মধুসূদন দরিপা
ফণী
পাশের মুখুজ্যেদের বাড়িতে
একটি রক্তকরবী গাছ আছে
তার সাথে দেখা হয়
কথা হয় রোজ
কিশোর নন্দিনী রঞ্জন
বিশু পাগল কিংবা রাজাকে নিয়ে
যেদিন ‘ফণী’ এলো রাজার মতো !
শুনলাম :
“নন্দিনী । রাজা, এইবার সময় হল ।
রাজা । কিসের সময় ?
নন্দিনী । আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই ।
রাজা । আমার সঙ্গে লড়াই করবে তুমি ? তোমাকে
যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি ।
নন্দিনী । তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে । আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু।”
চমকে ওঠে জীবন । অতটুকু প্রাণ !
এতো শক্তি !
আর সামান্য ‘ফণী’ ভয়ে
স্বেচ্ছা নির্বাসনে আজ দেশ !
মনে পড়ে যায় বিনয় মজুমদার :
‘পিঁপড়ের এত সরু পায়ে হাড় আছে, মাংসপেশী আছে ।’
ঘরের সমস্ত জানালা খুলে দিই