সাপ্তাহিক কবিতা আশ্রম ৭৬ তম সংখ্যা
সাপ্তাহিক কবিতা আশ্রম, ২৩ পৌষ ১৪২৮
মঞ্জরী গোস্বামী
হাতচিঠি
এলোমেলো ঝোড়ো দিন পেলে
ছেঁটে ফেলি বাড়তি বিষাদ
তুমি জানো পাগল হতে গেলে
খুব বেশি বাহানা লাগে না আমার
চেয়ে দেখি গাছপালা নিজেদের মতো করে
গুছিয়ে নিচ্ছে সব
হাতে হাতে সাগরের উড়ন্ত চিঠি
আমাকে লেখ না কেন একদল মেঘ?
একটানা পিয়ানোয় সেভেন্থ সিম্ফনি?
আম জাম সুপুরী বা নারকেল পেয়ারার
ভরন্ত আশনাই আমিও দেখাতে পারি
ও চোখের টানে আমিও পাঠাতে পারি
সবুজ ইস্তেহার অ্যাসফল্ট মোড়া দুনিয়াতে
বঙ্কিমকুমার বর্মন
অসুখী লেখা
ভেঙেছে শরীর, একান্ত-ই মন
হতে চেয়েছি হেমন্তের মাঠে
আমি তার দুচোখের গোপন
২
এই যাকে দেখি অবসন্ন ক্ষুধায়
সে আসলে মৃত প্রায়—
গানের জন্ম নিয়ে জঠরে মিলায়।
অরুণ কুমার ঘড়াই
অশ্লীলতার দায়ে
ভোর
চিত্রাঙ্গদা জানে সব ফুল একদিন বাসি হবে
তবু বসন্ত যৌবন কৃষ্ণচূড়ায় কোকিল হতে ব্যস্ত
পর্ণমোচী গাছ অর্জুন না হয়ে যদি বৃহন্নলা হতো
তবে উত্তরার মতো সেও বিফল নটী।
ভোর
সূর্য ওঠে অর্জুন লক্ষ্যভেদ রেখে পলাতক আসামী
জানে না প্রেয়সী তীরবৃদ্ধ হরিণীর মতো অচেতন
নদী পড়ে আছে স্রোতহীন মেঘলা নক্ষত্র কাঁদে একা
এই বন এই পাহাড় সাক্ষী দেবে কতটা সে ক্ষত-বিক্ষত।
ভোর
শরীর ভালবাসা চাইলেও ক্ষত্রিয় চেয়েছিল অন্যকিছু
বীরের আড়ালে মুখোশের মুখোমুখি হস্তিনাপুর বার বার দাঁড়িয়েছে
নারী নির্যাতন হাজারো অশ্লীলতা, চিত্রাঙ্গদা তার বাইরে নয়
আধুনিকা দ্রৌপদী হতে চেয়েছিল, শেষে কুন্তীর মতো দুঃখিনী।
বর্ণালী মুখোপাধ্যায়
লোনাভলা, ২০২০
শ্যামপাটিলের বাড়ির উঠোন পেরোলেই
থইথই কাশফুল।
জলভরা বাতাসে এই দুপুরবেলা তারা
মাথা দোলাচ্ছে!
ঢেউ তুলছে, একেকটি তরঙ্গস্রোত—
বিগত বর্ষার মেঘে তোলপাড় হয়েছে
লোনাভলার পথঘাট।
যারা শহর থেকে আসে,
এবছর, তারা এল না।
লাভার্স পয়েন্ট থেকে
ভালবাসা ধুয়ে নিয়ে গেল
অনামী ঝর্ণারা।
থইথই কাশ ফুল নিয়ে শ্যাম
একা বসে থাকে।
বঙ্কিম লেট
মায়া
গভীর রাত্রিতে বোলো
একটা পাখিও যখন জেগে থাকবে না ভুবনে
রাত্রিখোর কবিটির জানলাও যখন
নিভে যাবে বোলো ওই খোলা বারান্দায় বসে
গাছের পাতারা নড়ে উঠুক আকাশ থেকে
শিশির পড়লে যেমন নড়ে ওঠে তন্ময় পাতারা
যতই তোমার ইচ্ছে করুক, তড়পাও
যেন আমিও জানতে না পারি ভোরবেলা
খুব কাছে এসে ফিরে গেছ,
আর আমি দরজা খুলে দেখি অনন্ত শীতকাল
“পথের ফসল”
অমৃতাভ দে
পর্ব-১২
অঞ্জনাপাড়ে আজও সেই গ্রাম আছে
ছোটো নৌকাটি তীরে বাঁধা থাকে রোজ
পোড়োমন্দির গল্প শোনাতে থাকে
কান পাতো যদি, পাবেই ওদের খোঁজ।
