দেবাশিস তেওয়ারী

সত্যভামা

 

তোমার আসা আর যাওয়ার মাঝখানে

একটি উড়ান বসিয়ে আমি যন্ত্রণার শিয়রে বসি।

স্তব্ধ বিকেল উড়ে এসে বসেছে কার্ণিশের আঁচে,

বিকেলের উপত্যকা থেকে ঢেউ ছড়াচ্ছে বাষ্পগন্ধ আর

পর্যাপ্তদেখা ও না-দেখার উত্থানপতনগুলি,

যেখানে কোনও আমিষগন্ধ নেই।

 

 

তোমার আসা আর যাওয়ার মাঝখানে

একটি হাইফেন রেখেছি সন্তর্পণে

সমস্ত ঝুটঝামেলা, কূটকচালি,আমার ভাড়াবাড়ি,

রোজগেরে গিন্নি,গেরস্থের সরঞ্জাম,খুঁটিনাটি আর মৃত্যুর পর্যাঙ্ক

পা ফেলতে ফেলতে চলছে আগামীকালের দিকে

বিশ্বাসের এই আদেখলেপনা থেকে যদি কখনও কোনও

সত্যের উন্মোচন হয়।