প্র ব ন্ধ
রক্তমাখা চাঁদের আলো অথবা নিজের কথা
জাকির তালুকদার
পশ্চিবঙ্গের কথাসাহিত্যে মতি নন্দী-শ্যামল-সন্দীপন-সুনীল-শীর্ষেন্দুবাবুদের পরে একটি অত্যন্ত শক্তিশালী প্রজন্ম উঠে এসেছেন। তবে তারা কেউ উপরোক্তদের মতো একই সাথে বাণিজ্যসফল নয়।
সাধন চট্টোপাধ্যায় তো লিটল ম্যাগাজিন ছাড়া অন্য কোথাও লেখেন না। তবে অন্যেরা সব কাগজেই লেখেন। নব্বই দশকের শুরুতে পড়েছি সাধনদার গল্প। স্বপ্নময় চক্রবর্তীর ‘অষ্টচরণ ষোলোহাঁটু’, অভিজিৎ সেনের ‘রহু চণ্ডালের হাড়’, অনিল ঘড়াই-এর ‘নুনবাড়ি’, আফসার আমেদ, ভগীরথ মিশ্র, বীরেন শাসমল-এর গল্প পড়েছি বিচ্ছিন্নভাবে। তখন হাতে এসেছিল এইগুলোনই। পরে অন্য শক্তিশালী লেখকদের পরিচয় পেয়েছি। তবে প্রথম আমি যার সংস্পর্শে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, তিনি অনিল ঘড়াই। সেটি ছিল আমার সদ্য শুরু হওয়া লেখকজীবনের জন্য একটি বিশাল আশীর্বাদ।
আমার প্রথম কলকাতা গমন সরকার আশরাফ এবং বগুড়ার শোয়েব শাহরিয়ারের সাথে। সন্দীপ দত্ত তার লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র-র পক্ষ থেকে প্রতিবছর দুই-তিনটি লিটল ম্যাগাজিনকে পুরস্কার দিতেন। সেই বছর পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল সরকার আশরাফ সম্পাদিত ‘নিসর্গ’। সাল-তারিখ আমার মনে থাকে না। আসলে মনে রাখার চেষ্টাও তেমন করি না। আমি তো ইতিহাস লিখি না। মানুষ এবং ঘটনাই মুখ্য।
কলকাতা পৌঁছে আমরা উঠলাম শেয়ালদা-র কাছে একটা হোটেলে। ফোন করা হলো সন্দীপ দত্তকে। জানানো হলো আমাদের কলকাতায় পৌঁছানোর কথা। তিনি শুনলেন। নিরুত্তাপ কণ্ঠে বললেন– কাল বিকেলে স্টুডেন্ট হলে চলে আসুন। ওখানেই অনুষ্ঠান।
এমন নিরুত্তাপ অভ্যর্থনায় বড্ড মুষড়ে পড়েছিলেন সরকার আশরাফ। পুরস্কার গ্রহণের আমন্ত্রণে এখানে আসা। অথচ আয়োজক কি না একবার জিগ্যেসও করলেন না কোথায় আছি আমরা! এ কেমন অভদ্রতা! শুধু অভদ্রতা নয়, সরকার আশরাফের মনে হচ্ছিল এ একেবারে অপমানের চূড়ান্ত। নিজেরা খেতে না পেলেও অতিথিকে মুরগি জবাই করে খাওয়ানোর সংস্কৃতিতে অভ্যস্ত মানুষদের কাছে এমন আচরণ গ্রহণযোগ্য হবে না, এ তো জানা কথা।
সরকার আশরাফ একবার জিগ্যেস করলেন– এমন আচরণের পর কাল অনুষ্ঠানে যাওয়া কি আমাদের উচিত হবে?
