সাপ্তাহিক কবিতা আশ্রম, ২৯ শ্রাবণ ১৪২৮
Painting: Eva Hesse
সুব্রত চক্রবর্তী
অবশেষ
দ্যাখো, বৃষ্টি, যত কথাই তোমায় বলি
ঠিকমতো বলা হয়ে ওঠেনা কখনও
যতই লিখি না কেন পৃষ্ঠা জুড়ে
পৃষ্ঠা জুড়ে জুড়ে
সবটুকু জানানো গেল না
কিছুটা ভ্রষ্ট হল ধুলো দুর্বিপাকে
কিছু নিয়ে গেল কুয়াশায়
এখন গুমরে ওঠে শূন্য ঘাটে মধ্যদুপুর
এখন ফুঁপিয়ে ওঠে একা বৃক্ষমূল
চলো, তার চেয়ে ওই জলের কিনারে গিয়ে বসি
চুপ করে অপেক্ষা করি
ঢেউয়েরা ঘুমোতে যাক আগে
বুদবুদগুলো একে একে শূন্য হোক
নিঃশব্দে থিতিয়ে যেতে দাও কাদা বালির হুল্লোড়
তারপর টলটলে স্ফটিকের নিচে
মহাপাত্রে কী কী পড়ে রইল অবশেষ
সেদিন না হয় শান্তচোখে
জেনে নেব দুজনেই
মৌসুমী রায়
একটি অবৈধ ভোরের জন্ম
অন্তরঙ্গ সূর্য অলস বিকেলের গভীর ঠোঁটে
একটি উড়ন্ত চুম্বন এঁকে ঝুপ করে ডুব দেয়
গোধূলির ঢালে
সন্ধে নেমে আসে আলগোছ পায়ে…
ক্লান্ত সাইকেল হাঁটি হাঁটি পা পা
টকে যাওয়া টিফিন বক্সে গতরাতের
আলুচচ্চড়ি বিচ্ছেদের আলুনি স্বাদ
কেউ নেই আর কোনওখানে
নিভে গেছে চুলার আগুন
তুলসীমঞ্চ খাঁ খাঁ অন্ধকার
জোনাকির এলোমেলো পথ চিনে ফেরা।
ঠান্ডা কুয়োতলা
ঝপাঝপ স্নান শীঘ্রপতনের পরে
স্খলিত মৃন্ময় সাজ
পারা ওঠা আয়নায়
কিম্ভূত লাগে
নিঃসঙ্গ স্বমেহন।
নিভু চাঁদে নিস্কাম আলো
সন্ন্যাসী বীতরাগ ব্যর্থ বৈরাগ্য
যুবতী রাতের মদির ইঙ্গিত
নিজস্ব ভৌতিক অবয়ব কল্পরমণে
মিশে যায় জান্তব মৈথুনে
অনভ্যস্ত একটি অবৈধ ভোরের জন্ম হয়…
সিদ্ধার্থ ঘোষ
কবিতা
রিক্সায় বসে এক গৌরবর্ণ যোগী
ভজগৌরাঙ্গ গাইতে
গাইতে
রাধা-গোবিন্দ মন্দিরের সামনে নামল।
যোগীকে দেখেই মন্দিরের কাসর
ঘন্টা বেজে উঠল!
সেই রিক্সায় বসেই হাজী সাহেব নামল
মসজিদ চত্বরে।
মসজিদে বেজে উঠল অজানা ভাষার আজান।
রিক্সাওয়ালার হাতে ওই সাইজের ভেপু বেলুন!
অন্ধকার হতেই, যোগী ও হাজি হাজির
সেই এক রিক্সায় – শোভাবাজার।
তাই দেখে –
সন্ধে হলেই, এক ও অভিন্ন ঈশ্বরবিশ্বাসী
কবিরা শোভাবাজারে শক্তিবন্দনায় যায়।
রিক্সাওয়ালার হাতে থাকে
ওই সাইজের ভেপু বেলুন!
