প্র ব ন্ধ
কবি মনুজেশ মিত্র : বিস্মরণের অমল আঁধারে
রামানুজ মুখোপাধ্যায়
এক
‘শুধু এক কবি’
দুর্লভ আভিজাত্য, স্বরচিত নির্জনতা আর বিষাদমন্থর এক অস্থির অভিমান ঘিরে ছিল মনুজেশ মিত্রের কবিতাকে। তাঁর কবিতা ছিল মিতবাক, যেমনটি তিনি নিজেও ছিলেন। জন্মেছিলেন অভিজাত পরিবারে। বাড়িতে ছিল সংগীতের সুরেলা আবহ। বাবা-মা দু-জনেই গাইতে পারতেন। পুরাতনী, কীর্তন, রামপ্রসাদি গানের পাশাপাশি রবীন্দ্রসংগীত তো ছিলই। বোনেরা গান শিখতেন শিক্ষকের কাছে, বাড়িতেই। পাশে বসে থাকতেন বালক মনুজেশ। বড়োবেলায় তিনি বলেছিলেন: ‘গানের প্রথাগত শিক্ষা আমার হয়নি। তবে গান গাইতে পারতাম, গলায় সুর ছিল, তালজ্ঞানও ছিল।’ সেই অভিজ্ঞতা থেকেই যৌবনে গান লিখেছিলেন। সুরও দিয়েছিলেন। বিশ শতকের ষাটের দশকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, অনুপ ঘোষাল, রবিন বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা তাঁর গানে কণ্ঠ দিয়েছিলেন। মনুজেশ ছিলন আকাশবাণী-র স্বীকৃত গীতিকার। লিখেছিলেন হিন্দি গান, হিন্দি গজলও। পরিচিতি যে পায়নি সে-সব গান, তাও নয়। তাঁর সংগীতপ্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন সলিল চৌধুরি। থিয়েটারে আগ্রহ ছিল। অভিনয় করেছেন। সুখ্যাত নাট্যব্যক্তিত্ব কুমার রায় ছিলেন সম্পর্কে তাঁর মামা। তবু, এ-সব টানকে উপেক্ষা করে মুখ্য হয়ে উঠেছিল মনুজেশের কবি-পরিচয়।
পড়াশুনোর প্রয়োজনে কলকাতায় পৌঁছে ছিলেন প্রথম যৌবনে। ছাত্রাবস্থাতেই বহু পত্রপত্রিকায় প্রকাশিত হত তাঁর কবিতা। পাঠকমহলে এবং কলকাতার তরুণ কবিদের বৃত্তে সেই থেকে তাঁর পরিচিতির শুরু। তারপর আর কখনো তাঁর কবিতা লেখা থামেনি। টানা ছ-দশক। মাত্র ছ-টি কবিতার বই। তাঁর প্রকাশিত কবিতার সংখ্যা খুব বেশি নয়। এমন নয় যে, তিনি লিখেছেন অথচ প্রকাশ করেননি। লিখেছেনই অল্পসংখ্যক কবিতা। তাঁর স্বভাবের মধ্যে ছিল এক আশ্চর্য নির্লিপ্তি। নিঃসংকোচে তিনি বলতে পেরেছিলেন:
আমি কবি নই। কবিতা লেখক মাত্র। প্রকৃত কবিরা ক্রান্তদর্শী হন। তাঁদের দার্শনিক গভীরতা ও ব্যাপ্তি আমার নেই। আমি শুধু একজন সাধারণ মানুষ, যাকে কবিতা মাঝে মাঝেই ডাক দিয়েছে, দীর্ঘ সময় ধরে। যখনই কড়া নাড়ার শব্দ পেয়েছি আমি সন্তর্পণে দরজা খুলে দিয়েছি। কবিতা তখন আমাকে ডেকে নিয়ে গেছে স্বভূমিতে।
