সাক্ষাৎকার
করুণা মনকে বড় করে, বড় মনে জন্মায় ভালবাসা
কবি দিশারী মুখোপাধ্যায় একান্তে আড্ডা দিলেন আমাদের প্রতিনিধি মণিশঙ্করের সঙ্গে ।
দিশারী মুখপাধ্যায়– আপনি তো দীর্ঘদিন ধরেই কাব্যচর্চার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। বলা ভালো, নিভৃত সাধনায় নিয়োজিত রেখেছেন নিজেকে। সৃষ্টি করেছেন নিজস্ব ঘরানা। আজ বাংলা কাব্যসাহিত্যের জগতে ‘দিশারী মুখোপাধ্যায়’ নামটি মোটেও অপরিচিত নয়। সুতরাং নিভৃতচারী হিসেবে ধরা যায় না আর। তবু কোলাহল থেকে দূরে থাকাটাই যেন আপনার পছন্দের। যাইহোক, এই যে দীর্ঘ যাত্রা, তা কীভাবে শুরু হল?
মণিশঙ্কর – আমাদের জীবনের শুরু কিংবা শেষ , একই সঙ্গে জীবনের মধ্যবর্তীকালীন সময়ের ঘটনা সমূহেরও শুরুতে বা শেষে, আমাদের মতামতের মোটেই গুরুত্ব নেই । আদতে আমাদের মতামত জানাবার কোনো অবকাশই থাকে না । অর্থাৎ প্রকৃতি গণতন্ত্রে বা ব্যক্তি স্বাতন্ত্রে বিশ্বাস করে না । প্রকৃতির নিজস্ব কিছু নিয়ম আছে , প্রকৃতি নিজেও সেই নিয়মেরই অধীন । “আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে / বাঁধা সবার কাছে।” জন্মাবার আগে আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করা হয়নি আমি আদানি আম্বানির ঘরে জন্মাতে চাই কিনা । এমনকি যে শুক্রাণুগুলি জীবনের দিকে ধাবিত হয়েছিল , তার কোনটি থেকে আমি উদ্ভূত হতে চাই তাও জানতে চাওয়া হয়নি নিশ্চয়ই । প্রাধান্য দেওয়া হয়েছিল লড়াইকে । যে জিতেছে , স্বয়ম্বরা তাকেই মালা দিয়েছে । সুতরাং এক্ষেত্রে স্বয়ম্বর কথাটি মিথ্যা । যে জিতবে তাকেই বাছতে হবে । এইভাবেই তোমার আমার সকলের উদ্ভব ।
সুতরাং কাব্যচর্চায় নিয়োজিত থাকা বা নিভৃতচারী হওয়া (যদি সত্য হয় ) সবই পূর্ব নির্ধারিত । ভাল করে বললে গণিত বা বিজ্ঞান নির্ধারিত ।
আমার পরিবেশ আমাকে শিখিয়েছে মগ্ন থাকতে । পুকুরের জলে , সবুজ মাঠে , গ্রামের মাটির রাস্তায় , তখনকার মানুষের সরল জীবন যাপনে , প্রেমে কলহে , সৃষ্টিতে বিনাশে – সব কিছুতেই নিমগ্নতা লক্ষ্য করেছি । ফসলের জমিতে পোকা লাগলে দেখেছি পোকাগুলো নিজেকে সম্পূর্ণ নিয়োগ করে শেষ পাতাটি পর্যন্ত কেটে কুঁচিয়েছে পরম নিবিষ্টতায় । আবার খালের পাশে হিঞ্চে বা কলমীর লতাটিকে জল , আলো , বাতাস প্রত্যেকেই গভীর চর্চায় লালন করছে । স্বাভাবিকতার এটাই বৈশিষ্ট্য । ইউনিভর্সিটি থেকে কবিতা লেখা শেখার কোনো পাঠ আমি নিইনি বা তথাকথিতভাবে কোনো নির্দিষ্ট শিক্ষকের কাছে । ফলে স্কুলকলেজের পড়ায় বা মাষ্টারমশাইয়ের হোমটাস্কে ফাঁকি মারার স্বাভাবিক প্রবণতার শিকার হইনি । প্রকৃতি তার ভালবাসায় , অনিবার্যতায় , গভীর মনোযোগী চর্চার ক্ষেত্র তৈরি করেছিল । মানুষ আমির ইচ্ছে অনিচ্ছের কোনো ক্ষেত্রই সেখানে দেখা দেয়নি কখনো । ফলে চর্চা আর নিভৃতি দুটোতেই আমার কিছু করার ছিল না । আজও নেই । অবশ্যই এক বিজ্ঞাপনবিহীন একাকিত্বের উদাসীন নিমগ্নতা বিরাজ করত আমার চার পাশে । সে-ই আমাকে তৈরি করেছে ।
কাব্যজগৎ বা বাংলা কাব্যজগৎ ঠিক কতটা বড় আমি জানিনা , ঠিক যেমন জানিনা ইউনিভার্স কতটা বড় , আর সেখানে আমার অবস্থিতির স্থানিক অঙ্ক কতটা । কিন্তু বড় শব্দটা সেই বিরাটত্বকে ধরবার জন্য যথেষ্ট নয় সেটা বুঝতে পারি এবং সৌভাগ্যক্রমে বুঝতে পারি বাংলা কবিতায় আমার জায়গা যদি ধুলোতেও হয়, সে যে একটা কত বড় জায়গা , তা বলতে ধারাবাহিক জীবন লাগবে আমার ।
তবে প্রকৃতি-লালিত জীবন , অভাবের পাঠে নিমগ্ন শৈশব , লাঞ্ছনার অপরিসীম দানে পুষ্ট কৈশোর , অপমানের চূড়ান্ত সামাজিক সহযোগিতায় গড়ে ওঠা যৌবনের দর্প আমাকে কবিতার লবণ-স্বাদ চিনতে ও তাকেই সেবন করতে শিখিয়েছে । সেভাবেই হয়েছে সব কিছু । বরং পরবর্তী জীবনে প্রকৃতি থেকে বিচ্যুতি , অভাবের ভালবাসা থেকে বঞ্চিত হওয়া , লাঞ্ছনার ল্যাব থেকে বহিস্কার , অপমানের অমৃত সেবন থেকে দেবতাদের দ্বারা অধিকার হরণে আমি দীন হয়ে পড়েছি ক্রমে ক্রমে । এখন সেই নিমগ্নতা আর নেই ।
মণিশঙ্কর– আপনার প্রথম কাব্যগ্রন্থ তো ‘স্পষ্ট বলবো না’। তারপরই ‘জলের দেশের কাব্য’। কিন্তু তারপর দেখি আপনার কবিতা আঙ্গিকে এক বিরাট মোড় বদল করছে। বিষেষ করে ‘ভৌতিক নুপূর নির্জনে’ থেকে। আবার ‘শামুখপাখিপাতাতোলোমেঘবৃষ্টিতে’ সম্পূর্ণ অন্য দিশারী। হঠাৎ এ বদলের প্রয়োজন অনুভব করলেন কেন? মানে নিজেকে নিয়ে এ ভাঙাগড়া কেন?
