ধারাবাহিক উপন্যাস
লোহার
৭
কথা
(পাঁচ)
দূর থেকে ভেসে আসছে আড়বাঁশির আঁতছেঁড়া সুর। তাতে লোহার পাড়ার গোধূলিরাগে বিছিয়ে যাচ্ছে বিষাদের ভার। বিষাদের ভার বিছিয়ে রয়েছে কালিন্দী লোহারের উঠোনেও। তারই আবছায়া গায়ে মেখে কয়েকটা মোরগ-মুরগী খুঁটে ফিরছে বাদাড়ের গোড়া।
ভাবি এতক্ষণ বসেছিল দাওয়াতেই। আড়বাঁশির বিষাদ তার মনেও। ক্ষুদে জনক উঠোনে ঘুরেফিরে আপন মনে গলগল করছে। গুইরাম আর ভগা দু’ভাইয়ে তাদের গলাঘর থেকে যেটুকু খাবার এনেছিল তা দিয়েই ভরিয়েছে নিজেদের পেট। ভাগ দিয়েছে জনককেও। কিন্তু ভাবির পেটে পড়েনি কিছুই। খেয়ে-দেয়ে দু’ভাই বেরিয়ে গেছে ভাটিখানায়। কখন ফিরবে তার কোনো ঠিক নেই। ভাবি অবশ্য তা নিয়ে ভাবছে না। মন তার বারবার কুডাকছে রাতচরা কুবো পাখির মতো। হঠাৎ একটা ধাড়ি শুয়োর একপাল ছাঁ নিয়ে ঢুকল উঠোনে। ঘোঁত-ঘোঁত করে এগিয়ে এল ছাঁচকোলের দিকে। তাতেই ভাবির ভাবনার গাঢ়ত্ব ছিটে গেল। তাকাল শুয়োরটার দিকে। একটা দীর্ঘশ্বাস ভাঙল। উঠে এল খোঁয়াড়ের কাছে। ডাকল, “আয়-আয়।”
শুয়োরটা তার ডাকে সাড়া দিল। এগোতে গেল খোঁয়াড়ের দিকে। কিন্তু ভাবি তাদের প্রতি মন দিতে পারল না। এতক্ষণ দূর থেকে ধামসা-মাদলের যে শব্দ ক্রমশঃ এগিয়ে আসছিল সেটা যেন হঠাৎ তাদের পাড়াতে আছড়ে পড়ল। সঙ্গে হৈ-হৈ রব। ভাবি ভ্রূ-কুঁচকে তাকাল বাইরের দিকে। শব্দটা এগিয়ে এল তাদের বাদাড়ের সামনে। ঢুকল উঠোনে। ভাবি দেখল, ল’গাঁয়ের লোহাররা। তাদের একজনেরকাঁধেকালিন্দী।
বাজনা থামাল সকলে। কাঁধ থেকে নামাল কালিন্দীকে।ভাবিকে বলল, “হাঁইল্যা লো তুর মরদকে। যেমনটি লিঁইয়ে গেইছিলম তেমনিটিই ঘুরে দিঁইয়ে গেলম। হঁ, সদ্দার ত সদ্দার কালিন্দ্যা নুয়ার। কী গাইলেক্! দখিনের পঁদে একবারেই হুঁড়কা ঢুকাঁই ছাড়লেক্! বাহারে কালিন্দ্যা! এই না হইলে নুয়ার মরদ! আমাদের পাঁচপাড়ার সদ্দার! হে-হে-হে–”
অন্য আরেকজন বলল, “হবেক্ নাই ক্যানে! য্যা কিরা কালকে উয়ার মাগে দিলেক্! তাবাদে না জিতে উ মু দেখাথক্ কেমন কইরে!”
“হে-হে-হে– তাথেই ত বলচি, মাগ ত মাগ, ভাবি নুয়ারী! উঃ, কী ত্যাজ লো তুর!”