জীবিতকালে তাঁর ছ-টি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছিল কম-বেশি তিনশো কুড়িটি কবিতা। এর মধ্যে আবার একই কবিতা কখনো পাঠান্তরসহ কখনো-বা একইরকম চেহারায় মুদ্রিত হয়েছে একাধিক গ্রন্থে। সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় তাঁর কবিতা প্রায় নিয়মিত প্রকাশিত হয়েছিল বন্ধু কবি শক্তি চট্টোপাধ্যায়ের উদ্যোগে। ‘দেশ’ পত্রিকার ১৯৮৩-২০০৭ কালপর্বের কবিতা সংকলনেও ছাপা হয়েছিল মনুজেশের কবিতা। আমেরিকার বিট কবি অ্যালেন গিনসবার্গ ও পিটার অর্লিভস্কির বীরভূমভ্রমণের সঙ্গী ছিলেন তিনি। সেই ১৯৬৩-তেই গিনসবার্গের অনেকগুলি কবিতা তিনি সযত্নে বাংলায় অনুবাদ করেছিলেন। সমকালীন কবিতার বাঁকবদলের সঙ্গে এ-সবের যোগসূত্র ছিল গভীর। তবু বাংলা কবিতার সাধারণ পাঠকের কাছে কবি মনুজেশ মিত্র সম্পূর্ণ অপরিচিত এক নাম। যে-বোলপুর কলেজে তিনি চার-চারটি দশক সুখ্যাতির সঙ্গে অধ্যাপনা করেছিলেন সেখানেও তাঁর কবিতার দরদি পাঠক প্রায় নেই বললেই চলে। আত্মপ্রচারবিমুখ ছিলেন। নিজের কথা, নিজের সৃষ্টির কথা তিনি কখনো বলতেন না। প্রকাশ্যে তো নয়ই, একান্তেও কদাচিৎ। জীবনের শেষপ্রান্তে ২০১৪-য় দাঁড়িয়ে তিনি নিজেই আমাদের জানিয়েছিলেন:
. . . আমার কবিতা যেমন বহুল পঠিত নয়, আমার গানও সেরকম বহুলশ্রুত নয়। কোনোটাতেই আমি একেবারেই প্রচার পাইনি। হয়তো ভাগ্য! মুষ্টিমেয় পাঠকরা বলেন আমি প্রচারবিমুখ। তা নয়, আমি প্রচার-অক্ষম। . . . আজ আমি বিস্মৃতপ্রায় এক কবিতালেখক। তবু এই স্বল্পপ্রচারিত অবস্থায় আমি যে খুব অতৃপ্ত তা নই। কিছু পাঠক তো আমার আছেন। তাঁরা আমার কবিতা ভালোবেসেই পড়েন।
১৯৬৫-তে তাঁর প্রথম কবিতার বই ‘আমি অমল আঁধারে’ কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল অনুরাগীদের উৎসাহে। ২০১৪-য় শেষ বই ‘কবিতা সঞ্চয়’-এর মলাট-লিখনে প্রকাশকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, মনুজেশ মিত্র ‘চিরকালই’ কাব্যপ্রচারে ‘উদাসীন এবং অতিমাত্রায় নির্লিপ্ত’। কখনো কবিবন্ধু, কখনো-বা তাঁর অনুরাগীদের আগ্রহে কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয়েছিল। আমাদের এই প্রচারসর্বস্ব যুগে এমন এক কবিজীবন কি সত্যিই দুর্লভ নয়?
