘ পজ, যেন এক ছায়াঘেরা পল্লিগ্রামের স্থিরচিত্রে রহস্যের গন্ধ ছড়ানো ভীষণ।

পাতার খচ-খচ শব্দ। তৎক্ষণাৎ সেদিকেই তাকায় দুজনের। চারটি চোখ এক চলবিন্দুতে স্থির।

দৃশ্যে তীরধনুক নিয়ে ঢুকে পরে কেউ।

“ও আমার ভুদা…ও আমার ভুদাই রে…” বিস্ময়ে বলে ওঠে জুড়ন।

“ওই ভ্যাদা, এইডা তোর কাম বুজি?” নলিনীর চিৎকার।

“হ’! ভ্যাদা ছাড়া আর কার এতো নিরিক আছে এ-চত্ত্বরে? সে ব্যাটা কেঁচো ধরা ছাড়ছে, কুঁইচা ধরা ছাড়ছে, কিন্তু তীরধনুক ছাড়ে নাই! এইবার ভাবতিচি ধনুক ছাইড়্যা এট্টা ঘুড়া কেনবো।”

‘ঘুড়া?” জুড়োনের বিস্ময়।

“তুমি মাল ঘুড়া কেনো আর যাই-ই কেনো, কামডা কলাম মোটেই ভালা করো নাই ভ্যাদাই!” নলিনী রেগে যায়।

“তা আমাগো জলা দেশে ঘুড়া দিয়া কোরবিডা কী? গোরিবির ঘুড়া রোগ লাগচে বুঝি!” জুড়ন বলে।

“এ ঘুড়া আর সে ঘুড়া না চাঁদু। এ হইলো মেসিন, যারে আদর কোইর‍্যা ঘুড়া কয়। কী কয়? ঘু-উ-উ-ড়-আ-আ!” ভ্যাদা সুর তোলে।

“ধুর বালের ঘুড়া ঘুড়া! নিরীহো এট্টা পিরানিরি মেইরে রামপাঁঠা পোঁদ নাচাচ্চে খালি!”

“মুক সামলে নলেন! কাম মারাচ্চে! তা মেসিন যে কিনতি চায়, সে কী আর কামডা ভালা করে?” চোখ টেরিয়ে বলে ভ্যাদাই।

“কী কোরিবিডা কী তুই আমার? লুমা ছিঁড়বি?”

“হ! তাই ছেঁড়বো!”

“পারিস তো ছিঁড়ে নিস!”

“হ হ! তাই নেবো!”

“অ্যাঁ-অ্যাঁ-অ্যাঁ…বাঁড়ার বাল কাশীনাথ! গোরুমারানো পয়সায় তো কুলাব্যাঙের মতো ফুলতিচিসখালি। এইবার প্যাট ফাইট্যা যাবে কলাম!”

“হে হে! বুজলাম এইবার। জ্বলতিচিস তুরা। তোগো সাতে কেঁচো খুঁড়ার কাজকাম কোরলি জ্বলতি নে আর, তাই না?”

“বাবুগে দ্যাশে কেঁচো খুঁড়তি গে কেউটে হোইগিচিস ভ্যাদাই! তোর ঘুড়া দে কাম নাই আমাগো। এই আচি, ভালো আচি।” কপালের ঘাম সরিয়ে জুড়োন বলে।

“কেউটে? ছি ছি! কোস কী জুড়োন? আমি যে আজও তোগো দোস্তোই ভাবি, বুজলি। কোনোদিন কোনওকাজকামে লাগলি অ্যাকবার কোস, ছুইট্যা আসবো কলাম।”

“আইচ্চা। আসিস। তা তোর ছাদের মাল যা আছিল তাও গ্যাচেগা।” জর্দা-দাঁতে জুড়োন হাসে।

“টাক আচে, তাই ট্যাকাও আচে। জুলফি দিয়া কী কাম? চল্লাম।” যেতে-যেতে সুর করে ছড়া ধরে, “হাতি যায় বড়বাজার, কুত্তা ডাকে তিন হাজার…”

“শা-আ-আ-আ-ল-ল-আ-আ-আ…” নলিনী গর্জায়।

“ট্যাকার গরম বুজলি, ট্যাকার গরম!”

“পোন্দ দিয়ে বেরোবেনে অ্যাকদিন। জেবনে কত্ত ভুদাইরে দ্যাকলাম!”

“অ্যাকদিন আমাগো সাতে কুঁইচা-ধরা হাবাগুবা ভ্যাদামাছ আজ চ্যাটের বাবু হইচে।”

“সানলাইটির খালি প্যাকেটে পিলাসটিক পুইরা-পুইরা গুনো দিয়া বাঁধন দিয়া বাঁধনের দিকটা পুড়াইয়া শানে ঠেঁইস্যা-ঠেঁইস্যা ঘোইষ্যা পেলেন কোইর‍্যা বল বানাতো ছুটোবেলায়।”

“আর তুই নারকেলের বেগলো দিয়া ব্যাট বানাইতিস।”

“আর আমডাল দিয়া উরিকেট।”

“ওইহানেই কিরিকেট খ্যালতাম ব্যাবাকে, ওই ফাঁকা জায়গাডায়, জঙ্গল সাফ কইর‍্যা।”

“হ’! আইজ আর পুলাপানেরা কিচুই খ্যালে না। না গাদি-হুসহুস, না ঢেগা-গুলি, না হাডুডু-কিরিকেট। ইসকুলিও যায় না। ঘরে মাগোউড়োন লাথি খাইয়া বাপের পোন্দে-পোন্দে ঘোরে আর গোরুগুলোন পাচ করে। নীচে মারে। গেলোবার নীচে মারতি গিয়া হুলোর বিটা কারেনটে পুইড়্যা মল্লো।”

“আহা রে! তেরোয় পা দিচিলো সবে।”

“কলাপাতা নিয়া ছুঁইড়্যা মারতো গিয়া হায়টেশান তারে। আগুন জ্বইল্যা ফিউচ উইড়্যা যাবে কী, পাতাখান তার হাতে ছুঁয়ান থাকলো। আর সেই অবস্তায় লাগলো গিয়া তারে। ওমনি গেলো পুইড়্যা। আগুন-আগুন-আগুন! পিচাশআগুন লকলকে জিবডা দিয়া চুইষ্যা-চুইষা খাইলো তারে! এট্টা তুলতুলা বাচ্চাছেইলে হোইয়া গেলো ঝ্যাংড়া চলাকাট!”

“চোকের নিমিষে!”

“এহোন নীচে মারে হুলোর ছোটো বিটা, এগারোর পুটকে।”

“ভাবদিন, কী দিনকাল আইচে আমাগো! বিটারা মোরতিচে বাপগো সামনে! এই দুক্কো দ্যাহা যায়?”

“হেইবার তো ইচামোতীর ভিতরই গুলি চালালে বিয়েচেপ। ভোগের বিটা গুলি খাইয়া পাড়ে ল্যাপ্টায় থাকলো। তারপর ন্যাপলা দিয়া প্যাট ফাইড়া জলে ফেইলা দেলো উরা। লাশ ওঠেনাই। আমি হাগদি আইচিলাম এই পাড়ে। দ্যাহামাত্তর হাগা বন্দ! আজও ভুলতি পারিনে। পুলাডা আমার ঘুমির ভিতর আসে খালি। আসে আর আমারে জিগায়, ‘ওক্‌কা, আমাগো বাড়ি যাইবা? তিন্নাথের ম্যালায় আইবা?’ আর তার আগের দিনিই…”

“আমাগো ঘুম নাই।”

“আমাগো নোদী নাই, মাটি নাই, জেবন নাই, কিচু নাই…”

“ভূতির নাহান বাঁইচা আছি খালি!”

“হয়, ভূত! কত ভূত মাজরাইতে মাজনোদীর নীচে পেড়িকাদার মোদ্দি থেইক্যা উইঠ্যা আসে আর সারাডা রাত ঘুইড়্যা বেড়ায়, ভাইস্যা বেড়ায়, উইড়্যা বেড়ায়।”

“দেকিচিস?”

“দেহিনাই। শুনিচি। বাপে কতো, ঠাম্মায় কতো।”

“আমিও শুনিচি। কুতা দিয়া আইচে ওগুলান, জানোস?

“ইংরাজরা যহোন এইহানের নীলচাষাদের অত্যাচার করতো, তহোনই নাহি এইসব ভূতির উৎপাত! যেসব চাষারা কতো— ‘নীলচাষ করবো না’, তাগো মাইর‍্যা কাইট্যা ফেইল্যা দিতো এক্কেরে ইচামোতীর জলে! তারাই ভূত হইচে।”

“কুতায় মারতো?”

“মুল্লাহাটির কুটিতি। চালুন্দের পাশে কালুপুরির কুটিতি। ডুমোবাঁওড়ের পাশে সরুইপুরির কুটিতি। তহোন তো ওই নয় মাইলির বাঁওড়ডাও ইচামোতী আছিল।”

“আইচ্চা। বদলা-নিয়া ভূত! তালি তো ভালো ভূত কোতি হয়।”

“হ’। আমাগো ক্ষোতি করে না। ইংরাজ আর ওগো চামচাগো জ্বালাতো খালি! বুজলি নলেন, আমিও মোইর‍্যা ভূত হবো কলাম———ওই ইচামোতীর পেড়িকাদায়। আর রাইতে উইঠ্যা জ্বালাবো ভ্যাদাইরে!”

“ওরে জ্বালাবি ক্যামনে? ভ্যাদাই এহোন ওঝা সাজজে যে!”

“ও শালা…তাই তো! ওই ভ্যাদাওঝাডারে-ই আগে ঘাড় মটকাবো! শুনিস না, সাপুড়িয়া মরে সাপের ছোঁবলে!”

“ভ্যাদা মাছে কাদা খায়,পুঁটি মাছের পরান যায়/ আবার বৃষ্টি হই’লে ক‌ই মাছটা চলে ডাঙা দিয়ারে।/ কী মাছ ধরিছো বড়শি দিয়া?/ ওদরদী কী মাছ ধরিছো বড়শি দিয়া?”

“ও গুরুজী কী মাছ ধরিছো বড়শি দিয়া?”

“ওরে ট্যাংরা তবু কাটোন যায়…”

“মাগুর মাছে ক্যাত ক্যাতায়…”

কুঁচে-রাখা শূন্য ভাঁড়খানা হঠাৎ-ই বাজাতে শুরু করে নলিনী, আর তুড়ি মেরে-মেরে তাল দেয় জুড়ন। বেশ কিছুক্ষণ গান চলে। পানায় ঢাকা স্রোতহীন ইছামতী-ই বুঝি-বা তাদের নিবিষ্ট শ্রোতা।

এখানে এই নদীর এক-দ্বিতীয়াংশ এদেশের, বাকিটা বাংলাদেশ। ওপাশে লুঙি-উর্দি পরে বাংলাদেশের পাহারাদারেরা টহল দেয়। দু-পাড়ের সাধারণ লোকজন মাছধরে, স্নান করে। এপারেও টহলদারি চলে। মাঝে-মাঝে স্পিডবোটেও টহল দেয় এপাশের পাহারাদারেরা। গাঁ-গাঁ করে বেরিয়ে যায় হাতে-ধরা আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত সেপাই নিয়ে। জুড়ন-নলিনীর গানে কারও ভ্রুক্ষেপ নেই। কিছু পরে গান থামিয়ে জুড়ন উঠে বসে, “নাহ্‌ আইজ আর কুঁইচা ধইরা কাম নাই। তোর পা গ্যাচে। এদিকি দুপুর হইচে। কেঁচো এট্টাও তো পাইনাই। কুঁইচা আসপে ক্যামনে?”

“কেঁচো না পাই, কেউটে তো পাইচিলাম এট্টা! হা হা!”

“তা যা কইচোস।”

“এত্তো কেঁচো গ্যালো ক’নে?”

“গ্যাচে যেহানে যাবার! তা তোর পা টানিচে?”

“হ’। খুইল্যা দ্যাকলাম অ্যাকবার, রক্তো নাই। যা ওষুদ দিচিস!”

“তুই শালা নিজিই এট্টা কেঁচো। কাটলি লাল। কিন্তু রক্তো বারায় না।”

“আর তুই এট্টা ছিনেজোঁক। রক্তো দেকলিই চুইষ্যা খাস!”

“জোঁকে কলাম রক্তো বাইর কোইর‍্যা ন্যায়, জমাট বাদতি দ্যায় না। রক্তো বাইর কোইর‍্যা চুইষ্যা-চুইষ্যা খায়, ওই ভ্যাদামাছের নাহান। তুই হইলি গিয়া ভাবাপাগল কোবি, আর আমি জুড়োন কোবরেজ! আমি ছিলাম বোলেই তো বাঁচলি!”

“ওরে আমার কোবরেজ রে! মারতিই তো গেচিলি ট্যাঙারি তুইল্যা!”

“হে হে! রাগের মাতায় কী যে হয় আমার…! রাগডারে সামলাতি হবে বুজলি। তোর নাহান যদি হোতি পারতাম! কেঁচো তো কেঁচোই। মাটি খাস, আর মাটি হাগিস। মাটির সাতে মিইশ্যা থাকিস! কোনও তাপ-উত্তাপ নাই। আমার বউডাও মাটির নাহান ঠাণ্ডা। মাটির দলা যেনো এট্টা। তারে ছেইন্যা-ছেইন্যা গড়ান যায়!”

“কী গড়িস তুই?”

“মুত্তি।”

“কিসির?”

“মাকালীর!”

“আর তুই ব্যাটা চোলাই-টানা ভুলানাথ? খালি ভুঁড়িডা শুকায় চিপটে গেচে!”

“আবার শুরু কোরিতিচিস? ভালা হচ্চে না কলাম!”

“আইচ্চা আইচ্চা, আর কবো না!”

“মোইনে থায়ে যেনো!”

“থাকপেনে আমার ভুলাবাবা!” দু-হাত মাথার উপর জোড় করে প্রণামের ভঙ্গিতে বলে নলিনী।

“ওই দ্যাকচো, ফের পাকামি!”

“ভেম হইয়া গেচে বাপ!”

“আইচ্চা, চল এইবার। বাড়ি চল। রাইতে বিশ্বেসবাড়ি মচ্চোপ আচে। যাতি হবেনে। গরম খিচুরি!”

“উরিব্বাস, যাতি হয় তো তালি! মিটিরে নিবি?”

“হ, নেবো!”

“শালা হাড়হাবাতে!”

