সাপ্তাহিক কবিতা আশ্রম, ১১ অগ্রহায়ণ ১৪২৮
PAINTINGS:Fuyuko Matsui
গৌতম হাজরা
বুলেটবিদ্ধ
ভরে নিয়েছি রঙের বুলেট কলম বন্দুকে
এসো কিছু বুলেটবিদ্ধ কবিতা লিখি।
লিখতে লিখতে যখন বুলেটবিদ্ধ শব্দ বেরোয়
তখন খাতার পাতায় দেখি শুধু রক্ত আর রক্ত
যে রক্ত দিয়ে বানিয়ে ফেলি
ফেলে আসা ইতিহাস আর সংগ্ৰামের আলাপ প্রলাপ।
এখন রক্তের কথা বরং থাক।
এসো রঙের কথা লিখি
লিখতে লিখতে দেখি রং পাল্টাচ্ছে অক্ষরের অবয়ব
সোজা রাস্তাকে বাঁকিয়ে তুলছে রঙের কবিতায়
দেখছি রঙের বুলেট এখন
পালটি মারছে খাতার পাতায়।
আসলে কবিতা বুলেটবিদ্ধ হলেও
রক্ত আর রঙের অনেক প্রভেদ থেকে যায়!
প্রণতোস্মি
বিশেষ দ্রষ্টব্য
বহু যুগের অপেক্ষার পর
একে অপরকে পেয়েছি—
আমার মনের অব্যক্তকে
বাধ্য করেছিস আকাশ আঁকতে—
আজই আমার জীবনের বিশেষ বিশেষ একটা দিন…
পৃথিবীর সবচেয়ে আলো-নারীকে পেয়েছি জীবনে—
যে নতুন করে তারা দেখতে
শিখিয়েছে রাতের আকাশে…
বৃষ্টি ভেজা জ্যোৎস্না রাতে
মন দিয়ে ভিজছি তাই—
আকাশে বাঁকা চাঁদ একা একাই
কেবল দেখেই যায়—
বৃষ্টিস্পর্শ নতুন করে অনুভব করি দুজনে—
মনের কোণে জমে থাকা গোপন সমষ্টি
ঝড়ে পড়ছে বাদলে বাদলে…
বিশেষ দ্রষ্টব্য…
তুই ভেজা খোলা চুলে আমায় কিছু চাইলে—
আমি কখনই না বলতে পারব না তোকে …
আর, বিশেষ বিশেষ দ্রষ্টব্য…
তুই তো ক্লিওপেট্রা মতো সুন্দর—
তাই ভয় হয় মনে মনে…
পার্বতী রায়
রবিশস্যের মাঠ
কোনওখানে নেমে এসেছে রবিশস্যের মাঠ। হয়তো এখানেই জানালা ছিল কোনওদিন । একটি অধীর পাখি ডাকছে কেবল… তোমাকে আর ভাবতে পারি না প্রিয় !
বিশ্বাস জড়িয়ে রেখেছি গাছে। এই পালক সন্ধেয় আজ আর কিছু বলতে পারছি না। গাইতে এসেছিল যারা তারা কি ফিরে গেছে !
অবচেতন মনের ঢাকনা খোলা। নদী কি কোনওদিন ভেবেছিল এভাবে কাছে আসবে হাসপাতাল। প্রিয় কবিতার দল ফিরে যাবে একে একে। চাঁদের গায়ে এত ক্ষত এঁকে দিল কে !
মানস চক্রবর্ত্তী
অপর্ণাদি দুঃখ করবেন না
অপর্ণাদি দুঃখ নিয়ে দুঃখ করবেন না
নৈশ বিজ্ঞপ্তিতে উৎসর্গ রাখবেন না
সব পরিণতি পরিণত নয়।
যে হারিয়েছে আরোগ্য নিকেতন
মেঘ ডাকলে যার বিষাদ সিন্ধু জেগে ওঠে
রাঙিয়ে দিয়ে যাও সঙ্গীতের আরোহণে
তার সংসার দুখের হয় বারুদ বিকালে।
প্রসূন ঘোষাল
ফিরে আসব বলেই
এখন বাড়ি ঢুকতে কিছুটা রাত হয় বলেই সকালে
দেরি করে বের হই। বাড়ি থেকে বেরিয়ে গেলেই
কবিতায় আর বসা হয় না। তখন উজবুকের মতো
মাথার চারপাশে ট্রেনের গোঙানি,
বেশ কয়েক ভাষাভাষী মানুষদের কণ্ঠস্বর নাভির
তলদেশ পর্যন্ত দলে
মস্তিষ্ক অনুর্বর করে দেয়।
শুধু উড়ে উড়ে যায় নাম ঠিকানাহীন একটা মানুষ।
চোখ থেকে তাই ভার নেমে যায় অন্ধ হয়ে ভুলে যাই
আমার গোত্র।
জানি না রাস্তায় পা ফেললে নিজের শব্দ ওঠে কিনা,
আমি কি সত্যি দেখিনি জলের
বুকে স্রোতের দৃশ্য….