দুই
অমল আঁধার
সাতচল্লিশের দেশভাগের পর যে-কবিদল এসেছিলেন বাংলা কবিতার আঙিনায়, তাঁদের অধিকাংশের কবিতাতেই ছিল আত্মগত ‘আমি’-র ছায়া। তাঁরা বলেছিলেন, এ-সবই আসলে ‘স্বীকারোক্তিমূলক কবিতা’। এই ‘আমি’ বহুরৈখিক ছিল না, ছিল কবির আত্মপ্রতিকৃতি। মনুজেশ মিত্রের কবিতাগুলি চারিত্র্যগুণে স্বীকারোক্তিমূলক। লিরিক কবিতাই তিনি লিখেছেন। তাঁর প্রথম এবং চতুর্থ কাব্যগ্রন্থের নামে ‘আমি’ এবং ‘আমার’ শব্দ দু-টি লক্ষ করবার মতো। অথচ মনুজেশের কবিতায় ‘আমি’ কোনো উচ্চকিত স্বঘোষণায় মশগুল নয়। তাঁর কবিতা বরাবরই আত্মমগ্ন। কাহিনির আভাস সেখানে নেই বললেই চলে। সংলাপও বিশেষ নেই। আছে একোক্তি। নিজের সঙ্গে নিজের কথা বলা। তাও নিচু স্বরে। এই কবিতাটি যেমন:
তোমার সঙ্গে মেলাতে পারি এমন সূত্র নেই
অনেক দিনের রৌদ্র আমার পাওনা ছিল জানি
অনেক দিনের রাত্রি আমার চূর্ণ হল যেই
নিজের কাছে তুলেছি ধরে নিজেরই মুখখানি।
লক্ষ করুন, এ-কবিতায় কবি বলছেন, ‘অনেক দিনের রৌদ্র’ তাঁর পাওনা ছিল। যেইমাত্র তাঁর ‘অনেক দিনের রাত্রি’ চূর্ণ হল (সে যেভাবেই হোক), ওমনি ফুটে উঠল আলো। আর তখন নিজের কাছে নিজের মুখ তুলে ধরলেন তিনি। তাহলে কি এতদিন তাঁর নিজের মুখটিও ছিল নিজেরই অন্ধকারে আবৃত? মনুজেশের কবিতায় যে-আত্ম-উন্মোচন আছে তা শান্ত প্রসন্নতায় ভরা। উৎশৃঙ্খল জীবনের দ্বন্দ্বমুখর উন্মাদনা থেকে তা বহুদূরে। ঢেউ যদি কিছু থাকে সেও জলের তলদেশে, তার উপরিতলটি স্থির। এ যেন সকালবেলার স্নিগ্ধ স্বরের কাকলি।
মনুজেশ মিত্রের কবিতা স্বেচ্ছায় গৃহবন্দি থাকতে ভালোবাসে। তিনি যেন জানলা দিয়ে বিশ্বকে দেখছেন, দেখছেন নিজের চারপাশ। যাচ্ছেন না কোথাও, পথে নামলেও দিনের শেষে ফিরে আসছেন ঘরে। লিখছেন:
পথে যেতে যেতে রোজ ঘরে ফিরে আসি।
প্রশ্ন করতে পারো, একটু বা হেলাভরে হেসে
পথেই চরম যদি ঘর কেন এতো ভালোবাসি:
আত্মরতি, হয়তো নিষ্ঠা, হয়তো প্রেমই শেষে।
নিবিড় কালো মেঘের আড়ালে যেমন চকিতে হেসে ওঠে একটুখানি রোদ, তেমনি ‘হয়তো প্রেমই শেষে’ কথাটির মধ্যেও বিষণ্ণতার তলদেশ থেকে উঁকি দিয়ে যায় ভালোবাসা। সে-প্রেম নিবিড় অথচ মৃদু, সংগুপ্ত এবং বাসনাঘন। জীবনের অঙ্কে সব সময় হিসেব মেলে না তার। তেমন এক প্রশান্তি থেকেই তো তিনি বলেছিলেন:
আমি বড়ো তৃপ্ত, আমি আমার নারীকে