“আরে না। ও যাতি চায়। কুতাও তো নিতি পারিনে। কইচে লাল শাড়িডা পোইর‍্যা বাইরোবেনে। আর পায়ে আলতা। গানও করবে কোইচে। তা তু যাচ্চিস তো?”

“যাবো।”

“চল। একসাতে যাই। সন্দের আগে-আগে চোইল্যা আয় আমাগো বাড়ি। মুড়া পাইত্যা হুঁক্কা টানবানি আয়েশ কোইর‍্যা, তারপর যাবানি নয়।”

“আইচ্চা।” কথাটা বলেই নলিনী ফের জলে নামে। তবে কাটা-পা’টা জলের বাইরে। একটা শামুক ভাঙে। গর্ত থেকে কয়েকটা বড়শি তুলে শামুকের মাংসল অংশ গেঁথে দেয় তাতে, শেষে কুঁচের গর্তে রেখে উঠে আসে পাড়ে।

“শামাক কি আর খাবেনে?”

“দিলাম, যা হয় হবেনে। সন্দের দিকি অ্যাকবার আইসে দেইখ্যাযাবানে। কী কোস?”

“হ’, গেলি হয়।” আচমকা ঝোপের ওপাশে নজর যায় জুড়নের, “ওই দ্যাক ওইদিকি, শালা ভ্যাদাই আবার আসে! মাথাকপাল খাবেনে কলাম। চল পালা!”

“পালারে পালা!”

দুই

নদীদেশের ভর সন্ধে। পাড়ের নীচে জলের পাশে দাঁড়িয়ে দুজন। জুড়নের হাতে হুঁকো। নলিনী হাত বাড়িয়ে দাঁড়িয়ে। সে-অবস্থায় দুজনেই আচমকা নদীর দিকে ফ্যালফ্যালিয়ে থাকে। নদীর উপর পুরু ধোঁয়াশা জমেছে। আশেপাশের গোয়ালে সাঁজ দেওয়ায় এমন। এরই ভিতর মনে হচ্ছে সাদা শাড়ি পরে একটা ছায়া হেঁটে আসছে জলের উপর দিয়ে। ঝিঁঝিডাক, মকমকি আর মাছের লাফঝাপ ছাড়া আর কোনও শব্দ নেই সেখানে। নদীর উপরই ঘন ধোঁয়ার ভিতর মিলিয়ে গেল ছায়াটা। দুজন-দুজনের দিকে তাকিয়ে কাঁপছে খুব। জুড়ন হুঁকোটা হাতে নিয়ে বার দুই জোরে-জোরে টান দেয়। নলিনী একরকম ছিনিয়ে নিয়ে গুড়গুড়-গুড়গুড় করতে থাকে। আমগাছের ওপাশে খচখচ শব্দ হয়। সেখান থেকেও এক ছায়ামূর্তি এগিয়ে আসে। এগিয়েও পিছিয়ে যায়। কিছুক্ষণ পর ফের এগিয়ে আসে—একটি নয়, দুটি ছায়া। জুড়ন-নলিনী পাড়ের নীচে মাটির সঙ্গে সরীসৃপের মতো লেপ্টে থাকে। হুঁকোটা পায়ের কাছে নামানো।

যেখানেভূতেরভয়, সেখানে টহল দেয়। প্রথমে লাল লেজার ও পরে টর্চ এসে পড়ে—গাছে, ঝোপে, ও শেষে জলে।

“কৌন?”

“কৌন হ্যাঁয় উধার?”

“নিকাল বাহার, নেহিতো গোলি মার দুঙ্গা!”

“আমরা ছার। নলেন আর জুড়োন।” ভয়েই দু-হাত শূন্যে তুলে ধীরে-ধীরে আড়াল থেকে প্রকাশ্যে আসে দুজন। টর্চের তীব্র ঝাঁঝালো আলো ওদের চোখেমুখে। দু-হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টায়।

“ইস গাঁওকা?”

“হ’, ছার।”

“কেয়া করতে হো?”

“ছার, মাছ ধরতিচি।”

“মছলি? কৌনসা?”

“কুঁইচা।”

“কুচি?”

“কুঁইচামাছ হয় না ছার? বড়ো-বড়ো, লাম্বা-লাম্বা?” দ্রুত হাত নামিয়ে দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিয়ে চায় নলিনী। ফের হাত শূন্যে তোলে।

“সাপের নাহান দেকতি, সেই মাছধোরতি হ্যাঁয়।” জুড়ন বলে।

“কিয়া বোল হায়ে হো বাবুয়া। কুচ কুচ হোতা হে শুনা, লেকিন কুচি মছলি জিন্দেগিমে নেহি শুনাহুঁ!”

“সাপ? ধরতি? কিয়া বোলরাহাহ্যাঁয় ইয়ে দো বহেনচোদ, সিংজি?”

“দাল পে কুছ কালা লাগ রাহা হ্যাঁয়।”

“হা হা! ‘…ইয়ে কালেহ্যায় তো কিয়া হুয়া দিলওয়ালে হ্যাঁয়’!”

“অ্যায়, উপর আও!”

“ক্যান ছার?”

“উপর আ সালে নেহিতো গাঁড় পে সব গোলি ডাল দুঙ্গা!”

ভয়ে-ভয়ে হাত উঁচু করে দুজনে উপরে উঠে আসে।

“আব ঠিক হ্যাঁয়।”

“আব আয়ে উট পাহাড়কে নীচে!”

“সিংজি, এঁহাপর উট নেহি মিলতা। শুওর মিলতা বহুত!”

“হা হা! শুওরকে পিল্লে!”

বন্দুকের নলটা জুড়নের থুতনির নীচে ঠেকিয়ে বলে, “কিয়া বে, লাইনম্যান ইয়া পোস্টম্যান?”

“না হুজুর, আমরা কেঁচো ধোরি, তা দিয়ে কুঁইচা মাছ ধোরি, লেকিন লাইনম্যান-পোস্টম্যান কিচুই না আমরা।”

“ফির কুছ কুছ হোতা হ্যাঁয় শুরু গো গিয়া বাবুয়া!”

“পোস্টম্যান নেহি, তো ফির লোয়ারম্যান?”

“হেইডা কী হুজুর?”

“ও ‘নীচ মারা’ ইয়া ‘মাদা’ কিয়া সব তুম মাদারচোদ লোগ বোলতে হো না?”

“না হুজুর, আমরা কেঁচো আর কুঁইচাম্যান।”

“হা হা! ইয়ে রেন্ডিচোদকা বাত থোড়া শুনো সিংজি, কিয়া বোলরাহা হ্যাঁয়—কেঁচোম্যান, কুচিম্যান হা হা! সালে লোগ খুদকো স্পাইডারম্যান সমঝতা হ্যাঁয়, আউর হামারে সামনে চুতিয়া বান যাতা হ্যাঁয়!”

“ক্যায়সে মুত দেতা হ্যাঁয় দেখো দেখো!”

“আব হাগ দেগা!”

“হারাম কে পিল্লে!”

“হামারে ইনফর্মারনে বোলা কে, দোপ্রহরকো ভুদাইকে সাথ তুম লোগ থে। তো কিয়া বাত চল রাহাথা উসকে সাথ হামেভি থোড়া বাতানেকা কৃপা করেঙ্গে সারজি?”

“ভ্যাদাই? ও তো আমাগো ল্যাংটাবেলার দোস্ত ছার।”

“ল্যাংটোবেলা? ও কী আছে? কিয়া হ্যাঁয় ও?”

“আরে সিংজি, লাংগোটিয়া দোস্ত!”

“ওওও…আচ্ছা…বহুত আচ্ছা! তো বোলো ভাই, ভাগ রাহে থে ফির তুম দোনো, লেকিন কিঁউ?”

জুড়ন কাঁচুমাচু করে বলে, “ভ্যাদাই আগে আমাগো সাতে কুঁইচা ধরতো। এহোন ছাড়চে। অন্য কাম করে। কী করে তা জানিনে। ম্যালা ট্যাকা কামাইচে এইটুহু জানি। আমরা পারি নাই কামাতি। আমরা কুঁইচা ধোরি খাই। কুনো কালাকাম কোরি না ছার মাকালীর দিব্বি।”

“ও ম্যালা বড়োলোক হুজুর, আমরা ছুটো। এহোন আমাগো কোনো মিল নাই আর।”

“ইয়ানে ও স্পাইডারম্যান বান গিয়া, আউর তুম দোনো কুচিম্যান রহে গায়ে?”

“হ’ ছার!”

“শুন, রাঠোরসাব আয়ে হেঁ। নয়া অফিসার। বহুত কড়কদার। ও ভুদাইকো ঢুন্ডরাঁহে হ্যাঁয়। বহুত চুতিয়া গেম খেল রাহা হ্যাঁয় ও রাঠোরসাবকে সাথ। লেকিন আব নেহি বাঁচপায়েগা!”

“স্পাইডারম্যান সে সিধা কুচিম্যান করদেগা!”

“কিয়া দেগা?” সিংজির বন্দুকপ্রশ্ন।

“কুঁইচাম্যান ছার!”

“বরাব্বর বোলা!”

“উসকা কোড জানতে হো?”

“না ছার।”

“সিক্স নাইন!”

“তুমহে মালুম হ্যাঁয় ইয়ে সিক্স নাইন কিয়া হোতা হ্যাঁয়?”

“না ছার!

“কভি থ্রি এক্স দেখে হো বাবুয়া?”

“না ছার!”

“চুতিয়া সালা!”

“ছোড়ো সিংজি।”

“ভুদাইকো কভি দেখা তো তুরন্ত ইনফর্ম করনা, মালুম রহে।”

“জো হুকুম ছার।”

সেপাইরা চলে যেতেই দুজন-দুজনের মুখ চাওয়া-চাওয়ি করে শুধু। হাত তখনও শূন্যে। শেয়াল ডাকে। ঝিঁঝি ডাকে। জলে গ্যাঙর-গ্যাঁ শব্দ হয়। মাছে লাফ দেয়। নলিনী বলে, “চল, আর থেইক্যা লাব নাই। কপালে শনি আচে আইজ।”

“চল!”

ওঁরা পা টিপে-টিপে দৌড়াচ্ছে, যেন যে-কোনও মুহূর্তেই গুলি হয়ে যেতে পারে, আতঙ্কটা এমন!

“এই হাত নামা!”

“তাই তো রে নলেন! ভুইল্যাই গেচিলাম। তা তু নামা!”

“ওহ শালা, দেকিচো কী কাণ্ড!”

“পোন্দে বন্দুক, কয়‘হ্যানচাপ’/ ভুইল্যা যাচ্চি নিজির বাপ!”

“দাও ঠাপ, দাও ঠাপ, দাও ঠাপ!”

“জোরে…!”

‘দাও ঠাপ দাও ঠাপ দাও ঠাপ!”

“জোরে…!”

হঠাৎ স্ট্যাচু জুড়ন! ফিসফিসিয়ে বলে, “খাড়া, অ্যাকবার বোড়শিডা দেখলি হতো না?”

“দ্যাকপো? আবার যোদি ধরে?”

“প্যাটে আগুন, চ্যাটে ছাই/ ছাওয়ালে চোষে শুকনো মাই!”

“ঠিক কোইচিস! তুই খাড়া। আমি যাই।”

“যা তালি।”

“কিচু ট্যার পালিই শিস দিবি কলাম!”

“মুরগি ডাকলি শ্বাস, হাঁস ডাকলি বাঁশ!”

“আইচ্চা!”

দ্রুত হেঁটে বড়শির জায়গাটায় যায় নলিনী। আলো জ্বাললেই বিপদ হতে পারে। তাই মৃদুজোছনায় প্যাঁচাচোখ মেলে ধরে। নীচে নামে। এক পা জলে। জলে মৃদু শব্দ হয়। অদূরে মুরগি ডাকে। জল থেকে উৎসাহে ফিসফিসায় নলিনী।

“খাইচে!”

“খাইচে?”

“হুসসসসস্‌! এদিকি আয়।” জুড়ন কাছে এলেই বলে, “নীচে নাইম্যা আয়।” ধীরে এক লাফ দিয়ে নামে জুড়ন। গর্তের মুখ থেকে বড়শি টানে দুজনে, শুরু হয় টানাটানি। অবশেষে বেরিয়ে আসে এক লম্বা কুঁচে। শূন্যে সাপের মতো ছটফট করে। জুড়নছটফটানির দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে।

“কী দেহোস? বাপের জন্মে দেহো নাই, না?” নলিনী ফিসফিসায়।

“ভাবতিচি কারুর ছটফট, আর কারুর লটপট!”

“উরে আমার ভবঠাউর! কতা শুনলিও পিত্তি জ্বলে যায়। চ’ পালাই, নালি দুই শিয়ালে ভবখেলা পার কোইরে দেবেনে কলাম!”

দুজনে দ্রুত জায়গাটা ছেড়ে পালিয়ে যায়।

বাড়ির কাছে পৌঁছে গেছে।

“জানিস জুড়ন, এই শালা কুইঁচা জল শুকালিও কাদার মোদ্দি ঘাঁপটি মাইর‍্যা থাহে কলাম ম্যালাদিন! তা মাসকে-মাস!”

“জান শক্ত না!”

“এর শরীল ভরা রক্তো!”

“আগে বাবুবিবিরা খাইতো না। এহোন ডাক্তার কইচে, খাইলে রক্তো হইবো। আর যাবা কোহানে, চাহিদা আর দাম বাইড়্যা গ্যালো চড়চড় কোইর‍্যা!”

“আগে আমরা খাতাম বইল্যা বাবুরা হাসতো খালি।”

“হে হে, কাইল যোদি ডাকতার কয়, ইচামোতীর পানা ভাইজ্যা খাইবেন, রক্তো হইবো, তাও খাবে।”

“তাতে কলাম লাব আচে।”

“কী লাব?”

“নদীর পানা ব্যাবাক সাপ!”

“হ’। পানা সাপ হোইয়া ঝকঝকে জল বেরোয়ে আসপেনে।”

“বাবুদের কামধাম-চিন্তাভাবনা মাতার উপর দে ফুড়ুৎ-ফাড়াৎ কোইর‍্যা উইড়্যা যায়। কাম কম, বকান বেশি! টিবিতে দেহিস না?”

“বাবুদের দিয়া আমাগো কাম কী? আমরা হইলাম কুঁইচাম্যান, আর ওরা শোকতিম্যান! আমরা গত্তো থিইক্যা খুঁইচা-খুঁইচা কুঁইচা বাইর কোরি আনি আর ওরা তার রক্তো চুইষ্যা-চুইষ্যা শোক্‌তি জুগায়।”

“ওপারেতে কলাম কুইঁচা ধরা মানা। ধরা পোড়লিই জেল!”

