স্বপ্না বন্দ্যোপাধ্যায়

একার কাছে লেখা

১

ঘাড় মুচড়ে টেনে আনলাম তাকে

কী সরল সে! একদম এক বিন্দু

থেকে আরেক বিন্দুর মতো সরাসরি

একেবারে ভিতর অবধি দেখা যায়

একটুও বাড়তি ঝুঁকতে হয় না

২

নিঃশব্দ দাঁড়িয়েছে আড়াআড়ি হয়ে

লন্ঠন জ্বলা রাত হাতধরা গরমের গায়ে

এভাবেই দাঁড়ায় আর চিবুক দেয়

আদরের ঠোঁটে

৩

বড্ড চুমু পাচ্ছে ঠোঁট বিশ্বাস করো

শ্বাসের কুয়ো থেকে উঠে আসছে

জ্বরের ঘন বেগনি তবক

লালা চাইছে ছটফটানির পালক

চুমু চুমু… দু’টো ঠোঁটের ভেতর

কেউ ঠোঁট এঁকে যাচ্ছে

এ ঠোঁট খোলস ছাড়তে চাইছে

আর এক ঠোঁটের ধ্বনিতে

এসব সময় শরীর শোক হয়ে ওঠে

৪

একা আরো একা একা একা হতে ইচ্ছে করে

একার কাঁধের ওপর শিশুর মতো

দু’ পা ঝুলিয়ে বসতে ইচ্ছে করে খুব

একাগ্রামে বিছন বিছিয়ে একটানা

ঘুমে ডুবুরি হতে ইচ্ছে করে

তখন সূর্জ নীল হয় ছায়ার পেটে

রেখায় আঁকিবুঁকিতে চোখ ভরে থাকে

নিশীথ ষড়ঙ্গী

দুঃসহ

 

অতীত, তবুও বিষ,তাম্রপাত্রে রাখা সুধারও অধিক।

জ্বালাটি অম্লান আর তাকে ফেলে থাকাও কঠিন—

হে অনন্ত নক্ষত্রবীথি,তুমি তাকে স্থান  দেবে তোমার আলোয়!

অসহ্য, পুড়েছে স্বপ্নকাল,

ঠোঁটের তণ্ডুলকণা, সেও নিষিদ্ধ আজ, নিষিদ্ধজাগর।

তবুসে তো একমাত্র, একটিই সেতার

বেজেছিলো একটি রাতের মতো একা

তিলমাত্র কুণ্ঠা নেই

সাঁতার জাগিয়েছে জল, একটানা, যেদিকে তাকাও-

অনতি অতীত নয়, তারও আগে, তারও বেশ আগে

খেলা যখন ছিলো তোমার সনে,তখনও

একটু একটু করে

মিশেছিল নীল, ডুবন্ত সাদায়…

একফালি মেঘ আজ, হঠাৎ পড়েছে এসে

চোখের পাতায়…