ল’গাঁয়ের লোহারদের কোলাহলে কালিন্দীর উঠোন মুখর হয়ে উঠল। ভাবির চোখজোড়াও চকচকিয়ে উঠল মুহূর্তের মধ্যে। ছুটে গেল ঘরের ভিতরে। এক ঘঁটি জল আনল। তা ঢেলে দিল কালিন্দীর পায়ে। অমনি কালিন্দী ভাবির দিকে হাত বাড়িয়ে গেয়ে উঠল ডাঙ্গাল্যা গানের কলি,
“অহে বালির বাঁধে জল সরে
ভাবি আমার মন কেমন করে লো
ভাবি আমার মন কেমন করে…”
“ধুর খালভরা!” নিজেকে আর সামলাতে পারল না ভাবি। একমুঠো লাজরঙছড়িয়ে গেল আকাশে। তার প্রতিবিম্ব এসে রাঙিয়ে দিল ভাবির মুখখানি। সে মুখ বাইরের লোকেদের থেকে লুকোবার জন্য ছুটল ঘরের দিকে। অমনি একসঙ্গে হৈ-হৈ করে উঠল সব, “হৈ-ঐ-ঐ-ঐ-ঐ– গিড়িন ধিন ধাগিনি গেধা– ধিন ধাগিনি গেধা– তিং-ধাতিং– ধাধাগ ধাতিং– তিং-ধাতিং– ধাগধা ধাতিং–”
আবার বেজে উঠল ধামসা-মাদল। বার কতক ঘুরিয়ে-ফিরিয়ে বাজানোর পর ধামসায় পড়ল তেহায়। অমনি কালিন্দী ধরল,
“অ ভাবি তুই দিস্ নাই লো অমন জ্বালা
তুর বিহনে নিদয় আমার হয় ঝালাপালা লো
নিদয় আমার হয় ঝালাপালা…”
“গিড়িন ধিন ধাগিনি গেধা– ধিন ধাগিনি গেধা– তিং-ধাতিং– ধাধাগ ধাতিং– তিং-ধাতিং–” গানের কলি ছাড়তেই আবার বেজে উঠল ধামসা-মাদলের সঙ্গত। ডাকসংক্রান্তি উপলক্ষে গলার ঘর থেকে চাল এনে দিন চারেক আগেই ভাবি যত্ন করে পেতেছিল হাঁড়িয়া মদ। এক-আধ হাঁড়ি নয়। একেবারে চার হাঁড়ি। ধানকাটার সময় গলাদের সে দেনা শোধ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল।
এ-ও তো এক নিয়ম। ধানডেকে সন্ধ্যাবেলায় সব লোহাররা আসবে তাদের সর্দারের ঘরে। হাতে বানানো চটা তুলে দেবে সর্দারের হাতে। সর্দারও খাতির করে খাওয়াবে হাঁড়িয়া। এমনকি তার ঘরের মদে টান পড়লে নিজেদের ঘরে পাতা মদও নিয়ে আসবে একে একে। সারারাত চলবে হুল্লোড়। ধামসা-মাদলের বোল। আর ঝুমুর-ডাঙ্গাল্যা গানের সুরে মাতন লাগবে লোহারপাড়ার গাছগাছালির ডালে। মাতন লাগবে হিমবতী বাতাসের ঢালানিতে। লোহারীদের ডাঁটপুরু গতরে। নিটোল বুকে জমা হবে মরদদের জন্য মধু। সেই মধু ঢেলে দিতে আড়াল থেকে ইশারা করবে পছন্দের পুরুষটিকে। তাতে সাড়া না দিয়ে থাকে এমন বুকের পাটা লোহার মরদরা কোথায় পাবে! এই একটি রাতের জন্য তাদের অবাধ মেলামেশায় কেউ কোনো বাধা দেবে না। বরং মেতে থাকবে পাল্লার গানের নাটকীয়তায়।
এবারও তাই হওয়ারই কথা! সেই জন্যেই তো পাঁচদিন আগের থেকে ভাবি তৈরি হয়েছে। পাঁচপাড়ার সর্দারনী সে! সেকি কম বড় কথা! কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল! ছিটে গেল লোহারপাড়ার মাতাল-মাতনের গমক। সব কেমন যেন থম মেরে আছে। থেমে মেরে আছে শরৎ-শেষের হিমেল বাতাসও। বদলে অনিশ্চিত আশঙ্কা গুঁড়িমেরে আশ্রয় নিয়েছে আশপাশের ঝোপঝাড়ের আঁধারে আর লোহারদের খুপরি ঘরের আনাচে-কানাচে।
কিন্তু সেসব জানতে পারেনি কালিন্দী। জানার কথাও নয়। উত্তরকে জয়ী করেছে গানের লড়াইয়ে! তার ফুর্তিতেই সে মাতোয়ারা। সে মাতনের গর্বটুকু বুকে নিয়ে ঘরে ঢুকল ভাবি। দাঁড়াল একটুখানি। অমনি দপ করে নিভে গেল তার মুখের লাজরঙ। বুকে চিরে বেরিয়ে এল একটা গভীর দীর্ঘশ্বাস। দু’চোখ বন্ধ করে ভাবল কিছু। হঠাৎ জোর করে ঝেড়ে ফেলল আশঙ্কার সবটুকু ভার। বলল, “ধুর, যা হবেক্ হবেক্!”
