মহম্মদ সামিম

বিশ্বাস

বিশ্বাস আসলে এক অদৃশ্য সরলরেখা

যার দু’প্রান্তরে বেঁচে থাকে দুটি পৃথক অস্তিত্ব

ম্রিয়মাণ এই পৃথিবীতে এত অনাস্থাভাজন

এত বিদ্বেষ, একে অপরের প্রতি ঈর্ষাপরায়ণতা

এই সরলরেখার চারপাশে এত বৃক্ষনিধন

কাতর পাখির বাসাবদল আর হাহাকার

এসবই আসলে পরজন্ম ধ্বংসের গুপ্তবীজ…

প্রতিদিন যারা ভাতের থালায় বিষ ঢালে

রক্তবমি দিয়ে নির্মাণ করে ক্ষতের দূর্গ,

মায়ের আঁচলে ঢাকে ক্ষুধার প্রদেশ আর

ঋণী কৃষকের লাশ আগলে বসে থাকে,

তাদের হাতেই মুক্ত হবে একদিন

এই পৃথিবীর হৃত প্রশ্বাস

সরলরেখাবদ্ধ হয়ে সেদিন বেঁচে থাকব আমরা

গাছে গাছে ঝুলে থাকবে অন্নজল,

পাখিদের বিশ্বাস…