সমরেশ মণ্ডল

অনেক বলেছ এইবার থামো

 

আর কি কি বাকি থাকল বলা?

যতটা বলা প্রয়োজন বলে নিয়েছ তার‌ও বেশি

বাকি থাকার কথা নয়

যে কথা এখন‌ই না বললেও চলত সে কথা ও

বলে নিয়েছ এই বেলা।

 

কথায় কথায় শরীরী উপমা ছিল

নির্বিকার শব্দের ভিড়ে ছিল হারিয়ে যাওয়া

উৎসবের আলো

চুপচাপ শব্দ থেকে কুড়িয়ে নিয়েছি উন্মাদনা

আবরণ খুলে দেখেও নিয়েছি সফেদ সুন্দর

প্রতিমূর্তি

 

আজ যখন একাকী অন্ধকার শুষে নেব বলে

বাইরে চোখ মেলেছি

কুহু ডাকা ভোর এসে উন্মোচিত করে গেল

 

সকল কথাই যণ্ত্রণা কাতর স্মৃতির স্মারক ছাড়া

আর কিছু নয়

এক একটি অক্ষর যেন পরিহাস ছলে বলে গেল

 

অনেক বলেছ এইবার থামো।