অমিত দে
প্রত্নপথ
রাতের চিৎকারে পাতা নুয়ে পড়ে
আমাদের অর্বাচীন সুখ দেখেছে কালপুরুষ
কলসপত্রীর মতো সময় লিখে রাখে অন্ধকার
আজকাল জেগে থাকাও দুর্বোধ্য বিস্তার,
স্পর্শগুলো ছাই হয়েছে যে-স্তরে
ততটুকু নিঃশ্বাস বায়ুই শেষ প্রত্নপথ
হলুদ আটচালায় মলিন হয়ে আছি
পুরনো মূর্তির মন্ত্রে
অক্ষরমালা থেকে উদাসীন তরঙ্গ
মাঝে মাঝে ছুঁয়ে যায়
আমি বিবশ হয়েছি আলোকের কাছে—
সেইসব দিনগুলিকে নাক্ষত্রিক তিথি বলে
ভ্রম হয়