মধুসূদন দরিপা

মরা বেড়ালের মাথা 

 

পৃথিবীটা দেখতে যে নাসপতির মতো, সে ব্যাপারে

প্রায় সকলেই এখন একমত । কারণ চাঁদ থেকে

নীল আর্মস্ট্রং ঠিক তেমনটাই দেখেছিলেন ।

এখন তুমি তর্কের খাতিরে বলতেই পারো যে,

নাসপাতির মতো কেন ? কেন আনারসের মতো নয় ?

নাসপাতির গোটা গা’টাই তো মসৃণ ফ্যাকাসে বিবর্ণ !

কোন বৈচিত্র নেই । বরং আনারসের পরতে পরতে

বিচিত্র বিভা । বাইরে কাঁটা ভিতরে রস । ঠিক যেমন

লোকাল থানা কিংবা আদালত  অথবা  পার্লামেন্ট অথবা ….

 

 

এখন আমি তর্কের খাতিরে আনতেই পারি নিয়ানডার্থাল

কিংবা ক্রোম্যাগনন অথবা হাইডেলবার্গ মানবসভ্যতার

সময়ে পৃথিবীর আকৃতির কথা । কিংবা তুমিও পোষ্ট মডার্ণ

অ্যাটিচুড নিয়ে আনতেই পারো অতি দ্রুত বদলে যাওয়া

আগামী পৃথিবীর কথা জেনোটাইপ, ফেনোটাইপ ইত্যাদি

কিংবা ল্যামার্ক, ম্যালথাস অথবা ডারউইন অথবা ……

 

তথাকথিত পন্ডিত শ্রোতার দল আমাদের তর্ক শুনে

নিশ্চয়ই বলে উঠবে, ‘সাধু ! সাধু ! এসব কথা খুব দামী । ‘

 

তারপর সবাই চলে গেলে অন্ধকার একলা ঘরে

শুয়ে জেনের সেই গল্পটি আমার মনে পড়বে :

—গুরুদেব, পৃথিবীতে সবচেয়ে দামী জিনিসটি কি ?

—একটা মরা বেড়ালের মাথা । কারণ তার দাম পৃথিবীতে কারো জানা নেই ।