সমীরণ চক্রবর্তী

ও মধু

 

ফুল থেকে সুবাস উড়ে গেলে

কামসূত্রের কাহিনীচিত্র আঁকেন বাৎস্যায়ন

উড়ালপুলের নিচে।

 

তখনও ডিওর মৌতাত লেপ্টে রয়েছে

নিওন আলোর সাথে

লিপস্টিকরঙা অন্তর্বাসের স্ট্র‍্যাপে।

 

রাতারাতি মকরন্দ মধু হয়ে যায়

হানি-মানি-অ্যারোমা নির্যাসে,

পথহারানো মৌমাছির

চাকে ফেরা হলো না আর…

 

উল্টোডাঙা থেকে উরুগুয়ে

ভুবনজোড়া এক অদৃশ্যজাল

 

ওঁ মধু থেকে চন্দ্রবিন্দু তুলে নিলে

ও মধু, ও মধু… বাকিটা মধুজাল ।