“সেই জোন্যি আজগর আমাগো বাজারে কুঁইচা নিয়া আসে? এইবার বুজলাম ব্যাপারডা। তা ওইপাশে জেল ক্যান?”

“মানা। আমাগো দ্যাশে কাছুম ধরা যেইরোম মানা, বিক্রিবাটাও মানা, সেইরোম!”

“কুইঁচা ধরাও যোদি মানা হয় এইদ্যাশে?”

“হোলি হবে। কী করবা তা? আমার বাপ থাকতো ওই দ্যাশ, ওইইইইই গিরামে…” আঙুল উঁচু করে জুড়ন এমন একটা ভঙ্গি করে যেন নদীর ঠিক ওপাশটাই ছিল তাঁদের গ্রাম। “কী হইলো, চইল্যা আইলাম। তুরা থাকতি এই গিরামে। ঠাকুদ্দার আমোলে দ্যাশ ভাগ হইল। তা বাঁইচাথাকলাম তো ব্যাবাকে!”

“ঠাম্মা কতো দ্যাশভাগের হুজুগি তাঁর চোখের সামনে উজাড় হোইয়া গেচে কত মানসে!”

“তা গেচে। হোক তা! উজাড় হোইয়াই থাকপো তালি। উপরআলার মোরজি যা হয়! কুঁইচা ছাইড়া অন্য কাম ধরবানি।”

“বাবুগো রক্তোর আমদানি কী হইবেনে তালি?”

“বাবুগো ম্যালা পয়সা। কতায় কয় না, কুত্তার গলায় ঝুলা ঝুলাইয়া বাজারে পাডায় আর বাজার বাসায় চোইল্যা আসে! বাবুগো নিয়া পড়চেন ইনি। আরে উরা টাটকা রক্তো কিইন্যা নিতি পারে। পোরোয়োজ হোলি বিলাড ব্যাংকে যাবানে। নে চল এইবার, মাটি ঘ্যানাবেনে খালি!”

“চল তালি।”

তিন

সন্ধেতে রওনা দেবার কথা ছিল, অথচ এখনও এল না দুজন। হুঁকো টেনে ওরা ছুটেছে নদীপাড়ে। এদিকে নিটোল কালো শরীরে লাল শাড়িটা পরে মিঠি খাটে বসে আছে একাকী। পায়ে আলতা। কপালে নতুন সিঁদুরের প্রলেপ। হাতে চুড়িগাছা। গলায় পুঁতির মালা। রজনীগন্ধার শিশি কিনে এনেছিল কালীতলার মেলা থেকে, সেটা ঘষে-ঘষে লাগাল শাড়িতে। কাঁচুলিহীন বক্ষ এখনও মাটির প্রতিমার মতোই উদ্ধত। সামান্য আত্মস্পর্শেই শক্ত হয়ে যায় অগ্রভাগ। মনে হয় মাজালি কামড়ে দিয়েছে কয়েকটা তাতে। জ্বলন খুব ভেতরে। ইচ্ছে জাগে মনে। ইচ্ছে মরেও যায়। দীর্ঘশ্বাস ফেলে। ঘরের কুপিটা তাতে কাঁপতে থাকে। সাদা ব্লাউজটা গলিয়ে নেয়। জোরে টেনে হুক লাগায় এক-একটা করে। বাইরে এসে মাটির বারান্দায় বসে। আকাশে তারা দেখা যায় এখনও দু-একটি। বাকিরা ঢাকা পড়ে গেছে কুয়াশায়। খোলা উঠোনটা ভূতের মতো হাঁ করে আছে বড়-বড় গাছের নীচে।

যেখানে ভূতের ভয়, সেখানে টহল দেয়।

উঠোনে দাঁড়িয়ে দুই সেপাই। ঘোমটা টেনে নেয় মিঠি।

“ইয়ে কোন হ্যাঁয়?”

“কুচিম্যানকি বিবি।“

“ওওও…কুচিম্যান?”

“হাঁ, সিংজি।“

“অন্ধেরে মে কালাচাঁন্দ, উসপে গিরা হীরা!…”

“ওহি তো!”

“আদমি কাঁহা ইস ভিরান পর? সব হ্যাঁয় ভেড়িয়া!”

“আরে ওয়াহ্‌ উস্তাদ, কিয়া বাত কিয়া বাত!”

“আরে ভাই, এঁহা দিল পে কুত্তা ভৌকরাহাহ্যাঁয়, আউর তুম ওয়াহ্‌ ওয়াহ্‌ দে রাহেহো?”

“কিয়া করে সিংজি, ইনতা আচ্ছাসা শের যো শুনায়া হ্যাঁয় আপনে কে ভৌকনা দিলপে নেহি, সিধে লাড় পে আ যায়ে!”

“কিয়া বোলতে হো! কুছ লাজ-শরম তো করো ভাই।”

“চলো ইঁহাসে সিংজি। ইসবার কুছ হরকত মত করনা। ফির হাম বাঁচা নেহি পায়েঙ্গে। রাঠোড়সাব বড়া কড়কদার।”

“রাঠোর কো যানে দো, দেখ লেঙ্গে।”

“আরে চলোভি!”

“ঠিক হ্যাঁয়, কভি-কভি তেওয়ারিকা বাত ভি শুননা চাহিয়ে। চলো!”

ওদের দেখেই খড়িগাদার পিছনে লুকিয়ে ছিল দুজন। কিছু পরে বেরিয়ে আসে চোরের মতো। নিজের উঠোনেই নলিনী-কে নিয়ে দাঁড়িয়ে জুড়ন। যেন দুই চোর।

“কী বলতিচিলো সাউয়োগুলোন?”

রাগে ফাটছিল মিঠি, “কোচ্চিলো তুই আমারে সামলাতি না পারলি ওরা রাইতে আসপে!”

“অঁ-অঁ-অঁ, আসপে! আ-স-পে, না? বাবাতে মাল পাইচে?”

“আসপে না তো কী? কহোন যাওনের কতা আছিল? মোনে আচে কিচু?”

“আরে ওই দুই সুমুন্দির পাল্লায় পোড়িচিলাম কিচু আগে। তারপর বাসায় আসতি গিয়া পল্লাম ভ্যাদার পাল্লায়। ভ্যাদার সাতে দেকলি যোমে ছোঁবে, আর ভ্যাদারে ছাড়লিও যোম! শালা অ্যাকখান মেশিন জুটাইচে কোয়ানতে তা কিডা জানে! দুপুরি কলো কেনবো, সন্দায় কিইনে ফ্যালচে! সেই মেসিনডারে দ্যাকায়-দ্যাকায় খালি চমকায়!”

“মেসিন?”

“আরে যারে বন্দুক কও তুমরা!”

“ও!”

“ঘুড়াও কয় লোকে।”

“ঘুড়া?” অবাক হয় মিঠি।

“হ। ঘুড়া। লাগামে চাপ দিলিই ঘুড়া ডাকে আর গুলি ছোটে…”

“সাবধান কলাম!”

“কয়—ভয় নাই ভয়া নাই/ আমি তোগো দোস্তো ভ্যাদাই।/ ব্যাবাকের সামনে ভ্যাদাই বলা মানা।/বোললি কোইরে দেবো কানা!”

“এই কয়?”

“হ।”

“কাইল অ্যাকবার দুপুরি আইলো। কলাম, ‘কিডা?’ কয়, ‘আমি ভাইদু মণ্ডল, তুমাগো আত্মীয়ো।’কলাম, ‘মিনসে তুমি কোয়ানকার কিডা যে আত্মীয় মারাতি আইচো?’ শুইন্যা মুক ব্যাজার কোইর‍্যা চোইল্যা গ্যালো!”

“ওরে শা-আ-আ-আ-লা! এইহানেও আইলো? এইজোন্যি পোনচাশ ট্যকার কুঁইচা একশো ট্যাকায় কিইন্যা নেলো, বুজলি নলেন? তোর ট্যাকায় আমি মুতি চোদাই!”

“ভ্যাদাই!” ভুল ধরিয়ে দেয় নলিনী।

“ওই হইলো! যে বালের তার, তার আবার ছারখার!” জুড়ন বলে।

“কুঁইচা পড়চে তালি?” অবাক হয় মিঠি।

“হ’! পড়চে। কিন্তু শামাকের আদারে। কেঁচো তো পাই নাই। কুঁইচাডা হাতে নিয়া কয়, ছুঁইল্যা দিতি হবেনে। তা দিলাম। নলেনের হাতে চাকু আছিল, হেইডা দিয়াই কুচ-কুচ, কুচ-কুচ!”

“ও হালারে বিয়েচেপ কুত্তার নাহান খোঁজে। পালি পুটকি মারবে কইচে। হালার পোহালারে কাচে রাহাই বিপোদ, বুজলা মিটিদি!”

“নলেন, ভ্যাদাই কী কচ্চিলো মোইনে আচে?” জুড়ন বলে।

“কী?”

“কচ্চিলো, রাঠোররে ওইরাম কুঁইচাছোলা ছোলবে!”

“জলে নাইম্যা হুগায় রস হইচে বড়ো!”

“যা কোইচিস অ্যাকখান!”

“রসের কতায় মোইনে পড়ল শীতির রসের কতা। তা আমারে এট্টু জিরনরস খাওয়াবা তুমরা?” মিঠির আবদার, হঠাৎ।

“হ’, কাইল সয়ালে খাওয়াবানি। আমাগো গাছেই পড়বে। ঠিলে পাতিচি।”

“কাইল না, আইজ, এহোনই!”

“না, কাইল!”

“ধুত্তোর, রস খাবোই না।”

“দ্যাকচো, রাগ দ্যাহায় খালি!”

“আমি খাওয়াব, আইজ রাইতেই।” নলেন বলে।

“সত্যি?”

“সত্যি গো।”

“পোন্দে তুমারও কি ভ্যাদার নাহান রস হোইচে যে ঠিলে পাতবা আর তাতে রস পড়বে?” জুড়ন বলে।

“কী যে কোস না তুই জুড়োন!”

“হালার নামই হইলো গিয়া নলেন! নলেন গুড়। খেজুরির সাতে মিতে। আর তুমি হইলে ‘মিঠি’। মিল তো থাকবোই!”

“নলেন না, নলিনী। আমাগো গণামাস্টার কইচে, যেইহানে পদ্ম ফোটে, সেইহানডারেই ‘নলিনী’ কয়!”

“ক্যান, হেইদিন ‘পদ্ম’ কইলো না?” মিঠি জোড়ে।

“হ। কইলো ‘পদ্ম’ও হয়।” নলিনী বলে।

“কানাপুলার নাম পদ্মলোচন! ওরে আমার নলিনীখুড়ো রে!” বিদ্রুপ করে জুড়ন।

“আমাগো আঁটকুড়ো নলিনীখুড়ো, হি হি!” মিঠিও তাল মেলায়।

“এইডা কলাম ঠিক হচ্চে না জুড়ন। তোর বউও পিচোনে লাগে!”

“অঁ-অঁ-অঁ! সেন্টুতি লাগিচে! আর দুপুরি আমি কলাম যহোন?” একটু থেমেই বলে, “ও, এট্টা কতা মোইনে পড়চে। মাটি, যাও তো ত্যাল লইয়া আইসো, নলেনের শামাকে পা কাটিচেলো আইজ দুপুরি। পলতে-পিটা দিতি হবেনে।”

“ও মা, কহোন? বলে নাই তো আমারে একবারও! কই দেহি দেহি!” বলেই ঝাঁপিয়ে পড়ে মিঠি।

“আরে কিচু হয় নাই!”

“হয় নাই মানে? এই যাও তো, নিয়া আইসো!” জুড়নের তাড়া খেয়ে চুপ হয় নলিনী।

“এই যাচ্চি আর আসতিচি।” মিঠি ঘরে ঢোকে।

“দেরি হোইয়ে যাচ্ছে কলাম!”

“কিসির দেরি?” নেপথ্যে থেকে আওয়াজ আসে। “নিজিরা এতো দেরি কল্লা, সেই ব্যালা?” ছুটতে-ছুটতে এসে সর্ষে তেলে একটা সলতে ডুবিয়ে আগুন জ্বালে তাতে। তারপর সেই জ্বলন্ত শিখা দিয়ে নলিনীর পায়ে বারবার ঝাপটা দিতে থাকে বড়ই আদরে। ‘উহ উহ’ করে মুখবিকৃত করে নলিনী।

“আরে মদ্দা হইচো, এতো চেঁচানোর কী আচে? শান্ত হও। এতো আদোর কইর‍্যা দিচ্চি, তুমার বউও এরোম দেবে নানে!”

“ন্যাও, শান্ত হইচি।”

“ব্যস! হইচে। এইবার তুমরা রেডি হও।”

“আমি রেডি। ওই জুড়োন, কই গিলি?”

“পুকুরি যাই। কতা বল। হাত-পা ধুইয়া আসতিচি।”

“মিটিদি, তুমারে আইজ জবার নাহান লাগে!”

“জবা? ক্যান অন্যকিচু মোনে আইল না?”

“মা-কালীর গলায় লাল টকটকে জবার নাহান!”

“ও, আমি কালাপানা তাই ব্যাঙ্গ কোরতি ছাড়লা না?”

“ব্যাঙ্গ ক্যান? কালী কি কম সুন্দুরী? কালা কী রং না? কালাপানা মাইয়ার কাম বেশি কলাম!”

“কয়ডা ধলা আর কয়ডা কালার সাতে রাইত কাটাইচো তুমি পুরুষ?”

“হে হে! কবো না!…আইজ রাইতে আসপো রস নিয়া। জুড়োন নিজি হাতে সেই রস তুমারে খাওয়াবেনে!”

“কও কী?”

“দেহেনে!”