তারপরই তৎপর হল। ভাঙল হাঁড়িয়া। দু’হাতে সেটাকে তুলে আনল। নামাল কালিন্দীর সামনে। মুখে সোহাগের হাসি ফুটিয়ে বলল, “মরি নাই ল্যা! নিদয়কে তুর আর ঝালাপালা ধরাতে হবেক্ নাই। হাঁই ল্যা, খা। ল্যা-হ্যা, ল’গাঁয়ের নুয়াররা, তুরাও একটুকুন স্যাবা কইরে ল্যা।”
ব্যস! লোহারদের আর কী চায়! ধামসা-মাদল নামিয়ে সব বসে গেল উঠোনে। ভাবি আরেক হাঁড়ি জল আর মদ রাখার জন্য একটা হলা এনে রাখল তাদের সামনে। তারপর ফিরে গেল দাওয়ায়। দু’জন উঠে এল হলাটার সামনে। একটা গামছা মেলে ধরল তার উপর। তা দিয়ে চালা হবে মদ। বসল কালিন্দী। একচিলতে হাসি ফেরত দিল ভাবিকে। হাত দিতে গেল হাঁড়িয়াভরা হাঁড়াতে। অমনি বাদাড়ের কাছ থেকে শুনতে পেল ডাক, “সদ্দার! অ্যা সদ্দার!”
লোহার পাড়ার জানুয়া অর্থাৎ খবরি এসে দাঁড়াল উঠোনে। কালিন্দী হাঁড়ায় হাত ডুবিয়ে বলল, “ক্যা বটিস্ রে? অ শুকু! ত, তুই ইকাই য্যা! বাকিরা কই? আয়-আয়। বোস ইখ্যানেই। কই লো ভাবি, হাঁ দ্যাখ পাড়ার–”
“না সদ্দার!” কালিন্দীর কথা শেষ হওয়ার আগেই থমথমে মুখে আপত্তি জানাল লোহারদের জানুয়া শুকু লোহার। বলল, “আমি বসতে আসি নাই সদ্দার।”
“বসতে আসিস্ নাই!” হুস করে উড়ে গেল কালিন্দীর মুখের রঙ। এ কণ্ঠতো সর্দারের ঘরে ডাক-মাতনে যোগ দিতে আসা লোহারের নয়! তবে! এই তবেটুকুর উত্তর খোঁজার জন্য শুকুর মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকাল কালিন্দী। বলল, “থাইলে! থাইলে কী কইত্তে আইচিস্ শুনি?”
“পঞ্চে তর ডাক পড়িচে! তার খবর লিঁইয়ে আলম।”
“কী! পঞ্চে! আমার ডাক পড়িচে!”
“হঁ। তাগাদা কইরে চলে আয়। মনসামেলায় জড় হঁইচে সোব।”
আর দাঁড়াল না শুকু। থমথমে মুখ নিয়ে বেরিয়ে গেল বাইরে। অমনি ল’গাঁয়ের লোহারদের মুখ থেকে নিভে গেলদিনশেষের আলো। যে ধাঁড়ি শুয়োরটা ছাঁ-পনা নিয়ে ঘোঁত ঘোঁত করছিল খোয়াড়ের পাশে সে-ও ধপ করে শুয়ে পড়ল সেখানে। ছানাগুলো হামলে পড়লো মায়ের স্তনে। এমনকি বাদাড়গোড়ার কুখড়াগুলোও ভুলে গেল বাদাড় খুঁটতে। হাঁড়ার ভিতরে অচল হয়ে এল কালিন্দীর হাত। তাকাল দাওয়ার দিকে। ভাবি জনককে পায়ের কাছে টেনে দাঁড়িয়েছে। তার মুখেও মূর্ছা গেছে সবটুকু রঙ। তবু বলল, “বাউনকত্তা ষোলআনা ডাকিচে।”
কালিন্দীর বুঝতে আর কিছুই বাকি থাকল না। বুঝতে বাকি থাকল না ল’গাঁয়ের লোহারদেরও। তাদের একজন বলল, “সদ্দার, থাইলে আমরা আজ যেছি। আমরাই তুখে ই আতন্তরে ফেল্লম। কিছু মনে লিস্ নাই বাপ্ আমার।”
“না।” সর্দারসুলভ দৃঢ়তা বেজে উঠল কালিন্দীর কণ্ঠে। হাত চালাল হাঁড়ার ভিতরে। একদালা পচুইভাত বের করল। ফেলে দিল গামছায়। তাতে হাঁড়ির জল ঢেলে বলল, “তুরা কালিন্দ্যা নুয়ারের দুয়ারকে আসিচিস্। ই দুয়ার থাইকে কেউ কনুদিন খালি মুয়ে ঘুরে নাই। তুরা হেঁড়্যা চাল। আমি অখনেই আসচি।”
উঠে দাঁড়াল কালিন্দী। কোমরের গামছাখানা দিয়ে পাগ বাঁধল মাথায়। ল’গাঁয়ের লোহারদের একজন আমতা আমতা করে বলল, “তা কেমন কইরে হবেক্ সদ্দার! তুঁই মুয়ে না দিলে আমরা–”
