তাজিমুর রহমান

নৈঃশব্দ্য, বিছানা

 

 

ঘৃণারও নিজস্ব দ্রোহ আছে, অমীমাংসিত

আর প্রতিধ্বনি

সে তো অনিকেত আগুনের মত সীমান্তহীন

চর ভেঙে ভেঙে এগিয়ে চলে ঘোষনার দিকে

 

তখন পায়ে পায়ে জড়িয়ে ধরে অক্ষরসদৃশ

পোড়া রঙের মুখ, সোনালী সংসার

আর ত্বকের উপরে ব্ল্যাকহোলের মত উজ্জল তিল

ছন্দহীন বর্ণে লিপিময় করে অবিন্যস্ত যুবতীপরাগ

 

পাকা সড়ক ,নিয়ন সভ্যতা এসে মিশে যায় অরণ্যে!

ভার্চুয়াল পৃথিবী আঁকে আত্মগরিমা

জবার লাল পাপড়ি ক্রমে ফেরি হয়ে যায় উষ্ণ শয্যায়

অতল বন্যতায় আবৃত হতে থাকে গান,পাখির

 

নিভৃতে ভিজে ওঠে নৈঃশব্দ্য, বিছানার নরম আকাশ