সাপ্তাহিক কবিতা আশ্রম, ১০ পৌষ ১৪২৮

কবিতা আশ্রম প্রকাশনার বই। বাড়িতে বসে সংগ্রহ করতে চাইলে কভারে ক্লিক করুন।

দীপাঞ্জন মুখোপাধ্যায়

অপেক্ষা

অপেক্ষায় আছি;
মাঝে মাঝে ইচ্ছে করেই
নিজের থেকে চলে যাই বহুদূর
শুধুই আবার ফিরে আসব ,
এই অছিলায়।

যেমন প্রতিমা থাকে,
প্রতি বছর ভাসানের পর
গলে যাওয়া কাঠামো আবার তুলে এনে
পুনর্জীবন দানের, সেই
অপেক্ষায় থাকব;

সুজন পণ্ডা

আঁকড়ে ধরে শীতের হাওয়া

অক্ষরের মাঝে অক্ষর
লাইনের মাঝে লুকোনো অর্থ
ডুবে যাচ্ছে সন্ধিপত্র…

আকাশে এক রং
আরেক রং
আরও হাজার হাজার রং।
কোনও বাউলের ছেড়ে যাওয়া পোশাক।
তার সুর তার ইশ্বর তার প্রেম।

কোথায় মানুষ? কোথায় সেই শেষ প্রাণ?
অধিকারের অভিমান?
কেউ থেকে গেছে শেষ আলোটুকু নিয়ে।
বাউলের ছেড়ে যাওয়া একতারা নিয়ে ।

২

চললাম,
জঙ্গলের দিকে মুখ করে
এই আমার হাঁটা।
তীর ধনুক খুঁজেছি অনেক।
নির্মোহ ব্যাধের জীবন চেয়েছিলাম একদিন।

আজ শেষ বেলার আগুন জ্বলছে
ধিকধিক… ধিকধিক…।
নগরে নগরে মানুষের ভিড়।
সভ্যতার নামে কখন অন্ধকার নেমেছে।

তীর নয় কুঠার নয়
মুঠোভর্তি বীজ,
কিছু লতা গুল্ম কিছু মহীরূহ।
চললাম,
সভ্যতার দিকে পিছু ঘুরে।

৩

হাওয়ায় শুকনো ছাই ওড়ে।
পোড়া ইতিহাস…
রাজদ্রোহীর জীর্ণ হাড়,
শেষ সূর্যাস্তের ম্লান মুখ।
ওই বিরহ তুষারপাতের মত
ঠান্ডা… সর্বগ্রাসী।
শুকনো ছাই… পরাজিত সৈনিকের শিরস্ত্রান।

কখনও কখনও ছাই ঠেলে
বিষণ্ণ প্রেমিকার মুখ জেগে ওঠে
ভবিষ্যৎ জ্বালিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর।

প্রসূন ঘোষাল

ওই একটি লেখার জন্যে

আমার এই শরীর, মন, ভাবনা সব
একত্রিত হওয়ায় বেশ কিছু সুবিধা পেয়েছি।
দৃষ্টির ভিতর নিজেকে এগিয়েছি—
এগিয়েছি মেয়েমানুষের মতো সংসার পেতে
এক এক ধাপ, এক এক ধাপে।
যারা দেখেছিল এমন দৃশ্য
সেই ঘর আমার চেনা। ঘরের ভিতর দেওয়াল ঘড়ি
ও বিছানার পাশে টেবিলে ঘুমিয়ে ছিলো হলদে
কাগজে সুসজ্জিত হস্তাক্ষর।

চোখদুটি লেখার ওপর পেতে শুষে নিয়েছিলাম রস।
কেন জানি না, আজও
রাস্তায় হাঁটতে হাঁটতে কোনও কষ্ট হয় না।

একবার এক পথিক দুকাঁধে জুতসই একটা ধাক্কা
দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছিল মনের।

সত্যি কিনা জানি না ওই লেখার মধ্যে
অবিশ্বাস্য ভাবে পথিকের স্পন্দন সটান দাঁড়িয়ে—
দাঁড়িয়ে রয়েছে চোখ বরাবর।

সৌরভ লায়েক

দুঃখবিলাস

আমার কাছে যে দুঃখ পেয়েছে এযাবৎ
পলে অনুপলে
সে তার নিজেরই কারণে

আমি যার কাছে পেয়েছি দুঃখ সুধা
সেখানের কারণে অকারণে আমার ভুলগুলি
পল্লব শাখা বেয়ে ফুল হয়ে ফোটে

