পারমিতা ভট্টাচার্য
কুন্তী
গর্ভে সূর্যশাবক,
দৌড়ে পেরোচ্ছি পথ,নদীতীর, নাবালিকা পায়ে ―
এমন সাহস নেই,রোদ্দুরের কাছে বলবো “নত হও”,
অমনি রোদ্দুর
ভূর্জপাতায় মুড়ে যাবতীয় কামনাবিলাস
এ জন্মের মত রেখে, বুক পেতে দেবে…
সে আশা স্বপ্নেও করিনি ; শুধু
প্রজাপতি ধরেছি দুপুরে
পুড়ে গেছে আশরীর মন―
কর্ণ আসারও আগে, ধানশীষে-নাড়িচেরা কত
মৃত ভ্রূণ ছড়িয়ে দিয়েছি,
সমস্ত পাণ্ডুর ঘর জুড়ে !