একটা পুরনো বেখাপ্পা ফুলফুল-ছাপা ফুলহাতা জামার নীচে লুঙি পরে চাদর জড়ায় জুড়ন, হাতে কাঁসর। নলিনীও লুঙি-জামায়, গলায় উত্তরীয়র মতো একটা চাদর, তার উপর জয়ডাঙ্কা ঝুলে, হাতে টর্চ। আঁকাবাঁকা ইটপথ-মাটিপথ-আলপথ পেরিয়ে ফসলিমাঠ পেরিয়ে ভূতের মতো কুয়াশাজোছনায়  দাঁড়িয়ে থাকা মাঠের সারি-সারি তালখেজুর পেরিয়ে শেয়াল-কুকুরের অবিরাম হুক্কাঘেউ-যুদ্ধ পেরিয়ে হৃদয়ের গল্পগুজব পেরিয়ে ওরা তিনজন চলে আসে নাতিডাঙা। ‘নতি’ থেকে ‘নাতি’। আগে ইছামতীর নদীখাত ছিল। ধীরে-ধীরে পলি জমে-জমে ভরে গেছে, নদীও সরে গেছে দূরে। এখানেই অনন্ত বিশ্বাসের বাড়ি মহোৎসব।

গ্রামে বিদ্যুৎ-আশীর্বাদ পড়েনি এখনও। তাই একটা হ্যাজাকের জাদুআলো জ্বেলে গান চলে। হ্যাজাকের ভিতর বাতাস কমে এলে ম্যান্টেল লাল হয়ে আসে। তখন কেউ একজন ভুস-ভুস করে পাম করে, ফের জাদুতে ভরে ওঠে শামিয়ানাতল। মিঠি অবাক হয়ে ম্যান্টেলের দিকে চেয়ে-চেয়ে দেখে এইসব জাদুখেলা। খুব দ্রুত শ্বাসপ্রশ্বাস ওঠাপড়া করে। কেউ একজন মিঠিকে গান ধরতে বললে একতারা নিয়ে চুল ছেড়ে দিয়ে মিঠি গায়, “হরিচান্দ ভজিলে মোওওওওন/ দুঃখ আর থাকে কোন/ কামে-লোভে দুঃখ আছে/ কামে লোভে দুঃখ আছে/ হরিনামে ভাই নাই রে নাই/ আমি তাই ঘরেঘরে গাইয়া যাই/ আমারে রাইখ্যো না সরাইয়া হরিচান্দের চরণে…”

গানে-গানে উন্মাদিনী মিঠি গায় আর নিজের চারিদিকে পাক খায়। ছাড়া দীর্ঘ চুলের অনির্বাণ ঘূর্ণন চলে তার চারিদিকে, যেন কোনও অলৌকিস সত্ত্বা ভর করেছে তাঁর শরীর ও মনে। উঠোনমাটি কেঁপে-কেঁদে ওঠে, গাছের পাতা কেঁদে ওঠে, ভক্তরা কেঁদে ওঠে। খেজুরপাটি থেকে কেউ-কেউ উঠে আসে, জড়িয়ে ধরে মিঠিকে। মিঠিও জড়িয়ে ধরে, কাঁদে হাউহাউ, “ও মোর শূন্য ঘরে কলসি বাজে/ মন লাগে না কোনো কাজে/ ও আমি চুল খুইল্যা বোইস্যা থাকি/ হরি তুমি আসবা কইছো নাকি/ তবু তুমি যে আইসো নাই আইসো নাই আমার মরণে…”

নলিনীর ডাঙ্খা বাজে। তালে-তালে মাথা ঝাঁকায়। জুলফি নাচে। কাঁসর বাজায় জুড়ন। দু-হাত তুলে হেলে-দুলে নাচ করে সকলে। বড় ছোটকে প্রণাম করে, ছোট বড়কে। সবাই আজ সমান। সবাই আজ কান্নায় বিভোর। সহসা মিঠির আঁচল প্রদীপ ছুঁয়ে যায়। আগুন লাগে। সে-খেয়াল নেই তাঁর একটুও। সে শুধু হাউহাউ ঘুরপাক খায়। আগুনও ঘোরে দাউদাউ। ভাবের ঘোরে ভক্তদেরও সে-খেয়াল নেই। পুড়তে থাকে আঁচল। আঁচল বেয়ে ভূতের মতো চুলের দিকে উঠতে থাকে বেয়াদপ আগুন। সহসা চিৎকার করে ওঠে অনন্তবউ, “আগুন আগুন!” নলিনীর ডাঙ্খা থামে! সেদিকে চোখ যেতেই ছোটে সে উলকাপুরুষের মতো! দু-হাত দিয়ে আগুন নেভাতে যায়। নেভে না। জ্বলন্ত আঁচল পাক খেয়ে সরে-সরে যায় মিঠির ঘূর্ণনে। শেষে গলার চাদরখানা দিয়ে জাপটে ধরে মিঠিকে মাটিতে শুইয়ে দেয়।

আগুন নেভে। চৌদিকে ভিড়ের অকস্মাৎ নীরবতা।

মিঠির চোখ বন্ধ। হাতে-পায়ে নাচের তাল। গাল বেয়ে জল পড়ে অঝোরে। মুখে মৃদু গান, তখনও। চাদর সরায় নলিনী। নীরব দিঘির মাঝে গুঁড়িআম-পড়া-ঢেউয়ের মতো ধীরে-ধীরে চোখ খোলে মিঠি।

অনুষ্ঠান শেষ করে ফের বাড়ির পথে ওরা। কারও মুখে কথা নেই কোনও। হুক্কাহুয়া আর ঘেউ-ঘেউয়ের মাঝে ঝিঁঝির মাঝে কুয়াশার মাঝে একটা মরা টর্চে চলতে থাকতে তিনজন। কারও মুখে কোনও কথা নেই। মিঠির শ্বাসপ্রশ্বাস গোনা যায় যেন। কথাহীনতা বিরক্ত করে জুড়ন-কে। অশ্বস্থি বোধ করে ভারী। এত বড় বিপদের মুখে পড়েও মিঠি চুপ! আবার নলিনীও কেমন চুপ যেন। অথচ সারাদিন জুড়নের কানের কাছে ডাঙ্খার মতো নলিনী বাজে খালি। তাকে অন্তত একটা ধন্যবাদ দেওয়া খুবই প্রয়োজন। সেইটুকুও জিভের ডগায় আসছে না জুড়নের। কী স্বার্থপর সে! যেন তিনজনের মধ্যে নীরবতা পালনের প্রতিযোগীতা শুরু হয়েছে। শেষে ধৈর্যের বাধ ভাঙে জুড়নের। যেতে-যেতে একটা বিড়ি ধরিয়ে কাঁঠিটা পাশের পুকুরের জ্বলে ছুঁড়ে মারে। তেপান্তরের মাঠের ভিতর আলেয়ার মতো আগুনকাঠিটা ভুস করে জ্বলে উঠলে চাদর-ডোবা ভূতমুখটা একবার দেখা যায় যেন, ফের জলের শীতলতায় ঝাঁপ দিয়ে হারিয়ে যায় ভৌতিক ফ্রেম। কুয়াশার ভিতর লাল আলো—বাড়ে কমে। তারপর একটা লম্বা ধোঁয়াস্রোত জোছনাকুয়াশার শরীরে মিশিয়ে দিয়ে একখানা গলা কাখানি দিয়ে বলে, “আইজ কলাম তুই মাটিরে ভারী বাঁচান বাঁচায়ে দিচিস নলেন!”

“বাঁচালাম আর কই, নতুন শাড়িডা গেলো যে!”

“শাড়ি গেচে, গেচে! শরীলডা তো বাঁচলো মাটির!”

মিঠি চুপ ছিল। খুব ধীরে কন্ঠ খোলে, “আগুনও বোঝে না আমারে, তো মানসে আর কী বোজপে! এই কালামাটির জোন্যি আগুন চাই। দেহো না তুমরা, গাছিরা মাটির কালো ঠিলে আগুনির ভিতর চুবাইয়া-চুবাইয়া লাল কোইর‍্যা আনে। সেইডায় রস পাতো, রস খাও! হেই আগুনও আমারে ছোঁয় না এমনই অপায়া আমি। ছোঁলো খালি আমার নতুন লাল শাড়িডারে!” বাতাসে আক্ষেপ ছড়িয়ে পড়ে ভীষণ।

“তুমার হিঁয়ালি কিন্তু বুজিনে মিটিদি!”

“বুজবা, শুদু নলেন নাম হোলি হবেনে? রসের খবরও রাকতি হয়! একোন নতুন শাড়ি কবে যে আসপেনে ঘরে কে জানে! আর তুমার চাদরডাও তো গ্যালো!”

“আসপেনে, আসপেনে! শাড়িও আসপেনে, চাদরও আসপেনে।”

“হ’, তাড়াতাড়িই আসপেনে!” জুড়ন নলিনীর কথায় জোরে-জোরে সায় দেয়।

“কুথা দিয়া আসপেনে? ঘরে চাল আচে কিনা দেকিচো? কী খাবা কাইল? কদ্দিন আর অ্যাকব্যালা প্যাট ভরবে আমাগো, ভাবিচো?”

হিমেল হাওয়া বইতে শুরু করেছে হঠাৎ। খুব ঠাণ্ডা লাগছে জুড়নের। কাঁপুনিও লাগছে। ঘরের ব্যাপারে সে বরাবরই উদাসীন। অভাবের কথা ভাবলে নিজেকে আরও অভাবী লাগে। তাই সব ভুলে থাকে খুব সামান্য চাওয়া-পাওয়ার ভিতর। মিঠি কখনও তাঁকে বিরক্ত করে না এ-নিয়ে। কিন্তু ঠাণ্ডা বাতাস বুঝি-বা ত্বকে নয়, হাড়ের কাছে মজ্জার কাছে তার নিষ্ঠুর অস্তিত্ব জানান দিচ্ছে আজ। উত্তাপ আর শীতলতার মরুবৈপরীত্যে বুকের জোছনাধুধু বালিভূমিতে ফণীমনসা জন্মাচ্ছে খুব, আর জন্মাছে কিছু বিষাক্ত সাপ! ছোঁবল খেয়ে যেন কিছুতেই আর মাথা তুলত পারে না সে, নেতিয়ে পড়েছে একেবারে।

হঠাৎ-ই তার বুকে একটা লাল লেজার এসে পড়ে।

“কৌন উধার?”

“হরিচাঁন্দ-গুরুচান্দের সেবক ছার।”

“নাম?”

“আজ্ঞে নলিনী ঢালী ছার।”

“ধাম?”

“সীমান্তোপাড়া ছার।”

“আউর সাথ?”

“জুড়োন মণ্ডল আর ওর বিবি ছার।”

“বিবি? ইতনে রাত?”

“মোচ্ছবের গানা ছিল ছার।” বলেই নিজের ডাঙ্খায় ছোট দুটো টোকা মারে। নিজের অজান্তেই কাঁসরে কাঠি এসে পড়ে জুড়নের। মুখে টর্চ এসে পড়লে ঘোমটা টেনে নিতে চায় মিঠি, কিন্তু ঘোমটা আগুনের বিসর্জিত। মুখ নিচু। তীব্র টর্চটা ভালোভাবে মেপে নেয় মিঠির শরীর।

“ঠিক হ্যাঁয়। ঘর যাও।”

ওরা ফের চলে। পেছনে অস্পষ্ট শোনা যায়, “তেওয়ারি, ইয়ে কালাচান্দকো এক-না-একদিন চাখনা হ্যাঁয়! বড়ি মশালাদার হোগি সায়েদ।”

“রাঠোরকো জানে দো, ফির মুঝেভি চাখনা হ্যাঁয়। আউর ও সিক্স-নাইন!”

“হা হা!”

“হা হা!”

চার

জুড়নদের ভিটেবাড়িরকাছে এসে বিদায় নিয়ে সামনের দিকে কিছুটা হেঁটে বাঁশঝাড়ের তলা দিয়ে ভিটের পেছন দিকে বেগুনখেত, পটলখেত পার করে খেজুরতলে আসে। এই গাছ তিনটে ভাগে নিয়েছে জুড়ন। নিজেই কাটে। নিজেই পাতে। গাছির কাজ বোঝে না সে ঠিকই। গাছিও-বা এ-পাড়ায় আর কই? সবই মরে ভূত। নতুনেরা করে না এ-কাজ আর। তবু বাজারে নলেনগুড়ের রমরমা রোজই। কোথা থেকে আসে সেসব কে জানে? ভাবে জুড়ন। শেষে সামান্য লাভের ইচ্ছেতে এই প্রথমবার তিনটে গাছ ভাগে নিয়েছে। রস হলে, লাভ হলে আরও কিছু গাছ নেবে আগামী বছর। কিন্তু দু-সপ্তাহ হয়ে গেল, রসের তেমন দেখা নেই। তার হাতে রস নেই, বুঝে গেছে সে। তবুও আশা বুকে বেঁধে আছে, তৃতীয় সপ্তাহ থেকে রসের চেহারাটা পালটাবে। সেই সামান্য রসটুকু খাবার জন্যই চোরের আনাগোনা। তাই রাতের বেলা ওঁৎ পেতে থাকে জুড়ন। চোরের টের পেলেই ছ্যানা নিয়ে তাড়া করে। এখান থেকে ঝোপঝাড়ের জঙ্গলটা পার হলেই ইছামতী। আবছর জলে ডুবে থাকে জায়গাটা। শরতের পর-পরই ঝোপে ভরে যায়। খাস জমি। নদীরই অংশ। সেটা নিয়েই দু-দলের দখলদারি, মারামারি। শেষে ফল অমীমাংসিত। নলিনী বলে, “ব্যাবাকে কয়, ‘আমাগো মাটি!’ কিন্তু যার মাটি, যার বুক, যার শরীর, তার কতা কেউ আর কয় না, তারে জিগায়ও না—গোরিববাড়ির মেইছেলের নাহান আমাগো ইচামোতীও বোনচিতো! তার বুকি বাঁশ পুঁইতে ভাগ কোরিচে দুই দ্যাশ, জাগায়-জাগায় ভ্যাচাল বানাইয়া মাইরে ফেলতিচে তারে। তা নোদী মোরলি কী ধোইর‍্যা খাবিনি তুরা? খাবি খা, তা গাচ বাঁচাইয়া খা। গাচের খাবি, তলারও কুড়োবি——আবার গাচটারে চুইষ্যা-চুইষ্যা খাবি?” জুড়ন হাসে। মিঠিও হাসে, বলে, “তুমি কিন্তু আমার ব্যথাডা বোজো নলেন!” নলিনী শ্বেত পদ্মের মতো হাসে তখন। সেই অমীমাংসিত জায়গা দিয়ে, লতাপাতা আর ঝোপজঙ্গল দিয়ে সাপের ভয়ে নদী পাড়ে কেউ যায় না আর। এমনকী সেপাইরাও না। ঝোপের এপাশে পটলখেতের উপর লঙ্কাখেতের উপর বাঁশের খুঁটোয় হাঁড়ি, হাড়িতে চুন দিয়ে মাথার খুলি আঁকা, সঙ্গে জামা ঝোলে। দেখেই আঁতকে ওঠে বুক। এরকম বেশ কয়েকটা কাকতাড়ুয়া আশেপাশে। শেয়াল-কুকুর-ঝিঁঝি-ব্যাঙ এসবের আধিভৌতিক ডাকের ভিতর জোছনা আর নিটোল অন্ধকারের ভিতর মানুষের বুক কাঁপে। তবু বুক কাঁপা সামলায় নলিনী। মিঠিকে কথা দিয়েছে রস খাওয়াবে। কিন্তু কাকতাড়ুয়ার সামনে আসতেই বুকটা ধড়াস করে ওঠে তার। মনে হয় খুলিটা এগিয়ে আসছে তারই দিকে। না, মনের ভুল। ভৌতক পরিবেশে এমন মনে হয়। তাই ঢোক গিলে খেজুরগাছের দিকে এগোতে থাকে। কিন্তু সত্যি-সত্যিই খুলিটা এগিয়ে আসে মনে হয়। ফলে এখানে দাঁড়ানো ঠিক নয়। লুঙি গুঁটিয়ে উট্টে-পুট্টে পালাতে যাবে, অমনি ডাক আসে, “নলেনকা না?” আঁতকে ওঠে নলিনী। “কিডা? আমাগো হারাধোনের বিটা ভূতো নাহি? গলাডা শুইন্যা তো সেইরোম লাগাতিচে!”