অনেক প্রসারে পাই, প্রযত্ন-প্রয়াসে
গভীরে নিঃশেষ হয় সে আমার কাছে,
উরুর উত্তাপে মেশে পরিপূর্ণ হৃদয়ের ঘ্রাণ।
মনুজেশের এই স্বরের সঙ্গে আমরা বিশেষ পরিচিত নই। আসলে, আমাদের কবিতাবোধ এত দীন, এতই রুগ্ন যে, আমরা অহরহই কবির বাইরের জীবন আর কবির অন্তর্জীবনের ভেদরেখাটি না-জেনেই মুছে ফেলি। কবিকে তাঁর কাব্যে খুঁজি না, খোঁজার সাধ্য বলেই হয়তো। যে-নারীকে ‘অনেক প্রসারে’ পাওয়া সম্ভব, যে-নারী ‘প্রযত্ন-প্রয়াসে’ নিজেকে নিঃশেষে সমর্পণ করে গভীরে, তার শরীরের সঙ্গে হৃদয়ের ঘ্রাণকে মশিয়ে দিতে চান কবি। সেই তৃপ্তির কথাই তিনি বলেন। কিন্তু মুহূর্তকাল পরে আমরা দেখি, এই মিলনের ছবিটিও ট্রেনের বাঁশির মতো ক্ষীণ হয়ে আসে, ভোরের স্বপ্নের মতো ক্রমশ মিলিয়ে যায় দূরে। না-পাওয়ার বেদনা তখন কবিতাকে দেয় এক অনাস্বাদিত বিষাদ। এক জীবনে সে-বিষাদ আর জোড়া লাগে না।
মনুজেশের প্রথম কাব্যগ্রন্থে চল্লিশটি কবিতার মধ্যে অন্তত পঁচিশটি কবিতায় প্রত্যক্ষে বা পরোক্ষে ফিরে-ফিরে এসেছে ‘অন্ধকার’। অন্য কবিতার বইগুলিও এর ব্যতিক্রম নয়। দুঃসহ রোদ্দুরে তিনি যেতে চান না। তিনি বলেন: ‘ক্ষমা করো। আমি আর এ রোদ্দুর সইতে পারি না,/ সমস্ত রাত্রিকে বয়ে অন্ধকার আমার দুচোখে/ বেঁধেছে কঠিন বাসা।’ শেষ বইয়ের এই কবিতাটিতে দেখুন, নিজেকে রাত্রি কল্পনা করতেও তাঁর দ্বিধা নেই:
সঙ্গীহীন কেটে যাচ্ছে,
সঙ্গীহীন আমার বাড়িটা
দীর্ঘ রাত্রি যেন আমি
তারাগুলি কোঁচড়ের থেকে ছড়িয়ে ছিটিয়ে
অস্থির এগিয়ে যাচ্ছি —
তিনি নিজেই ‘যেন’ রাত্রির অন্ধকার। অথচ তাঁর কোঁচড়ে আছে তারাগুলি। গ্রহ নয়, তারা। তারার নিজস্ব আলো আছে। যেমন মনুজেশের কবিতার আছে নিজস্ব এক দ্যুতি। সহজ কথায় মনুজেশ বলেছিলেন:
আমার প্রথম কাব্যগ্রন্থের নাম ‘আমি অমল আঁধারে’। তখন থেকেই আমি অন্ধকারের কবি হিসেবেই পরিচিত হয়ে গেছি। এক হিসেবে তাই-ই। অন্ধকার তো মৃত্যুর মতোই জীবনের এক শর্ত। যেমন আলো। . . . অন্ধকার positive। . . . অন্ধকার থেকে আলোর উৎসারের অনুভব আমার আজীবন।
‘অন্ধকার’ তাঁর আজীবনের কাব্যচর্চার একটি পুনরাবৃত্ত বিভাব। ‘একটি বেদনাঘন গোধূলিলগ্নের সমাবৃত স্তব্ধতাকে’ তিনি ধরতে চেয়েছিলেন কবিতায়। তবে কি জীবনেরই কোনো অন্ধকারকে ভেদ করে তিনি পেতে চেয়েছিলেন প্রেমময় আলোর ইশারা?
