রজতকান্তি সিংহচৌধুরী

সফর

বাতাসে উড়ছে মহুয়া ফুলের গন্ধ
শালজঙ্গল রোজ রোজ আরো সবুজে
ঢাকছে,এখনও তোমার দরজা বন্ধ
বনমল্লিকা টোকা দিয়ে গেল তবু যে।

জগতে যখন নানা জাগতিক ঝামেলা
ঘৃণা, হিংসায় মন্থন করে পৃথিবী
একটি উটনি ছেড়ে এল তার কাফেলা
বুকের ছায়ায় আশ্রয় তাকে কে দিবি?

এ মরু ধূসর, মরীচিকা দিকপ্রান্তে
এই কথাটাই বুঝি বরাবর জানতে?
মরূদ্যানের মৌ-টলমল শাখাতে
আঙুর ঝরছে জিভে-টাকরায় চাখাতে।