সাপ্তাহিক কবিতা আশ্রম, ১৯ ভাদ্র ১৪২৮
Painting:Jenny Saville
গৌতম মণ্ডল
অশ্রুকণা
কথা
Painting:Jenny Saville
গৌতম হাজরা
মন খারাপের আকাশে
গোপেশ দে
বারান্দা
সিদ্ধার্থ ঘোষ
চাঁদ-ই কাল
“আয় মামা, যায় মামা…
আমার সোনার কপালে চাঁদের টি দিয়ে যা…”
কিনারা না পাওয়া বহুরূপী চাঁদ আজও ভাসে।
চাঁদ কপালি, মাথায় জটা, হাতে কল্কে –
ধেড়ে সোনা এখনও রাত জেগে চাঁদ দ্যেখে…
গান বোনে, কবিতা লেখে।
দুঃখী মায়ের আঁচলে লুকানো কান্না –
ছেলেটা চাঁদ বুঝল, পৃথিবী বুঝল না!
Painting:Jenny Saville
এলা বসু
সম্ভাবনা বীজ
“ঘরের কাছে আরশিনগর”
পর্ব-৬
আশানন্দন চট্টরাজের ছড়া: হারিয়ে যাবে অবহেলায়?
রামানুজ মুখোপাধ্যায়
শুধু বীরভূমের নয়, বাংলা শিশুসাহিত্যের জগতে ছড়াকার আশানন্দন চট্টরাজ গীতিকার আশানন্দনের তুলনায় কোনো অংশে কম কৃতিত্বের অধিকারী ছিলেন না। তাঁর ছড়ার অসংখ্য গুণমুগ্ধের মধ্যে একেবারে উপরের দিকে থাকবে তিনটি নাম — লীলা মজুমদার, সত্যজিৎ রায় আর সুভাষ মুখোপাধ্যায়। মূলত এঁদেরই উদ্যোগে বিশ শতকের ষাটের দশকের গোড়ায় ছোটোদের বিখ্যাত পত্রিকা ‘সন্দেশ’ প্রকাশিত হতে শুরু করেছিল নতুন চেহারায়। ‘সেরা সন্দেশ’-এ আশানন্দন চট্টরাজের ছড়াটি কেউ মনে করতে পারেন? পাশে সত্যজিৎ রায়ের অবিস্মরণীয় অলংকরণ? ‘কথার যেন শিকড় থাকে, একদিন অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে। তোমার ছোট কবিতাও তেমনি হোক।’ — আশানন্দনকে বলেছিলেন লীলা মজুমদার। মনে পড়ে অতনু বর্মনের ‘প্রাণের মানুষ’ লেখাটির কথা:
একটা ছড়া সুরের খোঁজে আকাশে হাত বাড়ায়
হাতের ছোঁয়া ছন্দে নাচে উদাসী একতারায়।
একতারাতে বাউল নাচে কেঁদুলী জয়দেবে —
এই ছড়াটা সেই সুজনের পায়ের ধুলো নেবে।
কতবার মনে-মনে এই ছড়ার ভিতর দিয়ে শ্রদ্ধা জানিয়েছি আশানন্দনকে। ‘সন্দেশ’, ‘আনন্দমেলা’, ‘শুকতারা’, ‘রঙমশাল’, ‘কিশোরবাহিনী’ কত কত পত্রপত্রিকায় সযত্নে ছাপা হত তাঁর ছড়া। সে-সব ছড়া বহু শিশুকিশোরীর মনোহরণ করেছিল।
১৯৬৯-এ কলকাতার আধুনিক পুস্তক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিলে আশানন্দন চট্টরাজের একমাত্র ছড়ার বই ‘ঝুমঝুমি’। দু-ফর্মার এই বইটিতে ছিল একুশটি ছড়া। সঙ্গে সুদৃশ্য অলংকরণ। দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের কথা ভেবেই এ-বইটি প্রকাশিত হয়েছিল। এ-বইয়ের অধিকাংশ ছড়া মুদ্রিত হয়েছিল ‘সন্দেশ’-এর পাতায়। এই ছড়াগুলির ভিতরে আছে প্রকৃতিপাঠ, শিশুমনের অবাধ কল্পনার বিস্তার আর শিশুসাহিত্যে যাকে বলে ‘ননসেন্স’ — সেই আবোলতাবোলের জগৎ। বাঁধুনির মধ্যে ছিল আশানন্দনের নিজস্ব শৈলী। একটি ছড়া শোনাই সেই বই থেকে:
ফিসফাস, ফিসফাস
ফিসফাস, ফিস
কাক বলে , চিল তুই
চাঁদ ছুঁয়েছিস?