ওই একটি আবদারে দু’ধারে গাছপালা সরিয়ে
তোমার সিঁথির নরম চামড়ায় উঠে আসতে হয়।
রাতে কাকপক্ষীরা টের পায় না,
আমি চুপিচুপি আবার কবিতার ঘরে ফিরে যাই।
ও আমার রাস্তায় চেনা মানুষ দেখো
আমার সজীবতা। মস্তিষ্ক উর্বর হয়েছে চাঁদের রঙে।
তিতাস বন্দ্যোপাধ্যায়
গৃহস্থ
আমাদের চোখ জুড়ে গৃহস্থালি
উবু হয়ে বসে থাকে—
যেন কোনও চর্মশিল্পী
হারানো জুতোর আন্দাজে বানাচ্ছে আরেকটি।
দূরে দাঁড়িয়ে পথিক—
পায়ে কাঁটা ফুটে আছে,
রক্তে ও মাথায় তারও চেয়ে বেশি।
PAINTINGS:Fuyuko Matsui
“পথের ফসল”
অমৃতাভ দে
পর্ব-৬
নিদয়ার ঘাট আমার কাছে খুব কৌতূহলের ছিল। আসলে বেলপুকুরের গুড়গুড়ি বিলের সৌন্দর্য মুগ্ধ করেছিল। এই গুড়গুড়ি বিল খুবই বিস্তৃত এবং মায়াময়। অনেক দিনের পুরনো জনপদ বেলপুকুরের প্রাণ বলা যায় এই গুড়গুড়ি বিল। এই গুড়গুড়ি আসলে গঙ্গারই অংশ। গুড়গুড়ি বিল গঙ্গার সাথে যেখানে মিশেছে সেই জায়গাটিই নিদয়া। এই শরতে গঙ্গার দু’ধারের সৌন্দর্য বিশেষভাবে আকর্ষণ করে। তাই আজকের সাইকেল ভ্রমণ আমরা শুরু করলাম NH34 ধরে বাহাদুরপুর রেলস্টেশনের পাশ দিয়ে। বিষ্টুপুর গ্রাম হয়ে আমরা যাব ঠিক করলাম। এই পথ আসলে পুরনো NH34-এর অংশ। আমরা আবারও পৌঁছে গেলাম আমাদের প্রিয় একটি জায়গায়। অতীত ইতিহাসের সাক্ষী বহনকারী ভগ্নপ্রাপ্ত সাঁকোর কাছে। লোহার পুরনো সেতু এখনও অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। যদিও যাতায়াতের জন্য এখন সেই লোহার স্ট্রাকচারের উপর বাঁশ পেতে দেওয়া হয়েছে। কিছুদিন আগে নিচ দিয়ে বয়ে চলা খরে নদীর জলে পাট জাগ দেওয়া হয়েছিল। আজ আবার জলকে কচুরিপানা গ্রাস করেছে। সাঁকো পেরোতেই সবুজ ঘেরা সরু পথ ধরে পৌঁছে যেতে হয় মায়াপুর মোড়ে। আজ বাঁকা কাকা নাম না জানা নীল ফুল আমার হাতে তুলে দিল। প্রকৃতির এই ‘বিস্ময়’ সকলকে করে তুলল প্রাণময়। যথারীতি একটু বিরতি চৌগাছায়। এ জায়গাটি আসলে পথিকের ছায়াসুনিবিড় আশ্রয়। আপনাকে আপনার যাত্রাপথে এই জায়গায় অল্প কিছু সময়ের জন্য দাঁড়াতেই হবে। গাছ আকাশ ঢেকে রাখে। পাখির কলতান পাতা ঝরে পড়া আপনাকে কবিতার পঙ্ক্তি উপহার দিতে পারে। আমরা আজকে ঠিক করেছিলাম যেহেতু নিদয়া ঘাট পর্যন্ত যাব, তাই সোনডাঙা হয়ে আমরা কাষ্ঠশালী যাবার রাস্তা ধরলাম। কাষ্ঠশালী যাবার প্রবেশ পথটি আপনাকে যেভাবে স্বাগত