“ব্যাশ! হাঁইলে মুয়ে দিলম আমি।” হাঁড়িয়াভরা হাঁড়িটা তুলে মুখে ঢেলে নিল একটুখানি রস। তারপর বেরিয়ে এল বাইরে।
এর মধ্যেই শরৎ-শেষের হিম ভারী করে তুলেছে মন্দ-বাতাসকে। শিশিরভেজা গন্ধ সুবাস ছড়াচ্ছে ভাবরি ফুলের গাঢ় নীলে। ঘাসগন্ধ গায়ে মেখে বেড়ালা ফুলের মেটে-হলুদে জমা হচ্ছে ছাই-রঙ। আগেই মূর্ছা গেছে দিন-বিদায়ের রক্তরাগ। পাঁশকাড়া খোলার মতো গোমড়া হয়ে উঠছে আকাশের মুখ। গোমড়া হচ্ছে কালিন্দীর মনে ফুঁসে ওঠা জেদটাও। গুমরে মরছে ভিতরে। কিন্তু কিছু একটা করার মতো সর্দারীত্ব মাথা তুলতে পারছে না কিছুতেই। বরং কাচগাছের ঝুরো ফলের মতো তার মনে দুলছে উদ্বেগের ঝুরোরা।
এমনটা যে হবে তা সে একবারের জন্য ভাবেনি। জাতধর্ম আর পাঁচপাড়ার সর্দারীত্বের টানাপড়েনে সে লোহারদের মানরক্ষাকেই বেশি গুরুত্ব দিয়েছিল গতকাল। তাই বলে জাতধর্মের জন্য যে কোনোরকম গ্লানি তার মনে জাগেনি তা নয়। বরং ভেবেছিল আজকের ডাক-মাতনের শেষে সবার কাছে ক্ষমা চেয়ে নেবে। আগামীকাল নিজেই ডাকবে পঞ্চ। নিজেই চাইবে বিচার। কিন্তু তার আগেই যে লোহাররা তার বিচারের তোড়জোড় করবে সে ভাবনা তার কল্পনারও অতীত ছিল। তাই আগত সান্ধ্য-আঁধারের মতো তার মনে চেপে বসল কিছুটা অভিমানও। কিছুটাবা জেদ। সেই সঙ্গে উদ্বেগের ঝুরো। তা নিয়েই কালিন্দী এসে দাঁড়াল মনসামেলায়। দেখল, সেখানে জড়ো হয়েছে লোহারপাড়ার মুরুব্বিরা সব। জড়ো হয়েছে বাকি লোহার মরদরাও। আবছা আঁধার থমথম করছে তাদের মুখের রেখায়। কালিন্দী একবার সবার মুখের উপর দিয়ে চোখ বুলিয়ে নিল। কিন্তু মুখে বলল না কিছু। একটা অস্ফুট গুঞ্জন বয়ে গেল মনসামেলার বাতাসে। তাকে পাত্তা দিল না কালিন্দী। পঞ্চের সামনে পাছা পেতে বসল। মনসামেলার দাওয়ায় আগের থেকেই বসে আছে পাঁচ মুরুব্বি। তার মধ্যে সব থেকে বয়স্ক লটন্যা লোহার। গম্ভীর গলায় বলল, “উখ্যানে ক্যানে বসচিস্ সদ্দার? তুর জায়গাতেই বোস।”
লোহাদের পঞ্চে সবার উপরে জায়গা বরাদ্দ থাকে সর্দারের। তার নিচে পাঁচ মুরুব্বির। কিন্তু কালিন্দী আজ সেখানে জায়গা নিল না। একজন সাধারণ লোহারের মতো বলল, “না। আজকে ত উ জায়গা আমার লিয়া যাবেক্ নাই ব! আমাকে লিঁইয়েই যখন পঞ্চ– আমারেই ত বিচার! থাইলে উ জায়গা আমার কী কইরে হয়! আমি পাঁচপাড়ার সদ্দার হঁইয়ে ত লিয়ম ভাঙতে লাইরব বাপ্!”
এরপর আর কারো মুখে কথা সরল না। কালিন্দীর কন্ঠে অভিমানের ভারটুকু চেপে বসল সবার বুকে। কিন্তু তারাই বা কী করবে! সনাতন মুখুজ্জে ষোলআনা ডেকে লোহারদের বিচারের হুমকি দিয়ে গেছে। বলে গেছে, মধুপুর থেকে তাদের বাস তুলে তবে সে দম নেবে। তাহলে!
এই তাহলেতে এসেই আটকে গেছে সবার সবটুকু ভাবনা-শক্তি। এখন তাদের সর্দারের অভিমানাহত গলা শুনে আটকে গেল বাকশক্তিটুকুও। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকল সকলে। হঠাৎ রক্তচন্দনের ডালে ধমকে উঠল হুতোম প্যাচাটা, “চ্যার-র-র-র-র-র-র-র-র– চ্যা– চ্যা– চ্যা!”
তাতেই নড়েচড়ে বসল সকলে। কালিন্দী অভিমানের ভারটা ঝেড়ে ফেলে বলল, “বল, আমার অপরাদের কী সাজা বটে?”