আমি বলটা তার কোর্টেই ঠেলে দিলাম– আপনেই সিদ্ধান্ত নেন। আমি এইখানে কোনো ফ্যাক্টর না। আমি আইছি কলকাতার লেখক-কবিদের দেখতে। কথা কওয়ার সুযোগ হলে কবো, না হলে শুনে-টুনে বিদায় নিব।
শোয়েব শাহরিয়ার বললেন– এতদূর যখন এলাম, চলেন অনুষ্ঠানটা সেরেই যাই। কোনো ভালোকিছুর প্রত্যাশা না নিয়ে গেলে হতাশা তৈরি হবে না। আমরা তো বুঝেই গেলাম, ওরা ভাবছে, পুরস্কার দিয়েই আমাদের ধন্য করে দিয়েছে। আতিথেয়তা বোধহয় এদের রক্তে নাই।
পরদিন স্টুডেন্ট হল। সরকার আশরাফ মুখ গোমড়া করেই পুরস্কার নিলেন। পুরস্কার মানে একটা পেতলের থালায় খোদাই করা কয়েকটি বাক্য। আর একটা কাগজের প্যাকেটে তিনটে লুচি এবং বোঁদে। অনুভূতি ব্যক্ত করার সময় সরকার আশরাফ কথা শুরু করলেন– আসসালামু আলাইকুম বলে। দুই মিনিটে শেষ করে দিলেন কথা। আমি পেছনের দিকের সারিতে বসে ছিলাম। একজনকে ব্যঙ্গ করে বলতে শুনলাম– ঐ থালাটা নিতে সুদূর বাংলাদেশ থেকে এসেছেন দাদারা! হে হে হে!
বিরতিতে বাইরে খণ্ড খণ্ড আড্ডা। বীরেন শাসমল ডেকে নিলেন আমাদের। আরো কয়েকজন ছিলেন। অমৃতলোক সম্পাদক সমীরণ মজুমদারের কথা মনে আছে। একজনকে দেখা গেল কাঁধে একটা ট্রাভেল ব্যাগ ঝুলিয়ে কথা শুনছেন নীরবে। মাঝারি উচ্চতার মানুষ, সোঁদামাটির মতো গায়ের রং, চেহারায় ক্লান্তির ছাপ। তার দিকে চোখ পড়াতে বীরেন শাসমল বললেন– আসুন পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন অনিল ঘড়াই।
শোয়েব শাহরিয়ার অবিশ্বাসের ভঙ্গিতে বললেন– আপনিই অনিল ঘড়াই!
ফিটফাট মফস্বলী শহরের মানুষ তিনি। কোনো লেখক যে এতটা গ্ল্যামারহীন হতে পারে, তা বোধহয় তার ধারণাতেই ছিল না। যাহোক, কিছু কথাবার্তা হলো। জানলাম অনিলদা কলকাতায় থাকেন না। পশ্চিমবঙ্গের বাইরে থাকেন। সেই জায়গার নাম চক্রধরপুর। তখন সেটি বিহারের মধ্যে। এখন ঝাড়খণ্ডে। নাটোর থেকে কলকাতা যতদূর, চক্রধরপুর থেকে কলকাতা তার চেয়ে বেশি দূরে। অনিলদা অনুষ্ঠানের খবর পেয়ে এত রাস্তা বয়ে এসেছেন বাংলাদেশের লেখক-সম্পাদকদের সাথে দেখা হবে ভেবেই। রাতের ট্রেনেই আবার ফিরে যাবেন চক্রধরপুরে। মুগ্ধ দৃষ্টিতে দেখছিলাম ‘জারমানের মা’ ‘পরীযান’ ‘নুনবাড়ি’র লেখক অনিল ঘড়াইকে।
বিরতি শেষে সবাই ঢুকলেন অনুষ্ঠানে। আমি অনিল ঘড়াই, অনুপ সিহি আর মানস কুমার চিনির সাথে গিয়ে বসলাম কফি হাউসে। সেই প্রথম আমার কফি হাউসে ঢোকা। অনিলদা এবং অন্য দুইজনের সাথে ততক্ষণে ফোন নম্বর, ঠিকানা বিনিময় হয়ে গেছে। তিনি আমন্ত্রণ জানালেন চক্রধরপুরে যাওয়ার। আমি একবিন্দু দ্বিধা না করে বললাম– যাব।
