রত্না চক্রবর্তী মুখোপাধ্যায়

ভুল ও ভ্রান্তিগুলি

 

ভ্রান্তি ও সত্যের মাঝামাঝি ভরাডুব জল

আর পারে, বেগতিক হাওয়া

জোয়ারের টান

এইসব দেখেশুনে বিপন্ন মরাল

পরে ফেলে ডুবন শরীর

জলের তলায় জল,  শেষঅঙ্কে  বালি

খোলে ভরা মুখ–

অপেক্ষা ও শামুকের থইথই!

জল সে সোহাগী এমন;  আর এই ঢেউয়ের আড়াল–

এসব অমোঘ ভ্রান্তি, এসব আমার!

 

আসল প্রস্তাব এই,  অগনন অগ্নিতাপ

‌‌‍সহ, হে মরাল

মুখোমুখি দাঁড়াও এখন!