মানুষেরা সেথা গিয়ে
এল ফিরে মাটি নিয়ে
ঈগলেরা শুনে রাগে
ভাঙে কাপডিস।
ফিসফাস, ফিসফাস
ফিসফাস, ফিস।
শব্দ-ব্যবহারের এই কৌশলটি ছিল তাঁর নিজস্ব। বিশ শতকের সত্তরের দশকের শেষ দিকে গীতিকার আশানন্দনের খ্যাতি স্পর্শ করেছিল সাফল্যের শীর্ষকে। এই সময় থেকে ঈষৎ ভাটা পড়েছিল ছড়ায়। ‘আবার ডাকবাংলার ডাকে’ (১৯৮১) বইয়ের ‘পৌষ পেরিয়ে’ গদ্যে সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন জয়দেব মেলায় ঘোরার অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছিলেন:
ভিড়ে হাঁটতে হাঁটতে হেতমপুরের আশানন্দন চট্টরাজের সঙ্গে দেখা হয়ে গেল। আমি যখন ‘সন্দেশ’-এর সম্পাদক ছিলাম, আশানন্দন তখন ছড়া লিখত। এখন সে বাউলদের জন্যে গান লিখছে।
প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত অজস্র ছড়া লিখেছিলেন তিনি। আমাদের বিশ্বাস, সহস্রাধিক ছড়া তিনি লিখেছিলেন। সুখ্যাত পত্রপত্রিকায় তো বটেই, অনেক ছোটো-ছোটো পত্রিকার জীর্ণমলিন পাতাতেও সে-সব ছড়া মুখ লুকিয়ে আছে। কিছু আছে পাণ্ডুলিপি আকারে, অপ্রকাশের অন্ধকারে। আজ পর্যন্ত সেগুলিকে এক জায়গায় করার কোনো ন্যূনতম উদ্যোগ চোখে পড়েনি। আমাদের দেশের কপিরাইট আইনের কবলে এবং সারস্বত দায়হীন উত্তরাধিকারীদের হাতে এমন কত মূল্যবান সম্পদ হারিয়ে যায় কালের গর্ভে। জীবনের শেষ দিনগুলিতেও আশানন্দন যে-সব ছড়া লিখেছিলেন, সেগুলিও কম উপাদেয় ছিল না। তাঁর জীবনের শেষ দিনটি ছিল ২০০৯-এর ১৯ নভেম্বর। নভেম্বরের ৮ তারিখে বীরভূমের হেতমপুরে বসে লেখা হয়েছিল এই ছড়াটি:
আমড়া পালং আমড়া পালং
আমরা পালং আমরা
আমড়া এবং পালং রেঁধে
খায়-যে দু-টি দামড়া।
দামড়া দু-টি দুমকা গেলে
মানুষ-টানা রিক্সা ঠেলে
গায়ে তারা চড়ায় তখন
নেকড়ে বাঘের চামড়া।
আমড়া পালং আমড়া পালং
আমরা পালং আমরা।
দেখুন, প্রথম দিকের ছড়ার সঙ্গে শেষের দিকের লেখার শব্দ-ব্যবহারের কৌশলটি অপরিবর্তিত আছে। ‘স্বপ্ননীড়’ পত্রিকার ২০১০-এর মে সংখ্যায় ‘বেলাশেষের গান’ শিরোনামে মুদ্রিত হয়েছিল ২০০৯-এর নভেম্বরে লেখা আশানন্দনের অপ্রকাশিত ছ-টি ছড়া। তার প্রত্যেকটিতেই ছিল তাঁর প্রতিভার স্ফুরণ। আপনারা নিশ্চয়ই লক্ষ করবেন, ছড়ার মধ্যেও সাধারণ জনজীবনের প্রাধান্য, সীমিত সামর্থের