“আঁ!” চমকে উঠল লটন্যা লোহার। অস্ফুট উচ্চারণের সঙ্গে মাথা তুলল। তাকাল কালিন্দীর দিকে। বলল, “অপরাদ! হঁ, তা অপরাদ হঁইচে বৈকি সদ্দার। নুয়ার সুমাজে ত কেউ আজতক্ক গলার ঘরকে ডাক না পৌঁছাঁইয়ে রয় নাই। ই ত আমদের জাতধম্মই বটে ব! কিন্তুক্ তুঁই তাখে ভাঙে–”
“শুন খুড়া। জাতধম্ম আমাদের সদ্দারে খুয়ায় নাই। উ বাউনকত্তা আনখাঁই গণ্ডুগুল বাঁদাই বসে রইচে।” কালিন্দীর পিছনে বসেছিল একটা জোয়ান ছেলে। সেই হাত ছুড়ে হেঁকে উঠল। লটন্যা অবাক হয়ে বলল, “খুয়ায় নাই! ই তুঁই কী বলচিস্!”
“ঠিকেই বলচি। তুরা কানা হঁইচিস্ বলে দেখতে পাস নাই।”
“তুর খুব য্যা লবর লবর কুথা হঁইচে রে ব, আঁ!” একটু আগের নরমভাব মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল লটন্যা লোহারের মুখের রেখাদের। সমান মাপে হেঁকে উঠল সে-ও, “পঞ্চর মুয়ের উপরে কেমন কইরে রা কাড়তে হয় তাও ভুলে মাইরে দিঁইচিস্!”
“ত তুরা যদি ডরাঁই মরিস্ গরজে পড়েই আমাদেরকে মু খুলতে হয়।” ছেলেটি আগের থেকে গলাটা একটুখানি নামাল। বলল, “কাখে তুরা জাতধম্ম খুয়ান বলচিস্? হঁ, আমিঅ মানচি, যদি বাউনকত্তার ঘরকে ডাক না যাথক থাইলে অনত্থই হথক্। কিন্তুক্ ডাক ত গেইচে।”
“ডাক গেইচে! ক্যা লিঁইয়ে গেইচে ক্যা?”
“ক্যানে ভাবি– আমাদের সদ্দারনী! উ ডাক লিঁইয়ে যায় নাই?”
“সেইটাই ত বিচারের বটে রে ব। যা নুয়ার সুমাজে কভুঅ হয় নাই, তাই হলেক্! আর ইয়াকে তুঁই মানে লিতে বলিস্? মেইয়ালোকে কইল্লেক্ মরদের কাজ!”
যারপরণায় অবাক হল লটন্যার সঙ্গে আর চারজন মুরুব্বি। অবাক হল নিচেবসা লোহাদের কেউ-কেউও। তবে সব থেকে বেশি অবাক হল কালিন্দী নিজে। ভাবি নিয়ে গেছে ডাক! তা কি কখনও সম্ভব! ও কি জানে না, দেউ নিজে দেউয়ীর যোনি যতেছিল। ডেকেছিল লক্ষ্মীকে। আর ভাবি কিনা! আর ভাবতে পারল না কালিন্দী। মাথার দু’পাশের রগ টনটন করে এল তার। কিন্তু সে কিছু বলার আগেই একজন উঠে দাঁড়াল। বলল, “কী য্যা বলিস তুরা! ভাবি ক্যানে মরদের কাজ কইত্তে যাবেক্! উ হলেক্ পাঁচপাড়ার সদ্দারনী। তুদের থাইকে জাতধম্মের খিয়াল উয়ার অ্যানেক বশি বটে।”
“হঁ, তা বেশি হবেক্ নাই! তাথেই ত ডাক লিঁইয়ে যাঁইয়ে নুয়ারদের মুয়ে চুন-কালি মাখাঁই আসিচে!”
“চুনকালি উ মাখাঁই নাই। মাখিচে বাউনকত্তা লিজেই। আর ভাবিঅ ডাক লিঁইয়ে যায় নাই। গেইচে উয়ার ব্যাটাতে।”
“ব্যাটাতে? কন ব্যাটাতে? হ্যাঁ রে গুইয়া, ই তুই কী করিচিস্! তুর গলার ধন তুলে দিঁইচিস্–”
“হেই, যা-তা কিছু একটা বল্লেই হলেক্ নাকি!” গুইরাম বসেছিল সবার মাঝে। তার নাম শোনার সঙ্গে সঙ্গে হেঁকে উঠল সে, “আমি ক্যানে অমন অধম্ম কইত্তে যাব শুনি! আমি কি গিয়ানগম্মীর মাথা খাঁইয়ে বসে রইচি নাকি!”
“আঁ, তুঁই লোস্? থাইলে ক্যা বটে? ভগা?”
“অ! কনু শালাকে যখন পেছিস্ নাই তখন সোবকে ছাড়ে অখন ভগা শালাকেই ধর, লায়! আমার ত দায় ধরে নাই, য্যা ধম্ম খুয়াতে যাব!”
