অঞ্জন বর্মন

নির্জন যাপন

সমস্তদিন হাড়ভাঙা খেটে বিকেলে হঠাৎ বৃষ্টি

ভিজে শার্সিতে একা টুপটাপ তোমায় ডেকে আনল

বারান্দা জুড়ে সোঁদা জলছাপ মৃদু রিনরিনে সুরটি

হু হু গাছপালা গায়ে শিরশির অনন্তকাল ঘিরছে

আলো ঝুপ করে নিভছে তোমার ফর্সা মুখের ছমছম

বুনো দরজায় ছায়া ছায়া ঘুম ভেঙে দেয় নস্টালজিক

ছুঁয়ে নির্জন দূরভাষ্য কথা বলে ওঠে ঘন ব্যারিটোন

মৃদু রূপটান অনাবশ্যক বুকে বেদনার মত বাজছে

ডুবে শহরের গলি পথঘাট অফিসফেরত কাকচান

বাসে এককোণ খুঁজে আনমন গুনগুন বাজে পদ্য

মোছে লালচোখ তাড়া ফাইলের মিছিলের ভিড়ে মিশছে

ভিজে সপসপ পারফিউমের সেই পুরনো গানের ম্লানসুর

পাড়া চুপচাপ বাজে ডোরবেল গান গেয়ে ওঠে রিংটোন

ভিজে রায়চক নদী উত্তাল সেই দুপুর থেকেই ভিজছি

তুই থাকলে হতি ঝর্ণা ভেসে উথালপাথাল নৌকো

সিঁড়ি বেয়ে ওঠে এক ক্লিশে প্রেম ভাঙে ঝনঝন স্বপ্ন…