শংকর দেবনাথ

চুম্বনের ক্ষত

 

একপাশে আমি আর অন্যপাশে

স্বর্গ শুয়ে আছে- মাঝখানে ভালবাসা…

 

ভালবাসা ডিঙোতে পারিনে…

 

আজন্ম প্রেমিক আমি- সবকিছু

তুচ্ছ করে উচ্চস্বরে কেবল বলতে

পারি- ভালবাসি…

 

ঘর ছেড়ে গাছের তলায় বসে

এঁকে যাই পাণ্ডু নয় সবুজাভলিপি…

 

প্রেমিকের ঘর নেই- দেশ নেই-

স্বর্গ নেই- আছে শুধু চুম্বনের ক্ষত…

 

আমার সমস্ত ভুল… ভালবাসা…

কবিতার কাছে অবনত…