“তুঁইঅ লোস্! থাইলে–”
“থাম-থাম। উয়ারা কেউয়েই লয়। ডাক পৌঁছাইচে সদ্দারের ছুটু ব্যাটা। হাঁ জনকা। ত বাপের অবত্তমানে ব্যাটাতে জাতধম্ম রইক্ষ্যা করিচে। ইয়াতে অধম্মটা কুথায় দেখচিস্ তুরা?”
“হঁ, যত ছুটুই হোক।” আবার একটা হালকা গুঞ্জন উঠল সবার মধ্যে। অন্য একজন বলেও ফেলল, “উ ত নুয়ার মরদেই বটে। থাইলে–”
“বটে! নুয়ার মরদ হলেই শাতখুন মাপ! উ কি গতান্যা বটে? গতান্যা মুনিস ছাড়া কবে কন নুয়ারে লিঁইয়ে গেইচে ডাক? বাউনকত্তার রাগ ত আর পেঁদুয়াপেঁদি লয়!”
লটন্যা তেড়ে উঠল। তেড়ে উঠল বাকি চার মুরুব্বিও। এমন সময় ল’গাঁয়ের লোহাররা এসে দাঁড়াল মনসামেলায়। তাদের মধ্যে বয়স্ক লোকটি জোড়হাত বুকে ঠেকাল। বলল, “কিছু মনে লিস্ নাই মুরুব্বিরা, আমরা ভিন গাঁয়ের হঁইয়ে তুদের পঞ্চতে মু লাড়চি।” ঝুঁকে ডানহাতের আঙ্গুল ঠেকাল মাটিতে। তা নিজের জিভের ডোগায় ঠেকাল। তিনবার কানমলা নিল। বলল, “তবে মু না লাড়েও ত উপায় নাই।”
“বটে রে শালারা! তুদের লাগেই আজকে আমাদের ই হাল। আর তুরা আইচিস আমাদের পঞ্চে ফপরদালালি মাইত্তে! কী ভাইবেচিস্, আমাদের সদ্দারকে হাত কইরে তুরা পার পাঁইয়ে যাবি! শুন, নুয়ারডাঙার নুয়ারদের হাত থাইকে লাঠি অখন খসে যায় নাই রে ব!”
“পার আমরা পাইতে খুঁজি নাই মুরুব্বি। আমরাও বলচি, হঁ, বিচার দুরকারেই বটে। তবে সোব দিগ ভাইবে বিচারের নিদান দিলে নুয়ার সুমাজেরঅ মান থাকে। তাল্লাগেই বলা। নাইলে–”
“নাইলে! নাইলে আবার কী বটে রে ব, আঁ!”
“আঃ ভাদা, তুঁই চেঁচাস্ নাই ত ব।” ভাদা লোহার অনেকক্ষণ থেকেই ধৈর্য হারাচ্ছিল। তাই ল’গাঁয়ের লোহারদের নাকগলানো সে মেনে নিতে পারছিল না। কিন্তু তার হুম্বিতুম্বিতে বিরক্ত হয়ে উঠল লটন্যা লোহার। বলল, “সোব লিঁইয়ে গোল করার রীতটা তুর গেলেক্ নাই। আগে শুনতে দ্যা উয়ারা কী বলচে! বল রে, বল। কী তুদের বইলবার আছে, বল?”
“না, বইলবার আর কী রইচে। শুদু নুয়ারডাঙার পঞ্চর কাছে আমাদের জানবার রইচে, জাতধম্ম বড়, না নুয়ার সুমাজের মান বড়?”
এরপর সবকিছু খুলে বলল লোকটি। সব শুনে লটন্যা বলতে গেল, “তুদের কুথা যদি মানেও লিই থাইলেও ত সদ্দারের কিছু একটা ব্যবস্তা কইরে যাওয়া দরকার ছিলেক্। বাউনরাই ই গাঁয়ের বাপ-মা সোব বটে। দিনের বেলায় উয়ারা হুমকি দিঁইয়ে গেইচে–”
“ই-ত শালা আচ্ছা ঝামিলায় পড়া গেলেক্ রে ব, আঁ!” লটন্যার কথা শেষ না হতেই হেঁকে উঠল আরেক মুরুব্বি। বেজার মুখে বলল, “অখন মান রাখি না কুল রাখি!”
“হঁ, ইটাই হলেক্ আসল নুয়ার মরদের পারা কুথা। নুয়াদের মান রাখতেই হবেক্।”
“হঁ-হঁ ঠিকেই বটে। মান রাখার থাইকে বড়–” হৈ-হৈ করে উঠতে গেল লোহাররা। কিন্তু তাও পরিণতি পাওয়ার সুযোগ পেল না। খেঁকিয়ে উঠল লটন্যা, “রাখতেই হবেক্! আর ঘর-দুয়ার! ছাঁ-পুনা লিঁইয়ে অখন থাইলে পথে বের্যা সুবাই। বাউনদের রাগ ত জানিস নাই তুরা!”