দিশারী মুখপাধ্যায়– আমার প্রথম কবিতার বই ‘স্পষ্ট বলব না’ ঠিকই , কিন্তু শুধু সেই বইতে নয় , সারাজীবনে অস্পষ্টতা আমি আয়ত্ব করতে পারিনি কোনোদিনই । বইটি বিষ্ণু সামন্ত , বিষ্ণুদার সাহায্য সহযোগিতাতেই হয়েছিল । প্রচ্ছদ করেছিল ওঁর ছেলে তন্ময় সামন্ত , সে তখনো আর্ট কলেজ থেকে পাশ করে শিল্পী হয়ে ওঠা থেকে বহুদূরে , স্কুল জীবনে । যদিও তখনই , সেই বালক বয়সেই তন্ময় পরিচিত হয়ে উঠেছিল বৌদ্ধিক সমাজে , পূর্ণেন্দু পত্রীর ছোটোদের পথের পাঁচালিতে আরও অনেক শিশুশিল্পীর সঙ্গে ওর আঁকা ছবির মধ্য দিয়ে । আমার সেই প্রথম বইয়ের প্রকাশ হয়েছিল বাংলার ১৪০১ সালে ,ইংরেজির সম্ভবত ১৯৯৪ ।
পরের বই চার বছর পর , ১৯৯৮ । এবার বইটি গড়ে ওঠার পেছনে ছিল একটি বালক , প্রদীপ চক্রবর্তী । প্রদীপ ও স্নেহাশিস , দুইটি বালক তখন একটি উল্লেখযোগ্য কবিতার পত্রিকা সম্পাদনা করছে , কুরুক্ষেত্র । বয়সে বালক হলেও ম্যাচিউরিটিতে ওরা আমার চেয়ে পরিণত ছিল । আমার সেই দ্বিতীয় বইয়ের নাম ‘জলের দেশের গল্প ‘ । গল্পের বই নয় । কবিতার বই । প্রচ্ছদ করেছিল আর এক পরিণত বালক সঞ্জয় রক্ষিত । আমার বন্ধুরা যারা আমাকে কবিতা প্রসঙ্গে স্মরণ করেন , সে ওই জলের দেশের গল্পের সৌজন্যে ।
এতদিন কবিতা লেখার অসুখ জনিত সুখটুকু ছিল সম্পূর্ণই আমার নিভৃতিতে, একান্তই আমার এবং আমার মধ্যে । সঙ্গে ছিল আমার কবিতা পত্রিকা ‘শব্দগন্ধ’ । ছিল ‘ঝিল্লি’।
যা ছিল রইল । ঢুকলাম ‘ভিন্নমুখে’ । সেখানেও প্রদীপ চক্রবর্তীর ইন্ধন ছিল । সেই পত্রিকাটি শুরুতে ছিল শুধুমাত্র আট জন কবির কবিতার চর্চার জায়গা । নতুন করে অর্থাৎ নতুন লেখার তাগিদ অনুভব করলাম । সেই অনুভবটুকু অনেকটাই আবার সংক্রমণ জনিত কারণেও হয়েছিল । যেভাবেই হোক , জল থেকে স্থলে ওঠার সেটা একটা অনিবার্য পর্যায় ছিল । দলবেঁধে কবিতা নিয়ে ভাবনা সেই সময়েই । ভিন্নমুখের বন্ধুদের প্রভাবও ছিল তখন আমার ভাবনায় । আমার কবিতার শব্দরা সেই প্রভাব মেনে নিল । ফলত আমার কবিতার চেহারা পাল্টালো । বাণী অনেকটাই অন্তসলিলা হয়ে গেল শব্দের ব্লেজারে । সেই সময়ের কবিতা নিয়ে লেখা বইটি ‘নাভিকুণ্ডে তীব্র হাতছানি’ । সে বইয়ের পিছনে ছিল বন্ধুবর ব্রজকুমার সরকার । প্রকাশক ছিল সপ্তর্ষি । এরপর ‘ভৌতিক নূপুর নির্জনে’ । এ বইটির পিছনে ছিল ধীমান চক্রবর্তীর সাহায্য । নাভিকুণ্ড এবং ভৌতিক নূপুর দুটো বইতেই কবিতার শব্দগুলো বেশি কথা বলেছে বেশি , কবিতা এবং কবি কথা বলেছে কম । শব্দ ব্যবহার , শব্দ সন্ধান , এবং বোধের গুহাজীবন যাপন ছিল সেই পর্বে । কিন্তু সেখানেও যে আমার কবিতা খুব অস্পষ্ট ছিল তা কিন্তু নয় ।
কবিজীবনের কালপর্বে আমি যাদের সঙ্গে ওঠা বসা করেছি , দিনাতিপাত করেছি , বিভিন্ন কর্মকাণ্ড করেছি তারা প্রায় সকলেই ছিলেন ছাপোষা মানুষ । শিল্পের প্যাঁচপয়জার তারা বুঝতেন না বা পছন্দ করতেন না । আমি যেহেতু লিখতে চেয়েছি মানুষের জন্য , পাঠকের কথা তাই বিবেচনা করতাম । মানুষের কথা লিখেছি , মানুষের জন্য লিখেছি , বেশিরভাগ সময় মানুষের মত করে লিখতে চেয়েছি । ‘শামুকপাখিপাতাতুলোমেঘবৃষ্টিতে ‘ আমি মানুষকে নিয়ে আরও বেশি করে লিখতে চেয়েছি । তাদেরকে আত্মীকরণ করতে চেয়েছি । তাদেরকে কবিতার অংশীদার করতে চেয়েছি।
তাই সেখানে নিজেকে আমূল বদলে নিয়েছিলাম । পরের বই ‘ইমনকল্যাণ কাঁদে চোখ’ তে এসে আমি আবার কিছুটা অন্যরকম ভাবনা বিছাতে চেয়েছি । সেখানে ফর্ম এবং বিষয়কে সরবৎ করতে চেয়েছি । বিষয়কে ব্যাপ্তি এবং একাধিক পরিচয়পত্র দেবারও চেষ্টা করেছি । তবে এসব কথা আমার বলার কথা নয় । চেয়েছি বলে যে পেরেছি সেটাও আমি বলতে পারিনা । অন্য কেউ যদি কখনো দেখতে পান বা চান , তখনই একমাত্র ঝুলিতে বেড়াল ছিল কিনা প্রমাণ হবে । সুতরাং আদৌ ভাঙা হয়েছে কিনা , গড়াই বা কী হয়েছে , প্রশান্তমহাসাগরের তুলনায় তা কতটুকুই বা তুলনীয় , তা এহব
মণিশঙ্কর– সৎ কবিতা বলতে আপনি কী বোঝেন?