“হ’! তা কী করো তুমি এই মরা আন্ধারে?”

“বসশি তুলতি আইচিলাম যে। এইপতে শটে মাল্লাম। তা এইসেই ভূতির খপ্পরে! এহোন দেহি তুই!”

হাঁড়িটা খুঁটির ডগায় বসিয়ে রেখে বলে, “হ’। তা ভূত না হোক, ভূতোর দ্যাখা তো পাইচো!”

“আমার কপাল! আরও কী যে আচে কীডা জানে!”

“হে হে! আসোলে ভাবলাম কিডা-না-কিডা। তাই হাঁড়িডা খুইল্যা এট্টু খেল দেহাচ্চিলাম। এহোন দেহি আমাগো নলেনকা! তা তুমারে আর ডরাই ক্যান?”

“ভূতও ডরায় মানসেরে?”

“লোকে দেকলিই যে বিপোদ! তাই ভয় দিয়া ভয় তাড়াই!”

“আমার তো এই বুকির খাঁচা ভাইঙ্গা পাহি উইড়্যা যাচ্চিলো আর এট্টু হোলিই…! তা কী কোত্তি আইচিস বাপ?”

“মাল পার কোত্তি কাহা।”

“ওইপারে?”

“হ’।”

“কীসি যাবে?”

“কলার ভেলায়। গাছ ফেলানো আচে। লাইনির তারে নীচে মারলি নদীর জলে গুঁজি মাইর‍্যা চোইল্যা যাবানি ভাইস্যা।”

“ও-ও-ও, মাল দিয়াই কি চোইল্যা আসপি?”

“হ! যাবো আর আসপো।”

“তা কী মাল তোর এই বস্তায়?”

“কঙ্কাল, কাহা।”

বস্তাটা তার পায়ের কাছেই নামানো ছিল। আচমকা টের পেয়ে দু-হাত দূরে সরে যায় নলিনী। ভূতের মতো চোখ বড়-বড় করে।

“বিশ্বাস করবা না জানতাম। খাড়াও…” —–বলেই বস্তায় হাত ঢুকিয়ে বিচালির ভিতর থেকে একটা খুলি টেনে বের করে নিজের মাথায় রাখে। আধভাঙা জোছনাকুয়াশার নীচে মরার খুলিটাকেই ভূতোর চাদর-মাফলার জড়ানো শরীরের মাথা বলে মনে হয়। বেঁচে থাকতে খুলির মালিক কোনওদিন হেসেছিল কিনা জানে না সে, কিন্তু মৃত্যুর পর সব সময়ই হাসতে থাকে খুলিটা। ভূতোও বুঝি এমন হাসতে চায়। কিংবা নলিনী। কিংবা জুড়ন-মিঠি। কিংবা এই গ্রামের এই দেশের সকলেই। কিন্তু সে-হাসি জীবন থাকতে আর জোটে না মুখে। তবু মানুষ হাসে। হাসার মিথ্যে চেষ্টাও করে খুব। জীবন এমনই গ্রাম ও গ্রীক ট্রাজেডিতে ডুবে থাকে, নির্মম অভিজ্ঞতায় ডুবে থাকে।

“মাইনসের খুলি?”

“তা কি গোরুর মোনে হচ্চে?”

“না, তা না। তা খুলি আবার কী কামে লাগবো?”

“ডাকতার না কাগো লাগে জানি——–ঠিক কোতি পারব নানে।”

“হেঁদু না মুছলমান?”

“কে জান্নে! অত ভাইব্যা কাম কী?”

“কুথা দিয়া আনলি তা?”

“বাপ দেচে আমারে। বাপরে দেচে পাটি। পাটিরে তো আর বাপ জিগায় নাই। জিগায় কাম কী? বদ্ধমানের কাচে নাকি এট্টা কঙ্কালের কারখানা আচে। আবার কাচেপিটের গোরস্থানের না-হোলি হাসপাতালের বেয়ারিশ লাশ হোলিও হোতি পারে। নদীভাসাও লাশ আচে। খুন কইরা গুম করা লাশও হোতি পারে, যে বাঁইচা আছে কি মোইরা গ্যাচে তা বাড়ির লোকও জানে না, পুলিশও জানে না। তাও বাড়ির লোক আশায় আশায় থায়ে, বউ-বাচ্চা-মায়ে-বাপে ভাবে গ্যাচে যহন ফিইরা নিচ্চয়ই আসপেনে, কিন্তু আসে আর না! আমারেও কেউ শোত্তুর ঠাওরাইয়া লাশ বানায়ে মাটির নীচে পচায়ে বস্তাবন্দি কোইর‍্যা চালানদেবেনে এরোম! হে হে! কাহা, এইডাই জেবন হইচে এহোন আমাগো। ইসকুলির মাস্টারেরা কয়, আমি কিনা গুল্লায় গিচি। আরে বিশাল এট্টা ফুটাফাটা গুল্লার মোদ্দি যার জনম, তারে কিডা আর গুল্লায়!”

“তোর বাপে তোরে পাডাল?”

“হ’।’

“ক্যান? নিজি আসতি পারে নাই?”

“তার কুনো দোষ নাই কাহা। দোষ তো আমাগো প্যাটের!”

“ভালা বুজা শিকিচিস দেকতিচি।”

“তা না কাহা। আসোলে আমারে কেউ সন্দেহো করবে না। হেইর লগে আমারে পাডাইচে।”

“আর কী কী নিস?”

“বস্তায় যা দেয়। মটোর-সাইকেলের পারস থায়ে। ফেনচিডিল থায়ে।”

“কঙ্কাল নিস, ডরাস না?”

“কিসিরডর?”

“রাইতের বেলা নদীতি তেঁনারা ঘোরে যে, জানিস নে কিচু?”

“শুনিচি। দেহি নাই। আর ভূতির কুনো ভয়ডর নাই আমার। মরা মানসের কাছ থিইক্যা আর ভয়ডর কিসির? ভয় তো যারা বাঁইচা আছে তাগো থিইক্যা! দেরি হচ্চে। পরে কতা হবেনে। চল্লাম কাহা।”

“আয় তালি সাবদানে।”

জলের মৃদু শব্দের ভিতর ধোঁয়াশার পুরু চাদরের ভিতর ভূতো হারিয়ে গেল। ঠাণ্ডা লাগছে বেশ। পোড়া চাদরটা ভালোভাবে মুড়ি দিয়ে খেজুরগাছের নীচে দাঁড়িইয়ে থাকে নলিনী। গাছে ওঠে। ঠিলে নামায়। এর মধ্যেই কীভাবে কীজানি টের পায় জুড়ন। ছ্যানাদা নিয়ে তাড়া করে।“ওই শালা…ওই হারামির পো…” ঠিলে নিয়ে পটলমাচার নীচে লুকিয়ে পড়ে নলিনী। এদিকে তছনছ করে খুঁজতে থাকে জুড়ন। নলিনী জুড়নের পথে ঠিলে ফেলে পালায়। সেই ঠিলে নিয়ে ঘরে আসে জুড়ন। ছ্যানাহাতে জুড়ন বেরিয়ে গেলে মিঠি ধড়পড় করে বিছানায় বসে পড়ে। এগিয়ে যায় ভিটের পেছনে। ঠিলে হাতে জুড়নকে দেখে গোমড়া মুখে জিরনরস আসে মিঠির, “দেখিচো, রস চাইচি, আর রস নিয়াইচে!”

“আমার শক হয় নাই এই রাইতে গাচে উঠার। চোরে নামাইচে, তাই!”

“এরোম চোরের পেরেমে যদি পোড়তি পাত্তাম গো! যোদিও ব্যাবাক পেমিকারা পাকা চোরই হয়, আমাগো কানাইর নাহান!”

“হ’! হেইডা ভালো কইচো। চোর জুটাও, আমার জ্বালা কমে।”

“আমারও। কুঁইচা ধরো খালি। ক্যান এট্টা গোখরো ধরতি পারো না মরদ?”

“বাপ রে কোতি পারতে বন্যেবেড়ে বিয়া দিতি ‘মাল’-দের সাতে। হালার পো’রা বান্দর আর সাপ নাচাইয়ে-নাচাইয়ে খাওয়াতো!”

“তাও তো ভালা আছিল। গোখরোর ছোঁবল তো খাইতাম নিশিদিন!”

“গোখরো তো গোখরোর কামোড়ই চাইব, তাই না? তা তুই তো আমার মেইটে সাপ! এরই মোদ্দি গোখরো হোই গেলি? ‘কী সাপে কামড়াইলো সাপুড়িয়া রে/ জ্বলিয়া পুড়িয়া মইলাম বিষে!’”

“অ্যাঁ-অ্যাঁ-অ্যাঁ, ঢ্যামনার ঢঙ দেহো!”

“ঢ্যামনা?”

“তা কী?”

পাঁচ

কুয়াশা ঘিরেছে নদীকে। পাড়ের কাদার ভিতর সেই দুজন। হাতে ট্যাঙারি, কেঁচোর খোঁজে।

“আইজও কেঁচো নাই!”

“এইভাবে কী আর চলে? কাল শামাক দিয়া এট্টা পাইচিলাম। শামাকে কী আর বাঁধতি চায়?”

“হ’! কী দিনকাল পড়চে, কুঁইচা এহোন শামাকও খাচ্চে!”

“খিদা যে ওগোও পায়!”

“খিদা খিদা খিদা!”

“আগে দিনি আট-দশটা কুঁইচা ধোরিচি, আর গাঁদা-গাঁদা কেঁচো!”

“কেঁচো নাই, কুঁইচাও নাই।”

“হ’ নাই! শোন এট্টা কতা!”

“কী”

“বেনুদাসের দুকানে গিয়া কুড়ি টাকার গিলে-মাথা নিয়ায়। সাতে ছাল-চামড়াও।”

“আইচ্চা।”

“যা তাগাদা। মাটির হাতে দিয়াই ছুইটা আসবি কলাম। আর রাইতে তোর নিমোতোন্ন।”

“আরি মজা! যাচ্চি তালি।”

“যা!”

“তা ট্যাকা দে!”

“বাকি।”

“বাকি? পারবো না!”

“বল গে, সন্দেবেলা দিচ্চি।”

“শোনবে নানে।”

“তা তুই এট্টা নাটোক করগে গিয়া, মাটি কলাম খাতি চাইচে।”

“আইচ্চা। তাই-ই কোরি তালি। ভাবতি-ভাবতি যাই কী নাটোক করা যায়।”

নলিনী চলে গেলে একা-একা মাটি কোপাতে থাকে জুড়ন। কেঁচো কিন্তু পায় না কিছুতেই।

হাটের পুবকোনায় বেনুদাস খচাখচ মুরগি কাটে। মুরগির মাথা-পাকস্থলি-মলাশয়, পায়ের আঙুলগুলো, এমনকী ছালচামড়া আলাদা দামে বিক্রি করে। তুলনামূলক গরীবগুরবোরা মাংসের স্বাদ নিতে এইসব মাঝে-মাঝে কিনে নিয়ে যায় খুবই অল্প দামে।

নলিনী কুকুরের মতো পাশে বসে থাকে। লোক আসে, লোক যায়। সে তবু বসেই থাকে। কীভাবে শুরু করবে বুঝতে পারে না। দু-একজন খদ্দেরের সঙ্গে খেজুরে আলাপ জুড়তে চায়, কিন্তু পাত্তা না-পেয়ে মিইয়ে যায়। ফের উৎসাহ ভরে মনে, ফের শুরু করে। বেনুর হাত থেকে একটা মুরগি ফসকে গেলেই সেটাকে ঝাঁপিয়ে ধরে বেনুর হাতে তুলে দেয় নলিনী। ভাবে এইবুঝি বেনুর কৃপা হবে, কিছু একটা বলবে, আর তখনই ফস করে চেয়ে ফেলবে গিলে-মাথা। কিন্তু হাড় জল্লাদের মতোই বেনু উদাসীন। একবার মুখ দিয়ে কথাটা বেরিয়েও যায়, কিন্তু ঠিক সেই সময় সবজির লড়িটা ঢুকে এতবার হর্ন দেয় যে, বেনুর কানে কেন, নিজের কানেই পৌঁছায় না কথাটা। হতাশ হয়ে উঠে পড়ে। ধীরে-ধীরে বেরিয়ে আসবে হাট থেকে, ঠিক তখনই লরির ডালা থেকে আওয়াজ আসে, “হই কালু কামচোর! উপোরে আয় জলদি!” নলিনী উপরে অবাক দৃষ্টিতে চেয়ে থাকলে লোকটা বলে, “ভুল হইচে দাদা, ভাবলাম আমাগো কালু!” ঠিক তখনই বুদ্ধিটা খেলে যায় নলিনীর। লাফিয়ে ডালায় ওঠে। ব্যবস্থা হয় একটা। পটলের বস্তা মাথায় নিয়ে তরতর করে নামতে থাকে মই বেয়ে।

একটু বেশিই ঝালমশলা দিয়ে রাঁধে মিঠি। খুব যত্ন করে খায় জুড়ন। সব কিছু ছেড়ে ছাল ও ছালের সঙ্গে লেগে থাকা সামান্য যা চর্বি থাকে তা জিভ দিয়ে চেটে-চেটে খায়, আর মাঝে-মাঝে খচখচ করে কামড়ে ধরে! খায় আর বলে “উ-উ-উ! কী মজা, কী মজা!” নলিনী খাওয়ার সময় কোনও কথা বলে না। সে শুধু হাঁ করে জুড়নের কাণ্ড দেখে। জুড়ন খায় আর বলে, “পুলিশ-বিয়েচেপ সাবদান! ঢ্যামনাগুলো গড়াতি-গড়াতি বাসায় ঢোকপেনে। ঢোকপেনে আর খাইয়া নেবেনে আমাগো মেইটে সাপ!”