জানতে চাইলাম। পরের দিনের পরের দিন আমি যাব। জানতে চাইলাম, একশো-দেড়শো রুপির মধ্যে রাত্রিবাসের হোটেল পাওয়া যাবে কি না।
অনিলদা বললেন– যাবে। তিনি রেলওয়ে টিএন্ডটি-তে চাকরি করেন। জানিয়ে দিলেন হাওড়া থেকে আমাকে ইস্পাত এক্সপ্রেসে উঠতে হবে। চক্রধরপুরে তিনি আমাকে রিসিভ করবেন।
মানসকুমার চিনি আর অুনপ সিহি থাকেন খড়গপুরে। তারা বললেন, খড়গপুরে নেমে আমি যেন তাদের সাথে একটা বেলা কাটাই।
আমার রাজি না হওয়ার কোনো কারণ নেই।
পরদিন সকালে তিনজন গেলাম বীরেন শাসমলের বাসায়। ভালো গল্পকার। দেশ পত্রিকায় উনার ‘পানপাতা মুখ’ নামের গল্পটি আগে পড়েছি। একটি পত্রিকা সম্পাদনা করেন ‘তীব্র কুঠার’। উন্নতমানের গদ্যের পত্রিকা। বীরেনদা, তার স্ত্রী, শ্বশুরের আপ্যায়ন ছিল যথার্থ আন্তরিক। শ্বশুরমশাই কাছেই একটি বাড়িতে থাকেন। বাংলাদেশ থেকে যাওয়া মানুষ। বাংলাদেশের মানুষের সাথে গল্প করতে এসেছেন।
সরকার আশরাফ আর শোয়েব শাহরিয়ার ভুলতে পারছেন না উদ্যোক্তাদের অবজ্ঞার কথা। তারা সিদ্ধান্ত নিলেন, পরদিন সকালেই ফিরে যাবেন বগুড়ায়। আমি জানালাম, তাদের সাথে ফিরছি না। দুপুরে তারা গেলেন ছেলে-মেয়ে-স্ত্রী-র জন্য কেনাকাটা করতেন। আমি লোকজনের কাছে পথের হদিশ জেনে গেলাম সাহিত্য আকাদেমিতে (বাংলা আকাদেমিও হতে পারে)। সেখানে ‘মিট দ্য অথর’ অনুষ্ঠানে কথা বলবেন অমিয়ভূষণ মজুমদার। এই অনুষ্ঠান ছাড়া যায়!
দেবেশ রায়ের পরিচালনায় অনুষ্ঠানটি ছিল খুবই সুন্দর। একক বক্তা অমিয়ভূষণ মজুমদার। তিনি বললেন খুব স্বাভাবিক ভঙ্গিতে। তার কথা শেষের পরে ছিল প্রশ্নোত্তরের পালা। কেউ কোনো প্রশ্ন করছিলেন না। সম্ভবত অমিয়ভূষণের লেখার সাথে কারো তেমন পরিচয় নাই। দেবেশ রায় প্রায় জোর করেই প্রশ্ন করার নামে শ্যামল গঙ্গোপাধ্যায়কে ডেকে তুললেন মঞ্চে। তিনি বললেন যে আসলেই অমিয়ভূষণের লেখা তাঁর তেমন পড়া নেই। চলে গেলেন অন্য কথায়। শুনতে খুব ভালো লাগছিল। বিশেষ করে যখন নির্দ্বিধায় বললেন– প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেক বছর নীরব থেকেছি। চোখের সামনে অনেক অন্যায় দেখে না দেখার ভান করে সরে এসেছি। এখন আমাদের সত্য বলা উচিত। আরও বেশি দেরি করলে বোধহয় বলার সুযোগটাই আর পাওয়া যাবে না।
বিদায় নিলেন দুই সফরসঙ্গী। আর আমি দুপুরে হাওড়া স্টেশনে গিয়ে উঠে বসলাম ইস্পাত এক্সপ্রেসে। তখনো আমার কোনো বই প্রকাশিত হয়নি। গল্প ছাপা হয়েছে গুটিকয়েকমাত্র। সাথে দুইটি পত্রিকা, যেখানে আমার গল্প আছে। এই পুঁজি নিয়ে আমি যাচ্ছি বাংলাগল্পের অসাধারণ এক লেখকের কাছে। অনিল ঘড়াই-এর কাছে।