দিশারী মুখপাধ্যায়— সৎ শব্দটি বলতেই আমি বুঝি তা কতটা প্রকৃত , প্রাকৃতিকভাবে সত্য । উচিতার্থ দিয়ে আমি সততাকে বুঝিনা । সেক্ষেত্রে অসৎ যদি কোনো নকল পোশাকে বা মুখোশে মুখ না ঢাকে তখন সেই অসৎকেও আমি সৎ বলে বিবেচনা করি । অসততার সততা । চোর চুরি করে , সেটা যদি সে দাবি করে , তবে চোর হিসাবে সে সৎ । চুরি করা কাজটি উচিত না অনুচিত তা ভিন্ন প্রসঙ্গ । তাই কবিতা লিখতে বসে কবি যে কবিতাটি লিখলেন কারও সাহায্য না নিয়ে , কোনো চাতুরি প্রয়োগ না করে , কোনো কৃত্রিমতার আশ্রয় না নিয়ে সেটি সৎ কবিতা । এরপর কবি যেটা করেন সেটা হল সেই লেখায় তাঁর কাব্যবোধ , কবিতার কোনো দর্শন বা আন্দোলনের প্রভাব যুক্ত বা মুক্ত করা । শিল্পের খাতিরে তিনি তাঁর বলাকে ভিন্নতর করার জন্য কারুবিদ্যার আশ্রয় নেন । এগুলো সবই প্রয়োগ । প্রয়োজনও থাকে অনেক ক্ষেত্রেই । লেখাটিও প্রথম পর্যায় থেকে আরও উন্নত হয় পাঠকের কাছে । এই ফসলটি কিন্তু কৃত্রিমতার । শিল্প প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম । গর্ভ থেকে যে সন্তান জন্ম নিল , সৃষ্টি হিসাবে সে তখন অকৃত্রিম , তাই সে সৎ । তার পরমুহূর্ত থেকেই আমরা তার উপর যা যা আরোপ করি , সেসবের প্রয়োজন থাকলেও তা আরোপিত , তাই তা অকৃত্রিম নয় , সৎ নয় ।
এক সময়ের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অধ্যাপক কবিরা , যারা বাংলা কবিতার অভিমুখ ও চরিত্র ঘুরিয়েছিলেন বলে বন্দিত হতেন , ইউরোপের কবিতা , সাহিত্য , সাহিত্য আন্দোলন সম্পর্কে অনবহিত আমপাঠক তাঁদের লেখায় অন্যের প্রভাব ধরতে পারেননি । তাঁরা যা করেছিলেন তা প্রয়োজন ছিলই কাব্য ধারণার ভূগোলকে বাড়াতে , কিন্তু সেটা যে অনুকৃত , সে কথা তো সত্য । বরং কবিতা রচনা যখন থেকে অধ্যাপকদের হাত থেকে গাঁ গঞ্জের সাধারণ ছেলেমেয়েদের হাতে চলে গেল তখন থেকেই কবিতায় বিখ্যাত জনদের প্রত্যক্ষ প্রভাব কমে গেল । অন্তত সরাসরি প্রভাবের আগ্রাসন রইল না । তাতে কবিতার মান হয়তো খানিকটা আপাতভাবে লঘু হল কিন্তু যা হল তাতে কবির নিজের সেরিবেলামের হস্তক্ষেপ বেশি রইল । অনেকটা দেশজ হল । অবশ্যই পুরোপুরি দেশজ হবার সম্ভাবনা আর কোথাও নেই । প্রভাব পরোক্ষভাবে , অলিগলি দিয়েও এসে ঢুকে পড়বে বলেই ।
ফলে আমি প্রভাবমুক্ত কবিতার(যতটা সম্ভব ) দাবিদার ,পক্ষপাতি । সৎ কবিতারও নয় , অনুকরণ করা কবিতারও নয় । তবে কবির ব্যক্তিগত সততা খুবই জরুরি ।
যে ধ্যান ধারণা আমরা শিক্ষার মধ্য দিয়ে , মানুষের সঙ্গ লাভের মধ্য দিয়ে , নিজের জীবনের অভিজ্ঞতার উচ্চারণের মধ্য দিয়ে লাভ করি তা যদি কবির মনের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা ক্ষরণের মধ্য দিয়ে দশ মাস দশ দিনের পূর্ণাঙ্গ গঠন ও সৌন্দর্য নিয়ে প্রকাশিত হয় নিজে নিজেই , তাকে মোটামুটিভাবে আমি প্রভাববিহীন সম্পূর্ণ কবিতা মনে করি । অন্তত কপিপেস্ট হয় না । এরপর একজন কবির এবং তার লেখার পরিপূর্ণ পূর্ণতা ও নিজস্বতা অর্জন করতে সারাজীবনও লেগে যেতে পারে । একজীবনে তা অনায়ত্বও থেকে যেতে পারে । এসব কথা আমরা সকলেই জানি , হয়তো মানিনা সকলে । সহজে ঠিকানায় পৌঁছাতে মন চায় প্রায় সকলের । কবিতার ঠিকানা তো শুধু গন্তব্যটুকু নয় , শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথটির উত্থান পতন , সাফল্য অসাফল্য সমস্ত অভিজ্ঞতা , আনন্দ , বিষাদ এই সবটুকু নিয়েই । যে কোনো চর্চার ক্ষেত্রেই এইসবটুকু না পেলে , সবটুকু আস্বাদ না করলে তার সম্পূর্ণটুকু পাওয়া হয় না । প্রকৃত ঠিকানা বা গন্তব্য এই সম্পূর্ণ যাত্রাপথটিকে নিয়েই ।
মণিশঙ্কর– আপনার ছেলেবেলা আপনার কবিতায় কোনো ছাপ রাখে? যদি রাখে তাহলে তা কীভাবে?
