বেবী সাউ

রূপকথা

 

মাটির জাতক ভেবে, লৌহ কারবারি দল

ছুঁয়েও দেখেনি তাকে

 

বিপথ গমন কালে, লাল পিঁপড়ের ক্ষুধা সঙ্গত কারণবশে

বহুবার দেখা গেছে কচুরিপানার ঘাটে…

 

মস আর শ্যাওলায় ভেজা সেই গাছের শরীর,

ফলত অমূল্য ভেবে তুলে নিয়ে গেছে সেই আরবপ্রদেশে…

 

ওপাশে অপেক্ষা থাবা। ধীরপায়ে এসে বলে-

শেখো, শিখে নাও তবে নবীন দুঃখের কথা আজ

 

কথার আর্দ্রতা বাড়ে

মাটির জাতক সেও গলে গলে পড়ে যায়

লৌহপুরুষের চোখে