বিন্দুমাত্রও ধারণা নেই যে সেই সফর এবং সঙ্গলাভ হবে আমার ভবিষ্যৎ লেখকজীবনের এক বিশাল মোড় পরিবর্তনের সূচনা।
*********************
অনিল ঘড়াই দাঁড়িয়ে ছিলেন চক্রধরপুর রেলস্টেশনে। আমি প্লাটফর্মে নেমে খুঁজছিলাম তাকে। দেখলাম তিনি দূর থেকে হাত নাড়ছেন আমাকে উদ্দেশ্য করে। তার মানে আমার আগেই উনি দেখতে পেয়েছেন আমাকে। কাছাকাছি হয়ে জিগ্যেস করলাম– এত দূর থেকে কীভাবে দেখতে পেলেন আমাকে?
অনিলদা হেসে বললেন– আপনাকে দেখতে পাওয়া সহজ। এত লম্বা মানুষ তো বেশি হয় না।
স্টেশনের বাইরে সাইকেল স্ট্যান্ড থেকে নিজের সাইকেল নিয়ে এলেন অনিলদা। আমার ট্রাভেল ব্যাগটা বেঁধে নিলেন সাইকেলের পেছনের ক্যারিয়ারে। জানালেন, রিকশা নিতে হবে না। হাঁটতে হাঁটতেই চলে যাওয়া যাবে।
ছবির মতো শহর চক্রধরপুর। পাহাড়ের গা ঘেঁষে গড়ে ওঠা রেলশহর। লোকজন কথা বলছে হিন্দিতে। আর আদিবাসীরা তাদের নিজের ভাষায়। আদিবাসীদের সংখ্যাই বেশি। অন্য সবাই এই শহরে চাকুরি করতে আসা বিভিন্ন প্রদেশের মানুষ।
আমাকে অবাক করে দিয়ে হোটেলের বদলে অনিলদা নিয়ে এলেন তার কোয়ার্টারে। তার যুক্তি খুব সহজ। কথাবার্তা বলার জন্যই যখন আমার আসা তখন হোটেলে তার আসা-যাওয়াতে তো সময় নষ্ট হবে অনেক। তারচেয়ে বাসা বা কোয়ার্টারে চব্বিশ ঘণ্টা একসাথে থাকা যাবে, কথা বলা যাবে বিরামহীন।
অস্বস্তি হচ্ছিল আমার। দেশে অনেক হিন্দু-বাড়িতে থেকেছি-খেয়েছি। কিন্তু ভারতে যে তাদের পারিবারিক আচার-ব্যবহার কেমন হবে তা জানা নেই। পরিবারের অন্যরাই বা আমাকে কীভাবে নেবেন!
এক ফুঁয়ে অস্বস্তি উড়িয়ে দিলেন সর্বাণী বউদি। প্রতিমার মতো সুন্দর মানুষ। আর আছে দুই দেবকন্যাশিশু– সোনাই আর রূপাই। হাউজে পানি ধরে রাখা আছে। সেখানে স্নান করতে গিয়ে প্রায় সব পানি ফুরিয়ে ফেললাম। পরে জেনেছি, কাজটা খুব খারাপ করেছিলাম আমি। চক্রধরপুরে পানির অভাব। টিউবওয়েল বসানো যায় না। কারণ মাটির একটু নিচেই কঠিন পাথরের স্তর। পুকুর-দিঘীর তো প্রশ্নই ওঠে না। রেলবিভাগের গাড়ি দুইবেলা পানি দিয়ে যায়। সেটুকুই রেশনিং করে চলতে হয় সারাটা দিন। আমার এই অপচয়ে বউদি বা অনিলদার মুখে কোনো ছায়ামাত্র দেখলাম না। আর অনিলদা-র ‘জলচুরনি’ গল্পের মর্মটাও সেদিন বুঝেছিলাম। গরিব আদিবাসী মেয়ে কোথায় পাবে বাড়তি জল? তাই বাধ্য হয়ে জল চুরি করতে যেতে হয়েছিল তাকে অন্য বাড়িতে।
খেতে বসে বউদিকে জিগ্যেস করলাম– আপনাদের বিয়ে হয়েছে কত সালে?