দিশারী মুখপাধ্যায়– কবি বা লেখকের ছেলেবেলাটিই তার জীবনের যাবতীয় সম্পত্তির পঞ্চাশ শতাংশের উৎস । বাকি পঞ্চাশ শতাংশ তার বাকি সম্পূর্ণ জীবনটুকুর শিক্ষা অশিক্ষা , দীক্ষা অদীক্ষা , সততা চতুরতা । মানুষের জীবন একটি রসায়ন মাত্র । আমাদের ছেলেবেলার জীবনের রসায়নে সবচেয়ে বেশি পরিমাণে যে বিষয়গুলো থাকে তা হল কল্পনা , বিস্ময় , ভয় এবং অবাধ্যতা । যত বয়স বাড়ে এগুলো তত কমতে থাকে । সেই সম্পদবিহীন জীবনে আমরা যা করি তাতে থাকে পৌনঃপুনিকতা , চৌর্যবৃত্তি , চালাকি , বমন । বৌদ্ধিক শিল্প বা কলা বেশি মাত্রায় মিশিয়ে আমরা চমক সৃষ্টি করি মাত্র । যা কিছু সম্পদ সেই লেখায় থাকে তা সেই শিশুকিশোর বয়সের আহরণ করা পুরনো সঞ্চয় মাত্র । বড়দের জীবন , নাগরিক জীবন , শিক্ষার মোড়কে সচেতন জীবনে মাকড়সা তার জাল বোনার সুযোগ পাবে না , এটাই স্বাভাবিক ।
আমার জীবনে ওই ছেলেবেলার সম্পদটুকুই আমার সম্পদ মাত্র । পরবর্তী জীবনে কোনো ট্রেডমার্ক পড়েনি বলে , নগরকেতা নই বলে , বিশ্ববিদ্যালয়ের পরিচিতি নেই বলে , কর্মজীবনের চেয়ারের ছাপ পাছায় পড়েনি বলে , কোনো রাজনৈতিক কৈবল্য অর্জন করিনি বলে , সে জীবনে ভাল বা মন্দ কোনো সম্পদই আহরণ হয়নি । অল্প কিছু পরোক্ষ অর্জন হয়েছে যখন আমার ছোটো ভাইবোনরা শিক্ষা দীক্ষায় আমাকে অতিক্রম করল , আমার ছেলে মেয়েরা অভিমানে অভিজ্ঞানে আমাকে উল্লেখযোগ্যতা দিল , তখন , তাদের যাপন থেকে । আমাকে কীভাবে তারা ব্রততী হিসাবে আশ্রয় দিল , আরোহণ দিল, সেখান থেকে ।
ছেলেবেলায় আমরা সপরিবারে যেভাবে দারিদ্রের সঙ্গে লড়াই করেছি , অপমান অস্বীকার লাঞ্ছনার শিকার হয়েছি , অপুষ্টি আর রোগব্যাধির দংশন উপলব্ধি করেছি – সেই দারিদ্র , অপমান , ব্যাধি এসব ছিল জীবনের চরম সম্পদ । যেটুকু শিখেছি তা ওখান থেকেই । আজ এই অসম্পুর্ণ জীবনের দশমিক শতাংশ অংশেও যদি মানুষ হয়ে থাকি তা ওই ছেলেবেলার সৌজন্যেই । কবিতায় আমি যা কিছু তার সবই ওই ছেলেবেলার প্রেক্ষাপটেই নির্মিত ।
মণিশঙ্কর– একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। সেটা হল কাব্যতত্ত্ব নিয়ে এই যে এত আলোচনা, চর্চা এসব ব্যাপারগুলোকে আপনি কীভাবে দেখেন? মানে আমি বলতে চাইছি, পূর্বনির্ধারিত তত্ত্ব দ্বারা কি কবির পরিচালিত হওয়
দিশারী মুখপাধ্যায়– উচিত না অনুচিত না বলে , সম্ভব না অসম্ভব , ভাবা যেতে পারে ।
যে কোনো তত্ত্বই ফলিত অধ্যায়ের বা ঘটনা ঘটার পরে আসে । যেমন ব্যাকরণ । আগে ভাষা জন্মায় মানুষের মুখে মুখে ও অভিব্যক্তিতে , পরে গবেষকগণ সেই ভাষার চলন গমনের ধরণ ধরে ধরে ব্যাকরণ রচনা করেন । ব্যাকরণ দেখে যে ভাষা আমরা শিখি সেটা আমাদের নিজের ভাষা নয় , মাতৃভাষা নয় । অনুকরণ করা ভাষা । মানুষের জীবনে , সমাজে এবং প্রকৃতিতে সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন দেখা যায় । সেই পরিবর্তনের ছাপ আমাদের সাহিত্যে , শিল্পে , সংস্কৃতিতে দেখা যায় । গবেষকরা পরিবর্তনের সেই ছাপগুলো আবিস্কার করেন , আলোচনা করেন , ব্যখ্যা করেন এবং একটা নাম দেন । তারপর সেই আলোচনা বা তত্ত্বকে অনুসরণ করে যারা পরবর্তীকালে সেই তত্ত্বকে মান্যতা দেওয়ার জন্য বা নিজেকে সেই তত্ত্বের