“ঢ্যামনাগো সে-জোর নাই! মেইটে বলে মেইটে সাপ না গো, সে কলাম ছদ্মোবেশী ক্ষয়েগোকরো!” বলেই হাসে মিঠি।

“মাটি হারানোর যন্ত্রণা বোজো? দ্যাশ ছাড়িচি বাবার সাতে। সেবার বাদলো দাঙ্গা। কয় ‘ওরা বাবরি ভাঙিচে, আমরা ওগোডা ভাঙবো’। বুড়ো-জুয়ান বেবাকের হাতে শাবল। যায় আর ভাঙে, সামনে যেডা পায়। আমরা বাঁশবাগানে পালায়ে। পদ্দিন বাপ আমারে নিয়া ইচামোতী সাঁৎরায়ে চোইল্যা আইলো এইগাঁয়ে। তুমরা তো এইহানেরই, এই দ্যাশেরই। বুজবা না সেই ব্যতা। তা বউ গিলি এই বয়োসে কারে পাবানি? বুজলা নলিনী, ও যা আমারে ভালোবাসে! এই মাটির নাহান মিটির ভালোবাসা।”

মিঠি হাসে খালি, আর বাপ-মায়ের কথায় চোখ ভিজে যায় নলিনীর।

“কী হইলো?”

হাত ধুয়ে এসে নলিনী বলে, “বিরাট ঝাল!”

ছয়

সকালে ফের কেঁচোর খোঁজ।

দুজনে কিছুক্ষণ চুপচাপ থাকে। নদীতে জল কম। জলা অংশও অনেকটা শুকিয়ে গেছে। সেখানে ছোট-ছোট কচুরিপানা ও ফুল। একদল কাচ্চাবাচ্চা গুলতি নিয়ে সেদিকেই আসে। নীচে নামে। তাদের একজন গর্তের মুখে কী একটা খুঁজে পেয়ে লাফাতে থাকে, “পাইচি রে পাইচি!”

“কী পাইচিস?” আধ-ল্যাংটো ছেলেটা বলে।

“ইদুরির বাচ্চা!” বলেই তার লেজটা ধরে ঘোরাতে থাকে শূন্যে। বাচ্চাইঁদুরের ভাগ্য এখন বাচ্চাটার হাতে। হুল্লোড় পড়ে যায় দলে। আর-একজন আর-একটা গর্তে হাত ঢোকায়। একটা হেলেসাপ টেনে বার করে লেজ ধরে। বন বন করে ঘোরাতে থাকে চরকার মতো। ঘোরাতে-ঘোরাতে ছুঁড়ে মারে দূরে। ফের দৌড়ে গিয়ে সাপটাকে তুলে নিয়ে ঘোরায়। এই দেখে যারা ইঁদুর বা সাপের ভাগ পায় না, তারা নতুন-নতুন গর্তের খোঁজ করে। একজন লেজ ধরে টান দিতেই আর্তনাদ করে সরে আসে, “উ-র-রে-স-স-স-স-শ-শ-অ-অ-আ-লা!”

“কী?”

“গোকরো!”

‘গোখরো’ নামটা শুনেই দলটা ছত্রভঙ্গ! বিপুল ফণা নিয়ে সেটি ইঁদুরের বাচ্চা হাতে-ধরা ছেলেটির সামনে এসে দাঁড়িয়ে। ছোঁবল মারে তার দুই হাঁটুর মাঝে ন্যাতানো গামছায়। গামছায় দাঁত আটকে যায়। আর অমনি গামছা খুলেই ল্যাংটো বিলোই জলে দে ঝাঁপ!

মাটিতে ফের কোঁপ মারে নলিনী। মাটির দলার সঙ্গে ছোট্ট একটা খুলির চাড়া উঠে আসে। হাত দিতেই পুরোটা বেরোয়। ভেতরে মাটি-পোরা। অকালে ঝরে যাওয়ায় কোনও বাপ পুঁতে রেখেছিল কবে কে জানে! কিংবা খুন? গুম? শিশুধর্ষণ? ব্যাঙার ন’বছরের মেয়েটাকে তো আর কোনও দিন পাওয়া গেল না কোথাও! পাচার হয়ে গেল? না মাটি খেয়ে নিল? না কোনও ডাক্তারের ঘরে হ্যাঙারে ঝুলে হাসছে খুব! হাসির রোল উঠে আসে দূর থেকে।

“ল্যাংটা বিলোই, গাব গাছে বাইন্দে কিলোই!/ ল্যাংটা বিলোই…”

ইঁদুর-হাতে-ঘোরানো ছেলেটা জল থেকে উঠেই পাগলা কুকুরের মতো ছুটে পালাচ্ছে। তার পেছনে পঙ্গপাল। সেদিক থেকে খুলির দিকে চোখ ফেরায় ফের। ভূতো…? সেই রাতে…? মাথায় খুলিটা নিয়ে…? ভাবলেই হাড় হিম হয়ে যায় তার। চোখে জল আসে। শেষে ছুঁড়ে মারে জলে। বৃত্ততরঙ্গের ভিতর হাসিমুখে ডুবতে-ডুবতে হয়তো এতক্ষণে পেড়িকাদায় আশ্রয় নিয়েছে খুলিটা। জল ফের স্থির হয়ে আসে ধীরে-ধীরে।

সাত

হেমন্তের রাত। বাইরে এখনও কুয়াশা দাঁড়িয়ে দূরে, নদীর কোলে। নদীপাশের তালসারিগুলো দোয়া-করা মানুষের মতো হাঁটুগেড়ে বসে থাকে যেন। যেন এই দোয়াগুলো ফিরে গিয়ে মানুষকে আরো বেশি মায়াজালে আচ্ছন্ন করে। সবকিছু হয়ে যায় অচেনা। হয়তো এই অচেনার প্রয়োজন আছে খুব। পাটখড়ির বেড়ার ভেতর তৈরি জানলা দিয়ে বাইরে তাকিয়ে মিঠি দেখে, খেতের খেজুরগাছটাকে ক্রমশ নগ্ন করে দেয় হেমন্তজোছনাপ্লাবন। গাছের উপরে একটা ঠিলেতে পাটকাঠি দিয়ে রস খেয়ে-খেয়ে আবার নীচে এসে দু‘হাত ছড়িয়ে খেজুর গাছের নীচটা জড়িয়ে ধরে শুয়ে আছে কেউ, যেন প্রেমিকাকে আজন্ম জাপটে আছে বুকে। চোর? ডাকবে জুড়ন-কে? থাক না, রসই তো খাচ্ছে রসিক। তাকে ধরিয়ে দেওয়ার কোনও মানে হয় না।

তার জীবনেও যদি এমন রসিক থাকত! লোকটা এখনও ওইভাবে পড়ে আছে দু-হাতে মাটি জড়িয়ে। পাগল নাকি?

এদিকে ঘরে নাক ডাকে জুড়ন। কিছু আগেও মিঠির ছালচামরা চেটে-চেটে খাচ্ছিল। খেতে-খেতে মুখ রাখে স্তনে। বৃন্ত শক্ত হয়ে আসে, পাকা টসটসে জাম হয়ে আসে। মুখ রাখে নাভিতে। ডুবে যায়, তলিয়ে যায় সে।আরও নীচে আসে, আরও নীচে। ছটফট করে মিঠি। হঠাৎ-ই কামড়ে ধরলে ‘বাবাগো’ বলে চিৎকার করে ওঠে! উঠেই সজোরে ধাক্কা মেরে ফেলে দেয় খাট থেকে। রুগ্ন জুড়ন পাছা ডলতে-ডলতে উঠে আসে বিছানায়।

ঢ্যামনারা কামড়ায়, কিন্তু ছোবল মারে না!

সকাল হলেই ফের বেরোবে কেঁচোর খোঁজে। একটা-দুটো কুঁচে ধরবে। বিক্রি করবে। তাতে কী আর সংসার চলে? তাও তো আজকাল আর জোটেই না। তাই মিঠিও কিছু-কিছু কাজ করে, ঘুঁটে দেয়, বিক্রি করে। তবে আগের মতো ঘুঁটের আর কোনো চল নেই।

একবার ঘুমিয়ে পড়লে আর সহজে জাগতে চায় না জুড়ন। এক ঘুমেই রাত কাবার। এ-সময় দূরে হঠাৎ-ই আলেয়া দেখা যায়। আলেয়ার ভয় আছে, কিন্তু ভয় পায় না মিঠি। সে যে মাটি! মাটি থেকে আলেয়া ওঠে আর মাটির শ্বাসপ্রশ্বাসে মিলিয়ে যায়। আলেয়াটা ক্রমশ তার দিকে এগিয়ে আসতে থাকে। শেষে ঢুকে যায় তার চোখের তারায়।

আট

“কেঁচো কলাম আইজও পাইলাম না। মোইনে হচ্ছে জল-মাটি-ব্যাবাক বিষ হইয়া গ্যাচে!”

“তালি কোরবি কী? প্যাট তো আর চলে না আমাগো!”

“তাই ভাবতিচি কী কোরি এহোন। কিরালা যাবি? ছিন্টারিং মিস্তিরির কাজে?”

“দ্যাশ ছাইড়া? মাটি ছাইড়া?”

“প্যাট না চোললি চ্যাট খাবা?”

“তা যা কোইচিস!”

“ওই দ্যাক, ভ্যাদাই আসে এদিকিই!”

“পালাবি?”

“না!”

“ক্যাঁ? সিপাই-ইনফোমার দেকতিচে কলাম! জানতি পাল্লি গদ্দান!”

“গামচা দিয়া মুক বাইন্দে ঝোপের নীচে চ’!”

“চ’ চ’!”

“ওই, ওই ভ্যাদা…”

“কিডা ডাহে?” চারিদিকে বন্দুকটা তাক করে মুখে গামছাবাঁধা দুজনের দিকে এসে থামে।

“ওই ভ্যাদা, আমরা! তোর দোস্তো জুড়োন-নলেন! বন্দুক নামা কোচ্চি!”

“হুসসসসস্‌! আর ভ্যাদা কোবিনে কলাম। এইবার থিইক্যা ভাদুবাবু!”

“ই-য়ে-হ…! ঝালে জোর নাই, বাল নিয়ে ঘোচ্চে!”

“বুজলি নলেন, ভ্যাদাই কিনা আমাগো সাতে বাবু মারাচ্চে!”

“এই বাল, তোগে সাতে মিশতাম বোলেই পাত্তা দিচ্চিসনে কলাম। আর গিয়া দ্যাক, ব্যাবাকে আমারে কেমোন পাত্তা দেয়, স্যালাম করে। কিলাবের সেকরেটারি হোইচি। হাটের ওই পেসিডেন্ট না কী কয়, তাও হোইচি। এইবার পনচায়েতের মেমবার হবো ভাবতিচি। কথা চোলতিচে।”

“হালায় কয় কীরে নলেন? নোতুন ওপিচার যে ওরে কুত্তার নাহান খোঁজে!”

“রাঠোর? হা হা হা হা! নে নে সিগারেট খা আর গাল দে প্যাট ভোইর‍্যা।”

“তা গাল দেই আর যাই দেই, এট্টা পোতিভা কিন্তু আচে তোর ভ্যাদাই!”

“জুড়ন, আবার ভ্যাদাই?”

“লোক থাকলি আর ভ্যাদাই কবো নানে, এহোন তো আমরা-আমরা!”

“মোনে থায়ে যেনো নলেন!”

“থাকপেনে।”

“সারাডা রাত্তির মাঠে শিয়াল ডাহে। মেচি আর নেড়ি কুত্তাগুলান তাড়া করে। খ্যাদায়-খ্যাদায় নিয়া যায় ওইইইইইইই বিলির আপার কাচে। যেই খপাৎ কোইর‍্যা ধোইর‍্যা ফ্যালবে-ফ্যালবে কোরতিছে, সেই ওমনি বগাৎ কোইর‍্যা পেইদে দেয় শিয়ালগুলোন। পাদের গন্দে কুত্তাগুলান জায়গায় দাঁড়ায়ে পাক খায় খালি। শিয়ালগুলান ফিচেল হাসে। হাসতি-হাসতি সেই ফাঁকে চোইল্যা যায়! তা আমার টাকার গন্দ হইলো ওই শিয়ালের পাদের নাহান! মারলিই ব্যাবাক ফিনিশ! খালি ঘুরপাক খাবেনে! আর দুইডা দিন খাড়া, দ্যাক খালি ওই নোতুন ওপিচারের মুখি কিরাম এট্টা বগাৎ মারি!”

“যা অ্যাকখান কোইলি ভাই! উরা আমাগো ধমকায় খালি। কয়, ভ্যাদার লগে মিশবি নে!”

“তোগো লুমাও ছিঁড়তি পারবে না কলাম। লিকে রাক! ও, তুরা তো আবার লিকতিও পারিস নে!”

“তা তুমি বুজি এমে-বিয়ে পাশ কোইরে এইহানে আইচো?”

“ওই তো তোর ছিরি,/ অ্যাকসাতে পড়িচি থিরি।” জুড়ন ছড়া কাটে।

“ওই পজ্জন্তই কলাম!”

“মোইনে পড়ে ভাদাইবাবু?”

“পড়ে। পড়ে। আরে শোন, আমার যহোন ছেলো না কিচুই, তহোন আমি ছিলাম নেড়ি কুত্তা…”

“আর এহোন বুজি শিয়াল?” নলিনী খোঁচা মারে।

“হে হে! এইবার সিংহো হইবার পালা। নামে না ঠিক, কামে!”

“সিগারেটডা তা বেশ ভালাই লাগলো রে ভ্যাদাই, কী কোস নলেন?”

“হ’, ভালা, ভালা!”

“আর এট্টা দেবো?” ভ্যাদাই সুধোয়।

“না, থাক। কোচ্চি কী, সঙসার তো আর চলে না ভাই। কেঁচো নাই, কুঁইচাও নাই। তা এট্টা কামকাজ দে না! ভালা কুনো কাজ। কুত্তা ভেইবেই দে না হয়। ল্যাজ নাড়বানি খালি!”