আমি জানি
আমি কাউকে দুঃখ দিতে পারি না

যে আমার থেকে দুঃখ পায়
সে তার নিজেরই কারণে

আমি শুধু গাছে জল দিই পরম মমতায়

কবিতা আশ্রম প্রকাশনার বই। বাড়িতে বসে সংগ্রহ করতে চাইলে কভারে ক্লিক করুন।

“পথের ফসল”

অমৃতাভ দে

পর্ব-১০

শীতের রাতে শহর ছেড়ে চক্রধরপুর প্যাসেঞ্জার ছুটে চলে লালমাটির দেশে।
রাত বাড়ে। মৃদুল দাশগুপ্ত সারারাত শুনিয়ে চলেন ‘ধানক্ষেতে’র গল্প।
আমার চোখে মুখে তখন শীতের শিশির লাগে।
বাংলা কবিতার আচার্য দেবদাস উচ্চারণ করেন মন্ত্র। সেই মন্ত্রে আমি জীবনের অতল গভীর থেকে তুলে নিয়ে আসি আলোকরশ্মি।
কামরা-জুড়ে ছড়িয়ে পড়ে বিভাসদার পলাশভাষা শিমুলভাষা… সেইসব শব্দমালা আমি তুলে রাখি আমার সাদা পৃষ্ঠায়।
অভিমন্যু মাহাতর শরীর থেকে তখন ছড়িয়ে পড়ছে মাটির গন্ধ। সেই গন্ধে বিভোর আমি।
সারারাত অপ্রত্যাশিত কবিতার কোলাজ নির্মিত হয় চক্রধরপুর প্যাসেঞ্জারের মৃদু আলোয়।
কথাকার অমর মিত্র শুনিয়ে চলেন বেঁচে থাকার কত না কাহিনি।
আমি নিজেকে ভাসিয়ে দিই অপ্রত্যাশিত মুহূর্তের তরঙ্গে।

ট্রেন থামে কুয়াশাচ্ছন্ন টেরাকোটার গ্রামে।
শালের জঙ্গল পেরিয়ে শব্দশ্রমিকেরা হেঁটে যায় অফুরন্ত কবিতার পথে… অযোধ্যা পাহাড় থেকে নির্মল হালদার নিয়ে আসেন হাতে— তৈরি জহরকোট। পরিয়ে দেন দেবদাস মৃদুল বিভাসের গায়ে।
দূর থেকে তরুণ কবি আমি অপ্রত্যাশিত এক চলচ্চিত্র দেখতে পাই। আর ভাবি আবহমান বাংলা কবিতার ইতিহাসে কীভাবে লেখা হবে এসব কথা! অপ্রত্যাশিত ঘটনা-আবর্তে ডুবে যাই আমি।

মাদল বাজে রাসমঞ্চে।
তরুণ কবি লালমাটির দেশ থেকে নিয়ে আসে কবিদের পারস্পরিক সোহাগ।
একদিন কবিতাহীন শহরে ছড়িয়ে দেবে সে অপ্রত্যাশিত সোহাগের রেণু…