ঘেরাটোপে রাখার জন্য লেখেন তাঁদের লেখা অনুকরণের পর্যায়ে পরে বলে আমি মনে করি । তত্ত্বকে মাথায় রেখে সৎ সাহিত্য সম্ভব নয় বলেই মনে করি । তত্ত্বের সেই গুণাবলী যদি আমার ভাবনায় , মননে একীভূত হয় তবে হয়তো সেই রচনা ওই মূল লক্ষণগুলোর দ্বারা লক্ষণাক্রান্ত হতে পারে । তবে সেটা কৃত্রিম ফসল মাত্র । কারণ পরিবর্তনের সময় , দেশ এবং অন্যান্য উপকরণের দ্বারা লেখক সরাসরি জারিত না হলে লেখার মধ্যে সেই যুগপরিবর্তনের প্রভাব আসা সম্ভব নয় । তবে লেখক দক্ষ হলে কৃত্রিমভাবে অনুকরণ করা লেখাকেও উত্তম কবিতা বা সাহিত্য বলে আম পাঠকের মনে হতেই পারে । এই গেল তত্ত্বের কথা । তোমার প্রশ্নের মধ্যে আর একটি প্রশ্ন প্রচ্ছন্ন রয়েছে বলে মনে হয় । সেটা হল সাহিত্য আন্দোলন । একদল বোদ্ধা মানুষ , যারা প্রচলিত সাহিত্য নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না , যারা মনে করছেন এইসব লেখায় সময়ের চিহ্ন ফুটে উঠছে না , সময়ের দলিল রচিত হচ্ছে না , তারা ঘোষণার মধ্য দিয়ে একগুচ্ছ নিয়মাবলী প্রাগশর্ত হিসাবে নির্ধারণ করে সময়ের দাবি পূরণ হবে এমন লেখালিখি শুরু করতে পারেন বা করেন , করেছেন বহুবার । এক্ষেত্রে এই নিয়মাবলী বা মেনিফেস্টো যেহেতু সমকালীন সময়ের উপরে দাঁড়িয়েই নির্ধারিত হয় এবং লেখকরাও সমসাময়িক হন তাই কৃত্রিমতার সম্ভাবনা অনেকটা কম থাকার কথা । সময়ের লক্ষণগুলি লেখকদের মধ্যে সময়ের নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবেই থাকা উচিত বলে এবং থাকে বলে এখানে অনুকরণের সম্ভাবনা অনেক কম থাকে বা কম থাকে । কিন্তু একথা অবশ্যই মানতে হবে সময়ের দাবি পূরণ করার জন্য যারা সময়ের লক্ষণ সনাক্তকরণের দায়িত্ব নেন সময়ের সঙ্গে তাদের অণুপুঙ্খ সম্পর্ক থাকতে হবে । না হলে তারা সময়কে চিনতে পারবেন না, সময়কে চিনতে না পারলে সময়ের দাবি বলে একগুচ্ছ ভুল দাবি পেশ করবেন । যার ফলে সেই আন্দোলন মুখ থুবরে পড়বে । ইতিহাস এমন ঘটনারও সাক্ষ্য বহন করছে ।
তত্ত্ব বা ব্যাকরণ এবং আন্দোলন বা মেনিফেস্টোর মধ্যে আমি ওই আন্দোলন বা সাহিত্য আন্দোলনের প্রয়োজনীয়তাকে বেশি গুরুত্ব দিই ।
একজন কবি বা গদ্য সাহিত্যিকতো অবশ্যই কোনো না কোনোভাবে, কারো না কারোর দ্বারা পরোক্ষে হলেও প্রভাবিত হয়েই থাকেন । আমাদের লেখায় পূর্বজদের প্রভাব, সেই সময়ের সমাজ সংস্কৃতির প্রভাব আজও আমরা বহন করে চলেছি ।
বর্তমান সময় এবং অতীত সময়, বর্তমানের লেখা এবং অতীতের লেখার সঙ্গে কোথাও একটা যোগসূত্র থাকে বলেই পাঠক আমাদের লেখা পড়েন, গবেষক বা আলোচক আমাদের লেখার মূল্যায়ন করেন । শরীরবৃত্তিয় যে বিজ্ঞান আমাদের মননকে নিয়ন্ত্রণ করে সেখানেও যোগসূত্র না থাকলে কোনো বিষয়কে আমাদের মস্তিষ্ক আইডেন্টিফাই করতে পারে না, ফলত সে তার কোনো প্রতিক্রিয়াও দিতে পারে না । শিল্পের সঙ্গে মানুষের ধীশক্তির লিংক না থাকলে আমাদের মেধা বা হৃদয় তাকে স্বীকার করে না । ফলে তত্ত্ব বা আন্দোলন যাই হোক না কেন তাকে সময়ের সঙ্গে অবশ্যই সম্পর্কিত হতে হবে ।
মণিশঙ্কর– আবহমান বাংলা কাব্যকে আপনি কীভাবে গ্রহণ করেন? মানে আমি জানতে চাইছি, বাংলাকাব্যে ‘আবহমানতা’কে আপনি স্বীকৃতি দেন?
