সুকৃতি

হাত

 

এরকম হয়েছে অনেক বার

পিছলে পড়তে গিয়ে আমি

হয়েছি আঠায় হত আর বেঁচে গেছি।

 

বেঁচে উঠতে না উঠতেই বুঝে গেছি

ইহা এক রসের সংসার,

খেজুর গাছের শাখাপ্রশাখার মতো

শূণ্যতায় ভরা। আমরা তো অকারণ

 

শূন্যের ভিতরে ঢুকে পড়ার নেশায়

বুদ, বুদবুদ কেটে বেড়াচ্ছি কেবল…

 

২.

যখন থাকে না কাজ হাতে

বাতাসের ভরবেগ মাপো।

হয়তো বা পেয়ে যাবে হরিৎ বাসনা,

সবুজ সংকেতও পাওয়া যেতে পারে…

 

তখন কি আর মন দাঁড়াতে চাইবে?

তবুও দাঁড়াবে আমাদের বড়ো হতে চাওয়া;

যা কেবল উচ্চতায় সীমাবদ্ধ থেকে যেতে চায়।

 

উচ্চতা আসলে এক গভীরতা আর

ডুবে যাওয়া,ডুবে ডুবে জল খাওয়া…

 

খাপের ভিতরে জল খাওয়া চিলের সমাজে

এই কথা অর্থহীন;চিলের সমাজে

এক হতে চাওয়া এই হাত এক চোর।

 

অন‍্যেদের প্রেয়সীকে দেখে বহুবার

উঠেছিল কথা বলে

আর আমি লিখেছি কবিতা।