বঙ্কিম লেট
রোজ রোজ ফাঁসি
ভোর হচ্ছে
রাতের নিঃশ্বাস পড়ে করবীর ডালে
দাড়ি কাটো
দিনের প্রথম বিভা ঠোঁট রাখবে গালে
স্নান করো
সাবান আর শ্যাম্পু দিয়ে রগড়ে ধুয়ে ফেলো
(ঝরনা খোলো
অনন্তে ভাসিয়ে দাও) ভাঙা স্বপ্নগুলো
জামা পরো
ডিপ ফ্রিজে তুলে রাখো অ্যালার্মে চমকানো
ভেঙে যাওয়া
অর্ধেক সঙ্গম , আর তোমাকে হাতড়ানো
শাবকের
ভোরের ঘাসের মতো দিনভর ফোঁপানি
লেশ বাঁধো
যাও । যাও । ফ্রিজে সব ঠাণ্ডা থাকে জানি
ভোর হচ্ছে
ভাতরাঙা ফিকে ভোর। পাঁচটা দশে ট্রেন
চলো চলো
যতই খুলে পড়ুক হৃৎপিণ্ডের চেন
জানালায়
কালপুরুষ ডাকেনি কি , মুছে দিয়ে হাসি—
“মঞ্চ রেডি…
স্নান করো , জিন্দা লাশ—আজ তোর ফাঁসি?”