দিশারী মুখপাধ্যায় – আগেই বলেছি , আমার কাছে কোনো বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র নেই । অর্থাৎ সাহিত্যের বা কবিতার নিয়মানুগ ছাত্র , গবেষক বা অধ্যাপক আমি নই । এককথায় আমি অশিক্ষিত । আবার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের আশির্বাদও আমার মাথায় নেই । কাজেই কবি বলতে পাঠক যাদের চেনে আমি তেমন কেউ নই । আমাদের মত কবি লেখকরা নেহাৎই সখের মজদুর । গ্রামে না মানা মোড়ল আমরা । ফলে আবহমান কবি বা কবিতা বলে যে যে বা যা যা স্বীকৃতি পায় সেখানে আমরা আমাদের কবিতা সহ অনধিকারের অধিকার নিয়েই সন্তুষ্ট থাকি ।
মানুষ কবিতা বোঝে না । কবির পদ , শিক্ষাগত ডিগ্রী এবং কবির প্রকাশককে তারা বোঝে বা চেনে । ফলে পাঠককে এই তথ্যগুলো সরবরাহ করলে কবি কতটা বড় , কবিতাটি কতটা সাংঘাতিক , সেটা বুঝতে তাদের সুবিধা হয় । সেই তথ্যগুলো কিন্তু আবহমান কালের সাহিত্যের ইতিহাসের হাতেই থাকে । ফলে আবহমানকে আমি মানি বা না মানি , আবহমান কিন্তু আমাকে মানে না ।
আবহমানকালের কবিতা বলে নির্দিষ্ট কোনো কাব্যধারা বা রীতিও নেই । কালের পর কাল ধরে সময় তার গর্ভে যে কবিতাগুলোকে পর্যায়ক্রমে স্থান দিয়ে আসছে সেই স্রোতকেই হয়তো আবহমানকালের কাব্য বলা হয়ে থাকে । এমনকি কোনো নির্দিষ্ট সময়ের উগ্র প্রতিবাদী চরিত্র এবং প্রচলিত সময়ের রক্ষণশীলতার দ্বন্দ্ব যখন উভয় দিক থেকেই খানিকটা স্থিমিত হয়ে পড়ে , তখন সেই আন্দোলন বা প্রতিবাদও আবহমানের মধ্যে লীন হয়ে যায়, আবহমান-সময়ও তাকে গ্রহণ করে নিজেকে খানিকটা আপটুডেট করে নেয় ।
আমি কোনো তত্ত্ব বা আন্দোলনকে সামনে রেখে লিখতে বসি না । যেহেতু পূর্বজদের লেখা পড়ে পড়েই নিজেকে শিক্ষিত করার অসচেতন চেষ্টা করেছি সুতরাং আমি আবহমানকেই অনুসরণ করি বলা চলে । তবে কেউ লক্ষ্মণের গণ্ডী ছেড়ে বাইরে বার হতে চাইলে তার সঙ্গেও আমার কোনো বিরোধ নেই । আমার লক্ষ্য কবিতা । আমার খোঁজ সীতা । তার ফেলে যাওয়া অলংকারগুলো শুধু তাকে খুঁজে পেতে পথ খোঁজার কাজে লাগতে পারে মাত্র । রাস্তা খুঁজে পেলেই আমি সীতা তথা কবিতাকে গ্রহণ করব , অলংকারের খোঁজ রাখব না ।
এবার আসে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন । আমাদের ব্রহ্মাণ্ড , পৃথিবী এবং আমাদের জীবন সবই আবহমানকালের । সুতরাং সে স্বীকৃতির অপেক্ষা রাখে না । আবহমানকে আমি মানি বলেই বর্তমানকেও মানি , ব্যতিক্রমকেও মানি ।আজকের ব্যতিক্রমী বা প্রতিবাদী আগামীআবহমানের একজন সদস্যমাত্র । তবে আবহমানকালের আনুগত্য মেনে নিলেও আমি কবিতাকে সময়ের সঙ্গে সমকালীন রাখতে চাই। এপ্রসঙ্গে একথাও বলে রাখতে চাই , কবিতাকে সময়ানুগ রাখতে গিয়ে কিছু কষ্টকল্পিত, সম্পর্ক রহিত শব্দপ্রয়োগ করে পাঠকের থেকে সামঞ্জস্যবিহীন দূরত্ব সৃষ্টি করলে বা আবহমান থেকে কয়েক সহস্র আলোকবর্ষ ব্যাপী অবস্থান নিলে উভয়ের পক্ষে প্রজাপতি পাশে আবদ্ধ হবার সম্ভাবনা বিন্দুমাত্র থাকবে না । তাতে বিপ্লব মুখ থুবরে পড়বে ।
মণিশঙ্কর– দিনে দিনে একটা বিষয় খুব প্রকট হয়ে উঠছে, তাহল মনুষত্বের অবক্ষয়। কবিতা কি তার থেকে মানুষকে মুক্তির দিশা দেখাতে পারবে?
দিশারী মুখপাধ্যায় – রত্নাকরকে বাল্মীকিতে রূপান্তরিত করেছিল কবিতাই । সেজন্য কবিতাকে মানুষের মুখের ভাষায় হতে হবে । কবিতা পড়তে বসে মানুষ ভাষাতত্ত্বের ক্লাসে যাবে না , ফোনেটিক্সের ক্লাসে যাবে না । যদি যায়ও তাতে কবিতাটির আবেদন মার খাবে । সমাজে তো সাধারণ , অতিসাধারণ মানুষের সংখ্যাধিক্য । তারা এতকিছুর মর্ম উদ্ধার করে তবে কবিতাটিতে পৌঁছে তারপর কবিতায় বিধৃত মনুষ্যত্ব উদ্ধারের উপায় অবলম্বন করবে , এটা অতি কষ্টকল্পিত ।
এখন হাজার টাকার প্রশ্ন হল কবিতা কি মনুষ্যত্ব উদ্ধারের দায়িত্ব নেবে ? বা এমন কোনো নৈতিক দায়িত্ব তার আছে ? আমি বলব , অনেকেই বলবেন কবিতা এমন দায়িত্ব যুগে যুগে বারবার নিয়েছে , পালন করেছে নিষ্ঠার সঙ্গে । গুরুত্বপূর্ণ হল সে দায়িত্ব কবিতাকে পালন করতে হলে তার স্রষ্টাকে অর্থাৎ কবিকে স্বচ্ছ হতে হবে । একজন নীতিহীন , চাটুকার , সুযোগসন্ধানী কবি বা সাহিত্যিকের সৃষ্টিকে মানুষ তার যুদ্ধের মন্ত্র হিসাবে মানবে কেন ? সেক্ষেত্রে মানুষ তার সৃষ্টিকে বিনোদনের পণ্য হিসাবেই বিবেচনা করবে ।সেক্ষেত্রে মনুষ্যত্ব উদ্ধারে কবিতা কোনো কাজে লাগবে না । তাই মানুষকেই মনুষ্যত্ব উদ্ধার করতে হবে । সে মানুষ যদি কবি হন , কবিতা সেক্ষেত্রে হাতিয়ার হয় মাত্র ।
মণিশঙ্কর– এ উত্তরের হাত ধরে আরেকটি প্রশ্ন, আমরা অনুভব করছি পৃথিবী আজ মহাসংকটে। প্রাকৃতিকশৃঙ্খলা দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা একজন কবি হিসেবে আপনি বিষয়টিকে কীভাবে দেখেন? কীভাবে নাড়া দেয় আপনাকে? আদও কি দেয়?