তিন
‘আলোর উৎসব’
মনুজেশ মিত্রের বাল্যবন্ধু কবিরুল ইসলাম লিখেছিলেন একটি কবিতায়: ‘তুমিই অসুখ, তুমি বিশল্যকরণী।’ মনুজেশের কাছে কবিতা ছিল তা-ই। ‘কবিতার কাছ থেকে আমি কষ্টই পেয়েছি’, বলেছিলেন তিনি। প্রার্থনা করেছিলেন, ‘সামনের জীবনে আমি যেন কবি না হই’। আবার এও তো তাঁর কবিতারই কথা: ‘অসুস্থ হলেই খুব কবিতা পড়তে ইচ্ছে করে’। অপরূপ এক বিশ্বাস থেকে তিনি লিখেছিলেন:
অসুস্থ হলে আকাশে আলোর উৎসব দেখে
আমার জন্মান্তর হয়।
এক বিশাল, বিশাল কবিতা লেখা আছে সবখানে,
আমি তাই পাঠ করি
তার ছন্দে আমার মন দোলে —
মনে হয় কবিতার মধ্য দিয়েই
একদিন সেরে উঠব।
আকাশে আলোর উৎসব দেখে যাঁর জন্মান্তর হয়, অন্ধকারের রহস্য ভেদ করার মন্ত্র তিনি জানেন। ‘আমি অমল আঁধারে’ কাব্যগ্রন্থের নামকবিতাটিতে এই সম্বোধন দু-টি লক্ষ করুন: ‘হে উষ্ণতা, হে আমার ক্লান্তির প্রেমিক’। বুকের মধ্যে সব সময় তিনি সেই বৃদ্ধ বৃক্ষটিকে লালন করতেন, যে ফুলপুষ্প মরে যাবে বলে নিয়ত সূর্যের দিকে বাড়িয়ে দিত ডালপালা। সেও এক আলোকসন্ধানী মন। তাঁকে কী করেই-বা আমরা বলব নিরুত্তাপ অন্ধকারের কবি?
মনুজেশ মিত্র
জীবন:
জন্মেছিলেন বীরভূমের সদর শহর সিউড়িতে। ১৯৩৫-এর ৩ জুলাই। বাবা বারুণীশ্চন্দ্র মিত্র ছিলেন ডাক্তার। মা প্রীতিময়ী মিত্র ধর্মপরায়ণ রক্ষণশীল যৌথপরিবারের গৃহবধূ। বাড়িতে সংস্কৃতিচর্চার পরিবেশ ছিল। পড়াশুনোর সূচনা সিউড়ি শহরেই। প্রথমে জিলা স্কুল, তারপর সিউড়ি বিদ্যাসাগর কলেজ। ১৯৫২-য় আইএ। ১৯৫৫-য় বিএ। ইংরিজি সাহিত্যে এম এ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৫৭-য়। আইন নিয়ে পড়াশুনো। ১৯৫৮-র মাঝামাঝি সময় থেকে প্রায় চার দশক বোলপুর কলেজের ইংরিজি বিভাগে অধ্যাপনা। বসবাস করেছেন শান্তিনিকেতনে। ২০১৫-র ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবস। ইউটিউবে ‘eloranatyadal’ লিখে সার্চ দিয়ে ‘Monujesh Mitra poet’ শীর্ষক একটি কুড়ি-বাইশ মিনিটের তথ্যচিত্র খুব সহজেই দেখে নিতে পারেন আগ্রহী পাঠক। ‘ইলোরা’ পত্রিকা ২০০৩-এ তাঁকে নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল।https://www.youtube.com/watch?v=3d-NcCXIj_c&t=634s
কবিতার বই:
১. আমি অমল আঁধারে। ১৯৬৫। সাহিত্য, কলকাতা।
২. কেন প্রতিধ্বনি। ১৯৭৭। পথিকৃৎ, কলকাতা।
৩. পাতারা কোথায় যায়। ১৯৯৬। স্বর্ণাক্ষর, হাওড়া।
৪. এই পুরাতন হৃদয় আমার। ২০০৫। রাজধানী প্রকাশন, কলকাতা।
৫. আবৃত্তি, তোমার জন্য। ২০০৬। রাজধানী প্রকাশন, কলকাতা।
৬. কবিতা সঞ্চয়। ২০১৪। অভিযান পাবলিশার্স, কলকাতা।
কয়েকটি কবিতা
অমোঘ কুয়াশা
বারণ করেছ। নাই বা গেলাম তবে,
কুয়াশায় বুঝি ভরে আছে চারিদিক।
তাহলে তো পথে পা বাড়ানো ভুল হবে,
ঘরের আরামে মন থেকে যাবে ঠিক।
দরজা-জানলা জীবনের চারিধারে
রোদ নেই, তবু হুটহাট খোলে কারা!
