পীযূষকান্তি বিশ্বাস
বোমডিলা
অসীম তুই কোথায় আছিস ?
কতদিন কিছু লিখিস না আমায়
যে চিঠি লিখতিস আমায়,
শোনাতিস এক রাশ উদ্বেল দিনরাত্রির কথা
মুগ্ধতায় হেঁটে এসে দাঁড়াতাম এক অপার বিস্ময়ের পারে
জানা-অজানার বাইরে এক নিশ্চুপ
নির্লিপ্তিতে
কেন লিখিস না অসীম ?
নাকি লেখার মতো কিছুই আর সন্দেশ নেই
এই কাগজ কলম বিপন্নতা নিয়ে
কলেজ ফেরত তুই জানিস কতোটা ছিল দুদিকের রক্তক্ষরণ
এই ব্যস্ত নগরের অসংখ্য পুরস্কার
জনারণ্যের আলোক উৎসব
লেখালিখির উদ্দাম আনন্দমেলা
তোর অসহ্য মনে হল
কোথাও কি তবে পালিয়ে গেলি ?
অসীম তুই কেমন আছিস ?
তুই কি এখনো বুকপকেটে সুলেখা কলম রাখিস
এখনো ভাবিস রানাঘাট প্ল্যাটফর্ম থেকে
ট্রেন ছেড়ে গেছে
বাড়ি ফেরার পরবর্তী ট্রেন সেই পাঁচটা পাঁচে
লিখে ফেলার এক আস্ত অবকাশ
জানি,
তুই আছিস কোথাও
লিখছিস নিশ্চয়,
কোথাও লিখছিস হয়তো কোন মোম্পা মন্দিরের দেওয়ালে
বোমডিলা পর্বতের চূড়ায়
এই দুকলম অসাধারণ – অপূর্বে
নিজেকে আবদ্ধ করতে চাসনি বোধ হয় …