ভোর না হতেই পৌঁছালাম বিষ্ণুপুর স্টেশনে। বিষ্ণুপুর স্টেশন খুব সুন্দর। টেরাকোটার মন্দিরের আদলেই তৈরি হয়েছে। বাইরে গাড়ি প্রস্তুত ছিল। ততক্ষণে বাসস্ট্যান্ড সংলগ্ন চা-এর দোকানের কেটলিতে জল ফুটতে শুরু করেছে। দূরপাল্লার বাসগুলি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। গরম চা-এ চুমুক দিয়েই রওনা দিলাম। গাড়ি ছুটল ঘনজঙ্গল পাশে রেখে। রাস্তা বেশ ভালো। ঠান্ডা ঠান্ডা লাগছিল। জঙ্গলমহলের অতীত-উত্তাপ ভিতরে যে একেবারেই অনুভব করছিলাম না তা নয়। কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটল। সেখানকার তরুণ কবিরা পথে পথে বিছিয়ে রেখেছেন বাংলা কবিতার কত না পঙ্ক্তি। সারাদিন এখানে চলবে কবিতা ও বিষ্ণুপুরী ঘরানার সঙ্গীতের সাথে সবুজ অরণ্যের কথকতা। সকাল সকাল জয়পুরের জঙ্গল ঘুরে দেখা। সবুজ গাছের সারি। প্রাণভরে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে শরীর সতেজ করে নিতে পারেন। জঙ্গলের ভিতরের মেঠোপথ দিয়ে চলে যান অনেক দূর। পাখির কলতান আর পাতাঝরার শব্দে মন ভরে যাবেই। রিসোর্টের ভিতরটা যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা একটি গ্রাম। পুকুর, ফুলবাগান, পাখিরালয়, সব্জিক্ষেত সবকিছু রিসোর্টের মধ্যে। ওই অঞ্চলের মেয়েরাই নানান কাজের সাথে যুক্ত। দেখে খুব খুশি হলাম। জঙ্গলমহলের মেয়েরা কত যত্নে পরিবেশন করছেন খাবার। তৈরি করছেন পিঠেপুলি। ‘বনলতা’ রির্সোটের অডিটোরিয়ামটা দেখবার মতো। সাজানো হয়েছিল দশাবতার তাস আর বিষ্ণুপুরী চিত্রকলায়। কটেজগুলিও সুন্দর। থাকবার খরচ একটু বেশি হলেও শান্ত নির্জনতাকে ভালোবাসেন যাঁরা তাঁরা একটা দিন এখানে থেকে বিষ্ণুপুর ঘুরে চলে যেতে পারেন কামারপুকুর-জয়রামবাটী। অথবা মুকুটমণিপুর কিংবা গনগনি। আমাদের এবারের এই ভ্রমণের সবচেয়ে বড় পাওয়া হলধর নাগের কথা ও কবিতা শোনার অভিজ্ঞতা। তিনি এক বিস্ময়। সৃষ্টি করে চলেছেন একের পর এক মহাকাব্য। হলধর নাগের কথা ও কবিতা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে ফেললাম নিজেকে। একাই চললাম অন্য এক পৃথিবীর খোঁজে।উঠে বসলাম ফাঁকা বাসে। সবুজ বনানীকে সঙ্গী করে এগিয়ে চললাম বিখ্যাত শিল্পী-ভাস্কর উপলকান্তি সাহার বাসায়। তিনি বিষ্ণুপুরের একটি কলেজকে সাজিয়ে তুলেছেন স্থাপত্য-ভাস্কর্য-শিল্পকলায়। দেখবার মতো পেন্টিং-ভাস্কর্য ছড়ানো কলেজের বিভিন্ন স্থানে। শিল্পীর সঙ্গেই চললাম পোড়ামাটির হাটে।

বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ এই পোড়ামাটির হাট। খুব বেশিদিন শুরু হয় নি। দুপুর গড়িয়ে বিকেল নামছে তখন। মন্দিরের গায়ে মিষ্টি নরম রোদ ঢলে পড়ছে। জোড়মন্দির শ্রেণি যেখানে সেখানেই পোড়ামাটির হাট বসে। তিনটি এক রত্ন শৈলির মন্দির নিয়ে জোড়মন্দির শ্রেণি গঠিত। এই মন্দিরগুলি মল্লরাজ গোপাল সিংহের দ্বারা ১৭২৬ খ্রিস্টাব্দে নির্মিত হয়। সমস্ত মন্দিরগুলি বর্গাকার উচ্চভিত্তির উপর উপস্থাপিত। সবগুলোতেই ঢালু ছাদের উপর একটি করে শিখর আছে। তিনটি মন্দিরের মধ্যেটিরতে রয়েছে পঙ্খের বিশদ অলংকরণ। রামায়ণ ও কৃষ্ণলীলার কাহিনি এই অলঙ্করণে উপস্থাপিত হয়েছে। চারপাশে পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা। পোড়ামাটির বিখ্যাত ঘোড়া, বাঁকুড়ার লন্ঠন, বিখ্যাত গামছা আরও কত হস্তশিল্পের সম্ভার চারদিকে। কিছুক্ষণের মধ্যেই ধামসা-মাদলের তালে নৃত্য করতে করতে চলে এল বেশ কয়েকটি দল। আদিবাসী মেয়ে-পুরুষেরা সজ্জিত হয়ে মন্দিরের চারপাশে এক মোহনীয় পরিবেশ তৈরি করল।তাদের কত না ছন্দ,কত না রূপ। মাথায় পালক গোঁজা, পায়ে নূপুর। তাদের সমবেত নৃত্য, সঙ্গীত ইতিহাসের পাতাকে জীবন্ত করে তুলল। নিতে ভুললাম না পোড়ামাটির ঘোড়া,বাঁকুড়ার লন্ঠন। হাট থেকে ফিরব জয়পুরের জঙ্গলে। সন্ধে নেমে আসছে। বাস দাঁড়িয়ে পড়ল ঘন জঙ্গলের ধারে। প্রায় দশ-কুড়ি জন আদিবাসী মহিলা মাথায় বস্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বস্তাগুলো তোলা হল বাসের মাথায়। জানা গেল বস্তায় শালপাতা আছে। সারাদিন ধরে মহিলারা শালপাতা কুড়িয়ে সন্ধেবেলায় সেগুলো মহাজনের কাছে দিয়ে তারপর বাড়ি ফিরবে। ক্লান্ত অবসন্ন শরীর কিন্তু মুখে আশ্চর্য দীপ্তি। বাসের ভিতর গাদাগাদি করে উঠলেন তারা। আমি অবশ্য মনের মধ্যে নতুন নতুন পঙ্ক্তিমালা নিয়ে নেমে গেলাম রিসোর্টের গেটে। শিখে নিলাম বেঁচে থাকবার নতুন পন্থা আরণ্যক কন্যাদের কাছ থেকে। সন্ধেবেলায় বিষ্ণুপুর ঘরানা সংগীত শুনতে শুনতে পেলাম সংগীতের ইতিহাসের পাতায়। রাত নেমে এলো জঙ্গলে। মৃদুল দাশগুপ্ত, অমর মিত্র, বিভাস রায়চৌধুরী, দেবদাস আচার্য, গৌতম বসুরা তখন আড্ডায় মগ্ন। তরুণ কবির দল তাদেরকে ঘিরে রচনা করেছে অন্য এক জগৎ।