কুয়াশায় বলো কে আর মজতে পারে
যৌবনও তাতে দেয় না কখনও সাড়া।
রাত্রি দাঁড়িয়ে সকালের চৌকাঠে।
বারণ রয়েছে, তাই তো লুকিয়ে দেখা
অনেক কষ্টে অভিনয়ে দিন কাটে,
অদূরে কাপছে নির্বোধ সীমারেখা।
যাওয়া-না যাওয়ার মাঝামাঝি এই ফাঁকি
নিষেধের জোরে ঢেকে আছে ঠিক। তবে
অমোঘ কুয়াশা তখনও থাকবে নাকি,
যখন এ-ঘর পথেরই সামিল হবে!
আমি অমল আঁধারে
আমি কোনদিন এই ক্লান্ত গোধূলির
অমল আঁধারে মিশে যাবো।
বুকের মধ্যে সেই বৃদ্ধ বৃক্ষটি
ফলপুষ্প মরে যাবে বলে ঐ সূর্যের দিকে
ডালপালা বাড়ায়।
সকালে অকূল রোদে খেলা করে চড়ুই পাখীরা,
খড়কুটো মুখে আনে, মায়া-প্রেম-কাম-ক্ষুধা দিয়ে
বিশ্বাসী আলোয় বাসা বাঁধে।
হে উষ্ণতা, হে আমার ক্লান্তির প্রেমিক,
পৃথিবীতে কতো আলো, কতো..
গর্ভে কতো অমল আঁধার…
অমল আঁধারে গলে দঢ়মল বৃক্ষের শরীর।
আমি একদিন এই ক্লান্ত গোধূলির
অমল আঁধারে মিশে যাবো।
হে অন্ধকার
দেয়ালে নাচছে, ছায়ারা নাচছে, শান্তি নেই,
বরং দেয়াল ভাঙলেই বুঝি ভালো হতো।
সমস্তদিন খুঁটিনাটি সব কাজ করেই।
অনেকটা পথ অনেক ক্লান্তি সেই মতো।
বুড়ো অশথেরও প্রাণ আছে, সেও রোজ কাঁদে।
সারাদিন ধরে রোদ মরে মরে অন্ধকার,
শীর্ণ-পাঁজর শিকড়গুলোতে কি যে বাঁধে—
সকাল হয়েছে ? সকাল ?… আকাশ নির্বিকার ।
চরিত্রহীন সেই যাদুকর থাকে কোথায় ?
তারারা জ্বলছে, তারারা নিভছে। শুকতারা,
তুমিও তাহলে চলে যাও আজ নেই উপায়।
দেয়ালে নাচছে, এখনো নাচছে সে ছায়ারা।
বুড়ো অশথটা মরে গেল বুঝি; শব্দ নেই—
আলো মরে গেছে, তারারা নিভছে, শুকতারা-ও।
সময় ভাসছে, সময় ডুবছে সমুদ্রেই…
হে অন্ধকার, ছায়ার নত্য থামিয়ে দাও।
পাতারা কোথায় যায়
পাতারা কোথায় যায়! পাতাদের দেহে
কি এক যন্ত্রণা আছে হাওয়ায় হাওয়ায়
মৃত ইচ্ছারা ভাসে, স্বরচিত স্নেহে
গাছেরা আকাশ ছোঁয় পাতার বিভায়।
কে এই প্রদীপ জ্বালে, বারে বারে জ্বালে
আলোর ছলনাটুকু অন্ধকার জানে,
অন্ধকার সব জানে : ঝড়ের আড়ালে
কে আর গিয়েছে মাঠে পাতার সন্ধানে।
কে ওই সূর্যকে ডাকে, বারে বারে ডাকে
সকাল, বিকেল আর যৌবন গড়ায়…
ঝড়ের সঙ্কেতটুকু কে বা মনে রাখে,
জানে না অচ্ছায় গাছ পাতারা কোথায়।
পাতারা কোথায় যায়! পাতাদের দেহে
যন্ত্রণা বিলীন আছে গাছেদের স্নেহে ।