অরণ্যা সরকার
যে কথা প্রশ্নে নিহিত
শুধু নিবিড় জন্মাবে বলে তর্কের ভেতরও অন্তমিল, কিছু বনিবনা
সকালের কাঁধে হাত রেখে মধ্যবয়সী নিমন্ত্রণ
টবের মাটিতে ব্যঞ্জনার চারা, ফুলেল মূর্ছনা জ্বেলে বসে আছে যত্ন আত্তি
ফাটা ঠোঁটে এক আশ্চর্য ধ্যানের নোঙর, চাষযোগ্য নির্জনতা
সবুজের ছায়াপড়া জল নড়ে ওঠে, কি গোপন লুকোতে ব্যস্ত
ধানফুল, তুমিও তো জানো একপেট খিদের গল্প
দুধ আনো, খোসার অন্ধকারে তবুও কি সুগন্ধ জমে স্থির
রৌদ্রময়ী কীর্তির চোখে ছায়ার সুরমা
কেন ধু ধু ইস্তেহার এমন তবে, কেন বালির ফোরপ্লে ?
কত নিক্ষেপ শেষে বোধ এক মাটির আতর ?
কত বিশেষ জমালে ফিরে আসে সেই ধরা পড়া জর্দা গন্ধের সামান্য ?