রণদেব দাশগুপ্ত

আনুবিস

এসব নতুন নয়–

এই কথা বলেছিল প্রাচীন যুবক

আজ তার ঠোঁট থেকে সিমেন্টের গুঁড়ো

আজ তার চুল বেয়ে টায়ারের ধোঁয়া

মূর্খ অভিধান আমি

মানে বুঝতে পঞ্চাশ বছর

পাতা উল্টে দেখলাম

ভালবাসা আহত অক্ষর

পাতালে অমৃত আছে

এই ভেবে পাতিয়েছি সই , তোর সাথে _

বিরহ মেয়েলি দুঃখ , পৃথিবীতে কত কি যে ভুল

মাঝে মাঝে এইটুকু দুর্বল কথায়

কান না দিলেও চলে

ঝরে যাচ্ছে বোকা চৈত্রফুল।

শৃগালডাকের রাত ,

নাকি দেবতার হা হা হাসি _

নীল বালি বলেছিল

শৃগালও দেবতা হতে পারে ;

আমি তাই মেনে নিয়ে , রক্ত মুখে

দাঁড়িয়েছি পূজা ও নমাজ খাব বলে

এ আমার আদিগন্ত হক

এসব নতুন নয় _

বলেছিল প্রাচীন যুবক ।