নিবেদিতা আচার্য
প্রেমিক ফিরত না
আংটিটা গ্রিলের গায়ে বাজলেই প্রেমিক আসত
(রাজা সলমানের আংটি)
উল্টোদিকের ব্যালকনিতে প্রেমিক আসত
আমি বিশ্বাস করেছিলাম, ঠিক মত বাজাতে হবে
খুকুর কাচের চোখ, নকল বুক, চুলের ভেতর কাঁটা
প্রেমিক গরম হাওয়ায় মিলিয়ে যেত
স্কুটারের শব্দ মিলিয়ে যেত
খুকু আমাকে আংটিটা একদিন দেবে মাথার নীল স্কার্ফটাও
প্রেমিকের বাবা রাস্তার এমাথা ওমাথা হাঁটত
স্কুটার ফিরত না প্রেমিক ফিরত না
খুকুর ক্রুশ দিয়ে তৈরি লেস লম্বায় একটা নদী
কোনও দিন ফুরবে না
আমাকে পাউডার লাগাত
জামার উপর পুতির হাঁর দুলিয়ে দিত
আংটির কোনও দাম ছিল না ওটা কেবল জ্যান্ত
খুকু উল্টোদিকের বাড়ির ফাঁক গলে প্রেমিকের কোঠরিতে ঢুকে যায় একদিন
বুকের ওপর লেসের চাদর
আমরা বসে ছিলাম অনেক দিনের পর
কোনও গান ছাড়া কোনও প্রেমিক ছাড়া
আমার হাতে খুকুর হাত কাঁচের চোখ জ্বলছে নিভছে
বড় হয়ে গেলি তুঁই চুলের ভেতর কাঁটা খোঁজে
আংটিটা আবছা হয়ে হারিয়ে গেল (রাজা সলমানের আংটি)
আমার এই লেখার ওপর খুকুর সই ছিল
গীতাঞ্জলি সেন চট্টোপাধ্যায়
কোনও ডেট ছাড়া