সবুজ ধারাবাহিক ৫
বুনো ঝোপঝাড়
গাছবন্ধু
হাতিশুঁড়

বৈজ্ঞানিক নাম: Heliotropium indicum
ইংরেজি নাম: Indian heliotrope
অন্যান্য বাংলা নাম: হাতিশুঁড়া, হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী
লাখ লাখ বছরে আণুবীক্ষণিক প্রাণের প্রচেষ্টায় পাথর ভেঙে তৈরি হয় মাটি। আর সেই মাটি মুহূর্তেই মানুষ খুন করে। সাধের মাটি প্রাণের মাটি হয়ে যায় পোড়া ইট। পোড়া ইটের আবিষ্কার মানবসভ্যতা গড়ার ইঙ্গিত না কি ধ্বংসের সূচনাপর্ব? এ খুবই গোলমেলে প্রশ্ন। সুউচ্চ ইটের বাড়ি, প্রাসাদ, শপিং মল সবই তো মাটির মৃতকথা। তবু ‘মাফিয়া মানুষ’ সহজে হাল ছাড়ে না, বুলডোজার নামায় প্রকৃতির বিরুদ্ধে। অরণ্য-ধর্ষণে মাফিয়ারা নেমে এলে তাদেরে বাঁধা দিতে ঝাঁপিয়ে পড়ে বুড়ো শিম্পাঞ্জী। বুলডোজার কিন্তু ছাড়ে না তাকে। শিশ্ন-বাগিয়ে তাড়া করে। তাড়া খেয়ে ওরা পালায় স্বভূমি থেকে। অরণ্যপ্রাণী অরণ্যমানুষ উৎখাত হয়ে যায় আমাদের মাফিয়া-মননে। মাটির মতো গ্রামকে-গ্রাম খুনের পর সেখানেই গড়ে ওঠে শহর। সেও খুন হয় একদিন! নাম হয় তখন ‘নগর’। আর ‘মহানগর’ তো মৃত এক গ্রামসমগ্র। পুরোনো শ্মশানে কাঠের চুল্লি উঠে বৈদ্যুতিন চুল্লিপ্রাসাদ গড়ে ওঠে দেখি দিকে-দিকে। গ্রামের লাশের ’পর ফুলে ওঠে আধুনিক সভ্যতার বাইসেপস্। মানুষ ছেড়ে যাবার পর মাত্র দু-বছরেই কীভাবে নিউ ইয়র্ককে গিলে খাবে বিপুল অরণ্যবাহিনী, দেখিয়েছেন অ্যালেন ওয়েইজম্যান। হ্যাঁ, ওই তো দুশো বছরের ফরাসি অহংকার কয়েক মুহূর্তেই ভ্যানিশ! ওই তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার! ওই তো কত কত আস্ফালন! মুহূর্তের রিখটার-ঝাকানাকায় ‘বেবাক শ্যাষ’! কলকাতাও একদিন ‘তিলোত্তমা’ নয়, তলায় উত্তমা হয়ে পড়ে থাকবে অগাধকাল! উপরের অরণ্য মরছে, তলার জল সরছে। খ্যাপা তোরা যাবি কোথা?

মন খারাপ হয়। ছুটে আসি বনপথে। দেখি প্রেমিকার বাঁকানো আঙুলের মতো পুষ্পদণ্ডে গুঁড়িগুঁড়ি সাদা তারা ঝরে পড়েছে সারারাত। বিশ্বখ্যাপা আমায় দেখেই ছুটে আসে। বলে, “হাতিশুঁড়। চিনতে পারিস?”
“পারি। শৈশবের স্বর্গোদ্যান এখন আমাদের স্যানিটারি ট্যাঙ্কে ভরে গেছে গাছদাদা। অগত্যা…”
হাঁটু-সমান উচ্চতার এই ঝোপালো উদ্ভিদ বাঁচে একবছরই। গুঁড়িগুড়ি সাদা বা কখনও দেখা মেলা মৃদু বেগুনি ফুলের বুনো ঘ্রাণেই আমাদের শৈশব ছড়িয়ে আছে কীভাবে। হাতির শুঁড়ের মতো বাঁকা পুষ্পদণ্ড, তাই বুঝি একদিন সে হয়ে যায় ‘হাতিশুঁড়’। ঝোপের আড়ালেই হস্তিদর্শনের কল্পনাটা বেঁচে থাকে ভীষণ। কল্পনার এই গভীর সঙ্কটের দিনগুলিতে ফুলগুলির দিকে চেয়ে-চেয়ে জাগিয়ে তুলি মুছে যাওয়া কল্পনার হাতিকথা, লোকপুরাণ ইত্যাদি। মানুষ কল্পনায় বাঁচে, কল্পনায় ছবি আঁকে। আধুনিক স্কুলগুলোর নিষ্ঠুর ‘ডাস্টার’ মুছে দেয় সেইসব কল্পনা। কল্পনাকে হারিয়ে কত অসহায় আমরা আজ, ভাবলেই গুমরে ওঠে বুক!
হাতিশুঁড় এক মহামূল্যবান ভেষজ-উদ্ভিদ। আদিবাড়ি এশিয়ায়। তামিলেরা দেশিয় ঔষধ হিসেবে আজও ব্যাপকভাবে ব্যবহার করে হাতিশুঁড়কে। ফিলিপাইনসবাসীরা তো সুপ্রাচীন কাল থেকেই জানে এর উপকারিতা। এর পাতার রস ফোঁড়া, ক্ষত, চোখ-ওঠা সারানোয় মাহির। গোটা আফ্রিকার ক্রান্তীয়প্রদেশে বাতের বেদনা ও নানা ধরনের চর্মরোগ উপশমে ব্যবহৃত হয়ে থাকে হাতিশুঁড়ের পাতা। তবে, ভয়ও আছে এই বুনোঝোপে। এর শরীরে ‘পাইরোলিজিডিন এলকালয়েড’ নামক এক-প্রকার বিষ থাকে যা আমাদের শরীরে টিউমার সৃষ্টি করতে পারে। সকল জীবকেই প্রকৃতি তো কোনও-না-কোনও আত্মরক্ষাকবচ দিয়ে থাকে। দিয়েছে তেমন ওদেরকেও। যেমন আমাদের ঘরের টবে শোভা-পাওয়া অনেক গাছই বিষ লুকিয়ে রাখে আত্মরক্ষায়।
‘আগাছা’ নাম দিয়ে স্বভূমি থেকে হাতিশুঁড়কে উৎখাত করার প্রবণতা বেশ পুরোনো। আগাছা নয়, বন্ধু বলো ওদের। নিজস্ব বাগানে ডাকো এই ভেষজ-উদ্ভিদকে। জীবনবায়ুর পাশাপাশি সে দৃশ্যসুখ দেবে, রোগ সারিয়ে জীবনও দেবে দীর্ঘ। গাছেদের বিরুদ্ধে উদ্ধত
বুলডোজার ‘মহাজীবন’ নয়, আর-একটি শ্মশানের জন্ম দিতে পারে শুধু।
