শিবাশিস চট্টোপাধ্যায়

ভূগোল

গরুর চামড়া দিয়ে ঢোল হয়। সেই ঢোলে বোল ওঠে।

গুণী,  তুমি তোমার ঢোল বাজাও, আমি আমার। ঢোল ফেটে যায় আর তখন ভূগোল তৈরি হয়। আমরা ভূগোল পড়ি।  ভূগোল ভুলে যাই।

গরুর চামড়া থেকে ভূগোল পর্যন্ত যে আঁকাবাঁকা পথ সেই পথে কোনো গোধুলী নেই। না থাক। তবু নিয়ম করে তোমার আমার দেখা হয়। আমরা উভয় উভয়কে অভিশাপ দেই। কিন্তু কেউ কারো চোখের দিকে তাকাতে পারি না।

ফলে আমরা আবার ভূগোল ভাঙতে শুরু করি। ভাঙতে ভাঙতে সেই মৃত গরুটিকে খুঁজে পাই। ধুস পঁচা, দুর্গন্ধময়  গরু হাম্বা করে না।

ভূগোল আর গরুর মধ্যে আমরা গোল পাকিয়ে ফেলি। বুঝতে পারি না ভূগোল ভাল ছিল না গরু!