“কাখুকে কুথাও যাতে হবেক্ নাই।” নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়াল কালিন্দী। সর্দারসুলভ গাম্ভীর্য নিয়ে বলল, “ইয়ার বিচার করার মুরাদ য্যা তুদের কারুর নাই, স্যা আমি ভাল করেই জানি। তবে শুন, অপরাদ আমি করিচি বটে। কিন্তুক্ স্যা অপরাদ আমার হঁইচে নুয়ারদের লাগেই। নুয়াদের মান রাইখবার লাগেই। তবু অপরাদ আমার হঁইচে। কাল থাকে মন আমার কম কাঁদে নাই। অখন ই পঞ্চর সুমুয়ে আমার অপরাদের শাস্তি আমি লিজেই লিচ্চি।”
মাথার পাগ একঝটকায় টেনে খুলে ফেলল কালিন্দী। বসল হাঁটুপেতে। নাক ঠেকাল মাটিতে। তা রগড়ে এগিয়ে গেল মনসামেলার দাওয়া পর্যন্ত। উঠে দাঁড়াল। বলল, “হঁইচে ত? সেই সঙে ই অপরাদের সাজা হিসাবে একটা বরা আর পাঁচ হাঁড়া হেঁড়্যা আমি নুয়ারদেরকে দুব। বল, ইবারে তুরা কী বলচিস্?”
ঠিক এমনটা যে কালিন্দী করবে তা শুধু পাঁচ মুরুব্বিই নয়, লোহাদের কেউই ভাবেনি। বদমেজাজি, একরোখা-গোঁয়াড় হিসেবেই তাকে জানে সকলে। তাছাড়া সর্দার হিসেবে সে কখনও অনিয়ম হতে দেয়নি লোহারপাড়ায়। পাঁচপাড়ার বিচারেও কেউ কখনও আঙ্গুল তুলতে পারেনি তার দিকে। আজকেও কেউ আর কোনো কথা বলতে পারল না। মাথা নামিয়ে শুধু এক মুরুব্বি বলল, “সদ্দার, তুঁই নুয়ার সুমাজের মা-বাপ্ বটিস্! তুর ছাওয়াতে নুয়াররা আজতক্ক কনু আপদ-বিপদের মুয়ে পড়ে নাই। তবে আজকে–”
“হঁ। আজকে যা হলেক্ তা না হলেই ভাল ছিলেক্, ই আমিঅ মানচি।” লটন্যাও নরম গলায় মিনমিন করল। সংশয় নিয়ে বলল, “কিন্তুক্ বাউনরা–”
“স্যা ভাবনা তুদের লয়। আমি পাঁচপাড়ার সদ্দার কালিন্দ্যা নুয়ার বটি! আমি থাইকতে নুয়ারডাঙার নুয়ারদের একটা চুলতক্ক হেলতে দুব নাই। বাউনরা ডাকুক ষোলআনা। বসাক সালিশি। আমার নামঅ কালিন্দ্যা নুয়ার বটে, ই কুথা তুরা ভুলে যাস নাই!”
দপ করে জ্বলে উঠল কালিন্দীর চোখজোড়া। আরেকটা গুঞ্জন দোলা তুলতে গেল মনসামেলার বাতাসে। কিন্তু তার আগেই আবার চেঁচিয়ে উঠল হুতোমটাও, “চ্যার-র-র-র-র-র-র– চ্যা– চ্যা– চ্যা!”
কথা
(ছয়)
দিন দুই হল শুক্লতে পা দিয়েছে পক্ষ। ধপধপে আকাশে কাস্তেফালি চাঁদখানি উচ্ছ্বাসহীন হয়েই ঝুলে রয়েছে পশ্চিম দিগন্তে। উচ্ছ্বাসহীন রয়েছে ঘাসের ডোগায় তার প্রতিবিম্বদেরও। গাছগাছালির সঙ্গে তারাও কেমন যেন আড়ষ্ট। তবু হৈ-হৈ রবে চঞ্চল হয়ে উঠল হরিমেলাটা। ডাকা হয়েছে ষোলোআনা। ষোলোআনার বাগাল লক্ষণ্যা লোহার ঘরে ঘরে দিয়ে এসেছে তারই বার্তা। এই নাকি রীতি। তা রীতি তো মানতেই হবে। লোহারপাড়ায় জন্ম নিয়ে তার অন্যথা করে সে সাধ্য কার আছে!
