গৌতম গুহ রায়
বৈশাখে লেখা
রোদ্দুর নয়, আকাশ জুড়ে অভ্রমাখা নিষিদ্ধ কবন্ধ পশুরা ভাসছে
মেঘ নয়, ছেয়ে যাচ্ছে ক্ষমতালোলুপ চুম্বকবিশ্বের সূর্যাস্ত
চারদিকে ঝোড়ো বাতাস হঠাৎ কেমন তেতে উঠলো।
রোদ্দুরের ছেঁড়া দরজা ঠেলে ঢুকে পড়ছে লুকোনো পশুলোম
জমাট মেঘেদের ভিড়ে খিল খিল করে হাসছেন তিনি।
হাতের ত্রিশূলে গেঁথে নেওয়া শেষ প্রাণীটির পায়ে স্বস্তিকা চিহ্ন আঁকা
লেখা আছে, ভগ্ন হওয়ার আগে সেখানে ছিল ফুরফুরে বাতাস,
রামধনুর মতো সাতরঙের আকাশ থেকে নেমে আসা পাখি,
জল থেকে ঝিলিক দেয় রূপালী শস্য
নগর তান্ত্রিকের ভয়ার্ত নাচের আগে এইসব।
আমাদের ফেলে আসা নন্দনপুরের মতো
কালো দিঘির জল ফেপে ওঠে সেই নাচের তালে তালে
সবকিছু কেমন পাল্টে যাচ্ছে। ভেঙে পড়ছে প্রিয়তম বাসা ও শ্মশান
মাথা তুলছে অদ্ভুত এক অতিপ্রকৃত প্রাসাদ, বরফের ফুলে সাজানো
তার ছাদে দাঁড়িয়ে একজন একটার পর একটা তীর ছুড়ছে, উপরের দিকে
আকাশ চিঁড়ে চলে যাচ্ছে সেগুলো, ভাসমান পশুদেহের খসে পড়া মাংসের দিকে
তবুও আড়াল থেকে কোথাও বৃষ্টির প্রার্থণা নিয়ে একজন উড়িয়ে দেয়
মুঠোতে ধরে রাখা জলকণা,
দিগন্তে ভেসে ওঠে সবুজ মেঘের সোনালী আলো,
প্রত্যেকের ব্যক্তিগত বৈশাখ