বীথি চট্টোপাধ্যায়
ইয়েমেন
সেই দেশটার নাম ইয়েমেন
ঘরে বিপর্যস্ত সুটকেস…
পাশে ছড়িয়ে পুতুল খেলনা
হাতে বন্দুক নিয়ে সেই দেশ।
সেই দেশটার নাম ইয়েমেন
ঘরে কাচের টুকরো ডিস-কাপ
কার রক্তাপ্লুত টুপিতে
ভেঙে পড়ে আছে কত উত্তাপ।
সেই দেশেটার গুলি বন্দুক
খোলা জিপ চড়ে পথে হুঙ্কার;
তবে তার থেকে বড়ো কথা যে
ঘরে কিচ্ছু খাবার নেই আর!
দেশটার নাম ইয়েমেন
আর জল নেই, বিদ্যুৎ শেষ,
তার হাসপাতালের ওপরে
বোমা ফেলছে বিরাট ধনী দেশ।
সেই দেশটার নাম পেট্রল?
ঘোর বারুদে বারুদে ঝাঁঝরা
বসে চিড়িয়াখানায় বুড়ো বাঘ
তার গোনা যায় হাড় পাজরা।
সেই দেশ ছেড়ে কাঁধে পুঁটলি
রোজ পালাবে ভাবছে কতলোক;
কোলে বিড়াল কিংবা বাচ্চা
ভয়ে ঠান্ডা ওদের মুখ-চোখ।
দেশে ছিটকে পড়ল পুঁটলি
কটা বিস্কুট, ফোন, পাসপোর্ট
ভরে নিয়েছিল কিছু পয়সাও
পাশে রক্তাপ্লুত তার কোট।
পাশে বাচ্চাটা বসে কাঁদছে
ওঠে বন্দুক গুলি লেনদেন,
ঘরে খাবার ফুরিয়ে গিয়েছে
সেই দেশটার নাম ইয়েমেন।