অদিতি
সিক্যুয়েল
দিনের ওপর দিনের পরত জমে…
স্যাঁতসেঁতে দিন, শ্যাওলা দিন, জীবাশ্ম দিন।
সূর্যমুখীর হলদে রঙ কুঁচকে যায়
চোখের পাশে বলিরেখায়
বয়স এসে ভিড় জমায় দরজার
বাইরে দর্শনার্থীর মতো
ভেতরে ঈশ্বর আছে জীবনরূপে।
মেঘের থেকে ধার করা সিঁদুরে
কপাল সেজেছে তার।
জরাগ্রস্ত হাতগুলো অনবরত ঘন্টা
হয়ে বেজে উঠছে।
সাইরেনের মতো সেসব আওয়াজ ঈশ্বরের
কান ভেদ করে বিঁধছে গিয়ে
জীবাশ্ম দিনের বুকে।
সেখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তখন
দু’টো আদিম মুখ।
এরপরই সিক্যুয়েল লেখা হবে
পৃথিবীর সব মহাকাব্যের।
Painting: Eva Hesse
অনিকেশ দাশগুপ্ত
পুতুল
নিজেকে ছাড়িয়ে বেরিয়ে আসছে
যে অস্তরং যুগল মূর্তি
আর ডাইনিং ছেড়ে এগিয়ে যাওয়া
সেই এক বিশুদ্ধ লন্ঠন
পরস্পরকে বাজিকরের
শুষ্ক ভীরু হাসি উপহার দেয়
একদা জীবনের ভেতর
ফুটে থাকা নিবিড় বীজগুলি
প্লেটে, চূড়ান্ত সবুজ টেবিলটপে
আরও একবার
অব্যক্ত সজ্জায় নিজেদের মেলে ধরে
নিকেল গন্ধের এই ঘরেই
শেষপর্যন্ত ম-ম ক’রে উঠবে
প্রথম ছেদনের ঘ্রাণ
মোজেইক চৌকোণ থেকে
গাঢ় জ্যোতিষ্কের দিকে
যেতে-যেতে অতি যত্নশীল হয়ে ওঠা
ওই রোমগুলি
আমাদের ভ্রম নিয়ে খেলে যাবে
সুমন ঘোষ
মাটি
সূর্যের আলোয় তার মাথা ধরে
ফেটে চৌচির হয়
গরম নিঃশ্বাস খুঁজে নেয় ফাঁকা গলিপথ
ফাটল ধরে বলে তাকে আমরা
মাটি বলে ডাকি।
নিঝুম রাতে শিশিরের হাতছানি
আঁধারের নির্যাস দখল নেয় খাল-বিল-মাঠ
মৈথুনে ভিজে যায় ঘাস ধুলো নুড়ি
ভোরের জমি, স্নিগ্ধ আলো,
স্বেদকণা মুক্তোর মতো ফুটে থাকে
আঁধার ফুঁড়ে বেরিয়ে আসে আলো
তার পেট চিরে
ফসল ওঠে আমাদের হাতে
আর
আমরা তাকে আদর করে মা বলে ডাকি।
জয়ন্ত মুখোপাধ্যায়
ভরসা
বাবা রোজ মাঠে যায়
সারাদিন ধরে ঘাম ঝরিয়ে
আগুন কুড়িয়ে ফেরে ঘরে
মা সেই আগুনের জোরে
স্থৈর্যের হাঁড়ি উনুনে চাপায়
আমারা সবাই রোজ
সেই হাঁড়িতে
ভরসা ফুটিয়ে খাই।
“ঘরের কাছে আরশিনগর”
পর্ব-৪
কাজুমিকথা
রামানুজ মুখোপাধ্যায়
শহর বর্ধমান থেকে কিছুটা দূরে হাটগোবিন্দপুর গ্রাম। ধুলোমাখা পথ, ধানমাঠ, গাছপালা আর চারদিকে মুখর পাখির কাকলি। একেবারে শ্যামলে শ্যামল। নীলিমায় নীল। দূর থেকে ভেসে আসে রাখালিয়া বাঁশির সুর। তারই মাঝে একটি নিভৃত আশ্রম। আষাঢ়ের পড়ন্ত বিকেলে সে-আশ্রমের নিকোনো উঠোনে বসে বঁটি দিয়ে নারকেলের শুকনো পাতা ছাড়িয়ে