প্রবীর দাস

ছায়া পড়েছে বিকেলে

 

লাজুক আলোর বিকেল ক্রমশ উধাও

চারিধার ম্লান, ধ্বনিহীন নির্জন বাড়িটিতে

ছন্নছাড়া দীর্ঘশ্বাস—

সন্ধ্যা নেমে আসা চুপচাপ পুকুরের পাড়

পড়ে ফেলে উঠোনের আলপনা ছাপ

হারানো সম্পর্ক থেকে কঠিন পাথর ভাষা

সেইসব প্রাপ্তিযোগে সাঁকোটির নির্মাণকৌশল

চুরি হয়ে গেছে ধীরে ধীরে উজানের স্রোতে,

ভয়ঙ্কর সর্বনাশ—

 

স্মৃতিবন্দি কতসব সংগীত-কথা, জীবন খানখান

উড়ে যাওয়া রঙিন পাখি খুঁজেছে মাস্তুল

চুরি হওয়া আমাদের গচ্ছিত উজ্জ্বল সুখে

কালো কালো ছায়া পড়া স্তিমিত বিকেল…