অমিতাভ মুখোপাধ্যায়

অপরিচয়

 

লেখার ভিতর যত স্মৃতি, ক্রোধ, বিপন্ন পাখিরা

আবেগের অন্ধ সব বেভুল বিভ্রাট…

কাউকে কাঁদালে আজও আহত সুরের দানা

তর্পণের ফুল হয়ে প’ড়ে থাকে শুকনো সন্ধ্যায় ;

চাকার ভিতর থেকে উঠে আসা ঘোর

যেন পাক খায়, যেন মাস ও বছর নয়

পেরিয়ে এসেছো যতো অযাচিত মেঘলা সময়

 

কাঁধে কাঁধে মেধাদের ভার। যে লাঙল স্পর্শ করোনি

তার দাঁত,তার হাতল, তারও ইস্পাত

তোমার সংলাপে ঢোকে, কথা মোছে, ঘাম আর

রোদ মুছে সুন্দরের চোখ ছলোছল

 

 

কাদামাখা বালুকাবেলায়

শিল্পের ধারালো ফলা

ঢেউ ওঠে চূড়ান্ত মধ্যমে, ভেঙে যায়…