বউদি উত্তর দিলেন– ঐ যে বছর পরীযান বেরুল।
‘পরীযান’ অনিলদার দ্বিতীয় গল্পগ্রন্থ। সর্বাণী বউদি তার জীবনের সবকিছুর হিসাব রাখেন লেখক অনিল ঘড়াই-য়ের লেখার সাথে মিলিয়ে।
বউদির মনে হয়েছিল আমি ভাত খেয়েছি কম। জানতে চাইলেন– এত কম খান কেন?
আমি ঠাট্টার সাথে উত্তর দিলাম– আসলে আমরা তো তিনবেলা খাই না। খাই পাঁচবার।
বউদি সিরিয়াস– তাহলে বলবেন কখন কখন খাবেন আপনি।
অনিলদা আর আমি নিয়মিত রাত আড়াইটা-তিনটা পর্যন্ত গল্প করতাম। ঘুমানোর আগ পর্যন্ত বউদি চা সরবরাহ করে যেতেন। আবার সকাল সাতটার সময় তার সুরেলা কণ্ঠ– চায়ে রেডি।
আটফুট বাই দশফুট সাইজের দুইটি ঘর। সামনে-পেছনে অবশ্য বারান্দা আছে। আবার বারান্দার পরে অনেকখানি করে খোলা জায়গা। সেখানে ফুল-সবজির চাষ হচ্ছে। সামনের বারান্দায় বাম দেয়াল ঘেঁষে অনিলদা-র লেখার টেবিল পাতা। একটা পর্দা দেওয়া আছে বাইরের দিকে। বারান্দায় দাঁড়ালে অন্য অফিসারদের কোয়ার্টার। আরো কয়েকজন বাঙালি আছেন। তাদের মধ্যে ‘কয়াল’ পদবিধারী একজনের কথা মনে আছে। মাঠ পেরিয়ে একটু এগুলে অসংখ্য গাছ-পালা শুরু। সেদিকে কয়েক মাইল দূরেই পাহাড়। লেখার টেবিলের পাশ দিয়ে ঢুকলে প্রথম ঘরটা। ঠিক হলো, সেই ঘরে থাকব অনিলদা আর আমি। ভাবলাম, একটা রাতের ব্যাপার। কেটে যাবে গল্পে গল্পে। গল্পেই রাত কেটেছে বটে। কবে একটা না। পুরো সাতটি দিন এবং রাত থেকেছি আমি অনিলদা ও তার পরিবারের সাথে। সে যে কী অসাধারণ সময় কেটেছে আমার! জীবনের অন্যতম শ্রেষ্ঠ সাতটি দিনরাত্রি।
লেখালেখির প্রতি নিবেদন কাকে বলে, অনিলদা-র সংস্পর্শে না এলে কোনোদিনই হয়তো জানা হতো না আমার। যেভাবে ভাত-রুটি খাওয়া জীবনধারণের রোজকার ব্যাপার, যেভাবে প্রার্থনা করা ধার্মিকের রোজকার অবশ্যপালনীয় কাজ, সেভাবে লিখতে বসাও লেখকের রোজকার অবশ্যকর্তব্য। আগেও শুনেছি এমন কথা। কিন্তু দেখলাম অনিলদা-কে। নিজের লেখালেখি এবং খ্যাতি-প্রাপ্তি নিয়ে কোনো কথা বলেন না তিনি। সেই সময়েই অনেকগুলো প্রাদেশিক এবং সর্বভারতীয় পুরস্কার পেয়ে গিয়েছিলেন। তদুপরি লেখা হয়ে গিয়েছিল ‘নুনবাড়ি’র মতো অসাধারণ একটি উপন্যাস। গর্বে মাটিতে পা পড়ার কথা নয় ঐ বয়সের একজন লেখকের। কিন্তু অনিলদা সেসব কথা মুখেই আনেন না। তবে লেখালেখির জগতে