কাঠি বের করে রাখছেন এক জাপানি যুবতী। নিত্যব্যবহারের ঝাঁটা তৈরি হবে। সকাল থেকে করেছেন রান্নাবান্নার কাজ, মাটির উনুন আর কাঠের জ্বালানিতে। খাওয়াদাওয়ার পর এঁটো বাসনগুলি তুলে রেখেছেন। শুধু নিজেরটি নয়, গুরুর বাসনগুলিও। বিকেলে কলতলায় বসে সেগুলি মাজবেন। উঠোন ঝাঁট দেবেন। মেঠো পথে খালি পায়ে কলসী কাঁখে জল আনবেন সামনের কল থেকে। দু-দশক আগে প্রকাশিত ধনঞ্জয় ঘোষালের ‘অচিন পাখি’ (২০০৩) উপন্যাসে এই সব দৃশ্যের বর্ণনা ছিল অনেকখানি। সুধীর চক্রবর্তীও ‘বাউল ফকির কথা’ বইয়ে লিখেছিলেন হাটগোবিন্দপুরের এই আখড়ার কথা। শুধু বই পড়ে বা চোখে দেখে নয়, ইউটিউবে সাক্ষাৎকারে কাজুমির মুখেই এই গ্রামজীবনের কথা আপনারা কিছুটা শুনে ফেলতে পারেন।
নাম তাঁর মাকি কাজুমি। জন্ম ১৯৫৯-এ, জাপানের ওসাকা শহরে। বাবা তেরুও কাজুমি, মা হিরোকা কাজুমি আর একমাত্র ভাই সিনসুকো। তেননোজি স্কুলে পড়াশুনো শেষ করে মাকি ভর্তি হয়েছিলেন কানসাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। পাশ্চাত্য দর্শন, বিশেষ করে গ্রিক দর্শনের প্রতি ছিল তাঁর আকর্ষণ। তিন বছর সেখানে পড়াশুনো করার পর বিশ্ববিদ্যালয়ের পাঠ অসম্পূর্ণ রেখে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সমাজ-উন্নয়নমূলক কাজে। জাপানেই যুক্ত হয়েছিলেন কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। সেই সূত্রে ১৯৮৮-তে কাজুমি প্রথমবার ভারতে এসেছিলেন এক মাসের জন্যে। পরের বছর, ১৯৮৯-এ একটু বেশি সময়ের জন্যে আবারও এসেছিলেন এ-দেশে। ছিলেন প্রায় একটি বছর। প্রথমবার ভারতভ্রমণে তাঁর সঙ্গী ছিলেন বিশ্ববিদ্যালয়-জীবনের বন্ধু সাতোমি নাকামুরা। আর ১৯৮৯-এ কাজুমি ভারতে এসেছিলেন একাকী। সঙ্গে ছিল এখানকার কিছু দর্শনীয় স্থানের ছবি, কিছু হিন্দি গান। বাউল গানের সঙ্গে পরিচয় সেবারও তাঁর হয়ে ওঠেনি।
১৯৯১-এ পশ্চিমবঙ্গ থেকে জাপানে গিয়েছিল দু-টি সাংস্কৃতিক দল। একটি দল পুরুলিয়ার গম্ভীর সিং মুড়ার ছো নাচের, অন্যটি সাধন দাসবৈরাগ্যর বাউল গানের। জাপানে ওসাকার ন্যাশনাল মিউজিয়ামের তত্ত্বাবধানে ছিল তাঁদের নাচগানের আসর। সাধন দাসবৈরাগ্যর সঙ্গে গিয়েছিলেন তাঁর দুই ভক্তশিষ্য ভজন বৈরাগ্য ও স্বপন অধিকারী। প্রায় দেড় মাস তাঁরা জাপানে ছিলেন। সাধন দাসবৈরাগ্য আজ বাউল গানের জগতে পরিচিত নাম। কিন্তু তাঁর