জানাবে তাতে আপনি মনে করতে পারেন প্রকৃতির এক অপার সৌন্দর্যের মধ্যে আপনি প্রবেশ করতে চলেছেন। একটি সেতু পেরোতে হবে। বিস্তৃত গুড়গুড়িকে এখানে আপনি প্রত্যক্ষ করবেন। অসংখ্য সাদা বক উড়ে এসে আপনাকে জানান দেবে তারা এখানে বেশ আছে। মাছ ধরার জাল পাতা হয়েছে। সঙ্গে লেগে আছে নৌকো। এই পথটি আপনার গল্প হয়ে উঠতে পারে। এই অসুখের সময় সপরিবার এই পথের সাঁকোর উপর কিছু সময় কাটিয়ে গেলে হয়তো মনের ক্লান্তি অবসাদ হতাশা যন্ত্রণা দুঃখ আপনি কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারেন। ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’ প্রকৃতির উজাড় করা এরকম সৌন্দর্য বোধহয় চেনানোর দরকার আছে আমাদের সন্তান-সন্ততিদের। কিছুটা এগোতেই একটা বাঁকের মুখে একটা প্রাচীন গাছের সামনে আপনাকে দাঁড়াতেই হবে। কথা বলতে হবে ওর সঙ্গে কিছুক্ষণ। ওই গাছ যেন অনেক কথা বলতে চায়। কাষ্ঠশালী গ্রামটিতে পৌঁছাতেই আমার এক
পুরনো পিসির কথা মনে পড়ল। এই পিসি আমাদের পরিবারের এক প্রাণময় স্ফূর্তি ছিল। পিসি থাকতো কাষ্ঠশালীতে। সেই কোন এক ছেলেবেলায় কাষ্ঠশালী গিয়েছিলাম। কাষ্ঠশালীর পরের গ্রামটির নাম মন ছুঁয়ে যাবে-গঞ্জডাঙা। কোনও এক অতীতে হয়তো গ্রামটি গঞ্জ ছিল। ডাঙায় এসে বাস করতে শুরু করে ভাসমান মানুষ। গঙ্গা তো কাছেই। গঞ্জডাঙায় গঙ্গার বাঁধের উপর দিয়ে চলে যাওয়ার অনুভূতি একেবারেই অন্যরকম। গঞ্জডাঙা কালীতলায় বিশ্রাম নিলাম কিছুক্ষণ। এখান থেকেই বাঁধের উপর দিয়ে একদিকে চলে যাবেন আপনি নিদয়ার ঘাটের দিকে, অন্যদিকের রাস্তা ধরে পৌঁছে যেতে পারেন বেলপুকুর। কালী মন্দিরের সাধুবাবার সাথে কথা হলো অনেকক্ষণ। ২৪ বছর বয়সে এখানে চলে এসেছিলেন তিনি। একসময় প্রচুর মানুষ তাঁর কাছে এসে ঠাকুর দেবতার কথার পাশাপাশি জীবনের পাঠ নিতেন। সময় বদলেছে মানুষজনও তেমন সময় পান না তাঁর কাছে আসার। ছোট্ট একটি ঘরে একাই থাকেন তিনি আর কালীমাতার সেবা করেন। বাঁধ ধরে আমরা এগিয়ে চললাম নিদয়ার ঘাটের দিকে। কিছুটা এগোতেই পড়বে লকগেট। জলের গতিবেগ বাড়লে গেট খুলে দেওয়া হয়। এক দিকে বিস্তৃত গুড়গুড়ি। লকগেটের কাছে কিছুক্ষণ দাঁড়ালাম। জাল ফেলে মাছ ধরা হচ্ছে। ছবি তো তুলতেই হয়! তারপরই সেই কাঙ্খিত জায়গা, নিদয়ার ঘাট।