এসে বিভিন্ন জায়গাতে অপমানিত হবার কথা অক্লেশে বলে যান। নিজের ব্যর্থতার কথাও। প্রতিষ্ঠানবিরোধিতা বা উত্তরআধুনিকতা নিয়ে মাথা ঘানান না। বলেন যে সৃজনশীল লেখক সেগুলো জেনে রাখবেন, তবে সেগুলো নিয়ে পড়ে থাকবেন না। সাহিত্য করার জন্য তত্ত্ব কোনো কাজে লাগে না। তত্ত্ব দরকার সাহিত্য সমালোচকের আর সাহিত্যের অধ্যাপকদের। কোনো লেখাকে একটা চৌখুপিতে বসাতে না পারলে তাদের পেটের ভাত জুটবে না।
কলকাতা থেকে অতটা দূরে অবস্থান, কাজেই লেখা পাঠাতে হয় ডাকযোগেই। ‘দেশ’ পত্রিকায় গল্প পাঠাতেন। হাসতে হাসতে জানালেন, পরপর আঠারোটা গল্প পাঠিয়েছিলেন। ছাপা হয়নি। উনিশ নম্বরটা ছাপা হয়েছিল। কেন আঠারোটি গল্প বাতিল করল দেশ?
পরে আমি সেই গল্পগুলো পড়েছিলাম। না ছেপে ফেলে দেবার মতো গল্প নয় সেগুলো। তেমন হলে পরবর্তীকালে বইতে সেগুলোকে স্থান দিতেন না অনিলদা। তার অর্থ হচ্ছে, লেখার মান নয়, অনিলদা-র গল্প ‘দেশ’ পত্রিকা ছাপছিল না অন্য কোনো কারণে। কারণটা পরিষ্কার জানা যায়নি। তবে সুনীল গঙ্গোপাধ্যায় একটুখানি ক্লু দিয়েছিলেন অনিলদা-কে। বলেছিলেন, লেখার প্রচার পেতে হলে তোমার পদবি পাল্টাতে হবে অনিল!
অর্থাৎ সেই ব্রাক্ষ্মণ্যবাদ! এখনও!
ঘড়াই তো কুলিন পদবি নয়। সম্ভবত নমঃশূদ্রই। অথবা কাছাকাছি। তাদের জন্য কলকাতার গঙ্গোপাধ্যায়-চট্টোপাধ্যায়-ভট্টাচার্যদের সাহিত্য-শিল্পের জগৎ বেশি জায়গা ছাড়তে রাজি নয়। এই বিষয়ে বেশি কথা আমিও বলতে চাইনি। স্পর্শকাতর বিষয়। অনিলদা একবার বলেছিলেন, আপনাদের দেশে তো হিন্দুদের মধ্যে বেশ কয়েকজন বড় বড় লেখক-কবি আছেন। তাদের ভাগ্য ভালো। কুলিন পদবির লোক না হলে এখানে তাদের জায়গা হতো না। এখানে বড়জোর কায়স্থ পর্যন্ত কিছুটা দাম পায়। তার নিচে হলে কোটায় চলে যায়।
প্রবল উপেক্ষাকে প্রবলতর সাধনা দিয়ে এবং উন্নত সৃষ্টি দিয়ে পরাজিত করতে হবে– এই মন্ত্র আমার মগজে পাকাপাকিভাবে ঢুকিয়ে দিয়েছিলেন অনিলদা। মুখ চেনাচিনি, অন্য কোনো সম্পর্ক দিয়ে লেখক-কবিকে কিছুদিন তোল্লাই দিতে পারে মিডিয়া। কিন্তু নিজের প্রতিভা আর সাধনা না থাকলে কতদিন উপরে ধরে রাখতে পারবে মিডিয়া? সচেতন মানুষ তো মিডিয়াকে থুতু দেবে। দেয়-ও। তাই রাজধানী থেকে অনেক দূরে বসবাস করেও সাহিত্যে