অমৃতাভ দে
আলো
গাছের সমস্ত পাতা ঝরে গেছে
ক্লাসরুম থেকে অঞ্জনার বয়ে চলা দেখি
বইয়ের পাতায় আল মাহমুদের কবিতা দুলে দুলে পড়ছে সর্দারের নতুন প্রজন্ম
উস্কো খুস্কো চুল-এতোয়া মুন্ডা যেন
মহাশ্বেতার কাহিনি পড়েছে ও
জানে উলগুলানের কথা
শিখেছে বাঁচার লড়াই
এই বসন্তে ওদের বাড়ির উঠোনে পলাশ ঝরে পড়ে
সুখ এসে নীরবে দাঁড়ায়।
কানে কানে বলে যায়- ফাগুনের গান করো
ও বোঝে পাখির ভাষা, চেনে ঘাস ফড়িঙের রং
জানে কিভাবে সাঁতরে পার হতে হয় উত্তাল নদী
শহরের দিদিমণি,দ্যাখো তোমার জন্য ও একটা কবিতার খাতা বানিয়েছে
তুমি ওর জন্য রেখে যেও একমুঠো রোদ্দুর
বকুলের গন্ধ মাখা একবুক আলো।