এ-জগতে উঠে আসার পথটি মসৃণ ছিল না। সাধন জন্মেছিলেন বর্ধমানের শ্যামসুন্দরের কাছে মুক্তিপুর গ্রামে, বিশ শতকের ষাটের দশকে। বাবা গোপাল দাসবৈরাগ্যর কাছে শিখেছিলেন বাউল গান। স্কুলের পড়াশুনো ক্লাস ফাইভ পর্যন্ত। শৈশবের দিনগুলি কাটত মাধুকরী করে। হুগলির রঘুবাটিতে অনন্ত দাস বাউলের কাছে দীক্ষা নিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের একটি বাউল গানের দল। প্রথম দিকে তিন রাত গানের বায়না হত মাত্র পঁচিশ টাকায়। আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই মুক্তিপুরের গানের দলটি নিয়েই সাধন প্রথম এসেছিলেন বীরভূমের কেঁদুলির মেলায়। অল্প বয়সে তাঁর বিয়ে হয়েছিল করুণাময়ী অধিকারীর সঙ্গে। দুই পুত্র দুই কন্যাকে নিয়ে মুক্তিপুরে ছিল তাঁদের সংসার।
১৯৯১-এর সেপ্টেম্বরে জাপানের ওসাকায় সান্ধ্যগানের আসরে গাইছিলেন এই সাধন দাস বাউল। মূলত বাংলা দেহতত্ত্বের গান। শ্রোতারা প্রায় সকলেই মুগ্ধ। আসর-শেষে তাঁরা ফিরে যাচ্ছিলেন যে-যাঁর ঘরে। বসেছিলেন শুধু এক যুবতী, মাকি কাজুমি, গানের ভাবাবেশে তন্ময় তিনি। তাঁর মন বলছে: ‘আমি বাউল হব’! তিনি গায়কের সঙ্গে আলাপ করবার জন্যে উঠে গেলেন। কিন্তু কেমন করে হবে আলাপ, তিনি-যে বাংলা জানেন না? গায়ক সাধন দাসের কাছেও ইংরিজি একেবারে অজানা ভাষা। তবু প্রথম সাক্ষাতেই তাঁদের আলাপ হল। কখনও অঙ্গের উচ্ছ্বাসে, কখনও গূঢ় নীরবতায়।
জাপানের অনুষ্ঠানগুলি শেষ করে বর্ধমানের হাটগোবিন্দপুরে নিজের নিভৃত আশ্রমে ফিরে এসেছিলেন সাধন। কাটছিল দিন, যেমন কাটে। মাস দুই পর, জাপান থেকে হাটগোবিন্দপুরে হঠাৎ এসে উপস্থিত হয়েছিলেন মাকি কাজুমি। কিছু দিন থেকে, না-দেখা ভারতবর্ষের মাধুর্যটুকু মনে নিয়ে, আবার ফিরে যাবেন নিজের দেশে — এবার আর সে-কথা ভেবে আসেননি কাজুমি। এসেছিলেন বাকি জীবনটুকু এ-দেশেই সাধন দাস বাউলের সঙ্গে অতিবাহিত করবেন বলে। যেমন ভাবা, তেমনি কাজ। এখানে এসে শুরু হয়েছিল তাঁর বাংলা ভাষাশিক্ষা। আর তারপর একে-একে জীবনযাত্রার সহজ পাঠ। দীক্ষা নিয়েছিলেন সাধন দাসের কাছেই। চিত্রশোভিত জাপানের উচ্চশিক্ষিত মেয়ে কয়েক বছরের মধ্যে হয়ে উঠেছিলেন হাটগোবিন্দপুরের আশ্রমজননী। আজ তিনটি দশক অতিক্রান্ত হতে চলল। সাধক বাউলদের মতো কাজুমিও সন্তান ধারণ করেননি। শিষ্যরাই তাঁর সন্তান। কাজুমির শুভ্র বসনে, শান্ত সমাহিত দু-টি চোখে আছে সেই দিব্যস্নেহের পরশ। দু-দশক আগে সুধীর চক্রবর্তী লিখেছিলেন:
‘সুন্দরের আসন বিছানো এমন সচ্ছল স্বচ্ছন্দ আশ্রমের মধ্যমণি এক ছবির মতো জাপানি মেয়ে, মাকি কাজুমি। রোগা একহারা চেহারা কিন্তু লাবণ্যে ভরা। গায়ের রং সাদাটে, চোখদুটো জাপানিদের যেমন হয় ছোট কিন্তু শান্ত। পাতলা ঠোঁট। পরনে ধবধবে সাদা শাড়ি ব্লাউজ, শীতকাল বলেই বোধহয় পায়ে সাদা মোজা কিন্তু স্লিপার নেই।’
এই দৃশ্যটির মধ্যে আছে শ্রীমণ্ডিত প্রশান্তি। বাউলের পাশে বিদেশিনী মানেই তা নিন্দাযোগ্য, আমাদের তথাকথিত আলোচকরা এভাবে ভাবতে শিখিয়েছেন। মাকি কাজুমিকে পৌষ মেলায় বাউল গানের আসরে মঞ্চে উঠে গান গাইতে দেননি শান্তিদেব ঘোষ। জাপানি যুবতী কী বুঝবে বাংলার বাউলের, মনে হয়েছিল তাঁর। অথচ তার পক্ষকাল পরে জয়দেব-মেলায় কাজুমি গান গেয়েছিলেন বেশ কয়েকটি আসরে। তিনি দেহতত্ত্বের মহাজনি পদই গেয়েছিলেন। কাজুমি যখন এসেছিলেন, তখন হাটগোবিন্দপুরের আশ্রমে ছিল না বিদ্যুৎ পরিসেবা, এমনকী জলের ব্যবস্থাটুকুও। অনেক কষ্টে বসেছিল একটি টেলিফোন, মায়ের সঙ্গে কথা বলতেন কাজুমি। একে-একে সেখানে ঘরবাড়ি, বিদ্যুৎ, গাড়ি সবই হয়েছে। দেশে-বিদেশে বেড়েছে শিষ্যসংখ্যা। কখনও দেখবেন, কাজুমি আশ্রমে অল্পবয়সী বিদেশি যুবকযুবতীদের দোতারা বাজানোর প্রশিক্ষণ দিচ্ছেন। কখনও শুনবেন তাঁদের মাঝে শান্ত সুমধুর স্বরে তিনি গাইছেন লালন ফকিরের গান অথবা কোনো সুপ্রাচীন মহাজনি পদ। কাজুমি আর সাধনের স্বপ্ন ছিল, ছোট্টো একটি আখড়া গড়ে তুলবেন কেঁদুলিতে। ইলামবাজার থেকে পায়ের-আকম্বা হয়ে মেলা যাওয়ার পথে রামপুরে, মাঠের মাঝে তাঁদের অনাড়ম্বর আখড়াটির নাম ‘মনের মানুষ’। শুধু মেলার সময়ে নয়, মাঝেমধ্যেই তাঁদের দেখা মেলে আশেপাশের গাঁয়েগঞ্জে বাউলবোষ্টমদের আখড়ায়।
মৃত্যু অনেক সহজ। টুক করে মরে গেলেই হল। কিন্তু জীবন-যে এত রোমাঞ্চকর বিস্ময়ে ভরা, কাজুমিকে না-দেখলে সে-কথা হয়তো জানা হত না!
Painting: Eva Hesse
পূর্ববর্তী সংখ্যা
পড়তে পারেন:
এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন কবিতা আশ্রমের মুদ্রিত সংখ্যা এবং কবিতা আশ্রম প্রকাশনার বই। নীচের ছবির ওপর ক্লিক করলে পৌঁছে যাবেন আমাদের অনলাইন সপ পেজে। হোয়াটস অ্যাপের মাধ্যমেও অর্ডার করতে পারেন। যোগাযোগ: ৭৩৮৪১৭২৪০৪/ ৯৪৩৪৪৩১৩৬২