দিশারী মুখপাধ্যায় – মানুষ হিসাবেই আর পাঁচজন সচেতন মানুষের মত আমিও চিন্তিত । প্রকৃতির জন্য কবিতা লিখলাম , গান লিখলাম , ছবি আঁকলাম, প্রকৃতিকে নিয়ে মাঠে ময়দানে লড়াই আন্দোলন করে সংবাদ শিরোনাম হলাম অথচ আমার ব্যক্তিগত সামাজিক জীবনে তার কোনো প্রভাব নেই – এমনটাই হচ্ছে চারদিকে । সেরকম করে আমি প্রকৃতি প্রেমিক নই । আমি যাকে ভালবাসি তার কানের কাছে ভালবাসি ভালবাসি বলার দরকার নেই । অন্যের কাছেও সেই ভালবাসা প্রমাণ করার দরকার নেই । আমার যাপনই প্রমাণ করবে । সবচেয়ে বড় কথা প্রমাণের কোনো দরকারই নেই ।
এখন প্রকৃতি পরিবেশ যে জায়গায় গিয়ে পৌঁচেছে তার জন্য দায়ী আমাদের এই পণ্য সভ্যতা , যন্ত্র সভ্যতা । একে বাঁচানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে রাস্ট্রকে । একে বাঁচানোর রাস্তা খুঁজে বার করছেন বা আরও করবেন বিজ্ঞানীরা । বিজ্ঞানী যদি রাস্ট্রের সহযোগিতা না পান তবে তাঁরা কিছু্ই করতে পারবেন না । রাস্ট্রনায়ক এবং বিজ্ঞানীরা জন্ম নেন বড় হয়ে ওঠেন আমাদের ঘর থেকে , আমাদের সন্তানদের মধ্যে থেকে । তাই আমাদের সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনে শুধু অকৃত্রিম ভালবাসা থাকা চাই প্রকৃতির প্রতি । আমি বনাঞ্চল ধ্বংসের বিরোধী কিন্তু নিজে নাগরিক জীবনের সুবিধা ভোগী , নিজে গ্রীন হাউস নিয়ে বক্তৃতায় তুখোর কিন্তু ঘরে আমার এসি ফ্রিজ ইত্যাদি । আমি প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে পড়াশুনা করে গবেষক প্রধান কিন্তু আমার জীবনে প্লাস্টিকের প্রাচুর্য । এই মিথ্যাচারটুকু অন্তত বন্ধ হওয়া দরকার , নাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম নকল প্রেমিক হবে । পরিবেশ রক্ষার সদর্থক ভূমিকা নেবে না ।
সভ্যতার যে জায়গায় আমরা এসে পৌঁছেছি সেখান থেকে একশো আশি ডিগ্রী ঘুরে আমরা গ্রামজীবনে , বনজীবনে ফিরে যেতে পারব না । অথচ ধ্বংস দুয়ারে কড়া নাড়ছে । আমাদের সদিচ্ছা থাকলে ছোটো ছোটো কাজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে । যেমন এখনই প্লাস্টিকের বিরুদ্ধে এবং পাটচাষের পক্ষে , পাটশিল্পের পক্ষে নেমে পড়া খুব দরকার ।
আর কবি হিসাবে আমাদের ভালবাসা অকৃত্রিম হলে আমাদের লেখায় লেখায় স্বতঃস্ফূর্তভাবে তার প্রকাশ হবে স্বাভাবিকভাবেই ।
মোট কথা আমি বলতে চাইছি আমার প্রচেষ্টা সামান্যই কিন্তু সেটা যেন সত্য হয় , মিথ্যা ভড়ং না হয় , যেন পরবর্তী প্রজন্মের কাছে বিপথের আদর্শ না হয়ে উঠি । যেটা মেনে চলা আমার পক্ষে সম্ভব নয় , যেটা আমি মানি না , সেটা অন্যদের ক্ষেত্রে দাবি করব না । কারণ ঘরে আমার সন্তান আমাকে দেখছে ।
একদল সমালোচক আছেন তারা তোমার লেখায় প্রেম-ভালবাসা-স্নেহ-উদারতা-দয়িত্ববোধ-প্রকৃতিপ্রেম এইসব দেখলে সস্তা সেন্টিমেন্ট আছে বলে ব্যঙ্গ করবেন । আরও একদল সমালোচক তো বিষয় বস্তুই চান না কবিতায় । এখন তোমাকে ভেবে ঠিক করতে হবে কবিতায় কবি হিসাবে তুমি প্রকৃতি পরিবেশ নিয়ে কতটুকু দরদী হবে , দায়িত্বশীল হবে । নাকি কবিতার আঁতেল হবে ।
মণিশঙ্কর– একজন কবি চিরদিন যন্ত্রণাকাতর থাকেন। সেই যন্ত্রণার গর্ভেই সৃষ্টি হয় তার কাব্য। একথাকে কি আপনি স্বীকার করেন?
দিশারী মুখপাধ্যায় – যন্ত্রণা এবং সুখানুভূতি এক্ষেত্রে সমার্থক । এমনকী এই যন্ত্রণা থেকে আনন্দেরও জন্ম হয় । আনন্দের মধ্যেই থাকে সৃষ্টির বীজ । আর যে নিরামিষ সুখ বা মোটা সুখকে আমরা সুখ বলে চিনি সেটা আসলে ভোগের প্রকাশ । ভোগ কখনো সৃষ্টি করতে পারে না । ভোগ সম্পূর্ণই বাঁজা , এবং ভক্ষকও। ভোগ যে এলাকায় থাকে সেই এলাকায় মৃত মানুষের দেহে মনে চৈতন্যে অসুখ সৃষ্টিকারী জীবাণুর জন্ম হয় । সেই জীবাণুর সবচেয়ে প্রিয় খাদ্য সৃষ্টির বীজ , অর্থাৎ তোমার গদ্য সাহিত্য , আমার কবিতা ।
যন্ত্রণা হৃদয়ের করুণ রসের উৎসেচক ক্ষরণ করে । করুণা মনকে বড় করে । বড় মন অনেক জায়গা ধারণ করে । আমরা জানি কোনো জায়গা কখনো শূন্য থাকতে পারে না । সুতরাং সেই বড় সুস্থ জায়গায় ভালবাসা স্বয়ংভু হিসাবে উৎপত্তি হয় । ভালবাসা বিহীন সৃষ্টি সম্ভব নয় একথা কে না জানে ।
মণিশঙ্কর– আপনার সাম্প্রতিক প্রকাশিত কাব্যগ্রন্থ ‘চশমার অভাবে আমি’ তো পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। কিন্তু এই কাব্যগ্রন্থে আমরা দেখছি, মাঝের পরীক্ষা-নীরিক্ষার দিশারী যেন এতে নেই। বরং সেই আগের দিশারীর ভাষাভঙ্গীই জায়গায় জায়গায় উঁকি দিচ্ছে। এটা কেন? তাহলে কি মাঝের দিশারী পথভ্রষ্ট ছিলেন? এখন তিনি ঘরে ফেরার ঠিক পথটি খুঁজে পেয়েছেন?