“হে হে! গু-উ-উ-র-র-উ-উ-উ এইবার পতে আইসো!”

“আইলাম!” একসঙ্গে বলে দুজনে।

“কাম চাইলিই কাম দেবো।”

“দিবি?” আবার একসঙ্গে।

“পোস্টম্যানের কাজডা কোরবি? ভালা কাম, ফাস্টু কিলাস কাম।”

“তা কামডা কী?” জুড়ন সুধায়।

“ইচামোতীর ওপাশে একজুড়া গোরু সাঁৎরায়ে নিতি পারোলি-ই নগোদ দু-হাজার! তোরে দেবো পাঁচ জুড়া। পাঁচ দুগুনি দশ পাবি! কী, রাজি?”

“দশ…?” চোখ বড়বড় হয় জুড়নের, যেন এই জীবদ্দশাতেই মামদো-দশায় পেয়েছে তাকে। নলিনী ঠেলা মারে। ঘোর ভাঙে জুড়নের।

“হে হে। দশ কি কুনো ট্যাকা হইলো? এই নে, এহোন পাঁচ দিচ্ছি, আর সন্দেবেলা ওপিসিতি গিয়া বাকি পাঁচ নিয়া আসপি। কাজের আগে মাল! হে হে! আর মুবাইলডাও নিবি। ওইডা ইসপেশাল, এই কাজের জোন্যি।”

“কী করবানি তারপর?”

“রাইত বারোটা পাঁচ। হায়টেশানে ‘নীচে’ মারবেনে আমাগো লোক। বডারের ব্যাবাক আলো বন্দ তহন। তিন নাম্বার রানার এক-এক জুড়া গোরু দেবে তোরে, গায়ে কালি দিয়া বড়-বড় কোরে লিকা থাকপে ‘SRK-MB’…”

“মানে শারুক আর মিশটার ভ্যাদাই?” নলিনী হাসে।

“ধুর! সরকার মার ভোগে!” ভ্যাদাইও হাসে।

“আ-রি-স-স-অ-লা!” জুড়ন মাথায় হাত দেয়।

“ফাইজলামো মারতিচি। ওইসব কিচুনা। ওইডা দুই দ্যাশের দুইডা কোড। আগে আছিল ‘69’, নতুন ওফিচার আটক করছে ‘69’সিরিজ। খুঁজাখুঁজির তাল লাগাইচে। তাল হারাচ্চে, তাল আর পাচ্চে না। এতোই সুজা আমার পোন্দে লাগা? এমোন এট্টা পাদ মারব না যে, ঘুরতি-ঘুরতি চোইল্যা যাবে পাকিস্তান বডারে। এইহানে ট্যাকা খাচ্চিলি, আর ওইহানে গিয়া গুলি খাবি! তিরোঙ্গা জড়াবে বুকি। আকাশে গুলি—ঢিঁসু ঢিঁসু ঢিঁসু! এক পাদেই হোয়ে যাবে ‘শহীদ বীর রাঠোর’! হা হা! দ্যাশের পোন্দ মাইর‍্যা শহীদ!”

“আর তুই যা মারাচ্চিস!” বলে উঠল নলিনী।

“আমি শুদু পাদ মারি, বগাৎ!” —বলেই জোরে এক পাদ মারে ভ্যাদাই। নাকে হাত দিয়ে সরে দাঁড়ায় নলিনি-জুড়ন। ভ্যাদাই হাসে“হা হা!”

“ও নলেন, গন্দে তো দাঁড়ানো যাচ্ছে না যে!”

“যাবে না তো! তুমি ইচ্চা থাকলি পাক খাবা, ইচ্চা না থাকলি খাবা না! আমার কাম-কাজ আমি করবো। ‘তোমার করমো তুমি করো মা, লোকে বলে কোরি আমি/ সকোলি তোমারই ইচ্চা’…”

“তালি কাজ ক’ডায়?” জুড়ন সুধোয়।

“সাড়ে এগারোয় হাজিরা। সন্দেবেলা এট্টা ফোন দেবো। লাইনম্যান-রানার আর পোস্টম্যান, আর ওইদিকি ‘নীচে মারা’র খবর যাবে। লাইট অপ, পারানো শুরু। নোদী পারোলিই ওই পাশের দোস্তোরা দায়িত্বো বুইঝা নেবেনে। তোর কাজ ফিনিস!”

“ওইপাশের সিপাই?”

“পাদ মাইর‍্যা রাকবানি!”

“হে হে!”

“হা হা!”

নয়

নদীর জন্য ঠিক নয়, এখানে কাঁটাতার পড়েনি পুরোনো একটি জনপদ ও একটি হাইস্কুলের জন্য। ফলে ঠিক এইখান দিয়েই সাঁতরে-সাঁতরে পার করা হয় গোরু।

“তুই এই বালের কাম কোরবি জুড়ন? সিপাই ছাড়বে না, ছাড়বে না তোর মোন। আর ভ্যাদাই তোর ছালচামড়া চুইষ্যা-চুইষ্যা খাবেনে!”

“তোর বউ নাই, বুজবি না কোলিও! খিদা আমাগো রক্ত চুইষা-চুইষা খায় রোজ! এহোন কী করব আমি ক’? কোন দিকি যামু? মাঝে-মাঝে তো মোইনে হয় ওই নোদীপাড়ের আমডালডায় ঝুইল্যা পোড়ি! কিন্তু মাটির মুখটা মোইনে পড়ে, তোর মুকটা মোইনে পড়ে! হিনোচান খাতি কোস আমারে, তাই না? মাটিরি রাইতে রস খাওয়াইয়ে খেজুরগাছে ঠিলে বাঁধতি গিলাম। হাতে আছিল বেগুনির বিষ! হাতে নিইয়া কত ভাবলাম, ঢকঢক ঢাইল্যা দি গলায়…পাল্লাম না!”

“খিদা তো আমারও আচে। ঝুইল্যা তো আমারও পোড়তি ইচ্চা কোরে। ঠিক আচে, যা ভালো বুজিস তাই কর!”

“ভাই নলেন, আর করবো না, কতা দিচ্চি তোরে, এই ফাস আর এই লাস!”

“আইচ্চা, ঠিক আচে! তা বউরে শাড়িডা দিবিনি কবে?”

“কাইল। পাক্কা। কাইল বাজারতে কিইনে দিবানি! তোর সাতে থাকতি হবেনে কলাম। তোরে এট্টা চাদরও কিইনা দেবো।”

“ধুর!”

“ধুর কী, নিতি হবেনে! কাইল পারলি থাকিস কলাম।”

“না ডাকলি ভালা হয়। কালা কাম। মন সায় দ্যায় না। তাও ডাকলি থাকবানি। তা দামড়াগুলান আসপে ক’নে?”

“কে জান্নে! ফোনে কবেনে নিয়া যা, নিয়া যাবানি।”

“বড়ো-বড়ো দামড়া। পানজাবি?”

“হ’। ওইদিকদেই লোরিতি ঢুলতি-ঢুলতি গাদাগাদি কোইর‍্যা চোইল্যা আসে। মিত্তুর আগ-পজ্জন্ত জল না ফ্যান না, শুদুই ইনজেকশোন খায়। ওইডা খালি খিদা পায় না, ঘুম পায় না, গুঁতানো ভুইল্যা যায়। অতো বড়ো-বড়ো পাহাড়ের নাহান দামড়াগো যেনো জাদুটোনা কোইর‍্যা রাকচে! চলে আর চলে। পিচোনে ফিইর‍্যাও তাকায় না, বাপের দিকিও না, মার দিকিও না। শুদু সামনের দিকি চলে। চোলতি-চোলতি অ্যাকদিন কসাইখানায় গলাডা ঢুকায় দ্যায় মিত্তুর জন্যি!”

“নাড়াটাড়াও দিতি দেকিচি মাজেমোদ্দি!”

“ওই যহন খাটালে থায়ে কিচুদিন! পাঁচন দিয়া রাখালরা পিটায়-পিটায় পিচোনের ছালচামড়া তুইল্যা ফ্যালে। আর যোদি অ্যাকবার ব্যাগড়া দ্যায়, তালি কাঁচালঙ্কা বাটা প্যাকেট থিইক্যা নিয়া ঠাঁইসা ধরে ছাল-ক্যালানো জায়গাডায়! আর যাবা কনে, ঘুড়ার নাহান ছুটতি থাহে খালি!”

“ওই ছালচামড়াও কিডা হয়তো চুইষ্যা-চুইষা আরাম পায় তোর নাহান!”

“হ’! জগৎটা বুজি এই চুইষ্যা-চুইষির! এ ওরে চোষে, ও তারে! ও এরে পাঁচন মারে, ও তারে! এইরোমই যুগ-যুগ ধোইর‍্যা বুজি পিথিবিডা খালি আগোয় আর আগোয়!”

“পিছে আর ফিরাও চায় না, ওই দামড়াগো নাহান। ফিরিচো কী লঙ্কাবাটা!”

সন্ধেতে ভ্যাদার অফিসে গিয়ে বাকি টাকাটা আনতে যায় জুড়ন। সঙ্গে নলিনীকে পায়নি। নলিনী আসবে বলেও এল না। অফিসে থেকে শুধু টাকা নয়, মোবাইলটাও খুব দরকার। এইটে বিশেষ নম্বরের। অফিসটা সেই বাজারে। হেঁটে চলাফেরা করা অভ্যেস জুড়নের। অফিসে এসে ঢুকবে-কী-ঢুকবে না ভাবছে। ভেতরে ফোনে কথা বলছে ভ্যাদাই, বড় কোনও সাহেবের সঙ্গে। বাইরে থেকে কান পেতে শোনার চেষ্টা করে, “রাঠোর কেঁচো চাতা হ্যাঁয়। আর আমি কেঁচো দেকে কুঁইচা ধরেগা ছার । কুঁইচা ছোলা ছুলেগা!” ফোন কেটে হাসতে থাকে, “এইবার মেইটে সাপটার সাতে শঙ্খ লাগাতি হবে!” বলেই একটা পাদ মেরে  নিজেই নাকের সামনে হাত নাড়তে থাকে!

ফিরে যায় জুড়ন। তার সারা শরীরে আগুন লাগে। দপ-দপ করে জ্বলতে থাকে ভিতরটা। কে নেভাবে? ইছামতীতে ঝাঁপ দেবে? ট্যাঙারি কাঁধে নিয়ে তাড়া করবে ভ্যাদাই-কে? বেগুনের বিষ ঠেসে ধরবে মুখে? বন্দুকটা কেড়ে নিয়ে ঝুলিয়ে দেবে আমগাছে? নতুন অফিসারকে সব খুলে বলবে? অফিসারকে বলাই উচিত কাজ হবে। ল্যাজে পা দিয়েছে বাবাজি। ল্যাজের বাড়ি খায়নি তো! ‘পোচতি-পোচতি শ্যাষ হোইয়া যাবেনে!” গজরাতে-গজরাতে বাড়ি ফিরে আসে। উঠোনে এসে দাঁড়াতেই একটা গন্ধ পায় চেনা। মনে হয় গোখরো ঢুকেছে ঘরে। এগিয়ে যায় পা টিপে-টিপে। হ্যাঁ, ঠিক! ঠিক! গোখরো! বিশাল এক ফণা তুলে ধরেছে গোখরোটা! ফোঁস-ফোঁস করে এগিয়ে যাচ্ছে! ঘরে কুপি জ্বলে টিমটিমিয়ে। গোখরোর নিঃশ্বাস-প্রশ্বাসে শিখাটা কাঁপে খুব। ট্যাঙারি কই? কোথায়? যে মাথায় উঠে কানাই নাচ করেছিল একদিন, সেই মাথাটা আজ থেঁতলে দেবে? না শুধু ফণায় ঘা মেরে বিষদাঁত ভেঙে দেবে একেবারে? ভাবতে-ভাবতে পা থেকে মাটি সরে যায়। নাভীর খোদলের নীচে থেকে লুঙিটা খুলে পড়ে যায় নীচে। শরীরের শিরা-উপশিরায় শুধু আগুনবিষ ছোটে। এত আগুন? এত বিষ? অফিসে ভ্যাদাইয়ের কথাটা শুনে ফিরতি-পথে মাথাটা পুড়ছিল আগুনে। বাড়ি ফিরে বুকটা পুড়ে গেল ছ্যাঁক করে। ট্যাঙারি কই? পাগলের মতো ছুটতে থাকে ঝুনো অন্ধকারে। নরম মাটি খাচ্চে কেঁচোয় আর হাগছে খালি? হাগার মাটি নাকি আরও আরও উর্বর। উর্বর প্রেমের মতো? তাহলে কোন উর্বরতা নিয়ে মিছি-মিছি মেতে ছিল সে? কোন সাপেই-বা ছোঁবল মারে তাকে রোজ? ইঁদুরের বাচ্চাটা তাঁর মাথায় ঘোরে খালি। কে ঘোরায় তাকে? হেলে সাপটাও মাথায় ঘোরে বনবন। তাকেও ঘোরাচ্ছে কে? আর সেই গোখরো, যেটা ছোঁবল মেরেছিল ছেলেটির গামছায়, বিষও ঢেলেছিল, ল্যাংটো করে ছেড়েছিল ছেলেটিকে, সেই সাপটা কই? বিষ বিষ বিষ! বিষ না-থাকলে, ছোঁবল না-থাকলে কেউই বুঝি পাত্তা দেয় না জীবনে! সে পাগলের মতো ছুটতে থাকে এদিক-সেদিক। কে বলেছে নদীর পাড়ে কেঁচো নেই? ট্যাঙারি দিয়ে আজই এখনই মাটি খুঁচে-খুঁচে কেঁচো খুঁজে বার করবেই সে!

ক্যাম্প-অফিসের দিকে ছুটতে থাকে জুড়ন। কিন্তু পথেই দেখা হয়ে যায় ভ্যাদার সঙ্গে। সঙ্গে আরও দুজন, হাতে ছোট মেসিন।

“এই খাড়া! দেরি কোরলি যে?”

“এই এট্টু দেরি হোয়ে গেলো ভ্যা…” ‘ভ্যাদাই’ বেরিয়েই যাচ্ছিল। সামলে বলল, “ভাদুবাবু!”

“এই থাকলো বাকি ট্যাকা, আর এই হইল গিয়া মোবাইল। কুত্থাও ফোন কোরতি হবে নানে, ফোন শুদু আসপে। আলো জ্বলবে না ফোনে। আওয়াজও হবে না। শুদু কাঁপপে। যা যখন বলবে, তাই কোরতি হবেনে।”

ফের বাড়ির উঠোনে ফিরে আসে জুড়ন। বউ বারান্দায় খড়ি ঠেলে ভাত রাঁধে তখন। মাংস রাঁধে। গোখরোটা তাহলে চলে গেছে?

