কথা
মাঝে বাঁকুড়ায় দিগন্তব্যাপী এক ফাঁকা প্রান্তরে গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা কয়েক জন।সকালের রোদ্দুর তখন গরম হচ্ছে দ্রুত ।সবাই ছড়িয়ে গেলাম এদিক ওদিক । যে যার শূন্যতা নিয়ে বড়-শূন্যতার মুখোমুখি বিহ্বল।এখানে মানুষ নেই । ঘাসফুল আর পাখি।পাথুরে মাটি ফাটিয়ে জেগে আছে কাঁটাভর্তি কণ্টিকারী লতা । তার গায়ে ছোট ছোট তিতবেগুন । অনেকক্ষণ পরে হাড়-জিরজিরে একজন গরিব মানুষ হেঁটে চলে গেল দিগন্তের দিকে । মন যেন কেমন হয়ে যায় । কবিরা কি শুধু কবিতায় লিখবে মানুষ ভাল থাকুক, গাছে ভরে যাক পৃথিবী ? গায়ে খেটে কিছু করে দেখাবে না ? এক দশক পার করল ‘কবিতা আশ্রম’ । এবার সত্যিকারের আশ্রম হোক । প্রকৃতি কষ্টে থাকলে, মানুষ কষ্টে থাকলে কী হবে দিস্তা দিস্তা লিখে ? স্বপ্নকে বাস্তব করতে পথে নামুক কবি । বন, পাখি, সুস্থ মানুষ তারই যে বেশি দরকার !