দিশারী মুখপাধ্যায়– ‘চশমার অভাবে আমি’ সাড়া ফেলেছে বলে তো আমি শুনিনি । আমার অনেক খ্যাত অখ্যাত , পদস্থ এবং অধ্যাপক বন্ধুদের বইটি পাঠিয়েছিলাম মনসা বিক্রি করে ঢাক বাজাবার আয়োজন করার জন্য , ঢাক বাজেনি । তোমার মুখে শুনে ভাল লাগছে । একথা সত্য না হলেও কানে মধু বর্ষণ করছে । তোমাকে , কবিতা আশ্রমকে , অনেক ধন্যবাদ । এই ধন্যবাদ জ্ঞাপন শুধু ঠোঁট থেকে উচ্চারণ হল না , নাভি থেকে উঠে এল ।
পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন ধরণ হয় , কখনো খুব উচ্চকিত , কখনো নীরবে অভ্যন্তরে । একবাটি জল গরম করার মত , প্রথমে জল যখন ক্রমশ গরম হচ্ছে তখন থার্মোমিটার তার রিডিং দিচ্ছে। এরকমভাবে একশো ডিগ্রি পর্যন্ত রিডিং ধরা পড়বে । আমরা দেখতে পাব জল গরম হচ্ছে আরো আরো ।অথচ একশো ডিগ্রিতে গিয়ে পারদ দাঁড়িয়ে যাবে । জল কিন্তু তখনো ফুটছে , তলায় আগুনও রয়েছে । যে তাপটা ধরা পড়ছে না , সেটা লীনতাপ । অবশ্য আমি দাবি করছি না , এক্ষেত্রে লীনতাপের ব্যাপারটা প্রাসঙ্গিক কিনা ।
আর একজন পর্যটকের জন্য পথভ্রষ্ট হওয়া বলে কিছু হয় না । পর্যটক যদি নতুন পথের সাধক হন ,কবিদের ক্ষেত্রে যা বাঞ্ছনীয় , তবে তিনি বাঁধা পথে , নিশ্চয়তার পথে চলবেন না । তিনি পথভ্রষ্ট হলে তবেই নতুন পথের সন্ধান মেলে । আর পথ তো শুধু যাত্রাবিন্দু থেকে গন্তব্য পর্যন্ত ক্ষুদ্রতম সরল রেখাটি নয় । সেখানে যত বিভ্রান্তি , যত হয়রানি , যত বিপদ তত বেশি পথের পথ-মাহাত্ম্য । কারণ সেখানে জীবন বেশি , অভিজ্ঞতা বেশি , তাই প্রকরণও বেশি হওয়ার সম্ভাবনা । হয়তো ঠিকানায় পৌঁছাতে পারিনি । তাই প্রমাণিত হল না “এপথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে” কিনা । লড়াই জারি থাকবে । তবু আমি নিশ্চিত “পথেই হবে এ পথ চেনা।”
মণিশঙ্কর– আপনি তরুণ কবিদের খুবই প্রশ্রয় দেন। এমনকি কোনো কোনো তরুণ বলেন, আপনি নাকি তাদের কাছে বটবৃক্ষের মতো। আচ্ছা তরুণদের এত প্রশ্রয় দেন কেন?
দিশারী মুখপাধ্যায়– শুধু কবি বলে নয়, সকল কিশোর কিশোরী , তরুণ তরুণী , যুবক যুবতী আমার প্রিয় । যত তাজা রক্ত তত স্বচ্ছতা , যত স্বচ্ছতা তত পবিত্রতা , যত পবিত্রতা তত তা সত্যের আবাসস্থল ।
তরুণ কবির কাছে পৃথিবীর , জীবনের আধুনিকতম ইনফরমেশনটি আছে । তাই আমার কাছে সবচেয়ে বড় শিক্ষক সর্বাপেক্ষা তরুণ কবিটি ।
সময়ের সঙ্গে সঙ্গে জীবনের জটিলতা বাড়ছে , যন্ত্রণা বাড়ছে । তোমার আগের প্রশ্নের উত্তরে বলেছি যন্ত্রণা সৃষ্টির উৎস । সুতরাং নতুন সময়ের তরুণদের নতুন যন্ত্রণা নতুন সৃষ্টির উৎস হবে , এবিষয়ে আমি নিশ্চিত ।
তাহলে দাঁড়াল যে তরুণদের ভালবাসি আমার নিজের স্বার্থে ।তারাই আমাকে বাঁচিয়ে রাখবে ।
এমনও মনে হয় , যদি আমাকে কেউ আবার তরুণ করে দেয় , আমি কবিতার সঙ্গে আবার নতুন করে প্রেম করার একটা দীর্ঘ অবকাশ পাব । কবিতা বিহীন , প্রেম বিহীন জীবন যাপন চুল্লিতে পোড়ার চেয়েও অনেক বেশি কষ্টকর । তরুণরা যদি পরশমণি হয় , আমি নিশ্চিত তারা পরশমণি , তাদের ছোঁয়া পেয়ে আমিও আবার তরুণ হয়ে উঠব ।
মণিশঙ্কর– তরুণদের জন্য কোনো বার্তা দিতে চান?
দিশারী মুখপাধ্যায়– তরুণদের কী বার্তা দেব আমি ! আমিই তাদের কাছ থেকে অনেক মূল্যবান বার্তা পাই । তাদের লেখা থেকে , তাদের যাপন থেকে । তাদের আমি বলতে পারি , আমাকে দেখো , আমি কবি হতে পারিনি , কিন্তু কবিতাকে ভালবাসি আজীবন । কবি হতে পারা না পারা নিয়ে চিন্তা করো না বন্ধুরা , শুধু ভালবেসো কবিতাকে । কবিতা কিন্তু অনেক ত্যাগ দাবি করে , বিনিময়ে কিছু নাও দিতে পারে । তা বলে তাকে ত্যাগ করো না কখনো । আর আমাদের মত বড়দের দেখে প্রতারণা করা শিখ না কখনো ।