ভোরের আলো ফুটতেই চললাম বিষ্ণুপুর। মন্দিরনগরী সেই খুব ছোটবেলায় দেখেছি। বহু বছর পর আবারও। প্রথমেই গেলাম রাসমঞ্চ দেখতে। সকালের প্রথম রোদ্দুর এসে ছুঁয়েছে রাস মঞ্চ। কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলাম মল্ল রাজাদের সময়ের সেই রাস উৎসবের আসরে। চোখের সামনে ফুটে উঠলেন রাধাকৃষ্ণ। আজ কোনো বিগ্রহ নেই সেখানে কিন্তু যেন এক অদ্ভুত প্রেমের আবহ চারপাশে। সবুজ গালিচায় মোড়া মন্দির-চত্বর। এরপর শ্যামরায়ের মন্দির। দেওয়াল জুড়ে টেরাকোটার অপরূপ নিদর্শন। গোপ-গোপিনীসহ শ্রীকৃষ্ণের রাসলীলা,হিন্দু-পুরাণের দেবদেবীর মূর্তি মন্দিরের গায়ে। রঘুনাথ সিংহ তৈরি করেন এই মন্দির। বলা হয় “The excellent quality of art on this temple endows it as one of the finest among the terracotta temples of West Bengal” শ্যামরায়ের মন্দিরের পাশেই আছে জোড়া মন্দির যা জোড়বাংলা নামে পরিচিত। মন্দিরের গায়ে টেরাকোটার অপূর্ব কারুকার্য। জোড় বাংলা বা কেষ্ট রায় নামে পরিচিত এই মন্দিরটির সম্মুখ গাত্রে নিবদ্ধ উৎসর্গ লিপি থেকে জানা যায় যে মল্লরাজ রঘুনাথ সিংহ ১৬৫৫ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্গাকার উচ্চভিত্তির উপর স্থাপিত এই অদ্ভুত মন্দিরটি পরস্পর সংযুক্ত দুইটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত। সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিরাজমান। মন্দিরের ভিতরের এবং বাইরের গায়ে এবং ছাদের নিচে পোড়ামাটির অলঙ্করণ দেখা যায়। কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারতের কাহিনি, পৌরাণিক গল্পগাথা, শিকার দৃশ্য এবং সমসাময়িক সমাজ জীবনের নানা ছবি পোড়ামাটির ভাস্কর্যে বিমূর্ত হয়ে উঠেছে। ভাস্কর্য এবং স্থাপত্যের এই নান্দনিক কারিগরী কুশলতা মন্দিরটিকে পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ পোড়ামাটির মন্দিরের মর্যাদা দান করেছে। এর পাশেই আছে রাধেশ্যাম মন্দির। দেখতে ভুলবেন না। ল্যাটেরাইট পাথরে ভাস্কর্য আপনাকে মুগ্ধ করবে।

পূর্ববর্তী সংখ্যা