“কহোন যাচ্চ?” মিঠি সুধোয়।

“এগারোটায়।”

“খেই যেয়ো কলাম।”

“আইস্যা খাবোখন।”

“আইচ্চা।”

কেমন যেন অস্বাভাবিক লাগছে জুড়ন-কে, যেন বিষথলি চুরি করে বাস্তুসাপ ছুটছে জঙ্গলে।

নলিনী শুয়েছিল চালার খাটে। জুড়নের ডাকে অবাক।

“হোই জুড়োন, তুই এইহানে? কামে যাসনাই?”

“নলেন, বড়ো বিপোদে পোড়চি যে!”

বিপদের কথা শুনতেই তড়াক করে খাটে উঠে বসে, মশারীর ঘন অন্ধকার থেকে বলে, “কী হইলো? মিটিদি ঠিক আচে তো?”

মিঠির কথায় ফেটে পড়তে চায় জুড়ন। কিন্তু আজ সে শান্ত। বলে, “ভ্যাদার ট্যাকা তো নিচি। কিন্তু বাড়ি ফিইরে দেকি মাটির ধুম জ্বর উটিচে। তা ওষুদ নিয়া আইচি। আর তাছাড়া…”

“তাছাড়া…”

“তাছাড়া মোইনে হচ্চে মিটি পোয়াতি…। মোইনে হচ্চে…।”

“মোইনে?”

“তাই তো কলো। তা মাস খানিকির।”

“ও। পেত্থম মাস, সাবদানে থাকতি কোস!”

“ও আমার হোরি রে! বিয়াশাদি করে নাই, বাবু আমার সব জানে দ্যাকে দেকতিচি!তা এই অবস্তায় রাইতে পাশে না থাকলি হয় ক’?”

“বিয়ার কী আচে? জানি। ব্যাবাকে জানে। তা মিটিদির গা-ডা সকাল থেইকেই গরম গরম কচ্চিলো। জ্বর আসতিই পারে। আর পাশে তো থাকতিই হয়।”

“তালি বাদ দেব কোচ্চিস?”

“বাদ দিলি ভ্যাদা ছাড়বে তোরে? মেসিন নিয়া ঘুইর‍্যা বেড়ায়। দুইডা সাকরেদ জুটাইচে আবার। তাগো কোমোরেও  মেসিন। আর তাছাড়া ট্যাকাডাও খুব দরকার। মিটির জন্যি এট্টা লালশাড়ি কিনা দরকার। এট্টাই ভালা শাড়ি যা আছিল, তাও গ্যাচেগা!”

“তালি?”

“ভাব!”

“আমি কবো?”

“কী”

“আমার হইয়ে কামডা তুই কর নলেন! তুই দশ হাজারই রাক। মাটিরে নিজি হাতে কাইল হাট থিকা এট্টা শাড়ি কিইনা দিস ওর পচন্দমতন। আর কাম হইয়্যা গেলি একবার বাড়ি আসিস। এট্টু রস খাতি চাইচিলো। জইরো মানুষ, মুখি রুচি নাই!”

“ট্যাকা রাক। ঠিলে হাতে বেরোচ্চি। ফিরার সুমায় রস আনবানি। আর শোন…”

“মিটির খিয়াল রাকিস।”

“রাকপানি। তুই নিজির খিয়াল রাকিস। কালা কাম আর করব না আমরা। এই ফাস আর এই লাস!”

“আইচ্চা!”

দশ

ফোন কাঁপল। লাইনম্যান জানাল, রানার আসছে। দামড়াজোড়া নিয়ে ইছামতীতে নামার অপেক্ষায় নলিনী। একটা ঘন বাঁশঝাড়ের নীচে লুকিয়ে সে। সামনে জল কাঁপছে। বর্ডারের আলো জলে। ওপাশের ক্যাম্প দূরে। ফলে আলো সবই এপাশের। হঠাৎ সব আলো নিভে গেল একসঙ্গে। বিকট অন্ধকার চরাচরে হামাগুড়ি দিচ্ছে। হুলোর ছোট ছেলেটা তবে ‘নীচে মারল’ কি? বুকটা কেঁপে উঠল নলিনীর। “আহা, বাছা!” রাঠোরের ফোনও কাঁপে, ভাদুবাবুর ফোন।

“ছার, প্রোমোশনের জন্যি এট্টা লাশ চাহিয়ে, কচ্চিলেন না সেদিন বাজারে?”

“তুমহারা লাশ বাস্টার্ড!” গম্ভীর কণ্ঠ।

“ধুর কলায় পাদ মারি!”

“হোয়াট?”

“ছার কতা হ্যাঁয়, ফাও-ফাও রাগতা কিঁউ হ্যাঁয়? নদীমে যাইয়ে, জ্যান্ত লাশ দেখিয়ে। আপাকা পোরোমোশন মিলেগা।”

সঙ্গে-সঙ্গে অন্ধকারে ভেঙে ছুটতে থাকে ফোর্স। জলের শব্দে এসবের কিছুই টের পাচ্ছিল না নলিনী। তার অভিজ্ঞতাও নেই এসবের। হাঁসের মতো ডাকছে না, বরং মুরগির মতো ডাকছে কেউ দূর থেকে।

মুরগি? কী কাণ্ড!

দাঁমড়াজোড়া নিয়ে নদীর মাঝপথে নলিনী। টলছে ওরা। তবু সাঁৎরাচ্ছে। হঠাৎ-হঠাৎ দাঁড়িয়ে পড়ছে জলেই। মাথার গামছায় লঙ্কাবাটা গোঁজা, দেবে পেছনের ছাল-ওঠা পাঁচনখোর দামাড়াদের দগদগে রক্তমাংসে? দেবে দেবে? দেবে আর জাদুবলে ঘোড়া হয়ে যাবে দামড়াগুলো! ঘোড়ার মতো ছুটবে খালি তখন!

ঘোড়া?

নলিনীর মাথের পেছনে রসের খালি ভাঁড়টা বাঁধা। রাতেইরস নিয়ে ফিরবে মিঠির কাছে। জ্বর-মুখে সামান্য রস পেলে খুশিতে ভরে উঠবে মন।

এই তো, বাঁশটা পেরোলেই ওই দেশ, আর-একটু পেরোলেই…! কে বলেছে দেশ ভাগ হয়েছে, ওই তো ওইপাড়েও ভ্যাদারা দাঁড়িয়ে! এই অবস্থায় ভাঁড়ে জল ঢুকে ডুবে সে গেলে পুরো নদীর পেড়িকাদায় ঢুকে যাবে। কেউ খুঁজে বার করবে না তাকে। কারও দায় নেই। সে ভাবে, তাই-ই বরং ভালো। মাটির কেঁচো মাটিতেই মিশে যাবে, কাদায় মিশে যাবে নলিনী, সেখানে ভূত হয়ে বেঁচে থাকবে বহুকাল আর অন্য ভূতদের সঙ্গে সারারাত উৎপাত করবে ভ্যাদাকে। বেঁচে থাকতে তো কিছুই পারেনি করতে। ভগবান যখন পারেনি, ভূত-ই তবে বাঁচিয়ে রাখবে জুড়ন-মিঠিদের। ভাবে শুধু। কিন্তু কেন ভাবে? কাজ তো হয়েই এল প্রায়। ভাবতে-ভাবতেই কাজ শেষ। দায়িত্ব শেষ। এক-এক করে পাঁচজোড়া পার করে ফিরছে এপারে। এবারে ডুব সাঁতার দিয়ে ফিরতে মন চায় খুব, যেন গোপন যুদ্ধে জিতে গেছে সে। ডুব দিয়ে বহুদূর যেতে চায় নলিনী, বহু গভীরে, যেন নীচের পেড়িকাদা ছুঁয়েই উপরে উঠে আসবে উপরে! কিন্তু ডুব দিলেই ঠিলে-ভাঁড়ে জলে ভরে যাবে যে! নদীর মাঝামাঝি দাঁড়িয়ে পরাণ ভরে দুই দেশ দেখে নেয় একবার। এই প্রথম ওই দেশের মাটি ছুঁয়েছে সে। মা ওপারের, বাবা এপারের—যেন আজ হাতে-হাত ধরে দাঁড়িয়ে তাঁরা, যেন সন্তান-চিহ্নের চারিদিকে ‘বিবাহ’ মেনে এই প্রথমবার ঘুরছে তারা, এই প্রথমবার এই পুরোনো পৃথিবীতে, আর সমগ্র আকাশ থেকে কুয়াশা ভেদ করে জোছনামন্ত্র এসে পড়ছে চরাচরে! অন্ধকার মুছে-মুছে যাচ্ছে ক্রমশ। শিশুর মতো কী যে আনন্দ হচ্ছে তার। সে কি তবে মাতৃজঠরে আজও? নাকি কেউ আছে তার জঠরে এখন? পুরুষেরও জঠর? হা হা হা! নিজেই হেসে ওঠে খুব! তবু যে তার নাম নলিনী!

কেউ ফের মুরগির মতো ডাকল বুঝি!

স্বামীকে ঘরে ফিরে আসতে দেখেই চমকে ওঠে মিঠি। মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। জুড়ন বলে, “খাতি দাও দিন!”

ফের ছালচামড়া চাটতে থাকে জুড়ন। চুষতে থাকে। খেয়েদেয়ে বিছানায় যায়। বিছানাতেও খিদে পায় খুব। বিছানাদেবতাকে কয়েকবার স্মরণ করে চাটতে থাকে মিঠি-কে। চুষতে থাকে। জামদুটো তিরতির করে কাঁপে।

ভয়ে?

উত্তেজনায়?

হঠাৎ বাঁ-জামটায় কামড় বসিয়ে দেয় জোরে!

“বাবাগো…!” আর অমনি ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে লাগে জুড়নের চোখে-মুখে-দাঁতে। কুপির আলোয় তাকে তখন এক ভয়ংকর পিশাচের মতো লাগে। নুনের খুঁটিটা টুলের ’পর ছিল, সেটা দিয়ে জুড়নের মাথায় মারলে, “আ-আ-আ” করে মাথা ধরে বসে পড়ে জুড়ন। আগুন জ্বলে মিঠির গায়ে,“তুই মানুষ না ঢ্যামনা?”

“নলেন কইচে, জোঁক! রক্ত চুইষ্যা খাই!”

“নলেন কই, ওরে আবার পাডাউনি তো নদীতি?”

“ঠিক ধোরিচো, ওরেই পাডাইচি!”

এক হাতে বুকের রক্ত চাপা দিয়ে বলে, “তুমার গায়ে বিষির ঘিরান। ওই ঘিরানেই আমার মোইনে কু গাচ্চিলো!”

রক্তমুখে পিশাচের মতো হেসে ওঠে শুকনো রোগাসোগা শিরা-উপশিরা বার-করা কঙ্কালসার এক ল্যাংটো-পুরুষ! বলে, “সিপাই তুমারে চায়। মোচ্ছপে দ্যাকলাম ব্যাবাকে তুমারে চায়। ভ্যাদার ওপিসি গিয়া দেকি, ওই হারামিডাও চায়।”

“তো?”

“ফিইর‍্যা জানলাম দোরোপোদীর সত্যডা কী ছিল!”

“কী জানলা তুমি পিচেশ? জানলা কী আগে কও?”

পিশাচের চুলের মুঠি ধরে ঝাঁকাতে থাকে মধ্যরাতের নগ্ন আগুননারী! পিশাচ আরও জোরে হাসে। তার দাঁতে মানুষের তাজা রক্ত! “আইজ ট্যাঙারি দিয়া মাটি থিইক্যা কেঁচো খুঁইড়া বাইর কোরিচি! আমার কুঁইচা ধরা কাম। আর কুইঁচার জোন্যি কেঁচো চাই! আর কেঁচো খুঁড়তি গিয়া দ্যাকলাম, যেইডা কেঁচো, সেইডাই কেউটে, আর সেইডাই আবার ছোঁবল-মারা গোকরো!”

ঠিলে-ভাঁড়ে জল ভরার শব্দ ওঠে মাঝনদীতে। সিন্ধুমুনি জল ভরে কলসে? কিংবা সোনার হরিণ এল তবে ইছামতীতীরে? দশরথ কি শব্দভেদী বাণ চালাবে এখনই? আর অন্ধকমুনি…?

চরাচরে শিয়াল ডাকে খুব। কুকুরও ডাকে। আর পিশাচের মুখ থেকে মুরগির ডাক উঠে আসে শুধু। ভয় পায় মিঠি। সারা গা ঠাণ্ডা বরফ হয়ে আসে তার। আগুনশরীরে কাপড় তুলে জড়িয়ে নেয় কোনওমতে। আজ পুড়ে যাক কাপড়-চুল-শরীর সব। রান্নাঘরে ছুটে যায়। একটা খালি ঠিলে আঁচলের সঙ্গে বেঁধে বাড়ির পেছন দিকে ছুটতে থাকে উলকাখোর উন্মাদিনীর মতো।

এরই মধ্যে বিকট এক পাদের শব্দ!

পাদ নয়, গুলি!

আরও একটা।

আরও একটা।

সিংজির ফোন, “সারজি, পোরোমোশনকে লিয়ে রাঠোরসাব…”

উলকাখোর দৌড়াতে থাকে উলকাবেগে। তার পেছনে এক ল্যাংটোম্যান। আজ তাকে সব কিছু রুখে দিতেই হবে। আজ অন্তত ‘কুঁইচাম্যান’ থেকে ‘স্পাইডারম্যান’ হয়ে। অন্তত একবার। উড়তে-উড়তে জাল দিয়ে টেনে ধরতে হবে উলকানারীকে। অন্তত গুলিতিনটে রুখে দিতে হবে নলেনগুড় আর মিষ্টির শূন্যবুক ছুঁয়ে যাবার আগেই।

                       সমাপ্ত

ঋণ:১।গান: “ট্যাংরা তবু কাটোন যায়…”: শিল্পী: গোষ্ঠগোপাল দাস।২।গান: “হাম কালে হ্যাঁয় তো…”: সিনেমা: ‘গুমনাম’। ৩। গান: “সকলই তোমারই ইচ্ছা…”: রামপ্রসাদের শ্যামাসংগীত। ৪। গান: “কী সাপে কামড়াইলো”: বিজয় সরকার।৫।সংলাপ: “আব আয়েহো উট পাহাড়কে নীচে!”: সিনেমা: ‘শোলে’।