প্রদীপ কর

উপহার

এ কবিতার একটিমাত্র লাইন আমার লেখা।

দু’লাইন লেখা হয়েছে পুরুলিয়ায়। দু’লাইন জঙ্গলমহলে

পাহাড়ে বরফপড়া শুরু হলে, তারাও কয়েকলাইন লিখবে বলেছে

পদ্মাপারের বন্ধুরা বলেছে, তারাও সবাইমিলে

গোটা একটা স্তবক লিখে পাঠাতে চায়

যন্তরমন্তরের ধর্ণা থেকে দুরন্ত একটা পংক্তি উঠে এসে

ধূসর বারুদের মতো মিশে আছে অক্ষরের অবচেতন প্রেমে

একটু দূরেই অনন্তজ্যোতির আগুন লকলক করে তাকে ডাকছে…

চিলিতে, গোপনে, লেখা হচ্ছে আরো কয়েকটা লাইন

নাজিম হিকমতের বংশধর জানাচ্ছেন, এ কবিতা দিয়েই

তিনি কবিজীবন শুরু করতে চান

যাঁরা লোরকার মৃত্যু সামনে থেকে দেখেছিলেন, তাঁরাও লিখবেন

নিকানোর পাররা বলেছেন, এ কবিতাই হবে তাঁর শ্রেষ্ঠ কবিতা

এ কবিতায় কয়েক লাইন সংযোজন করতে চান

ঊনত্রিশ বছরের ভ্যান গখ!

কবিতাটি সংশোধন বা কাটাকুটি করবেন স্বয়ং নেরুদা

গোলাপের পাপড়িতে মুড়ে, কবিতাটি উপহার পাঠাবো, তোমাকে।

তুমি, সহ্য করতে পারবে তো,

শাসক?