নিজের অবস্থান তৈরি করে নেওয়া সম্ভব। চোখের সামনে অনিল ঘড়াইকে উদাহরণ হিসাবে দেখার পরে আমার নিজের মফস্বলবাস নিয়ে একদিনের জন্যেও আর আফসোস হয়নি। কেউ কেউ বলতে পারেন, কেন রাজশাহীতে তো চোখের সামনে হাসান আজিজুল হককে সবসময়ই দেখেছেন। আমি বলি, অনিল ঘড়াইয়ের সাথে হাসান আজিজুল হকের তুলনা করা যায় না। সাহিত্যপ্রতিভার পাশাপাশি হাসান স্যার অবস্থানগতভাবে অনেকখানি সুবিধা ভোগ করেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সারাদেশের সারস্বত মহলের সাথে স্বয়ংক্রিয় যোগাযোগ। তার অনেক গুণমুগ্ধ ছাত্র অনেক প্রকাশনী এবং পত্রিকার মালিক। বিভিন্ন পুরস্কার কমিটির হর্তাকর্তা। বিশ্ববিদ্যালয়ে মাসের পর মাস ছুটি নিয়ে তিনি লিখতে পারেন। তাকে আতিথেয়তা দেবার জন্য সারাদেশের ভদ্রলোকশ্রেণী সদাপ্রস্তুত। কলকাতাতেও তার গুণমুগ্ধ ছাত্র এবং সঙ্গীরা আছেন। এমনকী আশির দশকের শেষের দিকে বিজ্ঞাপন পর্ব-র মতো অভিজাত লিটল ম্যাগাজিন(!) তাকে নিয়ে বিশেষ সংখ্যা করেছে। অর্থনৈতিক অস্বচ্ছলতা তাকে টের পেতে হয়নি। হাসান আজিজুল হকের তুলনায় অনিল ঘড়াইয়ের কিছুই ছিল না। ছিল কেবল লেখার শক্তি। সেই শক্তি দিয়ে তিনি পাহাড় ঠেলে গেছেন আজীবন।
নিশ্চয়ই পরিবার নিয়ে না খেয়ে থাকতেন না অনিল ঘড়াই। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকুরি। বেতনকাঠামো নিম্ন-মধ্যবিত্ত জীবন কাটানোর মতো যথেষ্টই বলা চলে। কিন্তু বিলাসিতা করার কোনো সুযোগ নাই। নিজের প্রথম আটটি বই যে তাকে নিজের খরচেই করতে হয়েছে। পূজার বোনাসের টাকায় বই করা। প্রভিডেন্ট ফান্ড থেকে ধার নিয়ে বই করা। কলকাতায় কোনো থাকার জায়গা নেই। কিন্তু বই ছাপার জন্য কলকাতাতেই যেতে হবে। বউদি এবং ছোট বাচ্চাকে নিয়ে প্রেসের মেঝেতেই নিউজপ্রিন্ট বিছিয়ে রাত কাটিয়েছেন। বাড়তি টাকার পেছনে ছোটেননি। দেশের ভিটেতে তার অন্য ভাইবোনরা বাড়ি তুলতে চান। অনিলদা জানিয়ে দিয়েছেন, বাড়ি তোলার কথা ভাবতেই চান না তিনি। তা করতে গেলে লেখালেখির কাজ বা সাধনা ক্ষতিগ্রস্ত হবে।
এই শিক্ষাটাও অনিলদা-র জীবন দেখে পাওয়া। বাড়ি-গাড়ি-পশ জীবনের কথা মাথায় ঢুকলে লেখার গভীরতায় ঘাটতি পড়বে। টাকার পেছনে ছুটতে গেলে সাহিত্যের জন্য সময় কমে যাবে। অতএব সেসব চিন্তা বাদ দিয়ে বসতে হবে লেখার টেবিলে। বাঁচার মতো উপার্জন থাকলেই হলো। কারো কাছে হাত পাততে না হলেই হলো।