এ পথের কাছে এলে মনে কোনও দুঃখ থাকে নাকো… এই পথ আপনার সমস্ত কষ্ট নিমেষেই দূর করে দেবে… শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন না ‘আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার…’ বাংলার প্রকৃতিকে ভালবেসে বারবার ছুটে যাই ওর কাছ… নদিয়া জেলার বাদকুল্লা হয়ে ব্যাসপুর অতিক্রম করে আরংঘাটা যাবার পুরো পথ আপনার জন্য সাজিয়ে রেখেছে ভালবাসার উষ্ণতা, শরীর-মন ভাল করার পথ্য… এ পথেই পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় উঠে-আসা সেই ‘চন্দনী গাঁ’ অর্থাৎ চন্দনদহ গ্রাম…
চলো তাই অঞ্জনা নদীতীরে চন্দনী গাঁয়ে…
সহজপাঠের সেই চিরপরিচিত পঙ্ক্তিটিকে সঙ্গী করে বেরিয়েছিলাম বৈকালিক ভ্রমণে। নদিয়া জেলার বাদকুল্লার ইউনাইটেড ক্লাবের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে চন্দনদহ গ্রামের দিকে… এই চন্দনদহই চন্দনী গ্রাম। বাদকুল্লা থেকে চন্দনদহ যাওয়ার পথে বজপুকুরে এক প্রাচীন বটের কাছে দাঁড়িয়ে শুনে নিতে পারেন অনেক গল্প। বটগাছের নীচেই আছে শিবলিঙ্গ। পুজো হয়, একে ঘিরে উৎসবও হয়। পাশেই দুটি পুষ্করিণী। বটগাছের ডাল একটি পুষ্করিণীকে আলিঙ্গন করেছে। পাশের রাধাকৃষ্ণ মন্দিরের চাতালে বসে একটু জিরিয়ে নিতে পারেন। গ্রীষ্মের সকালে এই শীতল ছায়াঘেরা জায়গাটি আপনার বন্ধু হতে পারে। রবীন্দ্রনাথের কবিতার সেই পোড়োমন্দিরের অস্তিত্ব আজ আর নেই… তবে এক অদ্ভুত অনুভূতি নিয়ে আমরা গ্রামটিকে দেখলাম… চন্দনদহ থেকে সোজা চলে গেলাম মাগুরখালী। ব্রিজের ওপাশে ব্যাসপুর। মন টানল হাজারীপুর ঘাট। চূর্ণীর পাড়ে দাঁড়িয়ে সন্ধ্যা নামতে দেখলাম… এখানেই অঞ্জনা এসে মিশেছে চূর্ণী নদীর সঙ্গে… বাদকুল্লা থেকে চন্দনদহ হয়ে আপনি পৌঁছে যাবেন মাগুরখালী। মাগুরখালীর সাঁকো পেরোলেই ব্যাসপুর। সাঁকোটি কংক্রিটের। সাঁকোর পাশেই কয়েকটি দোকান, আড্ডা চলে বেশ। গ্রামের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে হাজারিপুরের ঘাটের দিকে। দেখতে পাবেন অঞ্জনা এসে মিশেছে চূর্ণী নদীর সাথে। অঞ্জনার উপর দিয়ে বাঁশের সাঁকো চলে গেছে গ্রামের পথে। মাছ ধরার নৌকো বাঁধা আছে। বর্ষায় এই জায়গাটিতে চূর্ণীর রূপ দেখে মুগ্ধ হতে হয়। বারবার আমি ছুটে যাই চূর্ণী নদীর কাছে। এক শরতের সকালে সাইকেল ভ্রমণে আমরা পৌঁছে গিয়েছিলাম চূর্ণী নদীর তীরে… মানজোয়ান গ্রামে। ফেরার সময় দাঁড়িয়ে ছিলাম বাদকুল্লা-বাপুজীনগরের মধ্যবর্তী গরুয়াপোতা (গৌরাপোতা) গ্রামে…আমারই লেখা নদীকে ভালবাসার কবিতা সঞ্জয়কাকুর কণ্ঠে শুনে আমি আপ্লুত…
আমার হাতে তো রূপকথা নেই
নেই কোনো রাজারাণী
আমি তো কেবল একটি নদীর
গল্প লিখতে জানি।
ছোট্টবেলার ফেলে আসা গ্রামে
আজও সেই নদী আছে
ছোট্টবেলার সেই স্কুলটাও
আছে নদীটির কাছে।
রবিবারে হাট নদীর এপারে
চারপাশে যত গ্রাম
নদীর গায়েতে লিখে দিয়ে যায়
সব্বার প্রিয় নাম।
নদীও ডাকবে সেই নাম ধরে
সন্ধে নামবে তীরে
প্রিয় নামগুলি রূপকথা হয়ে
আমাকে থাকবে ঘিরে।
চূর্ণী, জলঙ্গি সত্যিই আমার কাছে রূপকথার মতো। অঞ্জনা তো গল্পের পাতা। নদীকে বাঁচাতে হবে, যেতে হবে নদীর কাছে, কথা বলতে হবে নদীপাড়ের মানুষের সঙ্গে।