শৈশবের চিত্রকল্প। এমনকী, সেইসব জীবনের ছোটো-ছোটো সুখ-দুঃখের কথা তুলে এনেছিলেন, যে-ঘরের ছেলেমেয়েদের কাছে অনেক সময়ে শিক্ষার আলো পৌঁছয় না। অর্ধ শতাব্দী আগে আমাদের গাঁ-ঘরে শিক্ষা অবৈতনিক ছিল না। সাধারণত শিল্পীরা শিল্পচর্চায় যতখানি মনোযোগ দেন ততখানি প্রযত্ন পেশার জায়গায় দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আশানন্দন চট্টরাজ এইখানেও ব্যতিক্রম ছিলেন। প্রথম পড়ুয়াদের শিক্ষক হিসেবে তাঁর সুনাম ছিল ঈর্ষণীয়। মুখে-মুখে মজাদার ছড়া আর গান, মুহূর্তে ক্লাসঘরের মধ্যে ছোটো-ছোটো ছেলেমেয়েদের নিয়ে তৈরি হয়ে যেত নাটকের মহড়া। সে-সব শেখানোর জন্যে শিক্ষকদের প্রশিক্ষণ শিবিরেও ডাক পড়ত তাঁর। হেতমপুর বাসস্ট্যান্ড থেকে সামান্য পশ্চিমে এগোলেই যে-অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়টি চোখে পড়বে একসময় তার গায়ে বড়ো-বড়ো অক্ষরে লেখা থাকত আশানন্দনের ছড়া। এখানে আপনাদের জন্যে রইল ‘ঝুমঝুমি’ বইয়ের প্রচ্ছদটি আর শেষজীবনে লেখা আশানন্দনের দু-খানি অগ্রন্থিত ছড়া:
এক
চুনোপুঁটি চুনোপুঁটি
চুনো আর পুঁটি
ছেলেবেলা শুনি তারা
বাঁধত যে ঝুঁটি।
কথাটা যে নয় ভুল
রেখেছিল ওরা চুল
বয়স তখন ওদের
তিন মোটামুটি।
চুনোপুঁটি চুনোপুঁটি
চুনো আর পুঁটি।
ভোঁদা বলে এ-কথাটা
মন দিয়ে শুনো
পুঁটির কাকার ছেলে
আসলে ও চুনো।
ওদের বরস হলে পাঁচ বৎসর
নেড়া হয়েছিল ওরা গিয়ে দেউঘর
এ-কাজে ওদের মামা
রাখেননি ত্রুটি।
চুনোপুঁটি চুনোপুঁটি
চুনো আর পুঁটি।
দুই
হুল উৎসবে মদনা মাঝি
যায় দেখাতে ইঁদুরবাজি।
পোষা ইঁদুর তিনটি তার
সবগুলিই-যে হাড্ডিসার
তবু তারা হেলেদুলে
নাচে যে-যার লেজটি তুলে!
বারো বছর মানে তো একটি যুগ। বারো বছর আগে নিভে গিয়েছিল আশানন্দন চট্টরাজের জীবনদীপ। কত সহজে, কী নিষ্ঠুর অবহেলায় তাঁর ছড়ার অমূল্য এই রতনভাণ্ডারটিকে আমরা বিলুপ্তির দিকে অনেকখানি এগিয়ে দিলাম!
Painting:Jenny Saville
পূর্ববর্তী সংখ্যা
পড়তে পারেন:
এখন বাড়িতে বসেই সংগ্রহ করতে পারবেন কবিতা আশ্রমের মুদ্রিত সংখ্যা এবং কবিতা আশ্রম প্রকাশনার বই। নীচের ছবির ওপর ক্লিক করলে পৌঁছে যাবেন আমাদের অনলাইন সপ পেজে। হোয়াটস অ্যাপের মাধ্যমেও অর্ডার করতে পারেন। যোগাযোগ: ৭৩৮৪১৭২৪০৪/ ৯৪৩৪৪৩১৩৬২