মানুষকে মানুষ এমনভাবে ভালোবাসতে পারে! সেই সাতদিনে দেখেছি আদিবাসীরা, বিহারি মাংসবিক্রেতা, রিকশাচালক, অফিসের নিম্নপদস্থ কর্মচারিরা অনিলদাকে কীভাবে নিজেদের লোক বলে মেনে নিয়েছেন। অনিলদা-র মুখে একটু হাসি দেখলে তারা যে কতটা আনন্দিত হতেন তা ভাষা না বুঝলেও অনুভব করতে একটুও অসুবিধা হতো না আমার। তারা সবাই আছেন অনিলদা-র গল্পে-উপন্যাসে।
একদিন সঞ্জয়-বিঞ্জয় নদী পেরিয়ে অনিলদা আমাকে নিয়ে গেলেন আদিবাসীদের গ্রামে। পাহাড়ের কোল ঘেঁষে জঙ্গলের মধ্যে গ্রাম। সঞ্জয়-বিঞ্জয় পাহাড়ি নদী। খুব স্রোত। বেশি গভীর নয়। পার হতে হয় হেঁটে। পায়ের নিচের ঝকমকে পাথরগুলো পিছলে যেতে চায়। গ্রামে ঢোকার পরে আদিবাসী এক বৃদ্ধ অনিলদাকে কয়েকটি কথা বললেন। ভাষা আমি বুঝিনি। তবে শুনতে পেয়েছি ‘দিকু’ শব্দটি। দিকু মানে ডাকাত। তথাকথিত সভ্য মানুষ তাদের কাছে দিকু। আমাকে সভ্য-ডাকাত ভাবছেন ওরা। অনিলদা বোধহয় আমার পরিচয় জানালেন ওদের। এবার বদলে গেল আচরণ। আদর করে বসালেন তারা। মুড়ি খেতে দিলেন। তারপর বাটিতে করে দিলেন ঘন সাদা থকথকে একটা পানীয়। বললেন– পিও। সফেদ চায়ে। পিও।
আমি মুখে ঠেকাতে যাচ্ছিলাম বাটি। অনিলদার দিকে তাকাতে দেখলাম উনি আমাকে প্রবল ইশারা করছেন না খেতে। বাটি নামিয়ে রাখলাম। অনিলদাও খেলেন না। একফোঁটা আঙুলে তুলে কপালে ঠেকালেন। বললেন– এটাই আমার খাওয়া হলো।
পরে আমাকে বললেন– ওটা খুব কড়া পচুই। খেলে আজ আর আমরা বাড়ি ফিরতে পারতাম না।
প্রকৃতির সঙ্গে এবং প্রকৃতির সন্তানদের সাথে এমনভাবে মিশে যেতে আর কাউকে দেখিনি আমি। মাঝে মাঝে মনে হতো অনিল ঘড়াই নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে দেখছি আমি।
সাতদিনে আমি তাকে যতখানি ভালোবেসেছিলাম, তার চেয়ে তিনি আমাকে অনেক বেশি ভালোবেসেছিলেন। আমাকে কলকাতার ট্রেনে তুলে দিয়ে প্লাটফর্মে দাঁড়ানো অনিলদা-র চোখে পানি দেখেছি আমি।
আমার সেই অগ্রজ, আমার সেই শিক্ষক আজ নেই। অকালমৃত্যু হয়েছে তার। অকালমৃত্যু সত্ত্বেও তার রচনার উৎকর্ষ এবং সংখ্যাও বিপুলই বলা চলে। কারণ জীবনের একমুহূর্ত সময়ও তিনি অপচয় করেননি।