তীর্থঙ্কর মৈত্র

হে গ্রাম আমার

গুলতি ছোব না আর শোন তেঁতুল গাছের হলদে পাখি!

ভোরের রোদের কাছে ক্ষমা চাই—ক্ষমা করো রোদ!

নৌকোর ঘাটে আলো, হোগলার বনে পড়া রোদ শোনো,

হাঁসের পালক খুঁজে ফিরব না আর কোনও ঘাটে!

চরের কাদায় নেমে ডগরা মাছের গর্ত খুড়ব না,

দেব না তো হাত ওই খেজুরের চারা গাছ গর্তে আর,

থাকুক দোয়েল পাখি নিয়ে ডিম নীল দুটি, বুকে ওর!

বলব না কোনও দিন, জলের ওপর লাল শাপলার

গঙ্গা ফড়িংটিকে ডেকে—‘শরৎ যে এসেছে আবার!’

পাড়ার ছেলের দলে মিলে আর খেলবো না গুলি।

দুপুরের ঘা’ন ঘরে দক্ষিণা বাতাস সাথে হেসে ঠুলি

খুলব কী গরুটির, যে গরু মারের ভয়ে সারাদিন ঘোরে!

জাল কাঁধে নদী কাছে দাঁড়াব না কোনও দিন আর ভোরে;

হে গ্রাম আমার তুমি—সব পাপ মুছে নিও তোমার আঁচলে!