সেই মতো জড়ো হয়েছে সব হরিমেলায়। বৃদ্ধ রামহরি মুখুজ্জে আর জনা দুয়েক মুরুব্বি বসেছে একটা খাটিয়ায়। রামহরি মুখুজ্জে হাতের হুঁকোতে ভুড়ুক ভুড়ুক টান দিচ্ছে। তারই আয়েশ ছড়িয়ে যাচ্ছে আশপাতাশের বাতাসে। শুধু আয়েশ জাগছে না জড়ো হওয়া ভিড়ে। রামহরিকে ঘিরে চলছে চিৎকার। যারা চিৎকার করছে তাদের মধ্যেই একজন বলল, “না-না খুড়া, ইট্যা কনু কাজের কুথা লয়। ষোলোআনাকে আজ ইয়ার একটা বিহিত কত্তেই হবেক্।”
“হঁ-হঁ কইত্তেই হবেক্। নাইলে দিনে দিনে শালা ছুটুলোকে মাথায় হাগতে খুঁজবেক্ খুড়া, ই আমরা বইলে রাখচি।”
“হাগতে খুঁজবেক্ মানে! হাগতে খুঁজচে। বরঞ্চ বলা ভাল, হাগে দিলেক্। এই য সনাতন্যার ঘরে ইবারে যা হলেক্, তা যে কাল দিনে তুর আমার ঘরের বেলাতেও হবেক্ নাই, ই কুথা জোর দিয়ে বলতে পারে কন শালায়!”
“সেই কুথাই ত আমিঅ বলচি।” চেঁচিয়ে উঠল সনাতন। অভিযোগের সুরে বলল, “শালার জাতের বাড়খ্যানা ভাব একবার! মাগিকে দিঁইয়ে পাঠাঁইচে ডাক, আঁ! অমন কুথা কেউ কখনু বাপের জম্মে শুনিচিস্!”
“না-না, ইট্যা খুবেই অন্যায় হঁইচে। ই মানে লিইয়া যায় না বাপ্। ঠাকুর-দেবতার সঙে বেহিল্লিক! না-না, ইট্যা ঠিক লয়।”
“তবে? আচ্ছা, আমার কী দোষ বটে তুমরাই বল ক্যানে! আজ চৌদ্দপুরুষের চাষ আমার। অমন অঘটন কনুকালে ঘটিচে বলে ত শুনি নাই ব! একেই ত লক্ষ্মীর মতন চঞ্চলাকে লিঁইয়ে কাজ কারবার। তাবাদে আচারেও যদি টান পড়ে, থাইলে কি আর একদণ্ডও উ আমার ঘরে থিরাবেক্! বল-বল, তুমরাই বল ক্যানে!”
“আঃ, অত কইরে গাঙাস নাই বাপ্!” বিরক্তির কুঞ্চন খেলে গেল রামহরির ভ্রূজোড়ার মাঝে। বিরক্ত হল হয়তো তালগাছটার ডালে বসা রাতচরা পাখিটাও। কাউকে কিছু না বলে ফড়াৎ করে উড়ে গেল আকাশে। কিন্তু রামহরি কিছু না বলে থাকতে পারল না। খেঁকিয়েই বলল, “তুঁই ডাকিচিস্ ষোলোআনা। তা ব্যাশ করিচিস্। অখন আমরা মাতব্বররা ত রইচি তার বিচারের লাইগে। নাকি তুঁইয়েই বড মাতব্বর হঁইচিস্ আজকাল।”
“হঁ, স্যা রইচ।” খ্যাঁকানি খেয়ে কিছুটা থতমত খেয়ে গেল সনাতন। অনিচ্ছা সত্ত্বেও বলল, “ব্যাশ, থাইলে তুমরাই ইয়ার বিধান দাও। আমার যা বলার স্যা-ত বলিচিয়েই।”
“অ্যা কালিন্দ্যা, শুনলি ত সোবেই।” রামহরি দৃষ্টি গুটিয়ে নিল সনাতনের দিক থেকে। পাতল কালিন্দীর মুখের উপর। বলল, “অখন তুঁইয়েই বল, তুর কী বলার রইচে?”
কালিন্দী দাঁড়িয়েছিল সবার থেকে দূরে। আকাশের চাঁদটার মতোই জড়োসড়ো হয়ে। সকলের ছোঁয়া বাঁচিয়ে। হাতে একচাপ গোবর নিয়ে। সেখান থেকেই বলল, “আমি আর কী বইলব ঠাকুর! তুমাদের কারু না কারু ঘরেই ত নুয়ারদের চৌদ্দপুরুষের গতান্যা খাটা। কখনু অমন কাজ হয় নাই।”
“হঁ, স্যা-ত শুনলম। কিন্তুক্ তুঁই অতবড় অনাচার কইল্লি ক্যানে, ইট্যা বল আগে।”
“আমার আর কনু পথ ছিলেক্ নাই ঠাকুর। আমি পাঁচপাড়ার সদ্দার। কী কইরে নুয়ারদের আতন্তরে পাশে না দাঁড়াইয়ে থাকি বল!”
“হুঁ! স্যা নাইলে দাঁড়াইচিস্ ব্যাশ করিচিস্ কিন্তুক্–”