নীরেন্দ্র দাস

মেরুতারা

 

সে এক অলোক অন্ধকার আমাকে জাগিয়ে রাখে

বেহিসেবী রাতের গভীরে

ঘন কুয়াশার মতো সেসব কথা উড়তে উড়তে

ওখানেই আটকে যায়

তখন

খুব সাবধানে আকাশের উত্তর কোণ থেকে একটি মৃদুতারা

ওর পাশে রাখি

 

 

নিরীক্ষণ করি—

কিছু কিছু গোলাপিকথা রং হারিয়েছে

কিছু ভুল বোঝাবুঝি চুপ করে আছে

কিছু আনন্দ

এবং নূপুরধ্বনি

একসাথে হাতধরে রেললাইন পেরোনো

একসাথে কথার ফাঁকে অদৃশ্য চেয়ে থাকা

 

এসব পড়ি

যেমন দারিদ্রকালে সেসব না পাওয়ার কথা

আবার সে-সময়ই সব ছেড়ে পালিয়ে আসা যৌবন

 

অনেকদিন হয়ে গেছে

আমি চন্দ্রগ্রহণ এবং আমরা এক সাথেই

বসবাস করতাম

 

ভোর হয়ে আসছে