‘ওপারেতে কাশফুল ফুলে ফুলে সাদা’। আর এপারের কাশফুল আপনাকে আলিঙ্গন করবে ভালোবেসে। নদীর ঘাটে নৌকো লেগে আছে। অনেকদিনের প্রাচীন বট গাছটা নাকি গঙ্গা গ্রাস করেছে। এখন দাঁড়িয়ে আছে আরেকটি বড় গাছ। যদিও, তাও হয়তো চলে যাবে গঙ্গার বুকে। অনেকটা পথ কাশফুলের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারেন। আজ আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এটাই। শরতের মেঘ আকাশে, পুজো আসছে, সারা পৃথিবীর মনে এখন গভীর দুঃখ, তবু এই দোদুল্যমান কাশফুল মনের ভিতর দুঃখ ভোলানোর সুর পৌঁছে দিল যেন। এবার ফেরার পালা। ছারিগঙ্গাকে পাশে রেখে, অনেক অনেক পাখীর ডানা মেলা দেখতে দেখতে, নিরঞ্জননগর হয়ে আমরা পৌঁছাব ফেরি ঘাটের দিকে। যাওয়ার পথে আমরা ঠিক করেছিলাম নদীর ওপারের মহেশগঞ্জ হয়ে যাব। নিদয়ার ঘাট থেকে ফেরার পথে একটি জায়গায় আমরা থমকে দাঁড়িয়েছিলাম। ছায়াশীতল একটি জায়গায় মনসা মন্দির। জায়গাটির নাম শ্রীনাথপুর মনসাতলা। খুব সাজানো-গোছানো কিছু নয়। জায়গাটি আপনাকে হৃদয়ের উষ্ণতা দেবে। এখান থেকে আমরা পথ ধরলাম মায়াপুরের দিকে। মায়াপুর ইসকন মন্দিরের পিছন দিয়ে সবুজ বনানীর পথ চলে গেছে ফেরিঘাটের দিকে। এপথে আগেও এসেছি সপরিবার। আজ এ পথে সাইকেল নিয়ে যেতে যেতে মনে হচ্ছিল মায়াপুরের স্নিগ্ধতা আর কতদিন থাকবে। কংক্রিটের জঙ্গল পুরোপুরি গ্রাস করে ফেলবে না তো গঙ্গার তীরবর্তী এই প্রাকৃতিক সৌন্দর্য্যকে। মাঝপথে বাঁকা কাকা খিচুরি খেতে বসে গেল। আমরা অবশ্য তাঁকে ফেলে এগিয়ে চলেছি। রবিবার ছুটির দিন সংসারে প্রচুর কাজ থাকে। তাড়াতাড়ি তো ফিরতেই হবে। নৌকো লেগেছে ঘাটে। উঠে পড়লাম। ওপারে মহেশগঞ্জ। নৌকা থেকে নেমে কিছুটা পথ যেন প্রকৃতি অন্যভাবে সাজিয়েছে। এই পথে একদিন আমার ছোট্ট মেয়ে কথা হাঁটতে হাঁটতে গান গাইতে গাইতে চলেছিল। পথে এসে মিশবে কৃষ্ণনগর-নবদ্বীপ ঘাট রোডে। মহেশগঞ্জ, তেওরখালি, আমঘাটা, শ্যামপুর হয়ে চামটার বিলকে পাশে রেখে শিমুলতলা হয়ে আমরা পৌঁছে যাব যে যার ঘরে। ফিরে গিয়ে বার বার মনে হবে কত কিছুই না চাওয়ার আছে আমার প্রিয় বাংলার গ্রামগুলির কাছে—
তোমার কাছে চাইছি আমি
কাষ্ঠশালী বিল
বর্ষা এলেই জল থইথই
হাসত যে খিলখিল
তোমার কাছে চাইছি আমি
ফরেস্ট ডাঙার চর
বদলে যাওয়া নদীর বুকে
ছোট্ট কুঁড়ে ঘর
তোমার কাছে চাইছি আমি
বাথানগাছির সুর
খুব কাছেতেই ওপার হলেও
ওপার বহুদূর