আলো বসু

হাওয়া হয়ে যাবার পর

 

 

কাঁচের গাড়ি , শব , আগে পিছে কয়েক ফালি শোক—

ততক্ষণে দৃশ্য থেকে হাওয়া হয়ে গেছি

 

হাওয়ায় উড়ছে মধুভাষা, শোক প্রস্তাব, স্মরণ সভা

তারই জন্য মুগ্ধতার কলি ফুল হয়ে ফুটে উঠছে দেখো

জীবনে যারে তুমি দাও নি মালা !

কতটা বেঁকেছে শিরদাঁড়া একটা লাইক কুড়োবার জন্য !

বাঁধা গতে স্বরভঙ্গ কী  ভীষণ !

 

স্তব স্তুতিতে বাঁচেন  ঈশ্বর ইহলোকে, মানুষের জন্য অন্য পন্থা

চিমটি কেটেই দিব্য বুঝিয়ে দেওয়া যায় বেঁচে আছি না মরে গেছি  !

 

ভেসে আসছে ফুলের সৌরভ, আরতির অগুরু,

মধুগন্ধে ভরা গুণকীর্তন, আহা ! আমাকে  দেবতার আসনে বসাবে নাকি !

শরীর কোথায় ? পঞ্চ ইন্দ্রিয় ? আমি আবার

নীচে নামতে চাই—